বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৩৪ পি.এম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, চীন ও পাকিস্তান বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিতে তাদের দুয়ার খুলে দিয়েছে।
মন্ত্রী বলেন, চীন বাংলাদেশি চিকিৎসকদের ফেলোশিপে নেওয়ার পাশাপাশি দেশটির হাসপাতালগুলোতে প্রবেশের সুযোগ দেওয়ার কথা জানিয়েছে। তিনি জানান, বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রয়োজনে চীনে নিয়ে গিয়েও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের ১৩৫ থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীনের হাসপাতালগুলোতে বাংলাদেশি চিকিৎসকদের প্রবেশের সুযোগ দেওয়ার পাশাপাশি চীনা চিকিৎসক ও বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে চিকিৎসকদের ব্যবহারিক প্রশিক্ষণ দেবেন। প্রয়োজন অনুযায়ী বাংলাদেশি চিকিৎসকদের চীনে নিয়ে গিয়ে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
পাকিস্তানের সহযোগিতার বিষয়ে তিনি জানান, পাকিস্তান বাংলাদেশ থেকে ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে গিয়ে চিকিৎসাসেবা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। একইসঙ্গে পাকিস্তানি চিকিৎসকরাও বাংলাদেশে এসে চিকিৎসকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেবেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের এ ধরনের সহযোগিতা বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখবে।
থ্যালাসেমিয়া ও এইচআইভি সহ বিভিন্ন রোগ প্রতিরোধে চিকিৎসকদের জনসচেতনতা তৈরিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। সাখাওয়াত হোসেন বলেন, রোগীর চিকিৎসা করলেই দায়িত্ব শেষ হয় না; রোগ প্রতিরোধে মানুষকে সচেতন করাও চিকিৎসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে গ্রামাঞ্চলে গিয়ে সাধারণ মানুষকে রোগের কারণ, প্রতিরোধ ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পর্কে জানাতে হবে।
বিয়ের আগে বর-কনের থ্যালাসেমিয়া পরীক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বামী ও স্ত্রী দুজনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের সন্তানের থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। তাই বিয়ের আগে ছেলে ও মেয়ের রক্ত পরীক্ষা করানো উচিত। তিনি বলেন, "আপনারা দয়া করে এখন বিয়ের আগে মেয়ে ও ছেলের ব্লাড টেস্ট করাবেন থ্যালাসেমিয়ার জন্য। এটা রক্তের মধ্যে পাওয়া যায়।"
চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু চিকিৎসার মাধ্যমে সব রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি চিকিৎসকেরা যেখানে যাবেন, সেখানেই মানুষকে থ্যালাসেমিয়া, এইচআইভি ও ছোঁয়াচে রোগ সম্পর্কে সচেতন করতে হবে। হাত ধোয়া ও পরিচ্ছন্নতার মতো বিষয়েও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঘটে যাওয়া একটি ঘটনায়, স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ার কারণে ক্ষোভে জীবন (২০) নামে এক যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনার বিষয়টি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
জানা যায়, সন্ধ্যা সাতটায় উপজেলার আঙ্গারিয়া এলাকায় এই ঘটনা ঘটে। জীবন, যিনি আঙ্গারিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে, পালিয়ে বিয়ে করে স্ত্রী মিম (১৬) এর সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি জানার পর মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
জীবন বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে জীবন নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠান।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, "কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দল গঠন শুরু করেছেন নেইমারের অবসরের পর। এই প্রেক্ষাপটে ম্যাচে পেনাল্টি নেওয়ার গুরুদায়িত্ব পান রানিফিয়া। বার্সেলোনার এই তারকা অনুপস্থিত থাকলে ব্রুনো গিমারায়েসের পেনাল্টি নেওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে সবকিছু বদলে যায়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রাফিনিয়া প্রথম পেনাল্টি নেওয়ার পর ইনজুরির কারণে মাঠ ছাড়েন। ৮০ মিনিটে দ্বিতীয় পেনাল্টি গিমারায়েসের নেওয়ার কথা ছিল, কিন্তু শট নিতে আসেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচ শেষে এই রিয়াল মাদ্রিদ তারকা এর কারণ ব্যাখ্যা করেছেন।
বিশ্বকাপের পর থেকে ভিনিসিয়ুস নিজেকে খুঁজে পাচ্ছেন না। তাই তাকে ফর্মে ফেরাতে গিমারায়েস ভিনির হাতে বল তুলে দেন। এ জন্য সতীর্থকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
ভিনিসিয়ুস বলেন, "রাফিনিয়া যখন মাঠে থাকবে না, তখন আমাদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব ব্রুনো গিমারায়েসের। আমি ভেবেছিলাম সে নিতে চাইবে, তবে সে জানে যে বর্তমানে আমার কিছুটা আত্মবিশ্বাস দরকার। বিশ্বকাপে হেরে যাওয়া অনেক বড় ধাক্কা এবং সেটা মেনে নেওয়া কঠিন, আর ঘুরে দাঁড়ানোও সহজ নয়।"
পরে গিমারায়েসও তার পেনাল্টি না নেওয়ার কারণ ব্যাখ্যা করেন। আর্সেনালের এই মিডফিল্ডার বলেন, "দলের সবার মধ্যে একতাই সবচেয়ে বড় বিষয়। এটাই কারণ ছিল (পেনাল্টিটা ভিনিকে আত্মবিশ্বাস দিয়েছে)। পেনাল্টির ঘটনার পর, অনেক কিছুই সামনে আসে। কিন্তু এখানে জাতীয় দলে, আমাদের মধ্যে কেউ ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবে না।"
আনচেলত্তি ভিনিকে পেনাল্টি নেওয়ার অনুমতি দিয়েছিলেন। গিমারায়েস বলেন, "বিশ্বকাপে আনচেলত্তি আমাকে পেনাল্টি নিতে বলেছিলেন। আর আজ তিনি ভিনিকে নিতে বলেন। ভিনির একটা গোল করা খুব দরকার ছিল। সে খুব ভালোভাবেই সেটা করেছে।"
তিনি আরও বলেন, "আমাদের কারও মধ্যে ব্যক্তিগত অর্জন নিয়ে ভাবনা নেই। ব্রাজিলের জন্য কোনটা সেরা, সেটাই আমরা চাই। তার জন্য আমরা খুশি এবং এভাবে কাজ করে যাওয়াটাই আসল।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই একটি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকেও মেডিকেল সংস্কার নিয়ে একটি ইশতেহার প্রকাশিত হয়েছিল। এই প্রেক্ষাপটে আজকে আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হলো। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো।
তিনি আরও বলেন, আমরা মেডিকেলে লজিস্টিক সাপোর্ট এবং বিশেষায়িত ডাক্তারদের বিষয়ে প্রশাসন ও মেডিকেলের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। আশা করি, মেডিকেলটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমরা ইশতেহারে উল্লেখ করেছিলাম যে, এখানে ১০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আশা করি, প্রশাসনের সহযোগিতায় সেটি বাস্তবায়িত হবে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জন্য প্রদান করেছি। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সমস্যা। এই সমস্যার উন্নতির জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য এই উপহারটি প্রদান করেছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাই যে, এ ধরনের কাজগুলো করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই কাজে এগিয়ে আসে। শিক্ষার্থীদের যন্ত্রণাগুলো যেন প্রশাসন বারবার লক্ষ্য করে। প্রতিষ্ঠার এত বছর পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বড় ব্যর্থতা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল অনেক কাছে হওয়ায় আমাদের সবসময় যাতায়াতের মধ্যে থাকতে হয়। অনেক সময় দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের সংকট দেখা দেয়। এখন নতুন যে অ্যাম্বুলেন্সটি যুক্ত হলো, যদি প্রশাসন একটি ড্রাইভার নিয়োগ দেয়, তাহলে আমাদের আর সংকট থাকবে না। আমি তাদের পক্ষ থেকে একটি উপহার পেয়েছি এবং এটি অবশ্যই শিক্ষার্থীদের কাজে লাগবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার একটি ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আটটার সময় দুর্বৃত্তরা কাশবনের একটি অংশে আগুন লাগিয়ে দেয়। এর পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে।
বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, রাত আটটার দিকে লেকের পাড়ের কাশবনে আগুন জ্বলতে দেখে নিরাপত্তাকর্মীরা সেখানে ছুটে যান। তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কাশবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নেভানোর কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটেনি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা জানান, কাশবনে আগুন দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের তারা দেখতে পারেননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
লেকের পাড়ের কাশবন বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্যের একটি বিশেষ আকর্ষণ। সেখানে আগুন দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাফসা আক্তার মোহ বলেন, "অনেক সৌন্দর্য পিপাসু মানুষ প্রতিদিন ক্যাম্পাসে আসেন। এটা দেখে যাদের ভালো লাগেনি, তারাই এই কাজটা করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া উচিত।"
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাদ্দাম হোসেন আগুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত আটটার দিকে দুর্বৃত্তরা কাশবনে আগুন ধরিয়ে দেয়। পরে নিরাপত্তাকর্মীরা আগুন নেভাতে সক্ষম হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ