প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবার সুবিধা বৃদ্ধি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি ছাত্রশিবিরের নেতৃবৃন্দ হস্তান্তর করেন।
অ্যাম্বুলেন্স হস্তান্তরের পর রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল জানান, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই একটি সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকেও মেডিকেল সংস্কার নিয়ে একটি ইশতেহার প্রকাশিত হয়েছিল। এই প্রেক্ষাপটে আজকে আমাদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হলো। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো।
তিনি আরও বলেন, আমরা মেডিকেলে লজিস্টিক সাপোর্ট এবং বিশেষায়িত ডাক্তারদের বিষয়ে প্রশাসন ও মেডিকেলের পরিচালকের সঙ্গে আলোচনা করেছি। আশা করি, মেডিকেলটি খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নেবে। আমরা ইশতেহারে উল্লেখ করেছিলাম যে, এখানে ১০ শয্যার একটি পূর্ণাঙ্গ হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। আশা করি, প্রশাসনের সহযোগিতায় সেটি বাস্তবায়িত হবে।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জন্য প্রদান করেছি। শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সমস্যা। এই সমস্যার উন্নতির জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের জন্য এই উপহারটি প্রদান করেছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাই যে, এ ধরনের কাজগুলো করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই কাজে এগিয়ে আসে। শিক্ষার্থীদের যন্ত্রণাগুলো যেন প্রশাসন বারবার লক্ষ্য করে। প্রতিষ্ঠার এত বছর পরও একটি পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য একটি বড় ব্যর্থতা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল হাসপাতাল অনেক কাছে হওয়ায় আমাদের সবসময় যাতায়াতের মধ্যে থাকতে হয়। অনেক সময় দেখা যায়, একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের সংকট দেখা দেয়। এখন নতুন যে অ্যাম্বুলেন্সটি যুক্ত হলো, যদি প্রশাসন একটি ড্রাইভার নিয়োগ দেয়, তাহলে আমাদের আর সংকট থাকবে না। আমি তাদের পক্ষ থেকে একটি উপহার পেয়েছি এবং এটি অবশ্যই শিক্ষার্থীদের কাজে লাগবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন