ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন


ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন

ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : অর্থ বিভাগ ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য মোট ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন প্রদান করেছে, যা ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন। মোট ব্যয় হবে ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা।

মঙ্গলবার অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র জারি করা হয়েছে। উপসচিব র. হ. ম. আলাওল কবিরের স্বাক্ষরিত চিঠিটি ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, মাঠপর্যায়ের ইউনিয়ন ও পৌর ভূমি অফিসের জন্য ৫৭৮টি মোটরসাইকেল কেনার অনুমোদন চাওয়া হয়েছিল। ভূমি ব্যবস্থাপনা, সরেজমিন পরিদর্শন, ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি এবং জমাভাগ সংক্রান্ত কার্যক্রম তদারকির জন্য মোটরসাইকেল প্রয়োজন।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

এতে আরও উল্লেখ করা হয়েছে, জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর ভূমিসেবা পৌঁছানোর জন্য মোটরসাইকেল একটি অত্যাবশ্যকীয় পরিবহন মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় অবস্থিত ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মাঠপর্যায়ে দায়িত্ব পালন, সেবাপ্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরেজমিনে নিষ্পত্তি এবং ভূমিসেবা কার্যক্রম গতিশীল রাখতে মোটরসাইকেলের প্রয়োজনীয়তা রয়েছে।

অর্থ বিভাগের সম্মতিপত্র অনুযায়ী, প্রতিটি মোটরসাইকেলের নির্ধারিত মূল্য ১ লাখ ৯৩ হাজার টাকা। এই হিসাবে ৫৭৮টি মোটরসাইকেল কেনার মোট ব্যয় ১১ কোটি ১৫ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগ কয়েকটি শর্ত প্রদান করেছে। শর্ত অনুযায়ী, মোটরসাইকেল কেনার ক্ষেত্রে পাবলিক প্রকিউরমেন্ট আইন-২০০৬ ও পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫ অনুসরণ করতে হবে।

২০২৬-২৭ অর্থবছরে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট খাতে বরাদ্দ করা অর্থ থেকেই এ ব্যয় নির্বাহ করতে হবে। এ জন্য অতিরিক্ত কোনো বরাদ্দ প্রদান করা হবে না। এছাড়া ক্রয়সংক্রান্ত সব বিধি ও আনুষ্ঠানিকতা যথাযথভাবে পালন করতে হবে।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

ভূমি মন্ত্রণালয়ের ২৬ অক্টোবর ২০২৬ তারিখের এক স্মারকের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ এ সম্মতি দিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামিন্সের খাজার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, অশ্বিনের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


কামিন্সের খাজার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, অশ্বিনের মন্তব্য

২০১৮ সালের বহুল সমালোচিত ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে উসমান খাজার সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ব্যক্তিগতভাবে সাবেক ওপেনারকে আক্রমণ করেছেন বলে মনে করেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের সাবেক এই স্পিনারের মতে, কামিন্স খাজার বক্তব্যের বিরোধিতা না করে তার ব্যক্তিত্ব ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

জিওহটস্টারের ‘স্যান্ডপেপারগেট: দ্য আনসেটলড ডিবেট’ অনুষ্ঠানে কামিন্সের প্রতিক্রিয়ার সমালোচনা করেন অশ্বিন। তিনি মন্তব্য করেন, ‘প্যাট কামিন্সের সংবাদ সম্মেলনে যা হয়েছে, তা হলো তিনি উসমান খাজার বক্তব্যকে ভুল প্রমাণ করেননি, বরং মানুষ হিসেবেই তাকে অবিশ্বাসযোগ্য করে তুলেছেন। আমার কাছে সমস্যাটা এখানেই। কারও তথ্য বা বক্তব্য খণ্ডন করতে না পারলে আপনি সেই ব্যক্তিকেই প্রশ্নবিদ্ধ করেন।’

অশ্বিন খাজার সঙ্গে ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে তার চরিত্রের পক্ষেও কথা বলেছেন। কামিন্সের এমন প্রতিক্রিয়া দেখানো নিয়ে তিনি জানান, তা তিনি ভাবেননি। অশ্বিন বলেন, ‘আমি উসমান খাজাকে চিনি। তার সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। ব্যক্তিগতভাবে খুব ঘনিষ্ঠ না হলেও তিনি অত্যন্ত সৎ, নীতিবান ও স্পষ্টভাষী একজন মানুষ। সত্যি বলতে, ওই ঘটনায় প্যাট যে খাজাকেই ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য করে তুলবে, তা আমি কখনোই ভাবিনি।’

খাজার সদ্যপ্রকাশিত আত্মজীবনী ‘সবর’-এ ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে কিছু বিস্ফোরক তথ্য প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হালদা নদীতে জীববৈচিত্র্য সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


হালদা নদীতে জীববৈচিত্র্য সংকটে মাছের প্রাকৃতিক প্রজনন

চট্টগ্রাম, ১৭ নভেম্বর ২০২৬ : দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক প্রজননক্ষেত্র হালদা নদী তার মৎস্যসম্পদ, খাদ্যশৃঙ্খল এবং প্রজনন সক্ষমতা ক্রমাগত হারাচ্ছে। নদীটির পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হওয়ায় অনেক মাছের প্রজাতি ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। পাশাপাশি, বিষ প্রয়োগ করে মাছ শিকার, বিভিন্ন ধরনের দূষণ এবং মানবসৃষ্ট কর্মকাণ্ড নদীটির অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে।

শিল্পকারখানার রাসায়নিক বর্জ্য এবং হাটবাজার ও পৌর এলাকার ময়লা-আবর্জনা নদীর দূষণের অন্যতম কারণ। অবৈধ বালু উত্তোলন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং নদীর উজানে লবণাক্ততার বিস্তারও পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

চট্টগ্রামের হালদা নদীর পরিবেশ একাধিক মানবসৃষ্ট ও প্রাকৃতিক চাপের কারণে বিপর্যস্ত হয়ে পড়ছে। দক্ষিণ এশিয়ার রুইজাতীয় মাছের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক প্রজননক্ষেত্রটির অস্তিত্ব এবং জীববৈচিত্র্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি গবেষণায় নদীটির উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

গবেষকরা জানিয়েছেন, হালদা নদীতে একসময় ৭৬টি মাছের প্রজাতি দেখা যেত, কিন্তু বর্তমানে ২৬টি প্রজাতি নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্রে আর পাওয়া যাচ্ছে না। মৎস্য অধিদপ্তর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির ২০০৯ থেকে ২০১৬ সালের গবেষণায় দেখা গেছে, পাঁচটি প্রজাতি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। এদের মধ্যে রয়েছে- চিতল, বাণী ককসা, ঘর পইয়া, গুইজ্জা আইড় এবং মেনি (ভেদা)।

এছাড়া, গণি চাপিলা, ইলিশা, তেলিপাসা, কটি, ঢেলা, চেপচেলা, বোয়ালি পাবদা, টেংরা, শিলং, ঘাউরা, বাতাসি, গাজরা, কইতর পোয়া, বাইলা, নোনা বাইলা, চিরিং এবং চেওয়াসহ আরও বেশ কয়েকটি প্রজাতি বর্তমানে নদীটির প্রাকৃতিক প্রজননক্ষেত্রে পাওয়া যাচ্ছে না। একই গবেষণায় মাছের আবাসস্থল ধ্বংসের কারণে ডিম উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে।

এদিকে, হালদায় অবৈধভাবে মাছ শিকারের একটি ভয়াবহ পদ্ধতির সন্ধান পাওয়া গেছে। গত সাত থেকে আট মাসে হাটহাজারী ও রাউজান এলাকায় ২ থেকে ২০ কেজি ওজনের সাতটি বড় মা মাছ মৃত অবস্থায় পাওয়া গেছে। এসব মাছের মধ্যে কাতলা, মৃগেল এবং আইড় রয়েছে।

মৃত মাছগুলোর শরীরে বড়শি বা ধারালো বস্তুর আঘাতের চিহ্ন পাওয়া গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা গবেষক ড. মো. মঞ্জুরুল কিবরিয়ার গবেষণায় সেগুলোর শরীরে বিষাক্ত রাসায়নিকের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, মাছ শিকারে ‘নাইট্রো’ নামের একটি কীটনাশক ব্যবহার করা হচ্ছে, যাতে ক্লোরপাইরিফস এবং সাইপারমেথ্রিন রয়েছে। কীটনাশকটি সাধারণত ধান ও সবজির ক্ষেতে ব্যবহার করা হয় এবং এটি স্থানীয় ফার্মেসি ও মুদি দোকানে সহজেই পাওয়া যায়।

হালদার সঙ্গে সংযুক্ত ১৭টি শাখা খালের মধ্যে ধুরং, সর্তা, কাগতিয়া, সোনাই এবং মাদারী খালসহ বিভিন্ন স্থানে গভীর রাতে জোয়ার ও ভাটার মধ্যবর্তী সময়ে পানির প্রবাহ স্থির থাকলে এ বিষ প্রয়োগ করা হয়। এতে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং কয়েক মিনিটের মধ্যে মাছ ও চিংড়ি পানির ওপর ভেসে ওঠে। পরে দুর্বৃত্তরা সহজেই সেগুলো ধরে নিয়ে যায়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) মৎস্য অনুষদের সাবেক ডিন ড. শেখ আহমদ আল নাহিদ বলেন, প্রয়োগ করা বিষ শেষ পর্যন্ত মূল নদীতে গিয়ে মেশে।

হালদা গবেষক অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া সতর্ক করে বলেন, এভাবে বিষ প্রয়োগ অব্যাহত থাকলে নদীর কিছু অংশে জলজ প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনও অবশিষ্ট থাকবে না। তিনি আরও বলেন, সুন্দরবনের খালগুলোতেও কীটনাশক প্রয়োগ করে মাছ শিকারের ঘটনা দেখা গেছে। মৎস্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এ ধরনের কর্মকাণ্ড চলছে। মৃত মা মাছগুলো সমস্যার দৃশ্যমান অংশ মাত্র। খাদ্যশৃঙ্খলের ভিত্তি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জুপ্ল্যাঙ্কটন ধ্বংসের বিষয়টি অনেক সময় নজরেও আসে না। খাদ্যশৃঙ্খলের গোড়ায় আঘাত এলে পুরো প্রতিবেশব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে সতর্ক করেন অধ্যাপক কিবরিয়া।

তিনি বলেন, বিষ প্রয়োগ হালদা নদীর জন্য নতুন হুমকি হলেও এটিই একমাত্র সমস্যা নয়। শিল্পবর্জ্য এবং কঠিন বর্জ্য নিক্ষেপ, পানির লবণাক্ততা বৃদ্ধি, বালু উত্তোলন এবং নদীর তীরে অপরিকল্পিত স্লুইসগেট ও বাঁধ নির্মাণও মাছের প্রজাতি হারিয়ে যাওয়ার জন্য দায়ী।

অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, অপরিকল্পিত স্লুইসগেট এবং বাঁধ নির্মাণ মাছের প্রজাতি কমে যাওয়ার অন্যতম প্রধান কারণ। এসব বাঁধ নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত করে এবং মাছের খাদ্যের অন্যতম উৎস (বেন্থোস) সহ তলদেশে বসবাসকারী জলজ প্রাণীর আবাসস্থল ধ্বংস করে। ফলে নদীর স্বাভাবিক খাদ্যশৃঙ্খল এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, হালদা নদীর সাত্তারঘাট থেকে মদুনাঘাট পর্যন্ত মা মাছের বিচরণক্ষেত্রে খাদ্যের তীব্র সংকট রয়েছে। অথচ মা মাছের পরিপক্কতা এবং প্রজননের জন্য নির্মল পানি এবং পর্যাপ্ত খাদ্য প্রয়োজন।

গত ২৭ অক্টোবর সরেজমিন পরিদর্শনে মোহরার ট্যানারি এলাকা এবং বিভিন্ন শিল্পাঞ্চল থেকে নির্গত কালচে ও বিষাক্ত পানি কৃষ্ণখালী খাল এবং বুড়িশ্চর এলাকা দিয়ে হালদা নদীতে প্রবাহিত হতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দূষণের কারণে ওই এলাকার অনেক জমিতে বছরের পর বছর চাষাবাদ হচ্ছে না। এমনকি দূষিত পানির প্রবাহের আশপাশে কোনো পোকামাকড়ও দেখা যায় না।

অধ্যাপক ড. কিবরিয়া আরও বলেন, চট্টগ্রামের অন্তত ১৯টি খালের মাধ্যমে গৃহস্থালি বর্জ্য, ডাইং কারখানার তরল বর্জ্য এবং বিভিন্ন রাসায়নিক পদার্থ এখনো সরাসরি হালদা নদীতে গিয়ে পড়ছে।

হালদা পাড়ের জেলে কামাল উদ্দিন বাসসকে জানান, তার পরিবার বংশপরম্পরায় হালদা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। তিনি বলেন, গত ১০ বছরে আমরা নদী থেকে অনেক প্রজাতির মাছ হারিয়ে যেতে দেখেছি। বর্তমানে পর্যাপ্ত মাছের ডিমও পাওয়া যায় না।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিষ প্রয়োগ করে মাছ শিকারিরা প্রায়ই ১০ থেকে ২০ মিনিটের মধ্যে তাদের কাজ শেষ করে সটকে পড়ে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বাসসকে বলেন, হালদা নদী রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ জাল জব্দ, জরিমানা আদায় এবং জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শওকত বাসসকে বলেন, প্রাকৃতিক ঐতিহ্য হিসেবে হালদা নদী এবং মা মাছের প্রজনন পরিবেশ সুরক্ষায় মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বিশেষ করে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত প্রজনন মৌসুমে রাউজান এবং হাটহাজারী এলাকায় নজরদারি জোরদার করা হয়।

অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বাসসকে বলেন, গবেষকরা বিভিন্ন সময়ে দূষণের উৎস এবং গতিপথ চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ জমা দিয়েছেন। তবে এসব সুপারিশের অধিকাংশই কার্যকর করা হয়নি।

তিনি জানান, সরকার হালদা নদীকে ‘ফিশারিজ হেরিটেজ এরিয়া’ বা মৎস্য ঐতিহ্য এলাকা ঘোষণা করে ১৭টি বিধিনিষেধ আরোপ করেছে। এসব বিধিনিষেধের মধ্যে রয়েছে- মাছ ধরা, বালু উত্তোলন, ভারী ইঞ্জিনচালিত নৌযান চলাচল, শিল্পবর্জ্য নিঃসরণ, নদীর আবাসস্থল ধ্বংস, নদীর তীরে তামাক চাষ এবং আশপাশের কৃষিজমিতে ক্ষতিকর কীটনাশক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা।

অধ্যাপক কিবরিয়া বলেন, হালদাকে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র এবং গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল হিসেবে স্বীকৃতি দিয়ে সরকার যে আইনি পদক্ষেপ নিয়েছে, তা নদী রক্ষায় অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর হওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রজনন মৌসুমে (ফেব্রুয়ারি থেকে জুলাই) হালদার সঙ্গে সংযুক্ত ১৭টি খালে মাছ ধরা নিষিদ্ধ করা, নদী এবং এর সংযুক্ত খালগুলোতে নতুন করে রাবার ড্যাম বা কংক্রিটের বাঁধ নির্মাণে নিষেধাজ্ঞা এবং প্রজননের আগে মা মাছের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে পানির অবাধ প্রবাহ বজায় রাখার নির্দেশনাও রয়েছে।

নদী রক্ষায় প্রথমে দূষণ বন্ধ এবং পরে অবৈধ বালু উত্তোলন, মা মাছ চুরি, উজানে রাবার ড্যাম নির্মাণ, তামাক চাষ এবং ইঞ্জিনচালিত নৌযান চলাচলের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান অধ্যাপক ড. মনঞ্জুরুল কিবরিয়া।

তিনি বলেন, স্থানীয় জনগণই হালদা নদীর সম্পদের প্রধান সুবিধাভোগী। তাই নদী রক্ষায় তাদেরই নেতৃত্ব দিতে হবে। তার সুনির্দিষ্ট সুপারিশের মধ্যে রয়েছে- হালদা এবং এর সংযুক্ত খালগুলোর তীরবর্তী গার্মেন্টস এবং শিল্পকারখানায় কঠোর নজরদারি এবং বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা; কর্ণফুলী নদীতে প্লাস্টিক বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ এবং নগরীর বর্জ্যপানি হালদায় প্রবেশ করা প্রধান খালগুলোতে বর্জ্য আটকে রাখার ব্যবস্থা স্থাপন।

অধ্যাপক কিবরিয়া বলেন, কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হালদা একসময় মাছশুন্য নদীতে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।

তিনি আরও বলেন, হালদা নদীর জন্য হুমকি সৃষ্টিকারী সমস্যাগুলো, বিশেষ করে দখল এবং দূষণ মোকাবিলায় পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সরকারি দপ্তর, সংস্থা এবং প্রশাসনিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঢাবি শিক্ষকদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা মেনে নেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা মেনে নেওয়া হবে না

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষকদের একটি অংশ। শিক্ষকরা জানান, ক্যাম্পাসে যেকোনো ধরনের অগণতান্ত্রিক ও সহিংস তৎপরতা প্রতিহত করা হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে অপরাজেয় বাংলার পাদদেশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষকরা উল্লেখ করেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি এবং দেশ থেকে ২৮ লাখ কোটি টাকা পাচারের মতো ঘটনার পর নতুন করে ককটেল হামলা ও বাসে আগুন দেওয়ার অপচেষ্টা চলছে। তারা হুঁশিয়ারি দেন যে, ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এ সময় বক্তারা জানান, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ইতোমধ্যেই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কয়েকজনকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

গণতান্ত্রিক মূল্যবোধ এবং পরমতসহিষ্ণুতা চর্চার মাধ্যমে একটি নিরাপদ ক্যাম্পাস গড়ার আহ্বান জানান তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অডিও ফাঁস, সাবেক মন্ত্রী মোজাম্মেলের নির্দেশে প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


অডিও ফাঁস, সাবেক মন্ত্রী মোজাম্মেলের নির্দেশে প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ

দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নির্দেশনার অডিও ফাঁস হয়েছে । গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাত ১১টা ২৩ মিনিটে প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে ওই নির্দেশনার অডিও প্রকাশ করেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, ১৫ নভেম্বর অনুষ্ঠিত একটি ভার্চুয়াল বৈঠকে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন এবং ইব্রাহিম হোসেন মুন তাদের নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন, যা দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে। তিনি জানান, বৈঠকের অডিও রেকর্ড তার কাছে এসেছে এবং সেটি এখানে সংযুক্ত করা হয়েছে। রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, ১৯ নভেম্বর দলের ঘোষিত ‘লকডাউন’ সফল করার জন্য প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দিতে হবে। এ সময় বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর শারীরিক নির্যাতন, এমনকি প্রয়োজনে হত্যার নির্দেশও তিনি দেন। ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে গালাগাল করতে শোনা যায়।

জুলকারনাইন সায়ের তার পোস্টে বলেন, ‘ভারতে আশ্রয় নেওয়া পলাতক আওয়ামী লীগ নেতারা সে দেশের মাটিতে বসে বাংলাদেশে অগ্নিসংযোগ ও হত্যার নির্দেশ দিচ্ছেন—বাংলাদেশ সরকারের উচিত বিষয়টি অবিলম্বে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের কাছে তোলা এবং জানতে চাওয়া, তাদের ভূখণ্ড থেকে প্রতিবেশী দেশের বিরুদ্ধে এমন প্রতিহিংসামূলক ধ্বংসাত্মক অপতৎপরতা চালানোর সুযোগ তারা কীভাবে দিচ্ছে।’

পোস্টে সংযুক্ত অডিওতে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, এখনো সময় শেষ হয়ে যায়নি। ১৯ তারিখে আমাদের যে কর্মসূচি লকডাউন, হরতাল। ১৯ তারিখে যদি প্রত্যেকে একটা ইউনিয়নে দুইটা তিনটা করে বাড়ি পুড়িয়ে দিতে পারে...বুঝুক আওয়ামী লীগরা পাল্টা আক্রমণ শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘দুইটা লোকেরা...বিএনপি পাইলে আর ১০ জন বইসা থাকে...দুইটা চারটা হসপিটালে পাঠান। দরকার হলে মইরা যায় যাগগা। এরকম কিছু কাণ্ড করলে ওরা ভয় পাবে।’ সাবেক মন্ত্রী বলেন, ‘কোমরে গামছা বাঁধেন। .... লাঠি আছে, চেন আছে, দা আছে নাইমা পড়েন, হরতাল সফল করেন। তারপর তো আমরা লাগাতার ৩১ তারিখ পর্যন্ত হরতাল দেবো। ওদেরকে ৩০ তারিখের মধ্যে ক্ষমতার থেকে উৎখাত করতে হবে।’

এছাড়া আরও বিভিন্ন কথা বলতে শোনা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%