ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাওয়ালপিন্ডির হিন্দু মন্দিরগুলো পাকিস্তানের অতীত সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিধ্বনি


রাওয়ালপিন্ডির হিন্দু মন্দিরগুলো পাকিস্তানের অতীত সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিধ্বনি

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরের ব্যস্ত নগরজীবনের মধ্যে বৈদ্যুতিক তারের জটলা ও বিজ্ঞাপনের বিলবোর্ডের ফাঁক দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি হিন্দু মন্দিরের সুউচ্চ চূড়া। এই মন্দির শহরটির ধর্মীয় বৈচিত্র্য ও সম্প্রীতির এক অতীত ইতিহাসের স্মৃতি বহন করে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের এই মন্দির রাওয়ালপিন্ডির ইতিহাসের এক ভিন্ন সময়ের কথা মনে করিয়ে দেয়। গবেষক হাসান তৌসিফ জানিয়েছেন, তখন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করতেন।

আরও পড়ুন: ভারতের শেয়ারবাজারে ধস, দুই ঘণ্টায় উধাও দেড় লাখ কোটি টাকা

তিনি এএফপিকে বলেন, ‘এই মন্দির আমাদের রাওয়ালপিন্ডির ইতিহাসের এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয়, যখন বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করতো।’

তৌসিফের মতে, ১৯ শতকে নির্মিত মন্দিরটি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা রাজা বাজারে অবস্থিত। বর্তমানে এর সামনের অংশের দেয়াল ও স্থাপত্য ধসে পড়ছে। ব্যস্ত সড়কে মোটরসাইকেলের হর্ন আর যানবাহনের ভিড়ের মধ্যে মন্দিরটির নিচতলায় বসে একজন স্বর্ণকার গয়নার ব্যবসা করছেন।

স্থাপত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক বিশেষজ্ঞ তৌসিফ জানাচ্ছেন, রাওয়ালপিন্ডিতে এখনো টিকে আছে এমন হিন্দু মন্দিরের সংখ্যা ৩৯টি। এর মধ্যে মাত্র তিনটি মন্দিরে শহরের ক্রমশ কমে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ উপাসনা করেন। বাকি মন্দিরগুলো বাড়িঘর, দোকানপাট ও অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে।

১৯৪৭ সালে ব্রিটিশ শাসিত ভারত ভাগের আগে রাওয়ালপিন্ডি ছিল ধর্মীয় বৈচিত্র্য সমৃদ্ধ একটি শহর। তখন শহরটির জনসংখ্যার অধিকাংশই ছিলেন অমুসলিম।

আরও পড়ুন: ইরানে হামলা হলে বহুমুখী যুদ্ধ শুরু হতে পারে: নেতানিয়াহুকে ইসরায়েলি সেনার হুঁশিয়ারি

দেশভাগের সময় সাম্প্রদায়িক সহিংসতা ও ব্যাপক জনসংখ্যা স্থানান্তরের ফলে হিন্দু ও শিখরা ভারতে চলে যান। অন্যদিকে, মুসলিম শরণার্থীরা পাকিস্তানে আসেন। এর ফলে শহরটির জনসংখ্যার ধর্মীয় চিত্র স্থায়ীভাবে বদলে যায়।

বর্তমানে পাকিস্তানের ২৪ কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় ৯৬ শতাংশ। হিন্দুদের সংখ্যা মাত্র ২ শতাংশ। তাদের অধিকাংশই দেশের গ্রামীণ এলাকায়, বিশেষ করে দক্ষিণাঞ্চলে বসবাস করেন।

অবহেলা ও জরাজীর্ণ অবস্থা

পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য দীর্ঘদিনের সমস্যা। চলতি বছর প্রকাশিত পাকিস্তানের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য ও হামলা বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনকে ত্রিপক্ষীয় যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান ব্রাজিলের

রাওয়ালপিন্ডির উত্তরাঞ্চলের পুরানা কিলা এলাকায় অবস্থিত একটি পুরোনো হিন্দু মন্দিরের দেয়ালে ফাটল ধরেছে। সেই ফাটল দিয়ে ছোট ছোট গাছ জন্মেছে। মন্দিরটির মূল জানালাগুলোও ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।

বাইরে দড়িতে শুকাতে দেওয়া কাপড় দেখে বোঝা যায়, মন্দিরটি এখন বসতবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর আশপাশের জায়গাটি মোটরসাইকেল পার্কিংয়ের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।

শহরটির অনেক ঐতিহাসিক হিন্দু উপাসনালয়ই এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এগুলোর কোনোটি বসতবাড়ি, আবার কোনোটি গুদাম কিংবা স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে।

তৌসিফ বলেন, ‘আবাসনের সংকট যখন অনেক বেড়ে যায়, তখন সরকার এসব মন্দিরের অনেকগুলো পরিবারগুলোর মধ্যে বাড়ি হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দিতে শুরু করে।’

আরও পড়ুন: থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত

১৯ শতকে নির্মিত গম্বুজবিশিষ্ট কল্যাণ দাস মন্দিরটি এখন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য পরিচালিত কান্দিল স্কুলের ভেতরে অবস্থিত। মন্দিরটির দেয়ালে এখনো সূক্ষ্ম ও কারুকার্যখচিত নকশা দেখা যায়।

স্কুলটির প্রধান শিক্ষক পারভেজ আখতার বলেন, শিক্ষার্থীদের রাওয়ালপিন্ডির ধর্মীয় অতীত সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার শিক্ষাগত ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, ‘নতুন প্রজন্মের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা জানতে পারে, ওই ধর্মের মানুষের উপাসনার ধরন কেমন ছিল এবং তাদের উপাসনালয়গুলো দেখতে কেমন ছিল।’

তিনি আরও বলেন, ‘মুসলমান হিসেবে আমরা সব ধর্মের উপাসনালয়কে সম্মান করি। সেই বিশ্বাস থেকেই আমরাও এই স্থানটির প্রতি শ্রদ্ধা দেখাই।’

আরও পড়ুন: কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির নতুন স্বপ্ন

- আমাদেরই ভাই -

রাওয়ালপিন্ডির ক্রমশ ছোট হয়ে আসা হিন্দু সম্প্রদায়ের মানুষ এখনো আশা করেন, পরিত্যক্ত মন্দিরগুলো আবারও উপাসনার কাজে ব্যবহার করা সম্ভব হবে।

১৯৯২ সালে ভারতে বাবরি মসজিদ ভাঙার পর এর প্রতিক্রিয়ায় পাকিস্তানজুড়ে পাল্টাপাল্টি সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় উচ্ছৃঙ্খল জনতা হিন্দুদের বিভিন্ন উপাসনালয়ে হামলা চালায়। রাওয়ালপিন্ডির কয়েকটি মন্দিরও ওই হামলার শিকার হয়।

মহার্ষি বাল্মীকি মন্দিরও হামলার লক্ষ্যবস্তু ছিল। হামলায় মন্দিরটির চূড়া ধ্বংস হয়ে যায়। পরে অবশ্য মন্দিরটি সংস্কার করে আবার খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর

রাওয়ালপিন্ডির পরিত্যক্ত হিন্দু মন্দিরগুলোর বিষয়ে কথা বলতে গিয়ে মন্দিরটির ৭৪ বছর বয়সী পুরোহিত মীর চাঁদ খোখার বলেন, ‘সরকার যদি মন্দিরগুলো আমাদের হাতে তুলে দেয়, তাহলে আমরাও সেগুলো আবার চালু করতে পারব।’

গবেষক তৌসিফ বলেন, ‘এগুলো আমাদের রাওয়ালপিন্ডির সম্পূর্ণ ভিন্ন এক সময়ের কথা মনে করিয়ে দেয়। সেটি ছিল অনেক বেশি সহনশীলতার সময়। আমরা ভুলে যাই, অন্য ধর্মের মানুষ একসময় আমাদেরই ভাই ছিল।’

তিনি আরও বলেন, ‘এসব ঐতিহাসিক স্থানকে মানুষের কাছে অতীতের গল্প তুলে ধরার জায়গা হিসেবে গড়ে তোলা সম্ভব। এসব স্থান নতুন প্রশ্নের জন্ম দিতে পারে, আবার অনেক প্রশ্নের উত্তরও দিতে পারে। মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা তৈরি করতে পারে। দক্ষিণ এশিয়ার জন্য এখন এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


দিনাজপুরের ফুলবাড়ীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি সড়ক দুর্ঘটনায় মো. মাইদুল ইসলাম (৩৮) নামে এক মোটরসাইকেল চালক প্রাণ হারিয়েছেন। রবিবার (২২ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটে উপজেলার তেতুলিয়া এলাকায় ফুলবাড়ী-মিঠাপুকুর আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

ফুলবাড়ী থানার ওসি শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় গ্রামের মো. ইসাহাক আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, মাইদুল ইসলাম লালমনিরহাট থেকে মোটরসাইকেল নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ফুলবাড়ী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।

এ সময় মিঠাপুকুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ফলে ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুনবাজারে গ্যাস বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু, সাভারে দগ্ধ পোশাককর্মী দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


নতুনবাজারে গ্যাস বিস্ফোরণে মামা-ভাগনির মৃত্যু, সাভারে দগ্ধ পোশাককর্মী দম্পতি

রাজধানীর ভাটারার নতুনবাজারে গ্যাসলাইনের লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ হয়ে মামা ও ভাগনি ছয় ঘণ্টার ব্যবধানে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে আট বছরের হাফছার মৃত্যুর পর শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টার দিকে ২৪ বছর বয়সী শাহিন মারা যান। একই ঘটনায় শাহিনের স্ত্রী ফাহিমা আক্তার ৪৫ শতাংশ দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুনবাজারের ১০০ ফিট এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার বাসায় বিস্ফোরণটি ঘটে। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মতে, হঠাৎ করে বিকট শব্দে বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে যায়। বিস্ফোরণের ফলে ঘরের একটি দেয়ালও ধসে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, শাহিনের শরীরের ৫০ শতাংশ এবং হাফছার ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল। ফাহিমার শরীরও ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে একই রাতে সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় গ্যাস জমে আগুনে দগ্ধ হয়েছেন পোশাককর্মী দম্পতি কায়সার ও রুবি বেগম। স্বজনদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১২টার দিকে মশার কয়েল জ্বালাতে দিয়াশলাই ধরানোর পর ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়।

প্রতিবেশীরা দরজা ভেঙে তাদের উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। চিকিৎসক শাওন বিন রহমান বলেন, কায়সারের শরীরের ১০০ শতাংশ এবং রুবির ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। অতিরিক্ত দগ্ধ হওয়ায় দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

এক রাতের ব্যবধানে রাজধানী ও সাভারের এই দুটি ঘটনায় গ্যাস লিকেজের ঝুঁকি আবারও সামনে এসেছে। সামান্য লিকেজ থেকে জমে থাকা গ্যাস মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের কারণ হতে পারে। নতুনবাজারের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, আর শাহিনের স্ত্রী ও সাভারের দম্পতি এখনও জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


৫ আগস্ট খুলছে জুলাই স্মৃতি জাদুঘর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ করার উদ্দেশ্যে রাজধানীর গণভবনকে নতুনভাবে সাজিয়ে তৈরি করা ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরটির উদ্বোধন করবেন।

গণভবন একসময় ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল, তবে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে সেখানে সাধারণ মানুষের প্রবেশ ঘটে। ওই দিনের স্মৃতি, আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার ও প্ল্যাকার্ডসহ বিভিন্ন নিদর্শন সংরক্ষণ করার জন্য গণভবনকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।

যদিও কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি, এবার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, “আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরটি উদ্বোধন করা হবে। এ বিষয়ে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।”

তিনি আরও জানান, ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে। এই উপলক্ষে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সরকারের উদ্যোগ অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্মৃতি ও নিদর্শন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই জাদুঘর প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য। সেই সময়ের আন্দোলনের নানা দলিল ও স্মারক বর্তমানে গণভবনের এই নতুন জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ জনসাধারণের জন্য খুলে দেওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষ শিক্ষকের অভাবে তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


দক্ষ শিক্ষকের অভাবে তৈরি হচ্ছে অদক্ষ চিকিৎসক

দেশে দক্ষ শিক্ষকের অভাবে অদক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে। এই চিকিৎসকরা যথাযথ হাতে-কলমে শিক্ষা পাচ্ছে না। কিন্তু তারা ডাক্তারি পড়ার পর ডিগ্রি নিয়ে বের হচ্ছে। দেশের অনেক মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের এমন পরিস্থিতি দেখা যাচ্ছে। এর ফলে কর্মজীবনে তারা মানুষের জন্য যথাযথ চিকিৎসা সেবা দিতে পারছে না। কারণ তারা অনেক কিছু শেখেনি। মূলত মেডিকেল কলেজগুলোতে দক্ষ শিক্ষকের অভাবের কারণেই দক্ষ চিকিৎসক তৈরি হচ্ছে না। আবার দক্ষ চিকিৎসক না হলে ভবিষ্যতে দক্ষ শিক্ষকও তৈরি হবে না। এর ফলে সাধারণ মানুষের চিকিৎসাসেবার ওপর সরাসরি প্রভাব পড়বে। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন মেডিক্যাল কলেজের সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, দেশের ৩৭টি মেডিক্যাল কলেজে মাত্র একজন ফরেনসিক অধ্যাপক রয়েছেন। এছাড়া এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত অধ্যাপক, সহযোগী ও সহকারী অধ্যাপকও নেই। পাশাপাশি অবকাঠামোসহ নানা সংকটে দেশের পুরনো মেডিকেল কলেজগুলো কার্যক্রম চালাতে পারছে না। তবে সেখানে নতুন করে ৬টি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদনের পরিকল্পনা চলছে। বর্তমানে সুনামগঞ্জ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের নিজস্ব কোনো শিক্ষণ হাসপাতাল নেই। বরং ক্লিনিক্যাল ক্লাস করার জন্য সপ্তাহে দুদিন সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। অর্থাৎ হাতে-কলমে চিকিৎসাশিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ধার করা অবকাঠামোয় চলছে। ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিকবার আন্দোলন করলেও সমস্যার সমাধান হয়নি। অথচ এক বছরের মধ্যে হাসপাতাল চালুর আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। তাছাড়া নেত্রকোনা, নওগাঁ, নীলফামারী, মাগুরা, হবিগঞ্জ, চাঁদপুর ও রাঙামাটিতে প্রতিষ্ঠিত ৭টি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কয়েক বছর পরও নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতাল পায়নি। কক্সবাজার, পাবনা, যশোরসহ আরো কয়েকটি কলেজও হাসপাতাল সংকটে রয়েছে। অনেক কলেজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা পুরনো ভবনে কার্যক্রম চালাচ্ছে।

সূত্র জানাচ্ছে, শিক্ষক সংকটের কারণে দেশে প্রকৃত চিকিৎসা শিক্ষা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে শূন্যপ্রায় অর্ধেক শিক্ষক পদ রয়েছে। মৌলিক চিকিৎসাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সংকট আরো ভয়াবহ। ফরেনসিক মেডিসিনে দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজের জন্য অধ্যাপক আছেন মাত্র একজন। বাংলাদেশের চিকিৎসকদের জন্য স্বীকৃত ও বাধ্যতামূলক কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন ব্যবস্থা নেই। ফলে অনেক চিকিৎসককে নতুন ওষুধ বা চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওপর নির্ভর করতে হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। ফরেনসিক মেডিসিন দুর্বল হয়ে পড়লে শুধু চিকিৎসা শিক্ষা নয়, বিচারব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হবে। কারণ ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার মান কমে গেলে মানুষ সঠিক বিচার থেকে বঞ্চিত হতে পারে। বর্তমানে বাংলাদেশের শিক্ষানবিশ চিকিৎসকদের জরুরি চিকিৎসা দক্ষতা গড় মানেরও নিচে।

সূত্র আরো জানাচ্ছে, দেশে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে মৌলিক ও ক্লিনিক্যাল বিষয়ে অনুমোদিত শিক্ষকের পদ ৭,৩৬টি। এর মধ্যে তিন হাজার ৫২টি পদ শূন্য রয়েছে। অর্থাৎ মোট পদের প্রায় ৪৩ শতাংশই খালি। মৌলিক বিষয়ে ২৫ শতাংশ এবং ক্লিনিক্যাল বিষয়ে ৪৮ শতাংশ শিক্ষক পদ শূন্য রয়েছে। ফরেনসিক মেডিসিন বিভাগে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছে। কারণ দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ফরেনসিক মেডিসিনে অধ্যাপক রয়েছেন মাত্র একজন, যিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে কর্মরত। মৌলিক বিষয়গুলোর মধ্যে অধ্যাপক পদের ৭২.৭২ শতাংশ, সহযোগী অধ্যাপক পদের ৫১.৬৯ শতাংশ এবং সহকারী অধ্যাপক পদের ২৯ শতাংশ পদ শূন্য রয়েছে। মেডিক্যাল শিক্ষার আটটি মৌলিক বিষয় হলো অঙ্গব্যবচ্ছেদবিদ্যা, শারীরবৃত্ত, প্রাণরসায়ন, কমিউনিটি মেডিসিন, ওষুধবিজ্ঞান, চিকিৎসা আইন (ফরেনসিক), রোগবিদ্যা ও অণুজীববিজ্ঞান।

এদিকে শিক্ষক ও অবকাঠামো সংকটের মধ্যেও সরকার ঠাকুরগাঁও ও নরসিংদীতে দুটি নতুন সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন দিয়েছে। ফলে দেশে সরকারি মেডিক্যাল কলেজের সংখ্যা ৩৯টিতে দাঁড়িয়েছে। তাছাড়া শেরপুর, লক্ষ্ণীপুর, নাটোর, ভোলা, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়াসহ আরো কয়েকটি জেলায় মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব মূল্যায়নাধীন রয়েছে। জয়পুরহাট ছাড়া বাকি সব প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়ে। বিগত ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে আওয়ামী লীগ সরকার ২০টি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা করেছিল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আরো এক হাজার ৩০টি আসন বাড়ানো হয়েছিল। তবে প্রয়োজনীয় শিক্ষক, অবকাঠামো ও ল্যাব সুবিধা ছাড়াই আসন বৃদ্ধির সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর ২০২৪ সালের নভেম্বরে ১৪টি সরকারি মেডিক্যাল কলেজে ৩৫৫টি আসন কমিয়ে দেয়। যুক্তি ছিল, শিক্ষার মান বজায় রাখতে শিক্ষার্থীসংখ্যা যৌক্তিক পর্যায়ে আনতে হবে। বর্তমানে দেশে ৩৮টি সরকারি ও ৭২টি বেসরকারি মেডিক্যাল কলেজ রয়েছে। সব মিলিয়ে প্রতি বছর প্রায় ১১ হাজার শিক্ষার্থী ওসব প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পান।

অন্যদিকে এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মানবসম্পদ বিভাগের পরিচালক ডা. মো. মাছুদুর রহমান জানান, চিকিৎসকদের মধ্যে একাডেমিক পেশার প্রতি আগ্রহ কমে গেছে। বেশির ভাগই ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেতে চান। আগামী ২০৪০ সাল পর্যন্ত কোন বিষয়ে কত চিকিৎসক প্রয়োজন হবে সে বিষয়ে প্রজেকশন তৈরির কাজ শুরু হয়েছে। তাছাড়া সাত হাজার চিকিৎসককে সুপারনিউমারি পদোন্নতি দেয়া হলেও অনেককে প্রয়োজনীয় স্থানে পদায়ন করা যাচ্ছে না। কারণ অনেকেই ঢাকার বাইরে যেতে অনাগ্রহী। অনেক মেডিক্যাল কলেজে আধুনিক সিমুলেশন টেবিল, উন্নত মাইক্রোস্কোপ, পোস্টমর্টেম সুবিধা কিংবা পর্যাপ্ত মৃতদেহের মতো মৌলিক শিক্ষাসামগ্রীরও ঘাটতি রয়েছে। ফলে হাতে-কলমে শিক্ষার সুযোগ সীমিত হয়ে পড়ছে।

সার্বিক বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন জানান, সরকার চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। বর্তমানে ১৯টি ছাত্রাবাস নির্মাণ প্রকল্প চলমান রয়েছে। পুরনো মেডিক্যাল কলেজগুলোর অবকাঠামো সংস্কার এবং নতুন কলেজগুলোর নিজস্ব ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষক সংকট দূর করতে পদোন্নতি, পদায়ন ও প্রণোদনা কার্যক্রম চালু করা হচ্ছে। পাশাপাশি জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে। যদিও বাংলাদেশের মেডিক্যাল শিক্ষা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। তবে সরকার পরিবর্তনের জন্য কাজ করছে। আশা করা যায় খুব শিগগিরই দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%