মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৯ পি.এম
জুলাই গণআন্দোলনের পরিচিত মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে দেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি ও বেসরকারি সব ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। শোকের আবহে একই দিনে রাজধানীতে তার জানাজা ও দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তটি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে গৃহীত হয়। সেদিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। এরপর একই রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের এই যোদ্ধার মৃত্যুতে সরকার গভীরভাবে শোকাহত।
রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে শনিবার দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও সচিবালয়ের নতুন নির্মিত এক নম্বর ভবনসহ বিভিন্ন সরকারি দপ্তরে পতাকা অর্ধনমিত দেখা গেছে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও একই কর্মসূচি পালন করা হচ্ছে।
ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে তিনি মাথায় গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। মরদেহ রাখা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উল্লেখ করেন, "আমরা সংস্কার চাই না, এটা ভুল। আমরা সংস্কারও চাই, দ্রুত নির্বাচনও চাই। কারণ, নির্বাচন হলে সব সংকট কেটে যাবে।"
মির্জা ফখরুল বলেন, "৫ মাস পরে অনেকেই জিজ্ঞেস করছেন আমাদের অর্জন কী? অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নি:সংকোচে, নির্ভয়ে কথা বলতে পারছি। এটাই আমাদের একটা বড় বিজয় বলে মনে করি। এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে।"
বিএনপি মহাসচিব আরও বলেন, "১৬ বছর ধরে আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আমাদের কোনো বিভেদ নেই। তবে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হয়েছে। সেটা পারবে না। আমরা এগিয়ে যাব। আমাদের ধৈর্য ধরতে হবে। হঠকারী সিদ্ধান্ত না নিই। আমরা ঐক্যবদ্ধ জাতীয় সরকার গড়তে চাই। আসুন, সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের স্বপ্ন পূরণ করি।"
তিনি বলেন, "আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি। তবে, দেশের অর্থনীতির অবস্থা ভালো না, রাজনৈতিক অবস্থাও ভঙ্গুর।"
মির্জা ফখরুল ইসলাম বলেন, "ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি। নতুন দেশ গড়ার স্বপ্ন দেখছি। এটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই চেষ্টা করতে হবে। গত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। ৭০০ জন গুম হয়েছে। নিহত হয়েছে ২০ হাজারের মতো।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় ফুটওভার ব্রীজ অথবা আন্ডারপাস, মসজিদ ও যাত্রী ছাউনি নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় মেদিনীমণ্ডল ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণের জন্য এলাকাবাসীকে আহ্বান জানিয়ে ইতিমধ্যে আয়োজকদের কয়েকজন সদস্য ফেসবুকে পোস্ট করেছেন। আয়োজকদের একজন সদস্য শেখ রাকিব জানান, পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজার ১০০/১৫০ মিটারের মধ্যে খানবাড়ি বাসস্ট্যান্ড অবস্থিত। সড়কে দাঁড়িয়ে বাস কোম্পানিগুলো যাত্রী ওঠানামা করাচ্ছে। এছাড়া ফুটওভার ব্রীজ না থাকার কারণে যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হচ্ছে। এর ফলে এখানে প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারীদের মধ্যে প্রায় ২০/৩০ শতাংশ যাত্রী এখানে ওঠানামা করে। অথচ এই গুরুত্বপূর্ণ স্থানে কোনো যাত্রী ছাউনি ও টয়লেট নেই। এর ফলে মানুষজন সীমাহীন দুর্ভোগ ভোগ করছেন।
পদ্মা সেতু উত্তর থানার ওসি মো. জাকির হোসেন বলেন, "মানববন্ধনের বিষয়টি আমাকে কেউ জানায়নি, এমনকি মানববন্ধনের জন্য কেউ অনুমতিও নেয়নি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মুক্ত বিহঙ্গ তরুন সংঘের নতুন কার্যালয়ের উদ্বোধন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মালখানগর কলেজ রোডে সংগঠনের নবনির্মিত কার্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সভাপতি মো. রায়হান মাদবর।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মালখানগর হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মঞ্জরুল আলম, ব্যবসায়ী ও সংগঠক দোলন মোল্লা, সমাজ সেবক তসলিম উদ্দিন শেখ, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহ সভাপতি খোরশেদ আলম শিশির, সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো.
জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়সাল এবং রাইজিং স্টার সোস্যাল ক্লাবের সভাপতি মো.
শরীফ হক প্রমুখ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার এজাহারভুক্ত আসামী যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং যথাযথ বিচারের দাবি জানাতে ঢাকা-মাওয়া মহাসড়কে ব্লকেড ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন কলেজের অর্ধশত শিক্ষার্থী।
শনিবার বেলা ১২ টার দিকে ধলেশ্বরী টোল প্লাজার সামনে অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী অবস্থান নিয়ে সড়ক ব্লকেড করে। তারা ওই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। এ সময় মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়ে এক কিলোমিটারের বেশি এলাকা যানজটের সৃষ্টি হয়। তবে জরুরি সেবা ও এম্বুলেন্স চলাচলে কোন বাধা ছিল না।
মহাসড়ক থেকে সরে যেতে আন্দোলনকারীদের অনুরোধ করেন পুলিশ সদস্যরা। শিক্ষার্থীরা আশ্বস্ত হলে ৪৫ মিনিট পর মহাসড়ক খুলে দেয় তারা। প্রসঙ্গত: শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীনগর থানায় ফৌজদারি মামলার এজাহারভুক্ত আসামী যুবদল নেতা তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেয় বিএনপির অর্ধশত বিশৃঙ্খল নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ