ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফিনল্যান্ডের জলসীমায় রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, চলছে উদ্ধার অভিযান


ফিনল্যান্ডের জলসীমায় রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা, চলছে উদ্ধার অভিযান

ফিনল্যান্ডের জলসীমায় একটি রুশ কার্গো জাহাজে ড্রোন হামলার পর উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম চলছে। শনিবার (২১ নভেম্বর) সকালে ‘স্পার্টা-২’ নামের জাহাজটিতে হামলার ঘটনা ঘটে, যার পর এটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে।

ফিনল্যান্ডের প্রতিরক্ষা বাহিনীর ধারণা, ইউক্রেন এই হামলা চালাতে পারে। তবে কিয়েভ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

ফিনল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী জানায়, রোববার (২২ নভেম্বর) জাহাজটি ডুবে যাওয়া ঠেকাতে পানি দিয়ে আগুন নেভানো ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। এ কাজে এস্তোনিয়া ও রাশিয়ার উদ্ধারকারী দলও অংশগ্রহণ করছে। কর্তৃপক্ষ জানায়, জাহাজটি থেকে আশপাশের নৌযান চলাচল বা মানুষের জন্য কোনো ঝুঁকি নেই।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১৯৯২ সালের পর ডেমোক্র্যাটদের সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা

কালিনিনগ্রাদের গভর্নর আলেক্সেই বেসপ্রোজভাননিখ প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানিয়েছেন, হামলায় দুটি ড্রোন ব্যবহার করা হয়েছে। তবে এ ঘটনায় কালিনিনগ্রাদের সরবরাহ ব্যবস্থায় কোনো হুমকি তৈরি হয়নি।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অরপো মন্তব্য করেন, ‘যুদ্ধ আমাদের আশপাশেও ছড়িয়ে পড়ছে। আগ্রাসীর বিরুদ্ধে পাল্টা লড়াই করার অধিকার ইউক্রেনের রয়েছে।’

ফিনল্যান্ডের কোস্টগার্ড জানায়, শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে হামলার খবর পায় তারা। ওই সময় জাহাজটি ফিনল্যান্ড উপসাগরে সুসারি দ্বীপের প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছিল। ঘটনার পর ওই এলাকায় সাময়িকভাবে আকাশ ও নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।

এদিকে, ঘটনার পরপরই একটি রুশ হেলিকপ্টার ফিনল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে সন্দেহ প্রকাশ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। উদ্ধার অভিযান কিংবা নজরদারির সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ হিসেবে ভারতের অবস্থান, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৭১১ জন গ্রেফতার

চট্টগ্রাম, ২২ নভেম্বর, ২০২৬ : কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ গত ২৪ ঘণ্টায় ৭১১ জনকে গ্রেফতার করেছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৩৩ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া, মাদকবিরোধী অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬৯ জন, পূর্ববর্তী মামলায় ১২৪ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ১২ জন, পরোয়ানামূলে ১০৩ জন এবং সাজা পরোয়ানামূলে ১৯ জন রয়েছেন।

এ ছাড়া, মাদক মামলায় ৩০ জন এবং নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সরাসরি গ্রেফতার করা হয়েছে আরও ৫৭ জনকে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। মাদকসংক্রান্ত ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৪ হাজার ৪৭২ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্ডাডল, ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ৫৯ বোতল বিদেশি মদ এবং ১৪৩ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ৯৯ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারের মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ ৪১ জন, চট্টগ্রামে ১৮ জন, নোয়াখালীতে ১০ জন, চাঁদপুরে ৬ জন, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ৫ জন করে, ফেনীতে ৩ জন এবং কক্সবাজারে ২ জন রয়েছেন। এছাড়া, খাগড়াছড়িতে গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৩৩ জনের মধ্যে ১৬৭ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৬৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কিশোর গ্যাংয়ের সদস্য আটকের ক্ষেত্রে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ১৭৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া, চট্টগ্রামে ৪৩ জন, লক্ষ্মীপুরে ২৬ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ জন, কক্সবাজারে ১৬ জন, খাগড়াছড়িতে ১৫ জন, নোয়াখালীতে ১৪ জন, রাঙামাটিতে ৯ জন, চাঁদপুরে ৮ জন, বান্দরবানে ৭ জন এবং ফেনীতে ৩ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, কারাগারে পাঠানো হলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৯ পি.এম


নিষিদ্ধ সংগঠন যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, কারাগারে পাঠানো হলো

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : রাজধানীর মিরপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

পাপিয়াকে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-২ নম্বর এলাকা থেকে পাপিয়াকে গ্রেফতার করে মিরপুর মডেল থানা পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৬ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে মিরপুর-১ ছাপাখানা মোড়ে দায়িত্ব পালনকালে পুলিশ জানতে পারে, মিরপুর-১ ফুটওভারব্রিজের নিচে রাজধানী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাসের ভেতরের সিট, ফ্যান ও জানালার কাচ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুনের বাসার সামনে আগুন দেওয়ার ঘটনায় ২ জন আটক

সিলেটের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন বাড়ই বরিশালের আগৈলঝড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা বর্তমানে নগরের দাড়িয়াপাড়ায় বসবাস করছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্রবার রাত পৌনে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে পেট্রল বা কেরোসিন দিয়ে আগুন দেওয়া হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় লোকজনের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অবশেষে শনিবার অভিযানে তাদের আটক করা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে অগ্নিসংযোগের ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নিষিদ্ধ আ‘লীগের ষড়যন্ত্রে নাজেহাল যুক্তরাজ্য বিএনপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


সিলেটে নিষিদ্ধ আ‘লীগের ষড়যন্ত্রে নাজেহাল যুক্তরাজ্য বিএনপি নেতা

সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী ষড়যন্ত্রের কারণে বিপাকে পড়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা আশরাফ হোসাইন।

তিনি অভিযোগ করেছেন, উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনার জন্য শামীম আহমদ ও জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়াকে দায়ী করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের আসামপুর গ্রামের ধরপাড়া এলাকার বাসিন্দা আশরাফ হোসাইন।

আশরাফ জানান, তিনি যুক্তরাজ্যের কার্ডিফ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আরাফাত রহমান কোকো ক্রীড়া চক্রের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ও মহানগর সভাপতি এবং জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

এছাড়া, তিনি সিলেট মহানগর যুবদলের ৮ নম্বর ওয়ার্ড কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি আরিফ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আরিফ পোল্ট্রি অ্যান্ড এগ্রো, আরিফ গ্রোসারি সপ ও আরিফ হালাল ফুডস লিমিটেড।

আশরাফ জানান, এসব প্রতিষ্ঠানে একাধিক পরিবারের কর্মসংস্থান হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, তাঁর বড় চাচা হাজী শুকুর আলীর মৃত্যুর পর ছেলে খোয়াজ আলী প্রায় তিন বছর আগে বসতবাড়ি বিক্রি করে টাকা একাই নিয়ে যান।

পরে, তাঁর ছোট ভাই মাসুদ আলী সম্পত্তির অংশ না পেয়ে তাঁর কাছে বিচার চান। মাসুদ আলীর কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী জায়গা বুঝিয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আশরাফের অভিযোগ, একই গ্রামের পূর্বপাড়ার সীতাব আলীর ছেলে শামীম আহমদ, খোয়াজ আলীর মদদে হাজী শুকুর আলীর ১৩ জন উত্তরাধিকারীর সম্পত্তি জোরপূর্বক ভোগদখল করে রেখেছেন।

এমনকি কিছু জমি বিক্রির জন্য বিভিন্ন ব্যক্তির সঙ্গে বায়নাও করেছেন।

তিনি আরও জানান, দেশে আসার আগে শামীম আহমদ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করান। দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করলে তাঁকে ও তাঁর ভাইকে কারাগারে পাঠানো হয়।

পরে তাঁদের আট দিন কারাভোগ করতে হয়। মামলাটির প্রথম তদন্তে পিবিআই অভিযোগ মিথ্যা বলে প্রতিবেদন দিলেও পরবর্তী পুনঃতদন্তে ভিন্ন প্রতিবেদন দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

আশরাফ বলেন, প্রায় তিন বছর আগে মাসুদ আলীর বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে তিনি জানান, এতে বৈদ্যুতিক মিটারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।

এ ঘটনায় মাসুদ আলীর স্ত্রী শিউলি আক্তার শামীম আহমদ ও খোয়াজ আলীর বিরুদ্ধে মামলা করেন এবং সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

আশরাফ দাবি করেন, শামীম আহমদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সম্প্রতি মোবাইল চুরির মামলায় তিনি কারাভোগ করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শামীম আহমদ বিএনপিতে যোগ দিলেও বিগত সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর বিরোধিতা করেছিলেন।

এ বিষয়ে জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অবগত রয়েছেন বলে জানান তিনি।

আশরাফ বলেন, শামীম আহমদের বিভিন্ন কর্মকাণ্ডে জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড সভাপতি আজাদ মিয়ার ইন্ধন রয়েছে।

তিনি অভিযোগ করেন, গ্রামের মানুষকে জিম্মি করে অর্থ আদায়সহ নানা কর্মকাণ্ডের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশরাফ বলেন, বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে দীর্ঘ ১৭ বছর দেশে এসে ব্যবসা-বাণিজ্য করতে পারেননি।

দেশে ফিরে রাজনৈতিক ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া, অপপ্রচার বন্ধ, প্রকৃত ঘটনা প্রকাশ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%