প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হিন্দু ধর্মাবলম্বীদের আলোর উৎসব দীপাবলি, যা আনন্দ ও সৌহার্দ্যের প্রতীক হিসেবে পরিচিত, এ বছর ভারতের বিভিন্ন রাজ্যে একটি বিভীষিকাময় ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। আতশবাজির অতি ব্যবহারের কারণে, আবাসিক ও বাণিজ্যিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড এবং মর্মান্তিক সড়ক দুর্ঘটনার ফলে ভারতজুড়ে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে প্রায় ৫০০ জনেরও বেশি মানুষ গুরুতর দগ্ধ হয়ে এবং চোখের মারাত্মক আঘাত নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান ও ওড়িশা সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে একের পর এক মৃত্যুর খবর এসেছে, যা উৎসবকেন্দ্রিক অগ্নিসুরক্ষা ও প্রশাসনিক প্রস্তুতির বড় ধরনের ঘাটতি প্রকাশ করছে।
মধ্যপ্রদেশে দীপাবলির রাতে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজ্যের সেওনি, উজ্জয়িনী এবং কাটনি জেলায় পৃথক আবাসিক অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সেওনি জেলার একটি আবাসিক বাড়িতে ভয়াবহ আগুন লেগে একই পরিবারের ছয় সদস্যসহ মোট ১২ জন প্রাণ হারান। উৎসবের আনন্দের মধ্যে বাড়িটি আগুনের শিখায় ঢেকে গেলে ভেতরে আটকা পড়া বাসিন্দারা বের হওয়ার সুযোগ পাননি। অন্যদিকে, উজ্জয়িনী জেলায় একটি বাসাবাড়িতে আগুন লেগে এক বয়স্ক ব্যক্তির করুণ মৃত্যু ঘটে।
কাটনি জেলার বাড়হি শহরে সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। দীপাবলির রাতে একটি তিনতলা আবাসিক-কম-বাণিজ্যিক ভবনে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়লে এক শিশু, দুই মাস বয়সী এক নবজাতক এবং তিন শিশুসহ একই পরিবারের ছয়জন সদস্য জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। এই ঘটনার পর ফায়ার সার্ভিসের ভূমিকা নিয়ে প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে দমকল বাহিনীর চারটি ইউনিট পৌঁছালেও ঘণ্টার পর ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে। শেষ পর্যন্ত ওই ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। কাটনির কালেক্টর আশিষ তিওয়ারি নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং স্বীকার করেছেন যে, ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে থাকা সত্ত্বেও প্রশাসন এই ছয়টি মূল্যবান প্রাণ বাঁচাতে পারেনি।
মহারাষ্ট্রে পৃথক একাধিক আগুনে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। রাজ্যের ধারাশিব এলাকায় একটি মুদি দোকানের ওপর তৈরি বাসাবাড়িতে আগুন লাগলে ধোঁয়ায় দমবন্ধ হয়ে একই পরিবারের ছয়জন সদস্য মারা যান। রাজধানী মুম্বাইয়ের লোকান্ডওয়ালা এলাকাতেও অগ্নিকাণ্ডে এক ব্যক্তি প্রাণ হারান। এছাড়া মুম্বাইয়ের মালবাণী (মাল্লাড ওয়েস্ট) এলাকার একটি পটকা মজুদ রাখার গুদামে রাত ৯টা ৫৬ মিনিটে বিকট বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় একতলা দোকানটির ওপরের স্ল্যাব ধসে পড়ে এবং ভেতরে আগুন ধরে যায়। এই ঘটনায় শাহনেওয়াজ নিয়াজ খান নামের ১৬ বছরের এক কিশোর নিখোঁজ হয়। পরে রাত ১০টা ৩৬ মিনিটে মুম্বাই ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনলে দোকানটির ভেতর থেকে তার শতভাগ ঝলসানো মরদেহ উদ্ধার করা হয়। কান্দিভালির বিডিবিএ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দীপাবলি উপলক্ষে কেবল মুম্বাই শহরেই ১৪২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৩৭টি আগুনের উৎস ছিল ফায়ারক্র্যাকার বা বাজি। তবে সৌভাগ্যবশত এই ঘটনাগুলোতে আলাদা করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া পুণেতে লক্ষ্মীপূজার রাতে সাতারা রোড, মঙ্গলবার পেঠ এবং রেঞ্জ হিলসসহ একাধিক এলাকায় মোট ৯৪টি অগ্নিকাণ্ডের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
দিল্লিতে বাজির আঘাতে শিশু মৃত্যু ও হাসপাতালে ৫০০ চিকিৎসাধীন
ভারতের রাজধানী দিল্লিতে বাজির ভয়াবহতায় প্রাণ গেছে এক শিশুর এবং হাসপাতালে ভিড় জমিয়েছেন শত শত আহত মানুষ। দিল্লির নারেলা এলাকায় বাড়ির সামনে বাজি ফোটানোর সময় ১০ বছরের এক শিশু ঋষির বুকে সরাসরি একটি স্কাইরকেট (আকাশে ওঠার বাজি) এসে আঘাত করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার থেকে চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলা হয়েছে।
দীপাবলির এই উৎসবের দিনগুলোতে দিল্লি ও তার আশপাশের হাসপাতালগুলোতে বাজি ও অন্যান্য দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়ে প্রায় ৫০০ জন চিকিৎসা নিয়েছেন। এইমসের ড. রাজেন্দ্র প্রসাদ সেন্টার ফর অপথালমিক সায়েন্সে ৮ নভেম্বর এবং ৯ নভেম্বরের ভোরে প্রায় ১১০ জন চোখের আঘাত নিয়ে ভর্তি হন, যাদের বেশিরভাগই শিশু ও তরুণ। এদের মধ্যে ৭২ জনের আঘাত দৃষ্টিশক্তির জন্য আশঙ্কাজনক না হলেও ১৮ জনের চোখের কর্নিয়া ছিঁড়ে বা ফেটে যাওয়ায় জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে। আরও ২০ জন রোগীর অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমসের প্লাস্টিক ও বার্ন সার্জারি বিভাগে ৪২ জন দগ্ধ রোগী আসেন, যার মধ্যে ৩৭ জনই বাজি এবং ২ জন পটাশ বিস্ফোরণে দগ্ধ হন। এই বিভাগে ভর্তি হওয়া এক ৮ বছরের শিশুর শরীরের ৪৫ শতাংশ পুড়ে যাওয়ায় তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সাফদারজং হাসপাতালে আউটপেশেন্ট বিভাগে বাজি ও প্রদীপের আগুনে দগ্ধ ১৩৫ জন শিশু ও বয়স্ক চিকিৎসা নেন, যার মধ্যে ৩৫ জনই ছিল ১২ বছরের কম বয়সী শিশু। এছাড়া রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে ৪১ জন এবং গুরু তেগ বাহাদুর (জিটিবি) হাসপাতালে ১৭২ জন আহত রোগী চিকিৎসা গ্রহণ করেন। আকাশ হেলথকেয়ারেও ১১ জন চোখের গুরুতর আঘাতসহ ১৫ জন ভর্তি হন, যাদের চোখে বাজির বিষ্ফোরিত কণা গেঁথে গিয়েছিল।
উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ও ছাই হওয়া প্রাণ
দীপাবলি উদযাপনের মধ্যে উত্তরপ্রদেশজুড়ে এক রক্তক্ষয়ী চিত্র দেখা গেছে। রাজ্যটিতে ৯ নভেম্বর ঘটে যাওয়া ছয়টি বড় সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত এবং ৫৫ জন মারাত্মকভাবে আহত হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মুজাফফরনগর জেলার জাগাহেড়ি গ্রামের কাছে। হরিয়ানা থেকে হরিদ্বারের উদ্দেশ্যে যাওয়া একটি কার সড়ক নির্দেশক ও বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যে কারটিতে আগুন ধরে যায় এবং গাড়ির ভেতরে থাকা হরিয়ানার ছয় তরুণ জীবন্ত পুড়ে ছাই হয়ে যান। এছাড়া চিত্রকূটে একটি ট্রাক্টর-ট্রলি উল্টে গিয়ে এবং লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস দুর্ঘটনায় আরও একাধিক যাত্রীর মৃত্যু ঘটে।
উৎসবের রাতে রাজস্থানের ফালনা শহরে একটি বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ জন প্রাণ হারিয়েছেন এবং ৩ জন নিখোঁজ রয়েছেন। দোকানের ভেতর বাজি মজুত থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ব্যাপক বেগ পেতে হয়।
অন্যদিকে, ওড়িশার কটক শহরের দরগা বাজার এলাকায় একটি বাসাবাড়িতে আচমকা আগুন লেগে সাত বছরের এক নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি হায়দ্রাবাদে বাজি ফোটানোর সময় চোখে আঘাত পেয়ে অন্তত ৩২ জন (যার মধ্যে অধিকাংশই শিশু) সরোজিনী দেবী আই হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিশ্লেষকরা বলছেন, পুরো ভারতজুড়ে এক দীপাবলিকে কেন্দ্র করে ৪৩ জনেরও বেশি মানুষের করুণ মৃত্যু এবং শত শত মানুষের দগ্ধ হওয়া ও দৃষ্টিশক্তি হারানোর ঘটনাটি কেবল কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। আবাসিক এলাকায় অনিয়ন্ত্রিত বাজি সংরক্ষণ, বাজির বেপরোয়া ব্যবহার, সড়ক নিরাপত্তায় অসচেতনতা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থার দ্রুত সাড়াদানের ঘাটতি—সব মিলিয়ে আনন্দের উৎসবটি এক বিষাদময় শোকের মাতমে পরিণত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন