শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৪৮ পি.এম
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার জন্য আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ নভেম্বর ‘কপ৩১’ (COP31) সম্মেলনের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে ‘সবার জন্য আগাম সতর্কবার্তা: সবাইকে সুরক্ষার প্রতিশ্রুতি পূরণ’ (Early Warnings for All: Delivering on Our Promise to Protect Everyone) শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বক্তৃতাকালে শামা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আগাম সতর্কবার্তা ব্যবস্থার বিবর্তন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী উন্নয়নের ফলে গত কয়েক বছরে দুর্যোগজনিত প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস প্রদান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছে; যার প্রায় অর্ধেকই নারী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আগাম সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, উন্নত আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বড় ধরনের আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে উদার সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
এছাড়া, শামা ওবায়েদ আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক ক্যাম্প ও নতুন সদস্যদের দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির দ্বিতীয় তলায় রোভার স্কাউট কার্যালয়ে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও ক্যাম্প পরিচালক কৃষিবিদ ড. মো. জহিরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম। অনুষ্ঠানে স্কাউটার্স কাউন্সিলের সভাপতি ও কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ছাদেকা হক, অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. নাজমুল হক এবং রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিত এ ক্যাম্পে ৫৫ জন রোভার স্কাউট অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণকারীদের স্কাউটিংবিষয়ক বিভিন্ন সেশন, হাইকিং ও প্রাথমিক প্রতিবিধানসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। নতুন ১০ জন সদস্যকে স্কাউটিংয়ের নিয়ম ও আদর্শ অনুসরণ করে দীক্ষা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অধ্যাপক ড. ছাদেকা হক মন্তব্য করেন, "দীক্ষা গ্রহণ একজন রোভারের জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি আত্মমর্যাদাবোধ জাগ্রত করার পাশাপাশি জীবনকে সুশৃঙ্খল ও গোছানোভাবে পরিচালনা করতে সহায়তা করে।" তিনি আরও বলেন, দীক্ষা নতুন জীবনের সূচনা এবং ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। স্কাউটদের সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নিজেদের কাজের মাধ্যমে অন্যদেরও অনুপ্রাণিত করতে হবে।"
দীক্ষা গ্রহণকারী নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, "বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে রোভার স্কাউট সদস্যদের সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়।" তিনি সদস্যদের আরও ভালো কাজে সম্পৃক্ত হওয়ার পাশাপাশি অন্যদেরও এসব কাজে উদ্বুদ্ধ করার আহ্বান জানান। ভবিষ্যতে তাঁরা আরও ভালো ও গঠনমূলক কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্কাউটিংয়ের ঐতিহ্য অনুসারে নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীমকে রোভার স্কাউট গ্রুপের সভাপতি হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজনীতিতে ফের আগুন সন্ত্রাসকে দেশের জন্য অশুভ ইঙ্গিত হিসেবে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি মন্তব্য করেন, "বাসে আগুন, দোকানে আগুন, গাড়ীতে আগুন এধরণের ধ্বংসাত্মক রাজনীতি দেশ, মানবতা ও ইসলামের জন্য ভয়াবহ ক্ষতিকর।" প্রতিহিংসার রাজনীতি দেশের জন্য চরম সঙ্কট সৃষ্টি করবে বলেও তিনি সতর্ক করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণ আতঙ্কিত হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, "প্রতিহিংসার রাজনীতি থেকে দীর্ঘ ৫৫ বছরে বের হয়ে আসতে পারেনি এদেশের তথাকথিত রাজনীতিকরা।" এই প্রতিহিংসার রাজনীতিকে সমূলে উপড়ে ফেলতে শরীয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের প্রয়োজন রয়েছে। মাওলানা কাইয়ুম উল্লেখ করেন, "ইসলামী শরীয়া প্রতিষ্ঠিত হলে দেশে প্রতিহিংসার রাজনীতির অবসান ঘটবে চিরদিনের জন্য।" তিনি সকলকে আহ্বান জানান, পীর সাহেব চরমোনাই নেতৃদ্বে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে দেশকে একটি আদর্শিকভাবে গড়ে তুলতে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার বাঙ্গরা উপজেলা শাখার নতুন অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন দলটির বাঙ্গরা উপজেলা সভাপতি মুফতি দেলাওয়ার আমীন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী হাফেজ মাওলানা ফয়সাল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারী মুফতি রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা নেতা মুফতি মানসুরুল হক, মাস্টার আরিফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, হাফেজ মাওলানা শাফায়েত হোসাইন, রেজাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, "মানুষ সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের কবল থেকে বাঁচতে চায়।" তিনি সতর্ক করে বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ভয়াবহ রূপ নিয়েছে। আইন শৃঙ্খলার অবনতির ফলে ফ্যাসিবাদী চক্র সক্রিয় হচ্ছে। তিনি উল্লেখ করেন, "বিভিন্ন জায়গায় মিছিল করছে, আগুন দিচ্ছে। এভাবে একটি দেশ চলতে পারে না।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদারীপুরের শিবচরে, ৬০ বছর বয়সী শাহজাহান খন্দকার নামের এক বৃদ্ধ তার দুই বছর বয়সী নাতিকে নিশ্চিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা করতে গিয়ে বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার পাঁচ্চর বাজারের স্বর্ণপট্টিগামী পাকা সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাতি প্রাণে বাঁচলেও দাদা গুরুতর আহত হন এবং হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু ঘটে।
নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা যায়, তিনি নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন। কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে একটি ট্রাক্টর তাদের দিকে বেপরোয়া গতিতে ছুটে আসে। এ সময়, ট্রাক্টরের ধাক্কা থেকে নাতিকে রক্ষা করতে তিনি দ্রুত তাকে সরিয়ে দেন। কিন্তু নিজে ট্রাক্টরের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ট্রাক্টরটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা শাহজাহানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে। নাতিকে দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়ে দাদার এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই সময়ের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিল খান জানান, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল এবং তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের বাড়িতে গিয়ে ঘটনার বিস্তারিত তথ্য জানার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পিরোজপুর, ১৩ নভেম্বর ২০২৬ : জেলা পরিষদের উদ্যোগে আজ এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম, এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাড, এস এম রেজাউল ইসলাম শামীম।
এছাড়া অনুষ্ঠানে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর তালুকদার এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গীতা রানী বলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ