ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাড়িতে নজরদারির অভিযোগ


রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, বাড়িতে নজরদারির অভিযোগ

বলিউডের অভিনেতা টাইগার শ্রফের ওপর গুলিচালনার ঘটনার পর, বর্তমানে অভিনেতা রণবীর কাপুরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, টাইগার শ্রফের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিরা মুম্বাইয়ের খার এলাকায় রণবীরের বাড়ির ওপর নজরদারি চালাচ্ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা গেছে, রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগ প্রকাশিত হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করতে শুরু করেছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

রণবীরের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা সরব হয়েছেন। ভক্তদের মতে, ‘রামায়ণ’ ছবির প্রচারসহ অন্যান্য পেশাগত ব্যস্ততার মধ্যে, অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।

আরও পড়ুন: ৭ দিনে বিজয়-রাশমিকার ‘রণবালি’ আয় করল ৬৩ কোটি ৬৫ লাখ রুপি

এক অনুরাগী সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, এই মুহূর্তে প্রচার কিংবা জনসমক্ষে উপস্থিতির চেয়ে রণবীরের নিরাপত্তা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি তার সুরক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন।

অন্য এক অনুরাগী রণবীরের সাম্প্রতিক একটি অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, গত কয়েক দিনে অভিনেতাকে কিছুটা চিন্তিত ও অস্বস্তিতে দেখা গেছে। এ বিষয়ে রণবীরের পারিবারিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন ওই অনুরাগী। তবে অভিনেতার মানসিক অবস্থা বা উদ্বেগের বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

রণবীরের স্ত্রী আলিয়া ভাট, মেয়ে রাহা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তার ব্যক্তিগত জীবন বরাবরই অনুরাগীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। ফলে তার বাড়িতে নজরদারির অভিযোগ সামনে আসতেই ভক্তদের মধ্যে উদ্বেগ বেড়ে গেছে।

অনুরাগীদের একটি অংশ মনে করছেন, অভিনেতা ও তার পরিবারের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন। যদিও এ বিষয়ে রণবীর কাপুর কিংবা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ফারুকী জানালেন, সংসারে ভাঙনের সুর; বিচ্ছেদের গুঞ্জন উঠেছে

অন্যদিকে, রণবীর কাপুর পেশাগত জীবনেও ব্যস্ত সময় পার করছেন। নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবিতে তিনি রামের চরিত্রে অভিনয় করবেন। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করছেন যশ ও সাই পল্লবী। প্রকাশিত তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম পর্ব চলতি বছরের ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে টাইগার শ্রফের ওপর হামলার ঘটনা এবং রণবীরের বাড়িতে নজরদারির অভিযোগের কারণে বলিউড তারকাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এখন এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর সবার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সমমনা ইসলামী দল’ নামে সাত দলের নতুন রাজনৈতিক জোট গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


‘সমমনা ইসলামী দল’ নামে সাত দলের নতুন রাজনৈতিক জোট গঠন

হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে ‘সমমনা ইসলামী দল’ নামে সাতটি কওমিভিত্তিক দলের একটি নতুন রাজনৈতিক জোট গঠনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে অবস্থিত মাখযানুল উলূম মাদরাসায় দলগুলোর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

নতুন এই জোটে অন্তর্ভুক্ত সাতটি দল হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে এই সাতটি ইসলামি দল একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে।

তিনি অন্য জোটে থাকা দলগুলোর বিষয়ে উল্লেখ করে বলেন, ‘এর মধ্যে যেসব দল অন্য জোটে আছে, তারা সেই জোট ছেড়ে ‘সমমনা ইসলামী দল’ রাজনৈতিক প্ল্যাটফর্মে আসার ব্যাপারে একমত হয়েছে।’

হেফাজতে ইসলামের এই মহাসচিব আগামী ৫ ডিসেম্বর সাত দলের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান।

মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের লক্ষ্যেই গত কয়েক মাস ধরে এই জোট গঠনের প্রক্রিয়া চলছিল। সবশেষ জাতীয় নির্বাচনে কওমি ধারার দলগুলো বিএনপি ও জামায়াতের জোটে যুক্ত হলেও, এবার দলীয় প্রতীকবিহীন স্থানীয় নির্বাচনে বিএনপি ও জামায়াত একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয়। এরপরই স্থানীয় নির্বাচনে একসঙ্গে লড়াই করার জন্য হেফাজতে ইসলামের মধ্যস্থতায় নতুন এই প্ল্যাটফর্ম গঠন করল কওমিপন্থি দলগুলো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা এক ব্যক্তিকে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যা এক ব্যক্তিকে

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে শিশু চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাত ১১টার সময় হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এই ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া এই তথ্য জানান।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় সেখানে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাঁকে শিশু চোর মনে করে। তাঁরা আলমের হাসপাতলে আসার কারণ জানতে চান। কিন্তু সন্তোষজনক উত্তর না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নিয়ে গিয়ে মারধর করেন। এক পর্যায়ে তাঁর মৃত্যু ঘটে।

আরো পড়ুন

গুজরাটের জেল থেকে লরেন্স বিষ্ণোইকে কেন নিতে পারছে না মুম্বাই পুলিশ

এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। পরে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলম শেখের মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, আঙুলের ছাপের মাধ্যমে আলম শেখের পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় বসবাস করতেন। পুলিশ তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং তিনি মস্তিষ্কে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহ বুঝে নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ : এল নিনোর প্রভাবে সৃষ্ট দাবানলে পেরুতে জুন মাস থেকে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু ঘটেছে। এই ঘটনায় কয়েকশ মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

বুধবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

জাতীয় জরুরি কার্যক্রম কেন্দ্র (সিওইএন) জানায়, মৃতদের মধ্যে বেশির ভাগই কৃষক। দাবানল নেভানোর চেষ্টা করতে গিয়ে তারা আহত হন এবং পরে তাদের মৃত্যু ঘটে।

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

দাবানলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুসকো অঞ্চল। চলতি মাসের শুরুতে সেখানে ইনকা সভ্যতার নিদর্শন মাচু পিচুর নিকটবর্তী একটি দাবানল ছড়িয়ে পড়ে।

জুন থেকে অক্টোবর পর্যন্ত পেরুতে মোট ৪৫৭টি দাবানলের ঘটনা নথিভুক্ত করা হয়েছে।

লিমার সায়েন্টিফিক ইউনিভার্সিটি অব দ্য সাউথের জীববিজ্ঞানী ড্যানিয়েল ভালে মন্তব্য করেন, এল নিনোর কারণে তাপমাত্রা বৃদ্ধি ও শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

তিনি এএফপিকে বলেন, ‘এল নিনোর প্রভাবে পুরো পেরুর ওপর প্রচণ্ড গরম ও শুষ্ক বাতাসের বিশাল স্তর তৈরি হয়েছে।’

কৃষকেরা ফসল ফলানোর জন্য জমি পরিষ্কার করতে প্রায়ই ঝোপঝাড়ে আগুন দেন। এই আগুন থেকেই অনেক সময় দাবানলের সূত্রপাত ঘটে। দাবানলে এক হাজার হেক্টরের বেশি কৃষিজমি পুড়ে গেছে এবং প্রায় ১০০টি বাড়ি ধ্বংস হয়েছে।

এছাড়া ১২ হাজার হেক্টর প্রাকৃতিক উদ্ভিদও আগুনে পুড়ে গেছে।

সিওইএন জানায়, বুধবার আন্দিজ পর্বতমালা ও পেরুর আমাজন অঞ্চলে সাতটি দাবানল জ্বলছিল।

এল নিনো একটি প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনা। এর ফলে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশের উপরিভাগের পানির তাপমাত্রা বৃদ্ধি পায়। এতে বিশ্বজুড়ে বাতাসের প্রবাহ, বায়ুচাপ ও বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন আসে।

চলতি বছরের ‘সুপার’ এল নিনো ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। তবে এরই মধ্যে মধ্য আমেরিকাসহ কয়েকটি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। খরার কারণে সেখানে প্রাণীও মারা যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষি জমিতে মাছ চাষের নামে মাটি কাটার অভিযোগে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


কৃষি জমিতে মাছ চাষের নামে মাটি কাটার অভিযোগে অভিযান

চাঁদপুর, ২২ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪শ’ একর কৃষি জমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে আজ একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষি জমি দখল করেছে। অভিযোগ রয়েছে যে, এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হয়েছে। জমির মালিকদের বাধা দিতে গেলে তাদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে।

জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী জানান, তাদের পূর্বপুরুষরা এসব জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। তবে, একটি চক্র ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে মাটি কেটে বিক্রি করছে। অন্য এক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে এবং সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বাসস’কে বলেন, প্রায় ৪শ’ একর জমিতে একটি চক্র পুকুর খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে।

এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বাসস’কে বলেন, নদীর ওপার থেকে এসে একটি চক্র আবাদি ও সরকারি খাস জমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষি জমি কমে যাবে। তিনি বলেন, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও জানান, সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।

অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%