১১:০০ পি.এম
বরিশালের মুলাদীতে পৌরসভার এলাকা একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের গতিশীল তৎপরতার ফলস্বরূপ বড় ধরনের দুর্ঘটনা এবং জানমালের ব্যাপক ক্ষতি থেকে পুরো এলাকা রক্ষা পেয়েছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাদী পৌরসভার রেইন্টিতলা এলাকায় ওয়ালটন ও মার্সেল শোরুমের সামনে এ বিস্ফোরণ ঘটে। স্থানীয় ব্যবসায়ী মার্সেল ইলেকট্রনিক্সের মালিক নিজাম উদ্দীন রাড়ী মন্তব্য করেন, রেইন্টিতলা এলাকার মার্সেল ইলেকট্রনিক্স দোকানের উপর অবস্থিত ঐ বৈদ্যুতিক ট্রান্সফরমারে দীর্ঘমেয়াদি সংযোগজনিত ত্রুটি ছিল। ট্রান্সফরমারটি থেকে দীর্ঘ সময় ধরে তৈল (তেল) লিকেজ হচ্ছিল। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে একাধিকবার জানানো হলেও তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। বিদ্যুৎ বিভাগের এই উদাসীনতা এবং অবহেলার কারণে শুক্রবার সন্ধ্যায় ট্রান্সফরমারটি বিকট শব্দের সঙ্গে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় বলে তিনি দাবি করেন।
আগুন লাগার পরপরই রেইন্টিতলা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের দোকানদার এবং পথচারীরা সাহসিকতার সঙ্গে দ্রুত এগিয়ে আসেন। তারা বিদ্যুৎ বিভাগে ফোন করে সংযোগটি বিচ্ছিন্ন করান এবং নিজেদের দোকানে থাকা গ্যাস সিলিন্ডারের অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে তীব্র ধোঁয়া এবং আগুনের শিখাগুলো নিয়ন্ত্রণে আনে। ফলস্বরূপ, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের পর স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় এক ঘণ্টা পর তাদের দুটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে স্থানীয়দের চেষ্টা এবং সাহসিকতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসে। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মো. সজিবুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি দল লক্ষ্ণীপুর এলাকায় পানিতে পড়া একটি স্কুল ছাত্রীর উদ্ধারে ব্যস্ত ছিল। পরে সেখান থেকে একটি দল ফিরে রেইন্টিতলা এলাকায় পৌঁছাতে কিছুটা দেরি হয়।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুলাদী জোনাল অফিসের উপ মহা ব্যবস্থাপক (ডিজিএম) মো. বেলায়েত হোসেন ক্রুটিপূর্ণ ট্রান্সফরমার থাকার বিষয়টি অস্বীকার করেন এবং বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমারে যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ত্রুটি হতে পারে। আগে থেকে ট্রান্সফরমারটি ত্রুটিপূর্ণ ছিল কিনা এ সম্পর্কে কোনো অভিযোগ পাওয়া যায়নি। দুর্ঘটনার পর শনিবার রাতে ট্রান্সফরমার পরিবর্তন করে বিদ্যুৎ সরবরাহ পুনর্স্থাপন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন