ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই


আদা-রসুনের ঝাঁজ বেড়েছে, অধিকাংশ নিত্যপণ্যের দাম আগের মতোই

রংপুরে সপ্তাহের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বেড়েছে আদা ও রসুনের দাম। দেশি নতুন আদার কেজি দাম বেড়ে দাঁড়িয়েছে ৫০ টাকা, আর দেশি রসুনের দাম বেড়েছে ৪০ টাকা। একই সঙ্গে গাজর, কাঁকরোল, শিম, করলা ও কচুরলতির মতো কিছু সবজির দামও বৃদ্ধি পেয়েছে। তবে টমেটো, বাঁধাকপি, ঢ্যাঁড়স ও ধনেপাতার দাম কমেছে। অন্যদিকে, মাছ, গরু-খাসির মাংস, ডিম, চাল এবং অধিকাংশ নিত্যপণ্যের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করে এ চিত্র দেখা গেছে। বিক্রেতাদের মতে, আদা ও রসুনের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসন বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বাজারে দেশি নতুন আদা প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, আমদানি করা আদা ২২০ থেকে ২৩০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা এবং ভারতীয় রসুন ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি নতুন আদার দাম ছিল ১২০ থেকে ১৪০ টাকা, আমদানি করা আদার দাম ১৯০ থেকে ২০০ টাকা, দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং ভারতীয় রসুন ২০০ থেকে ২২০ টাকা কেজি।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবার পেল ৫ লাখ টাকা

কাঁচাবাজার ব্যবসায়ী শরিফুল ইসলাম জানিয়েছেন, গত সপ্তাহের তুলনায় সবজির বাজারে কিছু পণ্যের দাম বেড়েছে, আবার কয়েকটির দাম কমেছে। টমেটো ১৬০ থেকে ১৭০ টাকা, গাজর ১৫০ থেকে ১৬০, কাঁকরোল ৭০ থেকে ৮০, ঝিঙে ৫০ থেকে ৬০, ফুলকপি ৬০ থেকে ৭০ এবং মূলা ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন আসা বাঁধাকপির পিসের দাম কমে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া চালকুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলার হালি ২৫ থেকে ৩০, দুধকুষি ৩০ থেকে ৪০, সজনে ডাঁটা ১৮০ থেকে ২০০, শসা ৪০ থেকে ৫০ এবং লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। চিকন বেগুন ৪০ থেকে ৭০, গোল বেগুন ৮০ থেকে ১০০, পটল ৪০ থেকে ৫০, পেঁপে ২০ থেকে ২৫ এবং ঢ্যাঁড়স ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শিমের দাম বেড়ে ১২০ থেকে ১৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ এবং কচুরলতি ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। বরবটি ৫০ থেকে ৬০, লাউ প্রতি পিস ২৫ থেকে ৩০ এবং কচুরমুখী ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ধনেপাতার দাম উল্লেখযোগ্যভাবে কমে ৭০ থেকে ৮০ টাকায় নেমেছে। বিভিন্ন ধরনের শাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ২০ টাকায়।

মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০, শুকনা মরিচ ৪৫০ থেকে ৫০০, কার্ডিনাল আলু ২০ থেকে ২৫, দেশি সাদা ও বগুড়ার লাল পাকড়ি আলু ২৫ থেকে ৩০, শিল আলু ৫০ থেকে ৫৫ এবং ঝাউ আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ৯০ থেকে ১০০ এবং পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: চকরিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ধাপ বাজারের সবজি বিক্রেতা আকমাল হোসেন জানিয়েছেন, দুই-একটি সবজির দাম বাড়া-কমা করলেও অধিকাংশের দাম অপরিবর্তিত রয়েছে। আদা ও রসুনের সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে। বাজারে পুরোনো আদা-রসুনের সরবরাহ কমে গেছে। নতুন করে কৃষকেরা চাষ শুরু করেছেন।

মাছ ও মাংসের বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার মুরগির দাম ১৭০ থেকে ১৮০ টাকা, পাকিস্তানি সোনালি ৩০০ থেকে ৩১০, পাকিস্তানি হাইব্রিড ২৯০ থেকে ৩০০, পাকিস্তানি লেয়ার ৩৪০ থেকে ৩৫০ এবং দেশি মুরগি ৫৪০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭২০ থেকে ৭৫০ এবং খাসির মাংস ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা কেজি। ডিমের হালি ৪৬ থেকে ৪৮ টাকা।

মাছের মধ্যে রুই ২৫০ থেকে ৪৫০, টেংরা ৪০০ থেকে ৬০০, কই ২০০ থেকে ৫০০, মৃগেল ২৫০ থেকে ৩০০, কার্পু ২০০ থেকে ৩০০, পাঙাশ ১৫০ থেকে ২০০, তেলাপিয়া ১৫০ থেকে ২২০, কাতলা ৩০০ থেকে ৫০০, বাটা ১৫০ থেকে ২৫০, শিং ৩০০ থেকে ৫০০ এবং সিলভার কার্প ১২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও প্রজাতিভেদে গছিমাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।

নিত্যপণ্যের মধ্যে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার ২০৫ থেকে ২১০ টাকা এবং খোলা সয়াবিন তেল ২০০ থেকে ২২০ টাকা। চিকন মসুর ডাল ১৬০ থেকে ১৮০, মাঝারি মসুর ডাল ১১০, চিকন মুগডাল ১৬০ থেকে ১৭০, বুটের ডাল ১১০ থেকে ১২০, খোলা চিনি ১১০ থেকে ১১৫ এবং ছোলাবুট ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্যাকেট আটা ৬০ থেকে ৬৫, খোলা আটা ৫০ থেকে ৫৫ টাকা এবং প্যাকেট ময়দা ৭৫ থেকে বেড়ে ৮৫ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে।

আরও পড়ুন: মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ৪ জন আটক

চালের বাজার ব্যবসায়ী জোসেফ উদ্দিন জানিয়েছেন, প্রায় সব ধরনের চালের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। স্বর্ণা মোটা চাল ৪৮ থেকে ৫০, স্বর্ণা চিকন ৫২ থেকে ৫৫, বিআর-২৮ চাল ৬০ থেকে ৬৫, বিআর-২৯ চাল ৫৫ থেকে ৬০, জিরাশাইল ৫৫ থেকে ৬০, মিনিকেট ৮০ থেকে ৮৫ এবং নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খোলা আতপ চাল ২০০ থেকে ২১০ টাকা এবং প্যাকেট চাল ২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানিয়েছেন, বাজার মনিটরিং করা হচ্ছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়, তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতা ও এসআই নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৩ এম


কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতা ও এসআই নিহত, আহত ২

কালীগঞ্জে একটি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করার পর থানায় ফেরার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এবং এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

আহত ব্যক্তিদের মধ্যে এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮) অন্তর্ভুক্ত রয়েছেন। জাবেদ ওমর বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়াহিদ মিয়াকে (৪৫) আটক করার জন্য বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান শুরু করে। পরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। ওয়াহিদ ওই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে।

ওয়াহিদকে নিয়ে থানায় ফেরার সময় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, জাবেদ ওমর এবং রাব্বি। এ সময় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে এসআই মিজানুর রহমানকে টেনে নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায় গাড়িটি।

পরে অন্যান্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান এবং জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, "দুর্ঘটনার পর চিকিৎসাধীন মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন, গুগল ‘না’ করল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৩ এম


মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ‘ট্রাম্প মহাসাগর’ চেয়েছিলেন, গুগল ‘না’ করল

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নাম পরিবর্তনের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। এবার তার দৃষ্টি আটলান্টিক মহাসাগরের দিকে। তবে তিনি শেষ পর্যন্ত এই প্রস্তাব থেকে সরে এসেছেন। তার দাবী, এর পেছনে রয়েছে গুগলের আপত্তি।

বুধবার সাউথ ক্যারোলিনার ক্লেমসনে এক সমাবেশে ট্রাম্প বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি পূর্বে পরিবর্তিত নামগুলোর একটি তালিকা উপস্থাপন করেন। এরপর তিনি বলেন, ‘আমাদের একটা হ্রদ আছে। একটা উপসাগরও আছে। এবার আমাদের দরকার একটা নদী আর একটা মহাসাগর।’

সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আমাদের উপসাগর আছে। সুন্দর একটা হ্রদও আছে। কেউ একজন আমাকে বলল, নদী দরকার। হ্যাঁ, আমাদের নদী দরকার। আমাদের মহাসাগর দরকার।’

নদীর নাম নিয়ে ট্রাম্পের তেমন আগ্রহ দেখা যায়নি। তিনি বলেন, নিউইয়র্কের হাডসন নদী বা মিসিসিপি নদীর নাম পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই। মহাসাগরের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মাত্র দুটি মহাসাগর পছন্দ। আটলান্টিক আর প্রশান্ত। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরে আমি ট্রাম্প বা আমেরিকা নাম বসাব না।’

এরপর তিনি গুগলের প্রসঙ্গ উত্থাপন করেন। ট্রাম্প বলেন, ‘আমরা আটলান্টিক নিয়ে সত্যিই ভেবেছিলাম। আমি গুগল ম্যাপসকে ফোন করি। হ্রদের (আমেরিকা) ব্যাপারে তারা খুব ভালো সহযোগিতা করেছিল। আমি কথা বলি এক মেধাবী মানুষের সঙ্গে, সুন্দর (পিচাই)। তিনি পুরো গুগল চালান। তিনি খুবই মেধাবী মানুষ।’

ট্রাম্পের দাবি, তিনি গুগলকে প্রশ্ন করেছিলেন তারা এটি সামলাতে পারবে কি না। তিনি মজা করে বলেন, উপসাগরের নাম পরিবর্তনের ধাক্কা গুগল ম্যাপস এখনো কাটিয়ে উঠতে পারেনি। তাই তারা তার প্রস্তাবে রাজি হয়নি।

ট্রাম্প বলেন, ‘না, না, না, এবার আমি এটা করব না, (পিচাই) বলল। সে বলল, মহাসাগর আলাদা জিনিস, স্যার। এগুলো অনেক দেশ জুড়ে আছে। দয়া করে আমাদের এটা করতে বলবেন না। তাই আমি সম্ভবত থেমে যাব।’

শেষে তিনি সমর্থকদের মতামত জানতে চান। এরপর বলেন, ‘আমার মনে হয় আটলান্টিক মহাসাগর আটলান্টিকই থাক।’

তবে এই কথোপকথন সত্যিই হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। পুরো কাহিনি ট্রাম্পের মুখের কথা। গুগল বা সুন্দর পিচাইয়ের কোনো মন্তব্য এই খবরে নেই।

১০ অক্টোবর টেনেসির ক্লার্কসভিলের সমাবেশেও ট্রাম্প একই কথা বলেছিলেন। তখন তিনি আটলান্টিক বা প্রশান্ত, যেকোনো একটির নাম পরিবর্তনের কথা তোলেন। সম্ভাব্য নাম হিসেবে তিনি বলেন ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকাসের মহাসাগর’।

সেদিন তিনি বলেন, ‘না, আমাদের করতেই হবে। আমি যাওয়ার আগে আমাদের একটা মহাসাগর থাকা উচিত। আর একটা দারুণ নদীও দরকার।’ হরমুজ প্রণালির নাম ‘ট্রাম্প প্রণালি’ রাখার কথাও তিনি বারবার বলেছেন।

আগের নাম বদল

গত বছর ট্রাম্প ঘোষণা দেন, মেক্সিকো উপসাগর এখন থেকে ‘গালফ অব আমেরিকা’ নামে পরিচিত হবে। এ বছর আগস্টে তিনি অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ দেন। তখন আমেরিকা ও কানাডার মধ্যে বাণিজ্যযুদ্ধ চলছিল।

গুগল ম্যাপস ও অ্যাপল ম্যাপস দুটি পরিবর্তনই মেনে নিয়েছে। কিন্তু ম্যাপকোয়েস্ট এবং কানাডার সব ফেডারেল ও প্রাদেশিক মানচিত্র আসল নামই রেখেছে।

সম্প্রতি ট্রাম্প নিউ মেক্সিকো রাজ্যের নাম ‘নিউ আমেরিকা’ রাখার পরামর্শও দিয়েছেন। তার যুক্তি, নতুন নামে রাজ্যটির ‘মর্যাদা ও মূল্য অনেক বাড়বে’।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটন ও তাসকিন, বাদ পড়েছেন সৌম্য ও সৈয়দ খালেদ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে লিটন ও তাসকিন, বাদ পড়েছেন সৌম্য ও সৈয়দ খালেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে, যেখানে লিটন কুমার দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে পারেননি। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, যিনি শেষ টেস্ট ম্যাচে বিশ্রামে ছিলেন।

শুক্রবার সকালে প্রকাশিত ১৫ সদস্যের এই দলে জায়গা পাননি সৌম্য সরকার এবং সৈয়দ খালেদ আহমেদ।

নিতম্বের চোটের কারণে লিটন ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে বাংলাদেশ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয়।

কোনো ম্যাচ না খেলেই টেস্ট দলে জায়গা হারিয়েছেন সৌম্য। ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান সর্বশেষ ২০২১ সালে, মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সংস্করণে খেলেছিলেন।

খালেদও কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন। তিনি গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দেশের হয়ে খেলেছিলেন।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ পথচলা ধরে রাখতে বাংলাদেশের জন্য এই সিরিজে দুটি ম্যাচই জেতা অত্যন্ত জরুরি।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট আগামী বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুপার দাম আবার কমলো, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ এম


রুপার দাম আবার কমলো, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে রুপার দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা স্বর্ণের দাম কমানোর সাথে সঙ্গতিপূর্ণ। সংগঠনটি ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করেছে, যা ভ্যাটসহ ১৭৫ টাকা কমানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে। উল্লেখ্য, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি রুপার (পিওর সিলভার) মূল্য কমেছে, যার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেটের রুপার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ৮৪৯ টাকা হবে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ ও পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। আলাদাভাবে ভ্যাট বাদ দেয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

এর আগে, গত ২২ অক্টোবর সকালে বাজুস রুপার দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৮৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ৭৬ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে, যেখানে দাম ৩৬ দফা বাড়ানো হয়েছে এবং ৪০ দফা কমানো হয়েছে। ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে বেড়েছিল ১০ বার এবং কমেছিল ৩ বার।

এদিকে, বাজুস ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে, যা ভ্যাটসহ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ১২৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে, ৬৪ দফা কমানো হয়েছে এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%