শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৭ পি.এম
‘স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়তে ফার্মাসিস্টদের ক্ষমতায়ন প্রতিপাদ্য’ শিরোনামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৬ বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়।
দিবসটির উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় ফার্মাসিস্টদের শপথ পাঠ ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সম্পন্ন হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের কনভেনশন ভবনে ফার্মাসিস্ট দিবস উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শামীম রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (হিউম্যান রিসোর্স) মো. ফয়সাল ইকবাল। অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির সিনিয়র ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. মোস্তাফিজুর রহমান। ইনভাইটেড স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ম্যানেজার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জাহাঙ্গীর আলম খন্দকার।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রাশেরদুল হক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, "আপনারাই দেশের ভবিষ্যৎ। আজকের এই মেধাভিত্তিক বিশ্বে টিকে থাকতে হলে কেবল পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। অর্জিত জ্ঞানকে মানবকল্যাণে কাজে লাগানোর সৎ মানসিকতা গড়ে তুলতে হবে।"
তিনি আরও বলেন, "চিকিৎসাব্যবস্থায় ফার্মাসিস্টরা হলেন মেডিকেশন এক্সপার্ট। ওষুধের ভুল প্রয়োগ রোধ এবং রোগীদের সঠিক দিকনির্দেশনা প্রদানে ফার্মাসিস্টদের দায়িত্ব অত্যন্ত সংবেদনশীল। তাই শিক্ষার্থীদের নিজেদের একজন দক্ষ ও যোগ্য ফার্মাসিস্ট হিসেবে গড়ে তুলতে হবে।"
উপাচার্য আরও বলেন, "একাডেমিয়া ও ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির এই মেলবন্ধন শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক বাস্তবতার সুদৃঢ় যোগাযোগ তৈরি করবে। পাবনা অঞ্চল বাংলাদেশের ঔষধশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা সরাসরি দেশের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়ার যে সুযোগ পাচ্ছে, তা তাদের আন্তর্জাতিক মানের ফার্মাসিস্ট হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।"
কিনোট স্পিকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, "সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের ওষুধের সঠিক ব্যবহার করতে হবে। বিশেষ করে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সবাইকে সচেতন হতে হবে। অনেক সময় আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনে চিকিৎসকের পরামর্শ ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করেই সেবন করি, যা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ফার্মাসিস্টদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে দেশের জাতীয় স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নেও তাদের কাজ করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিশুদের মধ্যে কৃমির সমস্যা একটি সাধারণ বিষয়। কৃমির ডিম শরীরে প্রবেশ করতে পারে মাটি, খাবার বা পানির মাধ্যমে। অপরিষ্কার হাতে মুখ দেওয়ার অভ্যাসও শিশুর শরীরে কৃমির সংক্রমণের কারণ হতে পারে। এর ফলে শিশুদের মধ্যে পেটব্যথা, খিদে কমে যাওয়া এবং মলদ্বারে চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে।
কৃমির ওষুধ খাওয়ানোর পর কিছুদিনের জন্য আরাম মিললেও, যদি পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস না থাকে, তাহলে আবারও এই সমস্যা ফিরে আসতে পারে। দীর্ঘ সময় ধরে কৃমির সমস্যায় ভুগলে শিশুর শরীরে রক্তস্বল্পতা এবং পুষ্টির অভাবও দেখা দিতে পারে। তাই, ওষুধের পাশাপাশি শিশুর খাবার এবং পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
কৃমি থেকে বাঁচতে যা করবেন
শিশুকে খাবার খাওয়ার আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নখ ছোট ও পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। নোংরা হাতে মুখে দেওয়া থেকে বিরত থাকাসহ পরিষ্কার খাবার এবং নিরাপদ পানি খাওয়ানোর বিষয়েও সতর্ক থাকতে হবে।
কৃমির সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কৃমিনাশক ওষুধ গ্রহণ করা আবশ্যক। পাশাপাশি, খাবারের তালিকায় কিছু পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করা যেতে পারে।
উচ্ছে-করলা
কৃমির সমস্যায় শিশুর খাবারের তালিকায় উচ্ছে ও করলা অন্তর্ভুক্ত করা যেতে পারে। এতে জীবাণুর বিরুদ্ধে কাজ করার উপাদান রয়েছে এবং এটি আঁশসমৃদ্ধ। নিয়মিত খাবারের অংশ হিসেবে উচ্ছে-করলা রাখলে পেট পরিষ্কার রাখতে সহায়তা হতে পারে।
নিমপাতা
কৃমির সমস্যায় তেতো খাবার খাওয়ার প্রচলন রয়েছে। তাই উচ্ছে-করলার পাশাপাশি নিমপাতার রস খাওয়ানোর কথাও বলা হয়। তবে, শিশুকে নিমপাতার রস খাওয়ানোর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাঁচা হলুদ
কাঁচা হলুদের রসও কৃমির সমস্যা কমাতে সহায়ক হিসেবে ব্যবহৃত হতে পারে। কাঁচা হলুদ বেটে এর সঙ্গে কাঁচা আদা, সামান্য নুন এবং লেবুর রস মিশিয়ে খাওয়ানোর প্রচলন রয়েছে। তবে, শিশুর ক্ষেত্রে এমন ঘরোয়া উপায় ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বারবার কৃমি হলে কী করবেন
শিশুর বারবার কৃমি হলে শুধুমাত্র ঘরোয়া উপায়ের ওপর নির্ভর না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কৃমির ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন হতে পারে। তাই, প্রয়োজন অনুযায়ী কৃমিনাশক ওষুধ ব্যবহার করতে হবে।
কৃমি প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা। খাওয়ার আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া, নখ ছোট রাখা, পরিষ্কার খাবার ও নিরাপদ পানি খাওয়ানো এবং নোংরা হাতে মুখে দেওয়া বন্ধ করার অভ্যাস শিশুকে ছোটবেলা থেকেই শেখাতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দিদারুল আলম এই রিমান্ড আদেশ দেন।
এদিন রাতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ৭ দিনের পুলিশ হেফাজতে নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নি.) এ বি এম আবদুল্লাহ খালেদ সাকিব। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামি প্রকাশ্যে দেশের ভেতরে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি, সরকারি কর্মকর্তা ও বাহিনীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার পতনের চক্রান্তে লিপ্ত ছিলেন। ঘটনার পেছনে অন্য কারা জড়িত রয়েছেন এবং পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়, ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক অজ্ঞাতনামা ব্যক্তির সঙ্গে কথোপকথনের একটি অডিও ক্লিপে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উসকানিমূলক মন্তব্য করেছেন। অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, এমন আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন উত্তর অন্ধ্র প্রদেশ এলাকায় অবস্থানরত স্থল গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ, নিম্নচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দেশের অনেক জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।
বৃষ্টিপাতের এই প্রবণতা শনিবারও (২৬ সেপ্টেম্বর) অব্যাহত থাকতে পারে। এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে এ সময়ে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর গলায় ছুরিকাঘাতের অভিযোগের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইকচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
এই ঘটনা ঘটেছে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির ফারুক হোসেন খোকনের বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে। দুপুর দেড়টার দিকে শামীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ।
শামীম হোসেন শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার রানীশাহ গ্রামের মৃত নুরু বেপারীর পুত্র। আহত ময়ূরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের কন্যা। তাদের তিনটি সন্তান রয়েছে।
প্রতিবেশীরা জানিয়েছেন, শামীম ও ময়ূরী বেগমের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকাল ১০টার দিকে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে শামীম বাসা থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পর তিনি আবার ফিরে এসে ময়ূরী বেগমের গলায় ছুরিকাঘাত করেন।
ময়ূরী বেগম গলা ধরে দৌড়ে বাড়ির বাইরে চলে যান। এরপর শামীম ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
এ সময় শামীমের মা পাশের ঘর থেকে এসে চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের লোকজন এগিয়ে আসেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়ূরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে শামীমের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বড় ভাই মোস্তফা জানিয়েছেন, শামীম-ময়ূরীর এক ছেলে ফাহিম (১০) এবং দুই মেয়ে ফাতেমা (৪) ও ফিরিস্তা (১) রয়েছে। তিনজনই শিশু। শামীম কেন এই ঘটনা ঘটিয়েছেন, তা তিনি জানাতে পারেননি।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার কারণ জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ