প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের শিক্ষার্থী আনান মুস্তাফিজ কুইন্স কমনওয়েলথ রাইটিং প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। আনানকে এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি রয়্যাল কমনওয়েলথ সোসাইটির পক্ষ থেকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর অ্যাপল ট্রি ইন্টারন্যাশনাল স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আনান মুস্তাফিজের রচনার শিরোনাম ছিল ‘দ্য রিদম অব আইডেন্টিটি’। এই রচনায় মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংস্কৃতি বিনিময়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। আনান তার লেখায় উল্লেখ করেন যে, বৃষ্টিভেজা এক বিকেলে জামাইকান কিশোরী আম্যারার সঙ্গে তার পরিচয় হয় এবং সে বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করে। আনান তাকে ঐতিহ্যবাহী খাবার যেমন ভাত, ডাল, বেগুন ভাজা ও ইলিশের মাধ্যমে দেশের সংস্কৃতি, ইতিহাস, কৃষি, নদী ও মানুষের জীবনযাত্রার সাথে পরিচয় করিয়ে দেন।
আনান তার লেখায় লালনগীতি, রবীন্দ্রসংগীত, ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানগুলোর বৈচিত্র্য এবং ভাষা আন্দোলনের ইতিহাসও তুলে ধরেন। জামাইকার কিংবদন্তি শিল্পী বব মার্লেনের গান বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয়, তা জানতে পেরে আবেগাপ্লুত হয় আম্যারা। তাদের কথোপকথনে বাংলাদেশ ও জামাইকার সাংস্কৃতিক বন্ধন এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর বৈচিত্র্য ফুটে ওঠে। রচনাটির শেষ অংশে আনান উল্লেখ করেন, অন্য একটি দেশের মানুষের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার মাধ্যমে নিজের দেশ ও সংস্কৃতিকেও নতুনভাবে আবিষ্কার করা সম্ভব।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় আর্ট নিউজকে আনান জানান, আন্তর্জাতিক স্বীকৃতি পেয়ে তিনি খুশি। তবে গত বছর গোল্ড অ্যাওয়ার্ড পাওয়ার পর এবার ব্রোঞ্জ পদক পাওয়ায় কিছুটা হতাশা প্রকাশ করেন। তিনি জানান, আগামী বছর আরও ভালো করার জন্য এই ব্রোঞ্জ প্রাপ্তি তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে। আনান আরও বলেন, গত এপ্রিল মাসে পঞ্চম শ্রেণিতে পড়ার সময়ই রচনাটি জমা দিয়েছিলেন। রয়্যাল কমনওয়েলথ সোসাইটির পক্ষ থেকে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়টি জানানো হয়েছে এবং সনদের ডিজিটাল কপিও পাঠানো হয়েছে।
এটি উল্লেখযোগ্য যে, কুইন্স কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা বিশ্বের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোর মধ্যে একটি, যা ১৮৮৩ সাল থেকে রয়্যাল কমনওয়েলথ সোসাইটির দ্বারা পরিচালিত হয়ে আসছে। এ বছর কমনওয়েলথের ৫৬টি সদস্য দেশের মোট ৫৩,৮৪০ জন শিক্ষার্থী সিনিয়র ও জুনিয়র গ্রুপে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় অর্জনের পাশাপাশি আনান মুস্তাফিজ ২০২৩ সালে ১৪ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত ‘স্মার্ট চিলড্রেন কার্নিভাল’-এর কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি নিয়মিত গল্প লেখার পাশাপাশি তার ইউটিউব চ্যানেল ‘মুগলি’স ওয়ার্ল্ড’-এ দেশ-বিদেশের সেলিব্রেটিদের নিয়ে ‘টক উইথ আনান’ নামে একটি টক শো পরিচালনা করেন। আনানের বাবা রহমান মুস্তাফিজ একজন সিনিয়র সাংবাদিক এবং মা কাজী তামান্না সিনিয়র সংবাদ উপস্থাপক, চিত্রশিল্পী ও আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন