সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:৪১ এম
বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যা বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান, চাকরির জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের কথা জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে রোববার, ২২ নভেম্বর থেকে এবং এটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এক নজরে বসুন্ধরা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: ইনস্ট্রুমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: ইনস্ট্রুমেন্টেশন, অটোমেশন বা কন্ট্রোল সিস্টেমে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর
কর্মস্থল: চট্টগ্রাম (মীরসরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রকল্প এলাকায় একক আবাসনের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ।
আবেদনের শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জমির মালিকানা সংক্রান্ত বিরোধের একটি প্রধান কারণ হলো জরিপের খতিয়ানে ভুল তথ্যের উপস্থিতি। অনেক সময় আরএস বা বিএস খতিয়ানে প্রকৃত মালিকের নামের পরিবর্তে অন্য কারো নাম দেখা যায়। জমির দাগ নম্বর, পরিমাণ অথবা সীমানার ক্ষেত্রে ভুল থাকতে পারে। এইসব ভুল সংশোধন না করা হলে জমি বিক্রি, বন্ধক বা নামজারির সময় মালিকরা জটিলতায় পড়তে পারেন।
চূড়ান্তভাবে প্রকাশিত জরিপ রেকর্ডে যদি এ ধরনের ভুল থাকে, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করে তা সংশোধনের সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৪৫ক ধারায় এ ধরনের মামলা করার বিধান রয়েছে।
কোন ধরনের ভুল সংশোধন করা যায়?
জরিপের সময় বিভিন্ন কারণে জমির রেকর্ডে ভুল হতে পারে। যেমন—
প্রকৃত মালিকের পরিবর্তে অন্য ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হওয়া;
জমির দাগ নম্বর ভুলভাবে লেখা বা একাধিক দাগ একত্র করা;
জমির পরিমাণ ও সীমানায় ভুল থাকা;
মালিকানার তথ্য বা জমির বিবরণ সঠিকভাবে না ওঠা।
এ ধরনের ভুলের কারণে ভবিষ্যতে জমির মালিকানা নিয়ে বিরোধ সৃষ্টি হতে পারে। বিশেষ করে জমি বিক্রি, বন্ধক বা নামজারির সময় রেকর্ডের সঙ্গে দলিল ও বাস্তব দখলের তথ্যের অমিল দেখা দিলে সমস্যা বাড়ে।
কোথায় করতে হবে রেকর্ড সংশোধনের মামলা?
চূড়ান্তভাবে প্রকাশিত আরএস বা বিএস জরিপ খতিয়ানে ভুল থাকলে সংশ্লিষ্ট এলাকার ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ রয়েছে। তবে সব ধরনের খতিয়ানের ভুলের জন্য একই আদালত বা কর্তৃপক্ষের কাছে যেতে হয় না।
নামজারি খতিয়ানে ভুল থাকলে সাধারণত সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ে নির্ধারিত প্রক্রিয়ায় সংশোধনের আবেদন করতে হয়। অন্যদিকে, চূড়ান্তভাবে প্রকাশিত জরিপ রেকর্ডের ভুল সংশোধনের জন্য আইন অনুযায়ী ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করতে হয়।
মামলা করতে যেসব কাগজপত্র প্রয়োজন
জরিপ রেকর্ড সংশোধনের মামলা করার আগে জমির মালিকানা ও দখলের পক্ষে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। এর মধ্যে রয়েছে—
১. বিতর্কিত আরএস বা বিএস খতিয়ানের কপি।
২. আগের সিএস, এসএ বা অন্যান্য জরিপের খতিয়ান।
৩. জমির মালিকানা প্রমাণের ধারাবাহিক দলিলপত্র।
৪. জমির দখল প্রমাণের প্রয়োজনীয় কাগজপত্র।
৫. মৌজা ম্যাপ ও দাগসংক্রান্ত তথ্য।
৬. আগে কোনো জরিপ বা পরিমাপ করা হয়ে থাকলে তার প্রতিবেদন।
এসব নথি পর্যালোচনা করে রেকর্ডে কোথায় ভুল হয়েছে এবং সঠিক তথ্য কী হওয়া উচিত, তা নির্ধারণ করা হয়।
ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা যেভাবে চলে
প্রথম ধাপ: ভুল চিহ্নিত করা
প্রথমে সংশ্লিষ্ট খতিয়ান ও আগের রেকর্ড যাচাই করে ভুলের ধরন শনাক্ত করতে হয়। জমির প্রকৃত মালিকানা, দখল এবং দলিলের তথ্যের সঙ্গে জরিপের রেকর্ড মিলিয়ে দেখা হয়।
দ্বিতীয় ধাপ: সময়সীমা যাচাই
জরিপ রেকর্ড চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আইন নির্ধারিত সময়সীমা রয়েছে। তাই মামলা করার আগে রেকর্ডের চূড়ান্ত প্রকাশনা এবং সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী সময়সীমা যাচাই করা জরুরি।
তৃতীয় ধাপ: মামলা দায়ের
মালিকানা ও দখলের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করতে হয়। মামলায় রেকর্ডের ভুল তথ্য এবং সংশোধনের পক্ষে যুক্তি ও প্রমাণ তুলে ধরতে হয়।
চতুর্থ ধাপ: রেকর্ড সংশোধন
আদালত সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে সিদ্ধান্ত দেন। সংশোধনের পক্ষে আদেশ বা ডিক্রি হলে আইন অনুযায়ী সংশ্লিষ্ট জরিপ রেকর্ড সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়।
মামলা করতে কত দিন সময় পাওয়া যায়?
ভূমি জরিপ ট্রাইব্যুনালে মামলা করার ক্ষেত্রে সময়সীমা গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৪৫ক ধারায় এ বিষয়ে বিধান রয়েছে। সংশ্লিষ্ট জরিপের চূড়ান্ত প্রকাশনা এবং আইনের নির্ধারিত সময় গণনার নিয়ম অনুযায়ী মামলা করার শেষ সময় নির্ধারিত হয়।
তাহলে খতিয়ানে ভুল দেখার পর দীর্ঘদিন অপেক্ষা করা উচিত নয়। সময়সীমা পেরিয়ে গেলে মামলা করার সুযোগ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। জমির রেকর্ড হাতে নিয়ে আইনজীবীর মাধ্যমে দ্রুত সময়সীমা যাচাই করা উচিত।
ডিজিটাল ভূমি জরিপ চললে করণীয়
কোনো এলাকায় নতুন করে ডিজিটাল ভূমি জরিপ বা বিডিএস কার্যক্রম চললে শুরু থেকেই সতর্ক থাকা প্রয়োজন। জরিপের বিভিন্ন পর্যায়ে জমির মালিকের উচিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকা।
এ সময় সঙ্গে রাখতে পারেন—
জমির মূল বা প্রাসঙ্গিক দলিল;
আগের খতিয়ান ও পর্চা;
নামজারির কাগজপত্র;
ভূমি উন্নয়ন কর পরিশোধের রসিদ;
জমির দাগ ও মৌজা ম্যাপের তথ্য।
খসড়া রেকর্ডে ভুল দেখা গেলে নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি জানানো উচিত। জরিপের প্রাথমিক পর্যায়েই ভুল সংশোধন করা গেলে পরবর্তী সময়ে মামলা-মোকদ্দমার প্রয়োজন কমতে পারে।
খতিয়ানের ভুল অবহেলা করবেন না
জরিপ রেকর্ডে ভুল থাকলে তা নিজে থেকে সংশোধন হয়ে যায় না। অনেক সময় জমি বিক্রি বা নামজারি করতে গিয়ে মালিকেরা সমস্যাটি বুঝতে পারেন। তখন আইনি প্রক্রিয়ায় যেতে হয় এবং সময় ও অর্থ দুটোই বেশি ব্যয় হতে পারে।
তাহলে আরএস বা বিএস খতিয়ানে নিজের জমির নাম, দাগ, পরিমাণ কিংবা সীমানায় ভুল থাকলে দ্রুত কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশের তৈরি পোশাক খাতের রপ্তানি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে। এই পরিস্থিতির জন্য চারটি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে। এই কারণগুলো হলো-বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতা।
এছাড়া, দেশের পোশাক রপ্তানি প্রধানত দুটি অঞ্চলে, বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় কেন্দ্রীভূত হয়ে পড়ায়, এই চ্যালেঞ্জের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। উক্ত দুই অঞ্চলে ইতোমধ্যে পণ্য রপ্তানির চালান কমে গেছে।
রোববার প্রকাশিত তৈরি পোশাক খাত সম্পর্কিত কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রতিবেদনে এসব তথ্য উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পোশাক রপ্তানিতে আগামীতে চ্যালেঞ্জ থাকলেও স্বল্পমেয়াদে এর রপ্তানির প্রবৃদ্ধির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
তবে, সাম্প্রতিক সময়ে পোশাক খাতে মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে সৃষ্ট অস্থিরতার বিষয়ে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, প্রতিবেদনটি প্রস্তুত করার সময় মজুরি বৃদ্ধির কারণে অস্থিরতার বিষয়টি ছিল না। তাই, এই বিষয়টি প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশের পোশাক রপ্তানির বাজার প্রধানত দুটি বাজারে সবচেয়ে বেশি রপ্তানি হচ্ছে। এর মধ্যে ইউরোপ এবং উত্তর আমেরিকার বাজার রয়েছে। যদিও উক্ত দুটি বাজারে পোশাক রপ্তানি কমেছে, তবুও এর সার্বিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।
এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রতিবেদনে ভবিষ্যতে রপ্তানি করার ক্ষেত্রে বৈচিত্র্য আনার সুপারিশ করা হয়েছে। এজন্য নতুন নতুন বাজার খুঁজে বের করতে হবে। একই সঙ্গে উৎপাদিত পণ্যের মূল্য সংযোজনের হার বাড়াতে হবে। পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি করে উৎপাদন ব্যয় কমানোর জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, পোশাক খাতের রপ্তানির প্রবৃদ্ধি বজায় রাখতে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং তৈরি পোশাক শিল্পের সহনশীলতাকে শক্তিশালী করতে আলোচ্য পদক্ষেপগুলো এখন জরুরি হয়ে পড়েছে।
প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের পোশাক খাতে রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। তবে, এ শিল্পের কাঁচামাল আমদানি হ্রাস পেয়েছে। এর একটি কারণ হচ্ছে দেশেই এখন কাঁচামালের উৎপাদন বেড়েছে। তবে, পোশাক রপ্তানি থেকে কাঁচামাল আমদানি বাদ দিলে নিট আয় খুব বেশি উন্নতি হচ্ছে না। গত কয়েক বছর ধরে একই হারে রয়েছে। এক হাজার ডলার রপ্তানি আয় হলে ৪০০ ডলার কাঁচামাল আমদানি খাতে চলে যাচ্ছে। নিট রপ্তানি আয় ৬০০ ডলারের মতো রয়েছে।
চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে দেশের মোট পোশাক রপ্তানি আয় হয়েছে এক হাজার ৫৫ কোটি ডলার। এর মধ্যে এককভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ২২১ কোটি ডলার এবং কানাডাতে ৩৫ কোটি ডলার। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যে ১২৯ কোটি ডলার, জার্মানিতে ১১২ কোটি ডলার, ফ্রান্সে ৪৫ কোটি ডলার, স্পেনে ১১৪ কোটি ডলার, ইতালিতে ৩২ কোটি ডলার, নেদারল্যান্ডসে ৬০ কোটি ডলার রপ্তানি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য সমবেদনা জানিয়েছেন।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় পৌঁছান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে সমবেদনা জানান। পরিদর্শনের সময় দুই সংসদ সদস্যই এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টা নিয়ে তাদের নিন্দা প্রকাশ করেন।
শাহজাহান চৌধুরী বলেন, "দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।" তিনি আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় যাই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার জন্য তিনি আহ্বান জানান।
আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, "ফ্যাস্টিট আওয়ামী লীগ এদেশের মানুষকে মারতে মারতে পালিয়ে গেছে। আবার মানুষ হত্যা করে, জানমালের ক্ষতি করে এদেশে ফিরে আসতে চায়। সেটা কখনো সম্ভব নয়।" তিনি আশা প্রকাশ করেন যে, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।
দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পর অনেক শিক্ষার্থী দেশের পাশাপাশি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ রয়েছে। তবে বিদেশে পড়াশোনা করার পরিকল্পনা সফল করতে আগাম প্রস্তুতি, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আর্থিক পরিকল্পনা অপরিহার্য।
শুধুমাত্র ভালো ফলাফল থাকলেই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হয় না। বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও তাদের ভর্তির যোগ্যতা, ভাষাগত দক্ষতা, ভর্তি পরীক্ষা, বৃত্তি এবং ভিসার শর্ত ভিন্ন ভিন্ন। তাই এইচএসসি পরীক্ষার পর থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।
১. পাসপোর্ট তৈরি করুন
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে পাসপোর্ট তৈরি করে নেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষার্থী ভিসার আবেদনে পাসপোর্টের তথ্য প্রয়োজন হয়।
শেষ মুহূর্তে পাসপোর্ট করতে গেলে সময়ের চাপ সৃষ্টি হতে পারে। তাই আবেদনের সময়সীমা মাথায় রেখে আগেভাগে পাসপোর্ট তৈরি করে রাখা বুদ্ধিমানের কাজ।
২. ভাষাগত দক্ষতা বাড়ান
বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভাষাগত দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চাইলে বিশ্ববিদ্যালয়ভেদে আইইএলটিএস, টোয়েফল বা অন্য স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর চাওয়া হতে পারে।
কিছু বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট শর্তে ইংরেজি দক্ষতার বিকল্প প্রমাণ গ্রহণ করে। তাই আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত নির্দেশনা দেখে নেওয়া উচিত।
এছাড়া জার্মানি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া বা রাশিয়ার মতো দেশে স্থানীয় ভাষায় পড়াশোনা করতে চাইলে সংশ্লিষ্ট ভাষার দক্ষতাও প্রয়োজন হতে পারে।
তবে মনে রাখতে হবে, জিআরই ও জিম্যাট সাধারণত স্নাতকোত্তর পর্যায়ের নির্দিষ্ট প্রোগ্রামে বেশি প্রাসঙ্গিক। এইচএসসি পরীক্ষার পর স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সব শিক্ষার্থীর এসব পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।
৩. নিজের লক্ষ্য ও পছন্দের দেশ ঠিক করুন
অন্য কেউ বিদেশে পড়তে যাচ্ছে বলে একই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগে নিজের আগ্রহ, পছন্দের বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আর্থিক সামর্থ্য বিবেচনা করা প্রয়োজন।
কোন দেশে পড়তে চান, কোন বিষয়ে পড়বেন, বিশ্ববিদ্যালয়ের মান কেমন এবং পড়াশোনা শেষে কী ধরনের সুযোগ রয়েছে—এসব বিষয় আগে যাচাই করা উচিত।
এছাড়া পরিবারের সম্মতি, জীবনযাত্রার ব্যয়, আবাসন, নিরাপত্তা এবং শিক্ষার্থী ভিসার শর্তও বিবেচনায় রাখতে হবে।
৪. একাডেমিক ফলাফলে গুরুত্ব দিন
বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এইচএসসি ও এসএসসির ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে পূর্ববর্তী পড়াশোনা ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে।
বৃত্তির ক্ষেত্রেও ভালো ফলাফল বাড়তি সুবিধা দিতে পারে। তাই শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন। তবে সব বিশ্ববিদ্যালয় বা বৃত্তির জন্য নির্দিষ্ট সিজিপিএ বা ফলাফলের শর্ত এক নয়।
৫. ক্রেডিট ট্রান্সফারের সুযোগ জানুন
এইচএসসি পাসের পর দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেছেন, এমন শিক্ষার্থীরাও বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। সে ক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করা কোর্সের ক্রেডিট নতুন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সুযোগ থাকতে পারে।
তবে ক্রেডিট গ্রহণ করবে কি না, তা নির্ধারণ করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এ জন্য সাধারণত প্রয়োজন হতে পারে—
একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
কোর্সের বিস্তারিত বিবরণ ও পাঠ্যসূচি;
কোর্সের স্তর ও মেয়াদসংক্রান্ত তথ্য;
বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র বা সুপারিশ;
মূল্যায়ন ও গ্রেডিং পদ্ধতির বিবরণ;
ক্লাস, ল্যাব ও ব্যবহারিক কাজের সময়ের তথ্য;
পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রকল্পের বিবরণ।
৬. বৃত্তি নাকি নিজ খরচে পড়বেন, সিদ্ধান্ত নিন
বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা সাধারণত দুইভাবে এগিয়ে যান। কেউ সম্পূর্ণ বৃত্তি নিয়ে পড়তে চান, আবার কেউ নিজের বা পরিবারের অর্থায়নে পড়াশোনার পরিকল্পনা করেন। এর বাইরে তুলনামূলক কম খরচে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও খুঁজে থাকেন অনেকে।
এইচএসসি পাসের পর স্নাতক পর্যায়ে বিভিন্ন দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তির সুযোগ খোঁজা যেতে পারে। যেমন—
জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি;
চীনের সরকারি বৃত্তি;
হাঙ্গেরির স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম;
রাশিয়ার সরকারি বৃত্তি;
তুরস্কের টার্কিয়ে বুরসলারি;
ব্রুনেই সরকারের বৃত্তি;
রোমানিয়ার সরকারি বৃত্তি;
ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বৃত্তি।
তবে এসব বৃত্তির সবগুলোতে প্রতি বছর এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে আবেদন করার সুযোগ থাকে না। যোগ্যতা, বিষয়, আবেদনকাল ও অর্থায়নের শর্ত প্রতিবছর পরিবর্তিত হতে পারে। তাই সংশ্লিষ্ট বৃত্তির সরকারি ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য যাচাই করা উচিত।
৭. কোন কোন পরীক্ষা দিতে হবে, জেনে নিন
বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য কোন পরীক্ষা দিতে হবে, তা নির্ভর করে দেশ ও বিশ্ববিদ্যালয়ের ওপর।
যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে স্যাট বা অ্যাক্ট স্কোর চাওয়া হতে পারে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষা ঐচ্ছিক বা প্রয়োজন হয় না। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত একাডেমিক ফলাফল ও ইংরেজি দক্ষতার প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়।
কিছু বিষয়ে আলাদা ভর্তি পরীক্ষা বা বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত থাকতে পারে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশনা ভালোভাবে পড়া উচিত।
৮. একাডেমিক লেখা ও আবেদনপত্র তৈরির দক্ষতা বাড়ান
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে শুধু ফলাফল ও পরীক্ষার স্কোরই নয়, ব্যক্তিগত যোগ্যতা ও পড়াশোনার লক্ষ্য তুলে ধরাও গুরুত্বপূর্ণ।
অনেক বিশ্ববিদ্যালয় বা বৃত্তির আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), পার্সোনাল স্টেটমেন্ট, মোটিভেশন লেটার বা রাইটিং স্যাম্পল চাওয়া হয়। এসব লেখায় কেন নির্দিষ্ট বিষয়ে পড়তে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কেন বেছে নিয়েছেন—তা স্পষ্টভাবে তুলে ধরতে হয়।
তাহলে ইংরেজিতে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক লেখার অনুশীলন করা প্রয়োজন। আবেদনপত্রে নিজের প্রকৃত অভিজ্ঞতা, আগ্রহ ও অর্জন তুলে ধরুন।
৯. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন
বিদেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সাধারণত বেশ কিছু নথি প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় ও দেশের নিয়ম অনুযায়ী তালিকায় পার্থক্য থাকতে পারে। তবে আগে থেকেই যেসব কাগজপত্র প্রস্তুত রাখা ভালো—
বৈধ পাসপোর্ট;
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্র;
ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর;
ব্যক্তিগত বিবরণী বা এসওপি;
শিক্ষকের কাছ থেকে সুপারিশপত্র;
জীবনবৃত্তান্ত, যদি প্রয়োজন হয়;
আর্থিক সামর্থ্যের প্রমাণ, যদি চাওয়া হয়;
প্রয়োজন অনুযায়ী ছবি ও অন্যান্য সহায়ক নথি।
কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করলেই হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কাগজপত্রের সত্যায়িত কপি বা মূল নথি ডাকযোগে পাঠাতে হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করা উচিত।
১০. পড়াশোনার সম্ভাব্য খরচ হিসাব করুন
বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নির্ভর করে দেশ, বিশ্ববিদ্যালয়, বিষয়, শহর এবং জীবনযাত্রার ধরনের ওপর। শুধু টিউশন ফি নয়, আবাসন, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা, ভিসা ও বিমানভাড়ার খরচও হিসাব করতে হবে।
মালয়েশিয়া বা চীনের কিছু বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়ার সুযোগ থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে পড়াশোনা ও বসবাসের ব্যয় বেশি হতে পারে।
বৃত্তি পেলে টিউশন ফি, আবাসন বা জীবনযাত্রার ব্যয়ের পুরোটা কিংবা নির্দিষ্ট অংশ বহন করা হতে পারে। তবে বৃত্তি পেলেও বিমানভাড়া, ভিসা, বিমা ও প্রাথমিক খরচের জন্য অর্থের প্রয়োজন হতে পারে।
১১. সুপারিশপত্র সংগ্রহ করুন
বিদেশে উচ্চশিক্ষার আবেদনে লেটার অব রিকমেন্ডেশন বা সুপারিশপত্র গুরুত্বপূর্ণ হতে পারে। সাধারণত শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিগত গুণাবলি সম্পর্কে জানেন—এমন শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে সুপারিশপত্র নেওয়া যায়।
সুপারিশপত্রে শিক্ষার্থীর পড়াশোনার আগ্রহ, দায়িত্বশীলতা, দক্ষতা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব তথ্য থাকা জরুরি। তাই যিনি আপনাকে ভালোভাবে চেনেন, এমন ব্যক্তির কাছ থেকেই সুপারিশ নেওয়া উচিত।
১২. বৃত্তির তথ্য কোথায় পাবেন?
বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি খুঁজতে প্রথমেই পছন্দের দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিও অনুসরণ করা যেতে পারে।
বৃত্তি খোঁজার সময় কয়েকটি বিষয় যাচাই করুন—
আবেদন করার যোগ্যতা;
কোন পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ;
বৃত্তিতে কী কী খরচ অন্তর্ভুক্ত;
ভাষাগত দক্ষতার শর্ত;
প্রয়োজনীয় কাগজপত্র;
নির্বাচনের পদ্ধতি।
শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন বা অনানুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর না করে বৃত্তির মূল ওয়েবসাইট থেকে তথ্য নিশ্চিত হওয়া জরুরি।
বিদেশে উচ্চশিক্ষার সুবিধা কী?
বিদেশে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও নানা অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
আত্মনির্ভরশীলতা: পরিবার থেকে দূরে থাকায় নিজের দৈনন্দিন কাজ, সময় ব্যবস্থাপনা ও আর্থিক সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। এতে দায়িত্বশীলতা ও আত্মনির্ভরশীলতা বাড়তে পারে।
আধুনিক শিক্ষা ও গবেষণা: অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা, ব্যবহারিক শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশে পড়াশোনার সুযোগ রয়েছে।
ক্যারিয়ার গঠনের সুযোগ: আন্তর্জাতিক ডিগ্রি, গবেষণার অভিজ্ঞতা ও বহুজাতিক পরিবেশে কাজের দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হতে পারে। তবে চাকরির সুযোগ নির্ভর করে বিষয়, দক্ষতা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দেশের শ্রমবাজারের ওপর।
পার্টটাইম কাজ: কিছু দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট সময় কাজের অনুমতি দেওয়া হয়। তবে কাজের সময় ও শর্ত দেশ এবং ভিসার নিয়ম অনুযায়ী আলাদা। পার্টটাইম কাজের আয়ের ওপর নির্ভর করে সম্পূর্ণ পড়াশোনার ব্যয় মেটানোর পরিকল্পনা করা ঠিক নয়।
আন্তর্জাতিক অভিজ্ঞতা: বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন ধারণা, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।
বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগেভাগে প্রস্তুতি নেওয়া। পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় পরীক্ষা, কাগজপত্র এবং আর্থিক পরিকল্পনা— সবকিছু ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এতে এইচএসসি পাসের পর বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নের পথ অনেকটাই সহজ হতে পারে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ