ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নবগঙ্গা সেতুর ৭০% কাজ শেষ, চুক্তি বাতিল এলজিইডির


নবগঙ্গা সেতুর ৭০% কাজ শেষ, চুক্তি বাতিল এলজিইডির

নড়াইলের নবগঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে ব্যর্থ হওয়া এবং বারবার মেয়াদ বাড়িয়েও কাজ অসম্পূর্ণ রাখার কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোর ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-এর সঙ্গে চুক্তি বাতিল করেছে। এ ছাড়া ওই প্রতিষ্ঠানকে ৩৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য প্রায় ৫ কোটি টাকা প্রাক্কলনে নতুন দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার মধ্যে সরাসরি যোগাযোগের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হলো নবগঙ্গা নদী। লোহাগড়া উপজেলার পাঁচটি ইউনিয়নের লক্ষাধিক মানুষ প্রতিদিন বিভিন্ন জরুরি প্রয়োজনে জেলা সদরে যাতায়াত করতে হয়। নদী পারাপারের জন্য সুনির্দিষ্ট সেতু না থাকায় জরুরি মুমূর্ষু রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

ফেদি বাজার ঘাটে মাত্র দুটি ছোট নৌকার ওপর নির্ভর করে প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছে হাজার হাজার মানুষ। বিকল্প বা ঘুরতি পথ ব্যবহার করতে গিয়ে স্থানীয়দের অতিরিক্ত সময় ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, সময়মত চিকিৎসা না পেয়ে রোগীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এলজিইডি সূত্রে জানা গেছে, নড়াইল ও লোহাগড়ার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও জনভোগান্তি কমানোর লক্ষ্যে ফেদি বাজার এলাকায় নবগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১০ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের এই গুরুত্বপূর্ণ প্রকল্পে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে যশোরের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘আইসিএল’-কে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২৩ সালের অক্টোবরের মধ্যে সেতুর কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল।

তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি ঢিলেঢালাভাবে কাজ চালাতে থাকে। দফায় দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত করা হলেও প্রতিষ্ঠানটি মাত্র ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে সক্ষম হয়। আশ্চর্যজনকভাবে, কাজ ৩০ শতাংশ বাকি থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ইতোমধ্যে প্রায় ৭ কোটি ১০ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে।

নড়াইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরদার ইকরামুল কবীর জানান, বারবার সময় দেওয়ার পরও চুক্তি অনুযায়ী কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় আইসিএল-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে ৩৪ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, সেতুটির অসমাপ্ত ৩০ শতাংশ কাজ দ্রুত শেষ করার জন্য ৪ কোটি ৯৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে নতুন দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব দ্রুতই নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করা হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

দীর্ঘদিনের সীমাহীন দুর্ভোগ থেকে মুক্তি পেতে স্থানীয় বাসিন্দারা দ্রুত নতুন ঠিকাদার নিয়োগের দাবি জানিয়েছেন। নড়াইলবাসীর প্রত্যাশা, এবার যেন কোনো ধরনের টালবাহানা ছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করে তা সর্বসাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে : বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে : বিমানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত দেশের বিমান পরিবহন খাতের সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, প্রথম পর্যায়ে ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। তবে, ভবিষ্যতে দেশের ক্রমবর্ধমান সক্ষমতা ও নতুন প্রজন্মের মেধার বিকাশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিমানবহর ২০০টিরও বেশি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

রোববার (১১ অক্টোবর) ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিমানমন্ত্রী বলেন, “আমি চাই, বিমানবহর শুধু ৩৫টি উড়োজাহাজে সীমাবদ্ধ থাকবে না। আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, বিকশিত হচ্ছে এবং মেধার পরিচয় দিচ্ছে, সেই সক্ষমতা অনুযায়ী আমি চাই, এ দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে।”

মন্ত্রী ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনার বিষয়ে বলেন, এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সালের মধ্যে সেগুলো দেশে পৌঁছাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশের বিমানবহরে যেসব উড়োজাহাজ রয়েছে, সেগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যবস্থা সচল রাখা, যাত্রীসেবা অব্যাহত রাখা এবং ভবিষ্যতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে নতুন উড়োজাহাজের প্রয়োজন হবে। এ জন্য এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।

মন্ত্রী বলেন, ৩৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা কেবল বর্তমানের চাহিদা পূরণের বিষয় নয়, বরং এটি ভবিষ্যতে দেশের বিমান পরিবহন সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পর্যায়ক্রমে বিমানবহর সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশকে আরও সক্ষম অবস্থানে নিয়ে যাওয়াই তার লক্ষ্য।

দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, কানাডা ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও চীনের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ বাড়াতে হবে। এ জন্য বিভিন্ন দেশে ফ্লাইট পরিচালনার প্রয়োজনীয় স্লট নিশ্চিত করার বিষয়েও কাজ করতে হবে।

বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পর্যটন খাতের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আঞ্চলিক অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টিতে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।

এছাড়া বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী প্রায় ১২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে তাদের সাফল্য উদযাপন করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনসমক্ষে দুর্নীতি-অন্যায় তুলে ধরতে সাংবাদিকদের রাষ্ট্রপতির আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


জনসমক্ষে দুর্নীতি-অন্যায় তুলে ধরতে সাংবাদিকদের রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন যে, সত্য প্রকাশে তাদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে।

রোববার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরাম, ঢাকা-এর সভাপতি মানিক মুনতাসির ও সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির ৪৪ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতি মন্তব্য করেন, গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত না হলে স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়ে তোলা কঠিন হবে। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের যথাযথ কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে না পারা সমাজের জন্য দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে তিনি পেশাগত স্বার্থরক্ষায় সকল বিভাজন ভুলে গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, রাষ্ট্র ও সমাজের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীক ও দায়িত্বশীল হতে হবে এবং অনিয়ম, দুর্নীতি ও অন্যায় জনসমক্ষে তুলে ধরতে হবে। তিনি উল্লেখ করেন, অপসাংবাদিকতা, অপতথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার প্রতিরোধে মূলধারার গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

ঢাকায় কর্মরত ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ের প্রতি তার ভালোবাসা ও মমত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, "আমি যে শিকড় থেকে এসেছি, যে শিকড় থেকে আমার বেড়ে ওঠা, সেই শিকড়কে আমি ধরে রাখতে চাই।" ঠাকুরগাঁওকে সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি এ লক্ষ্য অর্জনে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বিভিন্ন জাতীয় গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে দায়িত্ব পালনের জন্য ফোরামের সদস্যদের অভিনন্দন জানান। এ সময় তিনি দেশ ও ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে পাশে থাকার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ে সজাগ থাকা এবং জেলার সাফল্য ও অর্জনগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য তিনি সংগঠনটির সদস্যদের প্রতি আহ্বান জানান।

সাক্ষাৎকালে ঠাকুরগাঁও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারা পেশাগত বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে সরকারের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংগঠনের স্থায়ী কার্যালয় এবং গুরুতর অসুস্থ সদস্যদের জরুরি চিকিৎসার বিষয়েও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন তারা।

রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন এবং সংগঠনটির সমৃদ্ধি ও সদস্যদের সার্বিক কল্যাণ কামনা করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বিশেষ অভিযানে উদ্ধার হলো আমেরিকায় তৈরি রিভলভার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


সুনামগঞ্জে বিশেষ অভিযানে উদ্ধার হলো আমেরিকায় তৈরি রিভলভার

বাংলাদেশ পুলিশের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ সুনামগঞ্জের ছাতক উপজেলায় একটি বিদেশি রিভলভার উদ্ধার করেছে বিশেষ অভিযান পরিচালনা করে।

১০ অক্টোবর শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি দল রিভলবারটি উদ্ধার করে। পরবর্তীতে ১১ অক্টোবর রবিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

এসআরবি জানায়, ১১ অক্টোবর গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানিক দল জানতে পারে যে, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন নোয়ারাই ইউনিয়নের বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির উত্তর পাশে পাকা রাস্তার সংলগ্ন বাঁশঝাড়ের ভেতরে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছেন। এই তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসআরবি-৯-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাদের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি শপিং ব্যাগের মধ্যে মোড়ানো অবস্থায় বিদেশি রিভলবারটি উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রটিতে ফায়ারিং ট্রিগার ও ফায়ারিং পিন রয়েছে। অস্ত্রটির এক পাশে ইংরেজিতে ‘USA’ লেখা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ছাতক থানায় মামলা করা হয়েছে।

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


মিরসরাই সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ ও গরু জব্দ

ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে। বিজিবির মতে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।

রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে কঠোর নজরদারি বজায় রাখছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ থানা এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও চোরাই গরু আটক করা হয়েছে।

অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। বিজিবির এ ধরনের অভিযান দেশের সীমান্ত সুরক্ষায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%