প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : জলবায়ুজনিত দুর্যোগ থেকে জীবন ও সম্পদ রক্ষার জন্য আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে উন্নত প্রযুক্তিগত ও আর্থিক সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১১ নভেম্বর ‘কপ৩১’ (COP31) সম্মেলনের পাশাপাশি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে ‘সবার জন্য আগাম সতর্কবার্তা: সবাইকে সুরক্ষার প্রতিশ্রুতি পূরণ’ (Early Warnings for All: Delivering on Our Promise to Protect Everyone) শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধান এবং পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রীরা উপস্থিত ছিলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বক্তৃতাকালে শামা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আগাম সতর্কবার্তা ব্যবস্থার বিবর্তন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, দীর্ঘস্থায়ী উন্নয়নের ফলে গত কয়েক বছরে দুর্যোগজনিত প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
তিনি জানান, বাংলাদেশ আবহাওয়া পূর্বাভাস প্রদান, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবকদের একটি বড় নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করেছে; যার প্রায় অর্ধেকই নারী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নাগরিকদের সুরক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, আগাম সতর্কবার্তা ব্যবস্থার কার্যকারিতা বাড়াতে সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও অন্যান্য উদীয়মান প্রযুক্তি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, উন্নত আগাম সতর্কবার্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য বড় ধরনের আর্থিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন। এ ক্ষেত্রে উন্নত দেশগুলোকে উদার সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।
এছাড়া, শামা ওবায়েদ আগাম সতর্কবার্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতার ওপরও জোর দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন