শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:১৮ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তিনি আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব গুগলকে দিয়েছিলেন। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ প্রস্তাবে সম্মতি জানাননি। তবে, গুগল এ বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিতকরণ করেনি যে, তাঁদের মধ্যে এমন আলোচনা হয়েছিল কি না।
বুধবার (২১ অক্টোবর) সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য গুগল ম্যাপে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘আমেরিকা উপসাগর’ দেখানোর পর তিনি পিচাইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
ট্রাম্পের ভাষ্যমতে, তিনি পিচাইকে জিজ্ঞাসা করেন, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তন করা সম্ভব কি না। পিচাই জবাবে বলেন, মহাসাগরগুলো একাধিক দেশের সীমানা জুড়ে বিস্তৃত হওয়ায় এ ধরনের নাম পরিবর্তন করা সম্ভব নয়।
ট্রাম্প বলেন, পিচাইয়ের কথিত আপত্তির পর তিনি আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের পরিকল্পনা থেকে সরে আসার বিষয়ে ভাবনা চিন্তা করছেন। এ সময় তিনি সমাবেশে উপস্থিত লোকজনের কাছে জানতে চান, মহাসাগরটির বর্তমান নামই রাখা উচিত কি না।
এর আগে, ট্রাম্পের উদ্যোগে মেক্সিকো উপসাগরের নাম যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারে ‘আমেরিকা উপসাগর’ করা হয়। গুগল ম্যাপেও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন নামটি দেখানো হচ্ছে। তবে, ভৌগোলিক স্থানটির নাম প্রদর্শনে অঞ্চলভেদে পার্থক্য রয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, সুন্দর পিচাই আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে, গুগল বা পিচাই এ বিষয়ে প্রকাশ্যে কোনো নিশ্চিত বক্তব্য দেননি। ফলে, তাঁদের মধ্যে কথিত কথোপকথনের বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শুরু হয়েছে, যা দ্বীনের দাওয়াত, ঈমানি মেহনত ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (২৩ অক্টোবর) ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে ১০ সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন। নামাজের পর মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এই ইজতেমা তাবলীগ জামাতের আয়োজনে ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চাঁদপুর শহরের পুরানবাজার দোকানঘর এলাকায় মেঘনা নদীর পাড়ে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের আগমন শুরু হয়। তাঁদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে ইজতেমার মাঠে প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়।
তাবলীগ জামাতের চাঁদপুর জেলার জিম্মাদার মো. আরিফ উল্লাহ জানিয়েছেন, ২২ অক্টোবর শুরু হওয়া এই তিন দিনব্যাপী জেলা ইজতেমা শনিবার (২৪ অক্টোবর) আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই ইজতেমায় অংশ নিচ্ছেন।
এই তিন দিনব্যাপী আয়োজনে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান, জিকির-আসকারসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। শেষ দিনে আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হেফাজতে ইসলামের নতুন জোট সাতটি রাজনৈতিক দল নিয়ে ঘোষণার পর ১১ দলীয় ঐক্যে ভাঙনের গুঞ্জন সৃষ্টি হয়েছে। তবে এই গুঞ্জনকে অস্বীকার করে সমন্বয়ক হামিদুর রহমান আযাদ দাবি করেছেন যে ঐক্যে ভাঙনের কোনো বিষয় নেই।
শুক্রবার (২৩ অক্টোবর) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মিন্টো রোডের বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
হামিদুর রহমান আযাদ বলেছেন, ‘সরকার জনগণের গণরায়কে উপেক্ষার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রের ওপর চপেটাঘাত করেছে। সংবিধান সংশোধন কমিটি গঠনের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।’
তিনি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার করার আহ্বান জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেই ক্ষমতায় এসেছে বিএনপি। উল্টো আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক নিয়ে মিথ্যাচার করছে তারা।’
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক অভিযোগ করেছেন যে, প্রতিযোগিতার ভিত্তিতে এখন দুর্নীতি হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে যদি ইঞ্জিনিয়ারিং করা হয়, তবে সরকারের পরিণতি খারাপ হবে।’
১১ দলীয় ঐক্যের ভাঙন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই নেতা বলেন, ‘১১ দলীয় ঐক্যের ভাঙনের কোনো বিষয় নেই। এ বিষয়ে যে তথ্য প্রচার হচ্ছে, তা প্রোপাগান্ডা। গণভোটের রায় বাস্তবায়নসহ চলমান আন্দোলন কর্মসূচিতে ঐক্যবদ্ধ থাকবে সব দল।’
কওমি মাদ্রাসাকেন্দ্রিক সাতটি রাজনৈতিক দলের বৈঠক শেষে গত বৃহস্পতিবার হেফাজতের মহাসচিব নতুন জোটের ঘোষণা দেন। তিনি জানান, বিএনপি-জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নতুন জোটে ঐক্যবদ্ধ হবে দলগুলো। এই ঘোষণার পর আজ বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যজোট। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের তত্ত্বাবধানে গঠিত জোটের দলগুলোর নেতারাও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। আনানকে এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি রয়্যাল কমনওয়েলথ সোসাইটির পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনান মুস্তাফিজের রচনার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। এই রচনায় মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিনিময়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। আনান তার লেখায় উল্লেখ করেন যে, বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকান কিশোরী আম্যারার সঙ্গে তার পরিচয় হয় এবং সে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। আনান তাকে ঐতিহ্যবাহী খাবার যেমন ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, কৃষি, নদী ও মানুষের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেন।
আনান তার লেখায় লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানগুলোর বৈচিত্র্য এবং ভাষা আন্দোলনের ইতিহাসও তুলে ধরেন। জামাইকার কিংবদন্তি শিল্পী বব মার্লেনের গান বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, তা জানতে পেরে আবেগাপ্লুত হয় আম্যারা। তাদের কথোপকথনে বাংলাদেশ ও জামাইকার সাংস্কৃতিক বন্ধন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বৈচিত্র্য ফুটে ওঠে। রচনাটির শেষ অংশে আনান উল্লেখ করেন, অন্য একটি দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার মাধ্যমে নিজের দেশ ও সংস্কৃতিকেও নতুনভাবে আবিষ্কার করা সম্ভব।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আর্ট নিউজকে আনান জানান, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে তিনি খুশি। তবে গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর এবার ব্রোঞ্জ পদক পাওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন। তিনি জানান, আগামী বছর আরও ভালো করার জন্য এই ব্রোঞ্জ প্রাপ্তি তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে। আনান আরও বলেন, গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই রচনাটি জমা দিয়েছিলেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির পক্ষ থেকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে এবং সনদের ডিজিটাল কপিও পাঠানো হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি, যা ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটির দ্বারা পরিচালিত হয়ে আসছে। এ বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের মোট ৫৩,৮৪০ জন শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অর্জনের পাশাপাশি আনান মুস্তাফিজ ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’-এর কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি নিয়মিত গল্প লেখার পাশাপাশি তার ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে ‘টক উইথ আনান’ নামে একটি টক শো পরিচালনা করেন। আনানের বাবা রহমান মুস্তাফিজ একজন সিনিয়র সাংবাদিক এবং মা কাজী তামান্না সিনিয়র সংবাদ উপস্থাপক, চিত্রশিল্পী ও আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কয়রায় জমি নিয়ে বিরোধের ফলে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে ১নং কয়রা গ্রামের বাবর আলী গাজীর পুত্র আজিজুল হক অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ২২ অক্টোবর তার প্রতিপক্ষ একই গ্রামের নজরুল ইসলাম মন্টু জমি দখলের অভিযোগ তুলে তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি উল্লেখ করেন, "প্রকৃত ঘটানাটি হলো যে, আমি কয়রা মৌজায় ১নং কয়রা গ্রামে ১৯ শতক জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি।" ২১ অক্টোবর ঐ জায়গার ঘেড়াবেড়া নষ্ট হয়ে যাওয়ায় তিনি নতুন করে ঘেড়াবেড়া দিয়েছেন।
আজিজুল হক বলেন, "আমার ভোগদখলীয় জায়গায় আমি কাজ করেছি। ঐ বিষয়টি নিয়ে প্রতিপক্ষরা ফায়দা লুটার চেষ্টা করছে।" তিনি আরও জানান, নজরুল ইসলাম মন্টু পূর্বে তার কাছে জমির ঝামেলা আছে বলে টাকার দাবি করেছেন। তিনি তার আবদার মিটাতে না পারায়, মন্টু অনেক দিন ধরে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আজিজুল হক দাবি করেন, জমি দখলের কোন ঘটনা ঘটেনি এবং ঘটনার তদন্ত করলে সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ