ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সৌদি আরব ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে


সৌদি আরব ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে

সৌদি আরব, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহের মধ্যে ১১ হাজার ৯১৫ জন প্রবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়েছে। গত শনিবার (২১ নভেম্বর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানায়, ১২ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত যৌথ অভিযানের ফলে ১০ হাজার ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৫ হাজার ৭১৮ জন আবাসন আইন, ২ হাজার ৭৯৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ২৬৮ জন শ্রম আইন লঙ্ঘনের কারণে আটক হয়েছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ৪০ হাজার ৯৪১ প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। কাগজপত্র সংগ্রহের জন্য ২৩ হাজার ২৫০ জনকে কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ফেরার প্রক্রিয়ার জন্য ১০ হাজার ৮১৪ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। সীমান্তে অবৈধ প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৩৭৩ জন, দেশ ছাড়ার চেষ্টা করার সময় ২৮ জন এবং সহায়তার অভিযোগে ১৪ জন আটক করা হয়েছে।

অবৈধ অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয় প্রদান করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানার সতর্কতা প্রদান করেছে মন্ত্রণালয়। অভিযোগ জানাতে ৯১১, ৯৯৯ ও ৯৯৬ নম্বরগুলো চালু রাখা হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ রাশিয়া সফরে যাচ্ছেন আগামী সপ্তাহে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসলেরি ইন্টারন্যাশনালের বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


বিসলেরি ইন্টারন্যাশনালের বোতলজাত পানিতে ক্যানসারের উপাদান

ভারতের জনপ্রিয় বোতলজাত পানীয় জল প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিসলেরির পানীতে ক্যানসার সৃষ্টিকারী সম্ভাব্য উপাদান পাওয়া গেছে। দ্বিতীয়বারের পরীক্ষার পরও বিপদ কাটেনি। বর্তমানে প্রশ্ন উঠছে— বিসলেরির মতো একটি প্রতিষ্ঠানের পানীতে যদি ক্যানসারের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেন-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কেমন, তা স্পষ্ট হচ্ছে।

এ বিষয়ে রোববার (২২ নভেম্বর) ভারতের খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ (এফএসএসএআই) বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের অনুমোদন দিয়েছে। পরীক্ষাগারে দ্বিতীয়বার পরীক্ষার পরও সংস্থার প্যাকেটজাত পানীয়তে নমুনা নিরাপদ নয় বলে চিহ্নিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি এফএসএসএআই স্পষ্ট করেনি, ঠিক কোন ধরনের প্যাকেটজাত পানীয় ল্যাব পরীক্ষায় বিপজ্জনক বলে গণ্য হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে খাদ্য নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (এফএসএস) অ্যাক্ট-২০০৬’-এর অধীনে প্যাকেটজাত পানীয় সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের দায়ে তারা বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা মামলা শুরুর অনুমোদন দিয়েছে।

এফএসএসএআই জানিয়েছে, তারা পরীক্ষার জন্য বিসলেরি ইন্টারন্যাশনালের ‘প্যাকেটজাত পানি’ (মিনারেল ওয়াটার বা খনিজ পানি নয়)-এর একটি নমুনা সংগ্রহ করেছিল। প্রাথমিক পরীক্ষায় দেখা যায়, সেই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি ছিল। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফা পরীক্ষাও করা হয়। সেই নমুনাতেও ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে ছিল না। ফলে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট-২০০৬’-এর আওতায় সেটিকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয়েছে।

ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার এবং ইউএস ইপিএসহ বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা ব্রোমেটকে এমন একটি উপাদান হিসেবে চিহ্নিত করেছে, যা মানুষের শরীরে ক্যানসার সৃষ্টি করতে পারে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে— বিসলেরির মতো নামি সংস্থার পানীয়তে যদি এ ধরনের উপাদান পাওয়া যায়, তাহলে স্টেশন-বাস চত্বরে বা ট্রেনে-বাসে পথচলতি মানুষ যে পানি কিনে খাচ্ছেন, তার গুণগত মান কেমন?

বিসলেরি ইন্টারন্যাশনাল ছাড়াও বসন্ত মশালা প্রাইভেট লিমিটেড, টিট-বিট ফুডস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং মীমাংসা ইন্ডাস্ট্রিজসহ আরও বেশ কয়েকটি সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এফএসএসএআই। সেই সংস্থাগুলোর বিরুদ্ধে মামলা করার অনুমোদনও দেওয়া হয়েছে। নিয়মকানুন মেনে চলতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থাটি উর্মি লাইফসায়েন্সেস এলএলপি এবং গৌড় আয়ুর্বেদিক স্টোরের লাইসেন্সও স্থগিত করেছে।

এফএসএসএআই আশা করছে— কনফেকশনারির বিরুদ্ধে একটি পণ্য প্রত্যাহারের নির্দেশ জারি করেছে, যেখানে সংস্থাটিকে তাদের আগে থেকে প্যাকেট করা চকোলেট-ভরা কুকিজ বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সেগুলোও ‘অসুরক্ষিত’ বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরে এফএসএসএআই খাদ্য ব্যবসা পরিচালনাকারী (এফবিও) এবং ই-কমার্স সংস্থাগুলোর বিরুদ্ধে প্রয়োগমূলক পদক্ষেপ জোরদার করেছে। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় প্রস্তুতকারকদের বিরুদ্ধেও অভিযান তীব্রতর করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


টেনিসের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আলকারাজ

টেনিসের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কার্লোস আলকারাজ। স্পেনের এই তারকা পুরুষ টেনিসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জয়ের কীর্তি গড়েছেন। এই সাফল্যের মাধ্যমে তিনি ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) ইতালির তুরিনে অনুষ্ঠিত এটিপি ফাইনালসের শিরোপা নির্ধারণী ম্যাচে আলকারাজ জার্মানির আলেকজান্ডার জভেরেভকে পরাজিত করেন। ২৩ বছর বয়সি এই স্প্যানিশ তারকা সরাসরি সেটে ৬-২, ৭-৬ (৯-৭) ব্যবধানে জয়লাভ করে প্রথমবারের মতো টুর্নামেন্টটির শিরোপা অর্জন করেন।

এই জয়ের মাধ্যমে আলকারাজ পুরুষ টেনিসে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম পূর্ণ করেন। এর মানে হলো, তিনি চারটি গ্র্যান্ড স্ল্যামের পাশাপাশি এটিপি ফাইনালসের শিরোপাও জয়ের স্বাদ গ্রহণ করেছেন। সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডও এখন তার দখলে রয়েছে।

২২ বছর ২৭২ দিন বয়সে আলকারাজ এই অসাধারণ অর্জন করেছেন। এর আগে সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করার রেকর্ডটি যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি ডন বাজের দখলে ছিল। ১৯৩৮ সালে ২২ বছর ৩৬৩ দিন বয়সে তিনি এই কীর্তি গড়েছিলেন।

শিরোপা জয়ের পর আলকারাজ তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "দীর্ঘদিন ধরেই এই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলাম। আমার দলের সঙ্গেও কঠিন সময় পার করতে হয়েছে। সব মিলিয়ে এমন সাফল্যের মধ্য দিয়ে সপ্তাহ শেষ করতে পারাটা আমার কাছে বিশেষ কিছু।"

সূত্র: বিবিসি স্পোর্ট

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরোজপুরে জিআই পণ্য আমড়ার চাষে কৃষকদের নতুন স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


পিরোজপুরে জিআই পণ্য আমড়ার চাষে কৃষকদের নতুন স্বপ্ন

পেয়ারার ভরা মৌসুম শেষ হয়ে গেছে। বর্তমানে পিরোজপুরে বরিশালের ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃত পণ্য আমড়ার পাইকারি বাজার জমে উঠেছে। এই জেলার ঐতিহ্যবাহী ফলটির দেশজুড়ে খ্যাতি ও চাহিদা রয়েছে। এজন্য এখানকার কৃষকরা আমড়া চাষে নতুন স্বপ্ন বুনছেন।

বর্তমানে পিরোজপুরে বছরে প্রায় ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হচ্ছে, যা স্থানীয় কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করছে।

পেয়ারার মতো আমড়া উৎপাদনেও শীর্ষ স্থান অর্জন করেছে পিরোজপুর। দীর্ঘদিন ধরে পেয়ারা উৎপাদনের জন্য পরিচিত হলেও, সম্প্রতি ‘বরিশালের আমড়া’ জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর কদর ও খ্যাতি বৃদ্ধি পেয়েছে।

জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, পিরোজপুরের ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের মধ্যে সর্বোচ্চ।

জেলার সব উপজেলায় আমড়ার ফলন বৃদ্ধি পেলেও উৎপাদনের দিক থেকে নেছারাবাদ শীর্ষে রয়েছে। এ উপজেলার আটঘর কুড়িয়ানা অঞ্চলে পেয়ারা মৌসুম শেষ হয়েছে। এখন কৃষক, ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীরা আমড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

অতীতে নেছারাবাদের চাষিরা পেয়ারা উৎপাদনে বেশি আগ্রহী ছিলেন। কিন্তু বরিশালের আমড়ার বিশাল চাহিদার কারণে তারা এখন এই পণ্য উৎপাদনের দিকে বেশি ঝুঁকছেন। এখানকার আমড়া আকারে বড় ও মিষ্টি হওয়ায় দেশ ছাড়িয়ে বিদেশেও এর সুখ্যাতি রয়েছে।

নৌকায় ভাসে আমড়ার হাট

হেমন্তের আলো-বাতাসে যখন পাকা আমড়ার সবুজ খোসা ছাড়িয়ে তামাটে রূপ ধারণ করে, তখন পিরোজপুরের নদী ও খালজুড়ে শুরু হয় এ ফল তোলার ধুম। ভোর থেকে দুপুর পর্যন্ত খালে খালে নৌকাভর্তি আমড়া নিয়ে পাইকারি হাটে ভিড় জমান চাষিরা। আটঘর কুড়িয়ানার পাইকারি মোকামগুলোতে দরদাম, পরিবহন ও লেনদেনের ব্যস্ততায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বর্তমানে মানভেদে প্রতিমণ আমড়া এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা (আকারভেদে দুই হাজার থেকে তিন হাজারও রয়েছে) দরে বিক্রি হচ্ছে। স্থানীয় পাইকার ও ব্যবসায়ীরা চাষিদের কাছ থেকে আমড়া কিনে সড়কপথে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন।

কৃষকের অভিজ্ঞতা

এলাকার চাষিদের ভাষ্য, প্রাকৃতিক কারণে এ বছর আমড়ার ফলন খুব একটা ভালো না হলেও জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় তাদের আগ্রহ ও উদ্দীপনা বেড়েছে। আগে যেখানে পেয়ারায় মূল মনোযোগ ছিল, এখন পেয়ারার মৌসুম শেষ হতেই আমড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন তারা।

কৃষকদের ধারণা, জিআই স্বীকৃতি এবং দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপক চাহিদার কারণে আগামীতে এ জেলায় আমড়ার উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে।

পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের বক্তব্য

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, পেয়ারার ভরা মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আমড়ার পাইকারি বেচাকেনার মৌসুম। ব্যবসায়ীরা বিভিন্ন চাষি ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে আমড়া সংগ্রহ করে আড়তে নিয়ে আসেন। এরপর সেখান থেকে সড়কপথে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করেন।

প্রাকৃতিক প্রতিকূলতার মাঝেও প্রতি মৌসুমে প্রায় ২০০ কোটি থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয় বলে জানান তারা।

শ্রমিকদের কর্মব্যস্ততা

নদী-খালঘেরা এই জনপদে আমড়া মৌসুম ঘিরে শ্রমিকদের জীবনযাত্রায়ও বাড়তি গতি আসে। ভোর থেকে দুপুর পর্যন্ত নৌকাভর্তি আমড়া ঘাটে খালাস করা, বাছাই করা, বস্তা বা ঝুড়িতে বোঝাই করা এবং পাইকারি বাজারে সরবরাহের কাজে শত শত শ্রমিক ব্যস্ত সময় পার করেন। এই মৌসুমে তাদের কর্মসংস্থান ও আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ে।

জেলা কৃষি বিভাগের মূল্যায়ন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, অনুকূল পরিবেশ এবং জিআই স্বীকৃতির ফলে কৃষক আমড়া চাষে আগের চেয়ে অনেক বেশি উৎসাহিত। জেলায় ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ মেট্রিক টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের ভেতর সর্বোচ্চ।

উপপরিচালকের ভাষ্য, প্রতি মৌসুমে কোটি কোটি টাকার আমড়া বেচাকেনার মাধ্যমে পিরোজপুরের গ্রামীণ জনপদে অর্থনৈতিক গতিশীলতা এসেছে, যা সামগ্রিকভাবে স্থানীয় কৃষি অর্থনীতিকে আরো শক্তিশালী করছে। প্রতি মৌসুমে জেলায় ২০০ থেকে ২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হচ্ছে। ফলে শুধু কৃষকরাই নন; পাইকার, আড়তদার, পরিবহন শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ী- সবাই লাভবান হচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেঘনায় স্পিডবোট থেকে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি সহ কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


মেঘনায় স্পিডবোট থেকে ৩১ কেজি গাঁজা ও ১০ বোতল হুইস্কি সহ কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের একটি অভিযানে মো. সেলিম (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩১ কেজি গাঁজা এবং ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়েছে। এই তথ্য সোমবার (২৩ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত নিশ্চিত করেন। আটক ব্যক্তি চৌদ্দগ্রাম থানার কালিকাপর এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।” তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা ১১টার দিকে ভোলার সদর উপজেলার ইলিশার মাঝের চর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, “এ সময় সন্দেহজনক একটি স্পিডবোট তল্লাশি চালিয়ে প্রায় ১২ লক্ষ ৮৫ হাজার টাকা মূল্যের ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিস রয়্যাল স্ট্যাগ হুইস্কিসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়।”

জব্দকৃত গাঁজা, হুইস্কি এবং আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও ভয়াবহ মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%