রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৮:৪৪ পি.এম
রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ফলাফলটি প্রকাশ করা হয়।
নটর ডেম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে ফলাফলটি দেখা যাচ্ছে।
ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়েছে, মৌখিক পরীক্ষার শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তি লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনয়ন প্রদান করা হবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করবে।
মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের যা সঙ্গে আনতে হবে তা হলো: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিনে ভর্তি আবেদনের প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড; এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের প্রিন্ট কপি এবং সহশিক্ষা কার্যক্রমের সনদ থাকলে তা সঙ্গে আনতে হবে।
তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোবাইল ফোন এবং অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। সান সেবাস্তিয়ানে অনুষ্ঠিত হতে যাওয়া এই গুরুত্বপূর্ণ ম্যাচের স্কোয়াডে দলের অন্যতম তারকা ফুটবলার হুলিয়ান আলভারেজের নাম নেই।
আলভারেজকে স্কোয়াডের বাইরে রাখার কারণ সম্পর্কে অ্যাথলেটিকো এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানাচ্ছে, অতিরিক্ত পেশির ক্লান্তির কারণে তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাজাদাহোন্দায় ম্যাচের পূর্ববর্তী শেষ অনুশীলন সেশন সম্পূর্ণ না করেই অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন আলভারেজ। যদিও কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হয়নি, তবুও অ্যাথলেটিকো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আলভারেজকে সান সেবাস্তিয়ানে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আলভারেজের পাশাপাশি স্কোয়াডে আরও দুই খেলোয়াড় নেই। পেশির চোটের কারণে তরুণ মিডফিল্ডার পাবলো বাররিওসও স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এছাড়া, প্রাক-মৌসুম প্রস্তুতির সময় পাওয়া পেশির চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় নরওয়ের স্ট্রাইকার অ্যালেকজান্ডার সরলোথও দলের বাইরে রয়েছেন।
তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়া মাঠে নামলেও সোসিয়েদাদের বিপক্ষে শক্তিশালী দল গঠন করেছেন সিমিওনে।
গোলকিপার: হুয়ান মুসো, ইয়ান অবলাক, সালভাদোর এসকিবেল।
ডিফেন্ডার: ডেভিড হাঙ্কো, মার্ক পোবিল, ক্রিস্টিয়ান রোমেরো, আলেহান্দ্রো গ্রিমালদো, রুবেন লে নরম্যান্ড, হোর্হে দোমিঙ্গেজ, দানি মার্তিনেজ।
মিডফিল্ডার: ওবেইদ ভার্গাস, রদ্রিগো মেন্দোজা, জনি কার্দোসো, কোকে রিমারেকসিওন, মার্কোস ইয়োরেন্তে, মোর্তেন হুলমান্ড, হাভি কাস্তিয়ো।
ফরোয়ার্ড: কাং-ইন লি, অ্যালেক্স বায়েনা, আদেমোলা লুকমান, জোনাথন ডেভিড, আর্নাউ ওরতিজ, জুলিয়ানো সিমিওনে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পর্যালোচনার অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ জারি করেছে। প্রথম ধাপে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য প্রকাশিত হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে, যদি এসব প্রতিষ্ঠান বৈধ অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে সেগুলো বন্ধ করে দেয়া হবে।
প্রতিবেদন অনুযায়ী, বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি মাদরাসার মধ্যে বেশিরভাগই খারিজি সম্প্রদায়ের। মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদরাসা রয়েছে।
সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু সতর্ক করে বলেছেন, কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদরাসাগুলোকে বৈধ অনুমোদনের প্রমাণ দিতে হবে। অন্যথায়, সেগুলো বন্ধ করে দেয়া হবে।
গত জুন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার সংখ্যা নির্ধারণে জরিপের নির্দেশ দিয়েছিলেন। এরপর সংখ্যালঘুবিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তর কলকাতা এবং রাজ্যের ২২টি জেলায় জরিপ পরিচালনা করে।
জরিপে মাদরাসাগুলোর পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি ও সংগঠন, অর্থের উৎস এবং নিবন্ধনের অবস্থা খতিয়ে দেখা হয়।
টুডু জানান, জরিপের ফলাফলের ভিত্তিতে প্রথম ধাপে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া, গুরুতর অনিয়মের কারণে আরও ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বৈধ অনুমোদন বা প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে ২ হাজার ১৩২টি মাদরাসা কার্যক্রম চালাচ্ছে। অপরদিকে, অননুমোদিত মাদরাসার সংখ্যা ২ হাজার ৩৯৬টি।
পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা অগ্নিমিত্রা পাল মাদরাসাগুলোর বিরুদ্ধে নেয়া পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, এসব প্রতিষ্ঠানে ‘দেশবিরোধী শিক্ষা’ দেয়া হতো।
তিনি বলেন, ‘বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীরা এসব অননুমোদিত মাদরাসায় আশ্রয় নিত। আমরা শিক্ষাব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে চাই।’
তবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেছেন, মাদরাসা মূলত একটি শিক্ষাব্যবস্থা। তাই মাদরাসার সঙ্গে ‘সন্ত্রাসবাদের’ যোগসূত্র টানা ঠিক নয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নিকট পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেছে মাত্র ২০ দিনের শিশু তানিশা। নৌকা ডুবে যাওয়ার পর প্রবল স্রোতে মায়ের হাত থেকে ছুটে গিয়ে পানিতে তলিয়ে গেলেও, শেষ পর্যন্ত আবার মায়ের কোলে ফিরে এসেছে শিশুটি। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পদ্মার স্রোতে ভেসে থাকার পর তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে আলীমনগর ঘাট থেকে ১২ জন যাত্রী নিয়ে জহুরপুরটেক গ্রামের দিকে যাওয়ার সময় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় মো. ওয়াসিম (২৩) সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও, মো. মোস্তফা (৬০) এখনো নিখোঁজ রয়েছেন। বাকি ১০ জনকে ভারতীয় জলসীমা থেকে জীবিত উদ্ধার করে বিএসএফ।
তানিশা সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর বেলপাড়া এলাকার মো. সোহেল ও তানিয়া খাতুন দম্পতির কন্যা।
স্থানীয় সূত্র ও উদ্ধারকাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নৌকাটি ডুবে যাওয়ার পর মুহূর্তেই যাত্রীরা পানিতে পড়ে যান। প্রবল স্রোত ও বাতাসের মধ্যে তারা যে যার মতো করে ভেসে থাকার চেষ্টা করেন। কেউ নৌকার কাঠের পাটাতন, কেউ বস্তা, কেউ বৈঠা কিংবা ভাসমান জিনিস আঁকড়ে ধরে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।
শিশু তানিশাকে শুরু থেকেই শক্ত করে ধরে রেখেছিলেন তার মা তানিয়া খাতুন। কিন্তু স্রোতের তীব্রতায় একপর্যায়ে মায়ের হাত থেকে ছুটে যায় শিশুটি। পানিতে তলিয়ে গেলেও কিছুক্ষণ পর তানিয়া আবার তাকে খুঁজে পান। এরপর দুই পা দিয়ে শিশুটিকে আঁকড়ে ধরে পানির ওপর তুলে রাখেন তিনি।
নাতনিকে বাঁচাতে তানিশার নানা মো. ইব্রাহিমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাঁতার জানা ইব্রাহিম এক হাত উঁচু করে তানিশাকে ধরে স্রোতের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। এ সময় অন্যরা নৌকার পাটাতন, বস্তা, বৈঠা ও অন্যান্য ভাসমান জিনিসের সাহায্যে নিজেদের টিকিয়ে রাখেন।
এভাবে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট স্রোতের সঙ্গে ভেসে যাওয়ার পর তারা ভারতীয় সীমান্তের কাছাকাছি চলে যান। পরে তাদের দেখতে পেয়ে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা স্পিডবোট নিয়ে উদ্ধার অভিযানে নামে।
বিএসএফ সদস্যরা তানিশাসহ ১০ জনকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে যান। সে সময় শিশুটির অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। পানিতে দীর্ঘ সময় থাকার কারণে তানিশা প্রায় নিস্তেজ হয়ে পড়েছিল। পরে বিএসএফ সদস্যরা তাকে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শিশুটিকে সুস্থ বলে জানান।
উদ্ধারকাজে থাকা ব্যক্তিদের বরাত দিয়ে বাখের আলী বিজিবি ক্যাম্পের সুবেদার শরিফুল ইসলাম বলেন, নৌকা ডোবার পর তানিশাকে তার মা শক্ত করে ধরে রেখেছিলেন। প্রবল স্রোতের মধ্যে তারা ভাসমান কাঠ, বৈঠা ও নৌকার বিভিন্ন অংশ ধরে থাকার চেষ্টা করেন। একপর্যায়ে শিশুটি মায়ের হাত থেকে ছুটে পানিতে তলিয়ে যায়। পরে তার মা আবার তাকে খুঁজে পান এবং শক্ত করে ধরে রাখেন।
ফরিদপুর বিওপির কোম্পানি কমান্ডার শহিদুল ইসলাম বলেন, তানিশার নানা সাঁতার জানতেন। তিনি শিশুটিকে এক হাত উঁচু করে ধরে স্রোতের মধ্যে ভেসে থাকার চেষ্টা করেন। অন্যরাও নৌকার পাটাতন, বস্তা ও বৈঠার মতো ভাসমান জিনিস ধরে ছিলেন।
নারায়ণপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম রবু বলেন, প্রবল স্রোতের মধ্যে তানিশাকে বাঁচিয়ে রাখাই ছিল পরিবারের সদস্যদের সবচেয়ে বড় চেষ্টা। শিশুটি একবার পানিতে তলিয়ে গেলেও তার মা তাকে উদ্ধার করে আবার বুকের কাছে তুলে নেন। পরে নানা এক হাত উঁচু করে শিশুটিকে ধরে রাখেন। এভাবেই তারা দীর্ঘ সময় পানিতে ভেসে ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সূত্রে জানা গেছে, নৌকাডুবির পর মো. ওয়াসিম সাঁতরে তীরে উঠে আসেন। অপর ১১ জন নিখোঁজ হন। পরে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেন। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু ছিলেন।
উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে ফেরাতে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগের পর রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে ফরিদপুর বিওপি ও খান্দুয়া বিএসএফ ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফের উদ্ধার করা ১০ জনকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের স্বজন মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন মো. রাসেল (২৬), মো. ইব্রাহিম (৫০), মো. সওদাগর (৪০), মো. ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫), তানিয়া (২২), তার ২০ দিনের শিশু তানিশা, সানাউল্লাহ (৯) ও আল আমিন (৯)। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জহুরপুর বকরীপাড়া এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা নদীতে নৌকাডুবির পর বিএসএফের খান্দুয়া ক্যাম্পের সদস্যরা স্পিডবোট নিয়ে ১০ বাংলাদেশিকে উদ্ধার করেন। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। উদ্ধার হওয়া সবাই বর্তমানে সুস্থ রয়েছেন।
নিখোঁজ মো. মোস্তফা (৬০) একই এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আলতাব হোসেন। তাকে উদ্ধারে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা অব্যাহত রয়েছে।
উত্তাল পদ্মার স্রোতে নৌকাডুবির পর ২০ দিনের তানিশার জীবিত ফিরে আসাকে বিরল সৌভাগ্য হিসেবে দেখছেন স্থানীয়রা। মৃত্যুভয়, প্রবল স্রোত আর দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার পর মায়ের বুক ও নানার শক্ত হাতের আশ্রয়ে শেষ পর্যন্ত নিরাপদে ঘরে ফিরেছে নবজাতক এই শিশুটি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ অংশগ্রহণ করেছে, যেখানে ছয়টি গবেষণাগারের ১৬টি উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে।
ঢাকার আগারগাঁওয়ের নভোথিয়েটারে শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এই তিন দিনব্যাপী মেলায় বিভিন্ন ক্ষেত্রে রাবির গবেষণালব্ধ উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি মেলায় অংশগ্রহণকারী রাবির গবেষক ও উদ্ভাবক দলের নেতৃত্ব দেন।
ফেয়ারে অংশ নেওয়া রাবির গবেষণাগুলো অন্তর্ভুক্ত রয়েছে; ফার্মেসি বিভাগের প্রফেসর মামুনুর রশীদ ও প্রফেসর এ এইচ এম খুরশীদ আলমের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর মো. আবু রেজার এমবিপিএসএল আই-হাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মামুনুর রশিদ তালুকদারের প্লাজমা ইঞ্জিনিয়ারিং গবেষণাগার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর মো. হাসনাত কবীরের থ্রিডি প্রিন্টিং গবেষণাগার, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মো. আনোয়ার হোসেনের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি গবেষণাগার এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রফেসর মোহাম্মদ তৌফিক আলমের ফার্মাসিউটিক্যাল অ্যান্ড প্রোটিন কেমিস্ট্রি গবেষণাগার।
এই গবেষণাগারগুলো স্বাস্থ্য, জীবপ্রযুক্তি, প্লাজমা প্রযুক্তি, থ্রিডি প্রিন্টিং, উদ্ভিদ জৈবপ্রযুক্তি ও ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত গবেষণার উদ্ভাবনী ফলাফল মেলায় প্রদর্শন করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মেলায় রাবির স্টলগুলো পরিদর্শন করেন। এ সময় তারা রাবির গবেষক ও উদ্ভাবকদের সঙ্গে আলোচনা করেন এবং প্রদর্শিত বিভিন্ন উদ্ভাবন সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
এই তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উদ্ভাবকরা নিজেদের গবেষণা ও উদ্ভাবন তুলে ধরছেন। এতে নতুন প্রযুক্তি ও গবেষণাভিত্তিক উদ্ভাবন সাধারণ মানুষের সামনে উপস্থাপনের পাশাপাশি গবেষক, উদ্ভাবক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে।
ফেয়ারে অংশ নেওয়া রাবির ছাত্র উপদেষ্টা ও ফার্মেসি বিভাগের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগারের প্রফেসর ড. এ এইচ এম খুরশীদ আলম বলেন, ‘আধুনিক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ও উচ্চমূল্যের বিষয়টি বিবেচনা করে আমরা দৈনন্দিন খাদ্য উপাদানের মধ্যে রোগ প্রতিরোধে সম্ভাবনাময় উপাদান খুঁজে বের করার উদ্যোগ নিই। প্রথম পর্যায়ে দেশের বাজার থেকে ৬৮টি শাকসবজি, ফলমূল ও মসলাজাতীয় খাদ্য উপাদান সংগ্রহ করে সেগুলোর নির্যাস তৈরি করা হয়। পরে ক্যানসার সেল লাইনের ওপর পরীক্ষা চালিয়ে পালং শাক, লেবুর খোসা, ধনিয়ার পাতা ও টমেটো—এই চারটি উপাদান নিয়ে আরও গবেষণা করা হয়। এসব নির্যাস ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তার রোধ এবং অ্যাপোপটোসিস বা কোষমৃত্যু প্রক্রিয়ায় সম্ভাব্য কার্যকারিতা যাচাই করা হয়েছে। পরবর্তী পর্যায়ে মাউস মডেলেও সম্মিলিত নির্যাসের কার্যকারিতা পরীক্ষা করা হয়।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও রাবি গবেষণা টিমের আহ্বায়ক প্রফেসর ড. মামুনুর রশীদ এ বিষয়ে বলেন, ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি স্টলে ছয়টি গবেষণাগারের উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে। এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আমি এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ই-মেইলের মাধ্যমে গবেষণালব্ধ ও বাজারজাতকরণের সম্ভাবনাময় উদ্ভাবন সম্পর্কে তথ্য আহ্বান করা হয়।’
তিনি আরও জানান, ‘সেখান থেকে যাচাই-বাছাই করে কয়েকটি গবেষণাগারের উদ্ভাবন নির্বাচন করা হয়েছে। এসব উদ্ভাবনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষকদের সৃজনশীল চিন্তা এবং বাজারমুখী গবেষণার সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আরও অনেক উদ্ভাবনী গবেষণা চলমান রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ