মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:৩২ পি.এম
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা, সুশাসন এবং জনআস্থা পুনরুদ্ধারের জন্য চার বছর মেয়াদি একটি সমন্বিত সংস্কার কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।
এই কর্মসূচির আওতায় দুর্বল ব্যাংকগুলোর সম্পদের গুণগত মান যাচাই, পুনঃমূলধনীকরণ, পরিচালনা পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণ এবং সমস্যাগ্রস্ত সম্পদের সঠিক চিত্র তুলে ধরার জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে সম্পদমান পর্যালোচনা (এ-কিউআর) কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এই কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
এই পর্যালোচনায় দীর্ঘদিনের পুঞ্জীভূত অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির চিত্র উঠে এসেছে। ফলে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়; বরং দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বলতার প্রকৃত প্রতিফলন।
বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ডিসেম্বর ২০২৬-এর মধ্যে খেলাপি ঋণ পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোর আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে জরুরি তারল্য সহায়তা ও গ্যারান্টি প্রদান করা হয়েছে। একই সঙ্গে এসব ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া দুর্বল ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের জন্য ব্যাংকভিত্তিক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। এসব পরিকল্পনায় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচির আওতায় আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, খেলাপি ঋণ আদায়, ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আর্থিক খাতের নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। একই সঙ্গে জরুরি সহায়তা ব্যবস্থাগুলো পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক মনে করে, এসব সংস্কার সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ব্যাংকিং খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি জনআস্থা বাড়ার পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধিতে ব্যাংকিং খাতের ভূমিকা আরও জোরদার হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা জরুরি। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।
এতে জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ২৪ নভেম্বর, ২০২৬ : এক সময় রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’ সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত। দেড় দশক আগে ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী এই মিলের বর্তমান উৎপাদন মাত্র ৩ হাজার টনে নেমে এসেছে।
পুরোনো যন্ত্রপাতি, কারিগরি ত্রুটি, কাঁচামালের অভাব, গ্যাসের মূল্যবৃদ্ধি এবং দক্ষ জনবলের ঘাটতির কারণে ধুঁকতে থাকা এই কাগজকলটির উৎপাদন প্রায় ৮৭ শতাংশ কমে গেছে। অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া এই কারখানায় বর্তমানে কেবল একটি মেশিন দিয়ে উৎপাদন চালানো হচ্ছে।
এই সংকটের মধ্যে সরকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প এন্ড পেপার মিলসহ আরও ৬টি কেমিক্যাল প্ল্যান্ট স্থাপন করতে চায়। ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নিজস্ব পাল্প উৎপাদন, কাঁচামালের স্থানীয় উৎস তৈরি, কেমিক্যাল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কারখানাটির পুরোনো সক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। সংশ্লিষ্টরা মনে করেন, এতে কেপিএমের হারানো গৌরব ফিরে আসবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষার পর কেপিএম কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে। বিনিয়োগ না পাওয়া গেলে সরকারি অর্থায়নে ক্রমান্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
চলতি বছরের অক্টোবরে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম পরিদর্শন করে রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পুনরুজ্জীবনে বিদেশি বিনিয়োগ, বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার সম্ভাবনার কথা জানান।
কেপিএম’র উৎপাদন বিভাগীয় প্রধান মো. মঈদুল ইসলামের স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ২৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মিলটিতে কাগজ উৎপাদন হয়েছিল ২০ হাজার ১২৩.৪৪ টন। ২০১২-১৩ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রায় উৎপাদন হয় ১৩ হাজার ৭৭৫ টন, ২০১৩-১৪ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ৯৯ টন; ২০১৪-১৫ সালে ২০ হাজার টনের বিপরীতে ১২ হাজার ৬৭১ টন এবং ২০১৫-১৬ সালে ১৫ হাজারের বিপরীতে ১০ হাজার ৫৮১ টন কাগজ উৎপাদিত হয়।
২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ হাজার টন করা হয়; উৎপাদন হয় ৬ হাজার টন। ২০১৭-১৮ সালে একই লক্ষ্যমাত্রায় উৎপাদন নেমে আসে ৩ হাজার টনে। ২০১৮-১৯ সালে ৫ হাজার টন, ২০১৯-২০ সালে ৬ হাজার টন এবং ২০২০-২১ সালে ৬ হাজার টন উৎপাদিত হয়।
২০২১-২২ সালে ৮ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার টন, ২০২২-২৩ সালে ৩ হাজার টন লক্ষ্যমাত্রায় উৎপাদন দাঁড়ায় ১ হাজার ৫৪২.০২ টনে। ২০২৩-২৪ সালে আড়াই হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার ৫১০ দশমিক ৫২ টন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার টন।
অর্থাৎ ২০১১-১২ সালের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। একই সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ হাজার থেকে নেমে এসেছে মাত্র আড়াই হাজার টনে।
সংশ্লিষ্টরা বলছেন, দেড় দশক ধরে রাষ্ট্রায়ত্ত কারখানাটির ধারাবাহিকভাবে উৎপাদন কমেছে। তবে সেই সময়ে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশীয় প্রতিষ্ঠানটি ঘিরে কোনো আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করেনি।
বিসিআইসি জানায়, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন ৫০১ একর জমিতে কেপিএম প্রতিষ্ঠা করে। এর মধ্যে ৬৮ একর কারখানা এবং ৪৩৩ একর আবাসিক এলাকা। বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এক সময় দেশের সরকারি কাগজের চাহিদার প্রায় ৭০ শতাংশ সরবরাহ করত।
তখন বাঁশ ও পাল্পউড থেকে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন হতো। ক্রিমলেইড, রাইটিং, ব্রাউন, অফসেট, টাইপরাইটিং, অ্যাজুরলেইডসহ ৩৩ ধরনের কাগজ এবং ১০ ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করত মিলটি। বর্তমানে উৎপাদন সীমিত চার-পাঁচ ধরনের কাগজে।
কেপিএম সূত্র জানায়, গত আট বছর ধরে নিজস্ব পাল্প মিলটি বন্ধ হয়ে আছে। ফলে আমদানি করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে এখন উৎপাদন চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে প্রতি টন কাগজ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়, তবে প্রতি টনে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। বছরে লোকসানের পরিমাণ প্রায় ২৮-৩০ কোটি টাকা।
মিলটির অনুমোদিত জনবলের পরিমাণ ২ হাজার ৩৭৬ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন। পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন ২৫০ জন অস্থায়ী শ্রমিক।
কেপিএম’র কর্মকর্তারা বলছেন, উৎপাদন ব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে গ্যাসের মূল্য। সার কারখানাগুলো প্রতি ঘনফুট গ্যাস ১৬ টাকায় পেলেও কেপিএমকে দিতে হচ্ছে ৩০ থেকে সাড়ে ৩১ টাকা। দৈনিক ২৫-৩০ টন কাগজ উৎপাদনে প্রায় ১৩ লাখ টাকার গ্যাস প্রয়োজন হয়। সার কারখানার মতো কেপিএমও গ্যাস ভর্তুকি পেলে উৎপাদন ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।
তারা জানান, গ্যাসের দামের পাশাপাশি পানি সংকটও উৎপাদন কমার একটি কারণ। মিলের পানি সরবরাহব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষায়ও সমস্যা উঠে এসেছে। কর্ণফুলী নদীতে ভাটার সময় পানির স্তর নেমে গেলে ওয়া¹া পাম্প হাউস থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের একমাত্র কাগজকলটিকে ঘিরে নতুন ভাবনা শুরু হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিল, বনায়ন, পেপারভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, বেসিক কেমিক্যাল এবং সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন।
এছাড়া কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড, টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
এ প্রসঙ্গে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহ বাসস’কে বলেন, ‘নানামুখী সংকটের কারণে ধারাবাহিকভাবে মিলটির উৎপাদন কমেছে। তবে আশার কথা, সরকারের উদ্যোগের ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব বিসিআইসি’র মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করে ‘সবুজ পাতা’ভুক্ত হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন সম্ভব হবে।’
তিনি বলেন, ‘কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই মিলটি কেবলই একটি কারখানা নয়, এটি এ অঞ্চলের জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতিরও অংশ।’
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি এই মিলের সঙ্গে জড়িত। কেপিএমকে টিকিয়ে রাখতে তাই নতুনভাবে চিন্তা করা দরকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুরে এক দিনের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হন। অন্যদিকে, জিয়ানগরে বাড়ির সামনে খেলতে গিয়ে সড়কে দৌড় দেওয়ার সময় অটোরিকশার চাপায় ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটে। পৃথক এই দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জিয়ানগর উপজেলার বালিপাড়া-জিয়ানগর সড়কের মোল্লাবাড়ির সামনে অটোরিকশার চাপায় শিশু আবিরের মৃত্যু ঘটে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর সদর ও কাউখালীর সংযোগস্থলে কঁচা নদীর ওপর নির্মিত অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে দুটি মোটরসাইকেলকে মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।
বেকুটিয়া সেতুর দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন, কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে সান্তনু রায় শান্ত (২৩), কেউন্দিয়া গ্রামের বাবর মাঝির ছেলে সুনান মাঝি এবং একই গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। শান্ত ঘটনাস্থল থেকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। গুরুতর আহত সুনান ও সাজিদকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু ঘটে।
নিহত সাজিদ কাউখালী সরকারি কলেজের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। অন্যদিকে, সুনান কেউন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তারা সম্পর্কে খালাতো ভাই।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দুটি মোটরসাইকেল সেতুর কাউখালী প্রান্ত থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা মালামাল পরিবহনের একটি দ্রুতগতির ট্রলি একটি বাসকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে যায় এবং পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়েন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে গুরুতর আহত সুনান, সাজিদ ও মাহফুজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়। সেখানে সুনান ও সাজিদের মৃত্যু ঘটে। আহত অপর দুজন হলেন মাহফুজুর রহমান (২৫) ও জয় (২৬)। জয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, তবে মাহফুজুর রহমান খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে স্থানীয় লোকজন আহত অন্য তিনজনকে হাসপাতালে নিয়ে আসেন।
পিরোজপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রফিকুল ইসলাম বলেন, শান্তকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত অন্য তিনজনের অবস্থাও আশঙ্কাজনক ছিল।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত দুটি মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, অটোরিকশাচালককে থানায় নেওয়া হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনার লোয়ার যশোর রোডে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আবারও আঁকা হয়েছে। এটি ঘটেছে দুই দফা কালি দিয়ে মুখমণ্ডল ঢেকে দেওয়ার পর। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে চিত্রশিল্পী রেজাউল করিম রেজা নতুন করে গ্রাফিটি আঁকেন রেলস্টেশনের দেয়ালে।
এর আগে, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের সময় কেসিসি নগরের বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকে। এই গ্রাফিতিগুলোতে জুলাই অভ্যুত্থান, সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্পের পাশাপাশি খুলনা অঞ্চলের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি স্থান পায়। তাদের মধ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, মাইকেল মধুসূদন দত্ত ও স্যার পিসি রায় উল্লেখযোগ্য।
গত ৬ নভেম্বর প্রথমবারের মতো শিববাড়ি মোড়সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে রবীন্দ্রনাথের মুখমণ্ডলে কালি লেপে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনার পর কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নিজে উপস্থিত থেকে নতুন করে গ্রাফিতি আঁকার উদ্যোগ নেন।
কিন্তু মাত্র ১২ দিনের মাথায়, গত রবিবার (২২ নভেম্বর), একই গ্রাফিতিতে পুনরায় কালি লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। পরপর দুই দফা এমন ঘটনায় খুলনার মুক্তবুদ্ধির চর্চায় বিশ্বাসী সংস্কৃতিকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।
এরপর মঙ্গলবার একই স্থানে তৃতীয়বারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি আঁকা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলস্টেশনের দেয়ালে ফকির লালন সাঁই, চিত্রশিল্পী এস এম সুলতান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মাইকেল মধুসূদন দত্তের প্রতিকৃতির পাশে নতুন করে ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি।
চিত্রশিল্পী রেজাউল করিম রেজা বলেন, ‘সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতিটি নতুন করে আঁকা হচ্ছে। নিজের শিল্পকর্ম বারবার নষ্ট হওয়া অত্যন্ত কষ্টদায়ক। আমি নিজেই অনেকগুলো প্রতিকৃতি এঁকেছি। কোনোটিই নষ্ট হয়নি। আশা করি, কেউ কারো শিল্পকর্ম এভাবে নষ্ট করবেন না।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার নিমসার বাজারে পাইকারি বিক্রেতা শাহ জালাল চার হাজার ফুলকপি নিয়ে এসেছেন। চুয়াডাঙ্গা থেকে ট্রাকে করে আনা এসব ফুলকপি তিনি ক্ষেত থেকে কিনেছেন প্রতি পিস ১০ থেকে ১২ টাকা দরে।
শাহ জালাল চার হাজার ফুলকপি কেনার জন্য ৫০ হাজার টাকা খরচ করেছেন। ক্ষেত থেকে ট্রাকে তুলতে শ্রমিকদের মজুরির জন্য ১৬ হাজার টাকা দিতে হয়েছে। ট্রাকভাড়া ও পথখরচ বাবদ ব্যয় হয়েছে ২৬ হাজার টাকা। সব মিলিয়ে, চার হাজার ফুলকপি নিমসার বাজারে আনতে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা।
শাহ জালাল জানান, প্রতি পিস ফুলকপি বাজারে আনতে তার খরচ পড়েছে ২০ থেকে ২৫ টাকা। এরপর তিনি চার থেকে পাঁচ টাকা লাভ রেখে সেই ফুলকপি ৩০ থেকে ৩৫ টাকা দরে বিক্রি করেন, কিন্তু একই ফুলকপি খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকা; বড় আকারের ফুলকপি কোথাও ৯০ থেকে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ক্ষেত থেকে ভোক্তার হাতে পৌঁছাতে ফুলকপির দাম প্রায় তিন গুণ বেড়ে যাচ্ছে। এতে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে সাধারণ ক্রেতারা বাড়তি দামের চাপে পড়ছেন। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছেন।
সম্প্রতি নিমসার বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি ব্যবসায়ীদের হাঁকডাক আর ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততায় বাজারটি সরগরম হয়ে উঠেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে বাজারে আসছে ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন নানা সবজি। চুয়াডাঙ্গা, বগুড়া ও অন্যান্য জেলা থেকে আসা এসব সবজি ভোর থেকেই কেনাবেচা হচ্ছে।
নিমসার বাজারের নোয়াখালী বাণিজ্যালয়ের আড়তদার মো. শফিকুল ইসলাম বলেন, কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান না। সবজি নিয়ে আসতে পরিবহন, শ্রমিকের মজুরি সহ নানা ধরনের খরচ রয়েছে। এছাড়া, পথে যানজটে পড়ে অনেক সবজি নষ্ট হয়ে যায়। পচা সবজি খুচরা বিক্রেতারা কিনতে চান না, ফলে সেই ক্ষতির দায়ও পাইকারদের বহন করতে হয়।
শফিকুলের ভাষ্যমতে, কয়েক দফা হাতবদলের কারণে খুচরা বাজারে সবজির দাম বেড়ে যায়। এতে কৃষক এবং সাধারণ ক্রেতা উভয়েই ক্ষতিগ্রস্ত হন। মাঝখানে একশ্রেণির ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী বেশি লাভবান হন। তবে খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজার থেকে সবজি কিনে পরিবহন, শ্রমিকের মজুরি, দোকানভাড়া ও অন্যান্য খরচ বহন করতে হয়।
কুমিল্লার দাউদকান্দি বাজারের খুচরা বিক্রেতা আব্দুস সাত্তার বলেন, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর খুচরা বাজারে আনতে পরিবহন ও শ্রমিক খরচ রয়েছে। দোকান ভাড়াও দিতে হয়। আড়তে একটি ফুলকপি ৩০ টাকা দিয়ে কিনলে তা ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করতে হয়। তা না হলে ব্যবসা করে পোষায় না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কুমিল্লার রাজগঞ্জ খুচরা বাজারে গিয়ে দেখা যায়, পাইকারি ও খুচরা দামের মধ্যে ব্যবধান অনেক ক্ষেত্রে অস্বাভাবিক। নিমসার পাইকারি বাজারে ৩০ টাকা দরে কেনা একটি ফুলকপি খুচরা বাজারে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের ফুলকপি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়।
কুমিল্লার অন্যান্য বাজারে খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে তারা গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে বাজারে সবজির সংকটের কথা উল্লেখ করেন। সাধারণ ক্রেতাদের অভিযোগ, এই অজুহাতে কয়েক ধরনের সবজি বাড়তি দামে বিক্রি করা হচ্ছে।
রাজগঞ্জ বাজারের কাঁচামাল ব্যবসায়ী তানভীর হোসেন ও জামাল উদ্দিন বলেন, পাইকারি বাজার থেকে সবজি এনে বিক্রি করতে পরিবহন খরচ ও দোকানভাড়া দিতে হয়। এসব খরচ হিসাব করে দাম নির্ধারণ করতে হয়। বেশি দামে বিক্রি না করলে তাঁদের ব্যবসায় টিকে থাকা কঠিন।
নিমসার বাজারে অন্যান্য সবজির দাম
প্রতিকেজি শিম ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ প্রতিকেজি ২৫ থেকে ৩০ টাকা, টমেটো প্রতিকেজি ৭০ থেকে ৮০ টাকা এবং প্রতিকেজি ধনেপাতা ২০০ থেকে ২২০ টাকা।
আকারভেদে প্রতিপিস লাউয়ের দাম ৩০ থেকে ৪০ টাকা; এক হালি মূলা ১৫ থেকে ২০ টাকা; সাদা আলু প্রতিকেজি ২০ টাকা; খিরাই ২০ কেজি ৫০০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ কেজি এক হাজার টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে, একই সবজি মঙ্গলবার কুমিল্লা নগরীর খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি শিম কেজি ৮০ টাকা; কাঁচা মরিচ প্রতিকেজি ১৫০ থেকে ২০০ টাকা, টমেটো প্রতিকেজি ১৭০ টাকা, ধনেপাতা প্রতিকেজি ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতিলাউ ৭০ টাকা ৮০ টাকা, মূলা প্রতিহালি ৩৫ থেকে ৪০ টাকা, সাদা আলু ৩০ টাকা ৩৫ টাকা, খিরাই প্রতিকেজি ৫০ টাকায়।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া কালের কণ্ঠকে জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে খুচরা বিক্রেতারা ভাউচার সংরক্ষণ করেন না। তিনি বলেন, অভিযানে গেলে পাইকারি বিক্রেতারা বলেন তারা ভাউচার দিতে চান কিন্তু খুচরা বিক্রেতারা সবজি কেনার পর বাজারে এসে কে আগে দোকান খুলবেন- এই প্রতিযোগিতার কারণে অনেক সময় ভাউচার নেন না।
সহকারী পরিচালক আরো বলেন, তারা বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত রেখেছেন। কোথাও অনিয়মের খবর পেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ