প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুর, ২২ অক্টোবর, ২০২৬ : সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নে প্রায় ৪শ’ একর কৃষি জমি দখল করে মাছ চাষের নামে মাটি কেটে বিক্রির অভিযোগে আজ একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকার সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এই অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় একটি ভেকু জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষি জমি দখল করেছে। অভিযোগ রয়েছে যে, এসব জমির উপরিভাগের উর্বর মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করা হয়েছে। জমির মালিকদের বাধা দিতে গেলে তাদের হুমকি ও মারধরের শিকার হতে হয়েছে।
জমির মালিক মো. নুরুল ইসলাম রাঢ়ী জানান, তাদের পূর্বপুরুষরা এসব জমিতে বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। তবে, একটি চক্র ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখল করে মাটি কেটে বিক্রি করছে। অন্য এক জমির মালিক ইদ্রিস আলী জানান, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে এবং সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা বাসস’কে বলেন, প্রায় ৪শ’ একর জমিতে একটি চক্র পুকুর খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু বিনষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি। দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে।
এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে।
সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বাসস’কে বলেন, নদীর ওপার থেকে এসে একটি চক্র আবাদি ও সরকারি খাস জমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষি জমি কমে যাবে। তিনি বলেন, জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তিনি আরও জানান, সরকারি বিধিবিধান অনুসরণ করে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে এলাকায় সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।
অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তাগণ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন