ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ


আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পুলিশ বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে অগ্রসর হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষা জোরদার করার পাশাপাশি নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করেছে, ৫ হাজার ৮৩০টি যানবাহন ক্রয়ের উদ্যোগ নিয়েছে, পুরোনো পুলিশ স্থাপনা পুনর্নির্মাণের কাজ শুরু করবে এবং একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চলা জনবল সংকট, অভিযান পরিচালনার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতি মেটানোর জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত সরকারের বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন এজেন্ডার অংশ। ১৭ কোটির বেশি মানুষের নিরাপত্তার চাহিদা মেটাতে বর্তমানে পুলিশ বাহিনী হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে জনবল বৃদ্ধি, গতিশীলতা আনা, আধুনিক তদন্ত সুবিধা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

বাংলাদেশ পুলিশে রাজস্ব খাতে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব সম্প্রসারণ পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে।

সরকারি এক অগ্রগতি প্রতিবেদনে দেখা গেছে, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পুলিশ জনসংখ্যা অনুপাতের ভিত্তিতে হিসাব করা চাহিদার তুলনায় বাহিনীতে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন জনবলের ঘাটতি রয়েছে।

বর্তমানে বাংলাদেশ পুলিশের অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৯৩৮ জন পুলিশ সদস্য এবং ১০ হাজার ৮০৯ জন নন-পুলিশ কর্মচারী রয়েছেন। তুলনামূলক মূল্যায়নে দেখা গেছে, বাহিনীতে প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন জনবল প্রয়োজন।

প্রস্তাবিত নিয়োগের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ৪৫০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। এছাড়া থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও অপারেশনাল ক্যাম্পসহ মাঠপর্যায়ের ইউনিটগুলোর জন্য আরও ১ হাজার ৯৪৩টি পদের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন: পরীক্ষার ফরম পূরণে বেশি টাকা আদায়ের ঘটনায় ইউএনওর হস্তক্ষেপ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের মাধ্যমে প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বাসসকে জানিয়েছেন, জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমান জনবল যথেষ্ট নয়। মালয়েশিয়ায় ১:২৯৭ এবং থাইল্যান্ডে ১:৩১৩ পুলিশ জনসংখ্যা অনুপাতের উদাহরণ টেনে তিনি বাংলাদেশের পুলিশিং সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

জনবল বৃদ্ধির পাশাপাশি সরকার পরিবহন ও অভিযান পরিচালনার যানবাহনের তীব্র সংকট কাটাতেও পদক্ষেপ নিচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, অনুমোদিত সাংগঠনিক চাহিদা মেটাতে বাহিনীর প্রায় ২ হাজার ৫০০টি অতিরিক্ত যানবাহন প্রয়োজন। বিদ্যমান অনেক যানবাহনের বয়স ৮ থেকে ২০ বছর হওয়ায় অভিযান পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা অধিদফতরের নতুন ডিজি হলেন মো. আনোয়ারুল ইসলাম

এই ঘাটতি পূরণে সরকার প্রায় ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে।

এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।

চলতি মাসের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রস্তাবগুলো অনুমোদন দেয়।

যানবাহনের বহর বৃদ্ধি পেলে টহল জোরদার, জরুরি সাড়াদান, অপরাধ তদন্ত এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের অভিযান পরিচালনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আংশিক উদ্বোধন, চারটি ফ্লাইট দিয়ে শুরু: বিমানমন্ত্রী

অবকাঠামোগত সংস্কারের আওতায় সারা দেশের শত শত পুরনো ও জরাজীর্ণ পুলিশ স্থাপনায় নজর দেওয়া হবে।

প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের একটি প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পৃথক আরেকটি প্রস্তাবে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা এবং হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে।

এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও দাপ্তরিক কাজের পরিবেশ উন্নত করতে ব্যারাকসহ আধুনিক থানা ভবন নির্মাণের বৃহত্তর কর্মসূচিও বাস্তবায়ন করছে সরকার।

আরও পড়ুন: সংলাপে যাবার আগেই বিএনপিকে কঠিন শর্ত দিল এনসিপি

অপরাধ ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।

প্রস্তাবিত এই বিশেষায়িত ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা পেশাজীবীদের যুক্ত করা হবে। তারা অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় চুরি, ডিজিটাল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধের তদন্ত করবেন।

এই উদ্যোগের ফলে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়বে এবং ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় পুলিশের সাড়াদান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: উপকূলীয় অঞ্চলের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক: স্থানীয় সরকার মন্ত্রী

আধুনিকায়ন এজেন্ডায় প্রযুক্তিনির্ভর পুলিশিংও বিশেষ গুরুত্ব পাচ্ছে।

অভিযান পরিচালনার সমন্বয় ও দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক পুলিশ ইউনিটগুলোতে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা জোরদার করার পরিকল্পনাও করছে সরকার।

একইসঙ্গে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের মতো বিশেষায়িত ইউনিটগুলোর ক্রমবর্ধমান দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত জনবল, আধুনিক সরঞ্জাম, পেশাদার প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ নেতৃত্ব কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততার ওপরও জোর দিচ্ছে।

প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এই অপারেশনাল উদ্যোগগুলোর পাশাপাশি বদলি, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত প্রশাসনিক সংস্কারও চালানো হচ্ছে।

পুলিশের এই আধুনিকায়ন উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়টি বিভাগ ও সংস্থার বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির অংশ।

বর্তমানে সরকারের ২৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং ২০৩০-৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ১৭টি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে।

চলমান এই প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।

তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা, যা উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনাগুলো সময়মতো বাস্তবায়নের চ্যালেঞ্জকেই তুলে ধরে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানিয়েছেন, অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, পুরনো অবকাঠামোর আধুনিকায়ন, নজরদারি প্রযুক্তি চালু এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।

বিচ্ছিন্ন প্রকল্প কমানো, একই ধরনের বিনিয়োগের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশনও একটি সমন্বিত ও কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।

সামগ্রিক এই উন্নয়ন এজেন্ডা সরকারের ২০২৬-২০৩১ পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রস্তাবিত সম্প্রসারণ, যানবাহন ক্রয় এবং অবকাঠামো পুনর্নির্মাণ বাংলাদেশ পুলিশকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারলেও বিদ্যমান জনবল ঘাটতির যে বিশালতা তাতে শুধু পরিকল্পিত এই নিয়োগ দিয়ে কাক্সিক্ষত চাহিদা পূরণ হবে না।

এই সংস্কারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, পেশাদার প্রশিক্ষণ এবং নতুন সংগৃহীত সরঞ্জামের টেকসই রক্ষণাবেক্ষণের ওপর।

সরকারের বৃহত্তর লক্ষ্য হলো ২০৩০-৩১ সালের মধ্যে আরও সক্ষম, প্রযুক্তিসমৃদ্ধ, পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নাগরিকবান্ধব একটি পুলিশ বাহিনী গড়ে তোলা। যারা প্রচলিত অপরাধ, সাইবার হুমকি এবং জননিরাপত্তার নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০২ পি.এম


কুমিল্লায় বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু

কুমিল্লার বরুড়ায় একটি বেলুন গলায় আটকে যাওয়ার কারণে দুই বছরের শিশু তাবাচ্ছুমের মৃত্যু ঘটেছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার শরাপতি গ্রামে নানার বাড়ির আঙিনায় বেলুন নিয়ে খেলার সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত তাবাচ্ছুম বরুড়া পৌরসভার কশামী গ্রামের বাসিন্দা মহিউদ্দিনের কন্যা। উল্লেখ্য, দুই দিন আগে শিশুটির আকিকা অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল।

পরিবারের সূত্রে জানা যায়, বিকেল বেলায় নানার বাড়িতে বেলুন নিয়ে খেলছিল তাবাচ্ছুম। এক পর্যায়ে বেলুনটি মুখ দিয়ে গলায় আটকে যাওয়ায় তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবারের সদস্যরা বেলুনটি বের করার জন্য চেষ্টা করলেও সফল হননি। পরে তাকে দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ইসিজি পরীক্ষার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরীক্ষার পর আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা জানিয়ে দেন যে, শিশুটি মারা গেছে।

শিশুটির চাচা কাউছার আহমেদ বলেন, হাসপাতালে পৌঁছানোর পর তিনি শিশুটির হাত-পা ঠাণ্ডা দেখতে পান। পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পারেন যে, বেলুন মুখে দেওয়ার পরই শিশুটির অস্বাভাবিক আচরণ শুরু হয়। বেলুনটি বের করার চেষ্টা করেও তারা সফল হননি।

বরুড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে। বেলুনটি শ্বাসনালীতে ঢুকে যাওয়ার ফলে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে ঘন কুয়াশায় রবিশস্যের ক্ষতির শঙ্কায় কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


কিশোরগঞ্জে ঘন কুয়াশায় রবিশস্যের ক্ষতির শঙ্কায় কৃষকরা

চলতি সপ্তাহে বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশেপাশের হাওর অধ্যুষিত উপজেলা গুলোতে মাঝারি ও ঘন কুয়াশার প্রভাবে রবিশস্য চাষিরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলমান ঘন কুয়াশা ও শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ার ফলে সরিষা, আলু, টমেটোর মতো ফসলগুলোতে ছত্রাকজনিত রোগ লেট ব্লাইট, পার্পল ব্লচের আক্রমণ দেখা দিচ্ছে। বোরো ধানের চারা হলদে হয়ে যাচ্ছে বলেও জানা গেছে। কৃষকরা আশঙ্কা করছেন যে, শাক-সবজির স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে, যা ফলন কমিয়ে দেবে এবং অতিরিক্ত কীটনাশক খরচ বাড়াবে।

কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীর হাওরে মাঠজুড়ে সরিষা, আলু, মাসকলাই, ছোলা, ক্ষীরা, শিম, টমেটো, লাউ, বাঁধাকপি সহ বিভিন্ন রবি ফসলের চাষ করা হয়েছে। এসব রবিশস্যের পরিচর্যার জন্য কৃষকদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তবে গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে ফসলে রোগ-বালাইয়ের আক্রমণ বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বাজিতপুর উপজেলা কৃষিবিভাগের তথ্যমতে, উপজেলায় রবিশস্যের আবাদের লক্ষ্যমাত্রা ১৫ হাজার হেক্টর। বর্তমানে ৩৬৭৮ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। রবি মৌসুমে বাজিতপুরে ৩৭শ’ ৪৩ জন কৃষকের মধ্যে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।

দিলালপুর ইউনিয়নের শশেরদিঘী গ্রামের কৃষক সুরুজ মিয়া মন্তব্য করেন, "কুয়াশার কারণে সবজিতে ছিটপড়া পড়া(দাগ) রোগ দেখা দিয়েছে। এতে ফসলের মান নষ্ট হয়। দীর্ঘদিন কুয়াশা থাকলে ফসলে পচন ধরবে।"

উদাতিয়ারকান্দি গ্রামের কৃষক মহিবুল জানান, "কুয়াশার কারণে ফসলের ক্ষতি হয়। সরিষায় পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। আমরা নিজস্ব পদ্ধতিতে কুয়াশা রোধ করার চেষ্টা করি।"

একই ইউনিয়নের সোনাকান্দা গ্রামের কৃষক রজব আলী বলেন, "রাতে ফসলের মাঠে উষ (কুয়াশা) পড়ে। এতে বোরো ধানের চারার ক্ষতি হয়। উষ বেশি পড়লে আমরা আলু ক্ষেতে পলিথিন দিয়ে ছাউনি দেই।"

উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ও অন্যান্য ফসলের ক্ষতি হয়। তাই এ সময় শস্যক্ষেতের নিয়মিত যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। সকালে রশি টানা দিয়ে বোরো ধানের চারা থেকে কুয়াশার পানি ফেলে দিলে চারা শীত থেকে রক্ষা পায়। এছাড়া, আলু ও টমেটোর প্রতিরোধক হিসেবে ডাইথেন এম ৪৫ ছত্রাকনাশক পরিমাণ মতো পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে।

টানা ঘন ও মাঝারি কুয়াশায় সূর্যের দেখা না মেলায় বীজতলা, সবজিসহ বিভিন্ন রবি ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় কৃষকদের দিন কাটছে দুঃশ্চিন্তা ও হতাশায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে এখন রবি শস্যের চাষ হচ্ছে। সরিষা, আলু থেকে শুরু করে ডজনখানেক রবি ফসল চাষে কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন। অনেক ফসল ঘরে তোলার সময়ও হয়ে গেছে। কিন্তু সপ্তাহখানেক ধরে নিয়মিত মাঝারি ও ঘন কুয়াশায় অনেক ফসলের রোগ বালাইসহ নানা সমস্যা দেখা দিয়েছে। ঘন কুয়াশায় আলু গাছের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। এছাড়া, ধানের চারা হলদে হয়ে যেতে পারে এবং সরিষাসহ অন্যান্য ফল ফসলে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ বেড়ে যেতে পারে।

বাহেরনগর ও তাতালচরের দুই কৃষক বাবু হোসেন ও হোসেন শেখ বলেন, "শীতে বীজতলা নষ্ট হয়ে যায়। ঘন কুয়াশায় আলু ক্ষেতে রোগ দেখা দেয়।"

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, পুরো মাস মাঝারি ও ঘন কুয়াশা বজায় থাকবে। সামনে হালকা ও তীব্র শৈতপ্রবাহের সম্ভাবনা রয়েছে, যা শীতের তীব্রতা বাড়াবে, সেই সাথে জানুয়ারির মাঝামাঝি হালকা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানিয়েছেন, আবহাওয়া স্বাভাবিক থাকলে এবং স্বল্প সময়ের কুয়াশার কারণে রবিশস্যের ক্ষতির আশঙ্কা নেই। তিনি আশা প্রকাশ করেন যে, কিছুদিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে যাবে। কৃষিবিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিমান্ড শেষে আনিস আলমগীরকে কারাগারে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:০৩ পি.এম


রিমান্ড শেষে আনিস আলমগীরকে কারাগারে পাঠাল আদালত

পাঁচ দিনের রিমান্ড শেষে আজ পুলিশ আনিস আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন।

শনিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় ঢাকার একটি আদালত সাংবাদিক আনিস আলমগীরকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছে।

এর আগে রোববার রাতে রাজধানীর ধানমণ্ডির ২ নম্বর রোডের একটি জিম থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়। পরের দিন সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


এইচএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল আজ প্রকাশিত হবে। সোমবার (২৩ নভেম্বর) বিকাল ৩টায় দেশের সকল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হবে।

রোববার (২২ নভেম্বর) শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের পাশাপাশি কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকে ফল জানতে পারবেন। এছাড়া, আবেদন করার সময় যে মোবাইল ফোন নম্বর দেওয়া হয়েছিল, সেই নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানানো হবে।

এর আগে শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল প্রকাশ করা হবে।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%