০৮:৫৬ পি.এম
ফেনীর সীমান্তবর্তী ছাগলনাইয়া এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেড় শতাধিক বোতল ভারতীয় মদ ও অর্ধশতাধিক গরু জব্দ করেছে। বিজিবির মতে, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি।
রোববার (১১ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) নিয়মিতভাবে কঠোর নজরদারি বজায় রাখছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছাগলনাইয়া এবং জোরারগঞ্জ থানা এলাকার সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মদ ও চোরাই গরু আটক করা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
অভিযানের বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসিবুল ইসলাম জানান, জব্দ করা মাদক ও চোরাই গরু স্থানীয় কাস্টমস অফিস ও জোরারগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। বিজিবির এ ধরনের অভিযান দেশের সীমান্ত সুরক্ষায় নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন