প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কালীগঞ্জে একটি চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করার পর থানায় ফেরার সময় অজ্ঞাত কাভার্ডভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এবং এক স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। রফিক মোল্লা কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।
আহত ব্যক্তিদের মধ্যে এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮) অন্তর্ভুক্ত রয়েছেন। জাবেদ ওমর বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওয়াহিদ মিয়াকে (৪৫) আটক করার জন্য বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একটি পুলিশ টিম অভিযান শুরু করে। পরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। ওয়াহিদ ওই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে।
ওয়াহিদকে নিয়ে থানায় ফেরার সময় কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে পুলিশের গাড়ি থামিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন এসআই মিজানুর রহমান, জাবেদ ওমর এবং রাব্বি। এ সময় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশালমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে এসআই মিজানুর রহমানকে টেনে নিয়ে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায় গাড়িটি।
পরে অন্যান্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে রাত ৩টা ৫০ মিনিটে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মিজানুর রহমান এবং জাবেদ ওমরকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় পাঠানো হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ৬টা ৪৭ মিনিটে চিকিৎসকেরা মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, "দুর্ঘটনার পর চিকিৎসাধীন মিজানুর রহমানের মৃত্যু হয়েছে। জাবেদ ওমর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চাপা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন