ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার সম্ভাবনা: ডিসি ফরিদা


রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার সম্ভাবনা: ডিসি ফরিদা

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : বিদ্যুৎ বিল এবং জ্বালানি ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় চাপ কমানোর জন্য ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

তিনি মন্তব্য করেন, সরকারি ও বেসরকারি ভবনের অব্যবহৃত ছাদগুলো সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হলে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ‘রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: চাটমোহরে বিধবার পরিবারকে উচ্ছেদের চেষ্টা, প্রাণনাশের হুমকি

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব কে. এম. আলী রেজা। বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা উপস্থিত ছিলেন। এ সময় সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট সার্ভিস প্রোভাইডার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা জেলার সৌরবিদ্যুৎ স্থাপনের অগ্রগতি তুলে ধরে জেলা প্রশাসক জানান, জেলায় প্রায় ২৮ হাজার ভবনে সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। এসব ভবনে গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের স্থাপিত ক্ষমতা প্রায় ১৬২ মেগাওয়াট পিক। অফ-গ্রিড ব্যবস্থাসহ মোট সক্ষমতা প্রায় ১৭৮ মেগাওয়াট পিক।

তিনি উল্লেখ করেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ একটি সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ভবনের নিজস্ব বিদ্যুৎ চাহিদা সৌরবিদ্যুৎ দিয়ে পূরণ করা সম্ভব হলে গ্রিডের ওপর নির্ভরতা কমে যাবে এবং বিদ্যুৎ বিল সাশ্রয় হবে। পাশাপাশি নেট মিটারিংয়ের মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ রয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, জেলায় স্থাপিত গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের ৮৪ শতাংশ বেসরকারি এবং ১৬ শতাংশ সরকারি ভবনে রয়েছে। আগামী ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে আরও ৭১৪টি ভবনে প্রায় ১১৭ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই সরকারি ভবন। এই লক্ষ্য অর্জিত হলে জেলায় গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুতের মোট সক্ষমতা প্রায় ২৭৯ মেগাওয়াট পিকে উন্নীত হবে।

আরও পড়ুন: রূপপুরে পৌঁছেছে রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের অষ্টম চালান

সৌরবিদ্যুতের অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি করতে নেট মিটারিং সংযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে ফরিদা খানম বলেন, বর্তমানে সৌরবিদ্যুৎ স্থাপিত ভবনগুলোর মাত্র ৬ শতাংশে নেট মিটারিং সংযোগ রয়েছে। এই সংযোগ বৃদ্ধি পেলে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহের সুযোগ তৈরি হবে এবং সৌরবিদ্যুতের আর্থিক সুফল আরও বাড়বে।

কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য পর্যাপ্ত বিনিয়োগ, সহজ শর্তে ঋণ, মানসম্মত যন্ত্রপাতি ও দক্ষ কারিগরি জনবল নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি সরকারি দপ্তরগুলোকে ভবনের ছাদ সৌরবিদ্যুৎ স্থাপনের উপযোগী করার, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে দ্রুত নেট মিটারিং সংযোগ প্রদানের এবং সার্ভিস প্রোভাইডারদের মানসম্মত কাজ নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনমালিকদের সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের সুযোগ গ্রহণের অনুরোধ করেন।

জেলা প্রশাসক বলেন, রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষায় সমন্বিত সুফল পাওয়া সম্ভব। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগে ঢাকা জেলাকে আরও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা সম্ভব হবে।

আরও পড়ুন: ন্যূনতম মজুরি: মালিকরা প্রস্তাব ১৫,৭০০, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করতে গেছেন। সেখানে তিনি সাঁজোয়া যান চালিয়ে তিন বাহিনীর বিশেষ বাহিনীর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। সেনাপ্রধান ওয়াকার উজ জামান প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন। বেলা সাড়ে ১১টার দিকে, প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি সেখানে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করছেন, যা স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে। এই মহড়াটি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে পরিচালিত হচ্ছে।

মহড়া পরিদর্শনের সময়, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন। তিনি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন।

এই বিশেষ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করছে।

স্বর্ণদ্বীপ, যা নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে, স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

গত এক যুগের বেশি সময় ধরে, দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সমর মহড়ার পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলনও অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস ও বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে এ ধরনের মহড়ায় অংশ নিচ্ছে।

মহড়া পরিদর্শন শেষে, আজ বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মিরপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের অবস্থান কর্মসূচি, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ

শাহ আলী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন, যা কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মিরপুর-১ নম্বরে মুক্ত বাংলা মার্কেটের সামনে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন শাহ আলী থানা বিএনপির নেতা এসএ সিদ্দিক সাজু, যেখানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচির সময় নেতাকর্মীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন। তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান।

সাজু বলেন, "দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও বলেন, "কোনো ধরনের উসকানি বা সহিংসতায় জড়ানো যাবে না। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও টহল বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


সাতক্ষীরা সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা ও টহল বৃদ্ধি

সাতক্ষীরা, ২৪ নভেম্বর ২০২৬ : অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বাধীন ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে এবং টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ গমনাগমন বা প্রতিপক্ষের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এর অংশ হিসেবে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত মোবাইল পেট্রোলিং পরিচালনা করা হচ্ছে। ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে।

বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। সীমান্তের অন্ধকারাচ্ছন্ন এলাকাগুলোতে সার্চলাইট ও থার্মাল ড্রোন ব্যবহার করে নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রমকে জোরদার করা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় বিওপিসহ সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল জনবলকে প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শেখ হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে’— ইয়াসের খান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


‘শেখ হাসিনাকে ফিরতে হবে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে’— ইয়াসের খান চৌধুরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় কার্যকর করার প্রক্রিয়ায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, এমনটি জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, "১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।"

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতির ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা প্রায় ১ হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায় কার্যকর করা হবে এবং বাংলাদেশের আইনকে সবার শ্রদ্ধা করতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট দেশগুলোর আইনকেও সম্মান করা উচিত।

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩ হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হবে। ইতোমধ্যে পরিকল্পনা টিম প্রাথমিক ধাপ পেরিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।

প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতু এবং অন্যান্য অবকাঠামোর উন্নয়নে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব এলাকার উন্নয়ন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাস্তবায়ন করা হবে। সরকারের লক্ষ্য শুধু প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব উন্নয়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করা।

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সহায়তা দেওয়া হয়। এই খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।

ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

তিনি বলেন, সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে। তাদের আগুন সন্ত্রাসের রাজনীতি আবারও ফিরিয়ে আনার অপচেষ্টা চলছে। এ ধরনের অপতৎপরতা রুখতে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%