প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সংস্থাটি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা এবং নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করতে চায়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান এডিবির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং।
বৈঠকে এডিবির প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির মানব ও সামাজিক উন্নয়ন বিভাগের পরিচালক গি সুন সং, প্রকল্প কর্মকর্তা (শিক্ষা) ফাইজা আহাদ এবং প্রোগ্রাম অফিসার ফারিন ইসলাম।
চিংফেং ঝাং বৈঠকে জানান, কম্পিউটার সায়েন্স, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতে উচ্চশিক্ষার গবেষণা ও উন্নয়ন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনিয়োগ ও অনুদানের পরিকল্পনা রয়েছে এডিবির। শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরিতে সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
এছাড়া, মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়নে ইন্টারেক্টিভ শিক্ষা উপকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথাও জানান চিংফেং ঝাং।
এডিবির কান্ট্রি ডিরেক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম যেন শুধুমাত্র একাডেমিক প্রকাশনার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং বাস্তবভিত্তিক ও শিল্পখাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখে, সেটিই এ কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য।
বৈঠকে মাহদী আমিন দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষাকে আনন্দময় ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বড় ধরনের সংস্কারের অংশ হিসেবে চতুর্থ শ্রেণিতে ‘ক্রীড়া’ ও ‘সংস্কৃতি’ নামে দুটি বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে। চলতি শিক্ষাবর্ষে শুধুমাত্র চতুর্থ শ্রেণিতে এ কার্যক্রম শুরু হলেও পরবর্তী শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতেও তা চালু হবে। পর্যায়ক্রমে সব শ্রেণিতে বিষয় দুটি বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে।
নারী শিক্ষার প্রসারে সরকারের অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করা হয়েছিল। বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা অবৈতনিক করার ঘোষণা দিয়েছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় এ সুবিধা স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, দেশের ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালু রয়েছে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়নে সরকারের পরিকল্পনা তুলে ধরে মাহদী আমিন বলেন, বিনামূল্যে স্কুল ড্রেস ও মিড-ডে মিল দেওয়ার পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রচলিত বেঞ্চের পরিবর্তে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের জন্য আলাদা চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হচ্ছে।
এছাড়া শিশুদের মানসিক বিকাশ এবং আনন্দের সঙ্গে শিক্ষা নিশ্চিত করতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘লার্নিং টয়’ যুক্ত করা হচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণে স্লাইডারসহ বিভিন্ন ধরনের বহিরাঙ্গন ক্রীড়া সরঞ্জাম স্থাপন করার পরিকল্পনাও রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন