ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন


মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন

ভুক্তভোগীরা মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের পুনরায় দেশটিতে যাওয়ার সুযোগ দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন। এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ২০২৪ সালের ৩১ মে।

রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে শতাধিক কর্মী জড়ো হয়ে মানববন্ধন পালন করেন।

তাদের দাবি হলো, বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের কার্যক্রমে তাদের অগ্রাধিকার দিতে হবে। তবে বোয়েসেল জানায়, মালয়েশিয়ার নিয়োগকর্তাদের চাহিদার বাইরে কর্মী পাঠানোর সুযোগ নেই।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

এর আগে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং সময়মতো বিমান টিকিট না পাওয়ার কারণে ২০২৪ সালের ৩১ মে প্রায় ১৬ হাজার ৯৭০ বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেননি। পরে ২০২৫ সালে যৌথ কর্মী দলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, বোয়েসেল এসব কর্মীর মধ্য থেকে ১ হাজার ৫৩০ জনকে মালয়েশিয়ায় পাঠায়।

তবে আটকে পড়া কর্মীরা অভিযোগ করেন যে, এ প্রক্রিয়ায় একাংশকে কিছু জানানো হয়নি। তাদের দাবি, মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালু হলেও তারা দেশটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না।

মানববন্ধনে অংশগ্রহণকারী অনেকে জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য ঋণ করে বর্তমানে তারা কঠিন সময় পার করছেন। এ অবস্থায় তারা সরকারের প্রতি আহ্বান জানান যে, বয়সের সীমাবদ্ধতা শিথিল করে তাদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করা হোক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বলেন, "আগের সরকারের সময়ে যেসব এজেন্সির মাধ্যমে কর্মীরা মালয়েশিয়া যেতে পারেননি, সেসব এজেন্সির কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে।" তিনি আরও বলেন, "সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে আইনের আওতায় আনতে হবে।"

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, এরই মধ্যে ১ হাজার ৫৩৮ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩১ মে যেতে না পারা কর্মীদের সবার সঙ্গে যোগাযোগ করেই তাদের জন্য নির্ধারিত কোটা বন্ধ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে নিয়মনীতি মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি, দেখার কেউ নেই

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ফরিদপুরে নিয়মনীতি মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি, দেখার কেউ নেই

ফরিদপুরে নিয়মনীতি না মেনে যত্রতত্র এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে, এবং এ বিষয়ে দেখার কেউ নেই। ফরিদপুর জেলার ৯টি উপজেলার সদর, উপশহর, ওয়ার্ডসহ প্রত্যন্ত অঞ্চলের অলিগলি এবং মেঠোপথের ছোট ছোট টং দোকানেও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এর ফলে ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। অনেকেই বলছেন, দেশে আইন রয়েছে, কিন্তু আইনের শাসন নেই। যদিও নিয়ম আছে, নিয়ম মানার বালাই নেই। সচেতন মহল এভাবেই মন্তব্য করছেন।

এলপিজি গ্যাস বিক্রির নিয়ম কী? এই গ্যাস বিক্রিতে আইনের ব্যাখ্যা কী? এ বিষয়ে ফরিদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমানের সঙ্গে কথা বলা হয়। তিনি জানান, দেশে রান্নার গ্যাসের চাহিদা বৃদ্ধির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী নিয়মনীতি বা সুরক্ষা বিধি না মেনে এলপিজি (LPG) সিলিন্ডার বিক্রি করে চলেছেন। আবাসিক এলাকার মুদি দোকান, স্টেশনারি দোকান, এমনকি ওষুধের ফার্মেসি কিংবা চায়ের দোকানেও ঝুঁকিপূর্ণভাবে দাহ্য পদার্থের এই সিলিন্ডারগুলো সাজিয়ে রাখা হচ্ছে।

অগ্নিনির্বাপক ব্যবস্থা বা বৈধ লাইসেন্স ছাড়া পরিচালিত এই অননুমোদিত ব্যবসা সাধারণ মানুষের জীবন ও সম্পত্তিকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের ট্র্যাজেডির কারণ হতে পারে। তিনি উল্লেখ করেন, আইনের দৃষ্টিতে এলপিজি সংরক্ষণ ও বিক্রির বিধান রয়েছে। আইনগতভাবে এলপিজি বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস একটি অত্যন্ত দাহ্য ও বিপজ্জনক পদার্থ হিসেবে গণ্য হয়। এর উৎপাদন, সংরক্ষণ, পরিবহন ও বিপণন কঠোর আইনি কাঠামোর আওতাধীন।

বিস্ফোরক আইন, ১৮৮৪ (Explosives Act, 1884): এই আইনের অধীনে এলপিজিকে দাহ্য পদার্থ বা বিস্ফোরকের অন্তর্ভুক্ত করা হয়েছে। লাইসেন্স বা পূর্বানুমতি ছাড়া যেকোনো স্থানে নির্দিষ্ট সীমার বেশি দাহ্য পদার্থ মজুত বা বিক্রি করা সম্পূর্ণ আইনবিরুদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।

এলপিজি বিধিমালা, ২০০৪ (সংশোধিত ২০১৬ পর্যন্ত): বিস্ফোরক পরিদপ্তরের (Department of Explosives) নিয়ম অনুযায়ী, বাণিজ্যিক উদ্দেশ্যে এলপিজি সিলিন্ডার মজুত ও বিক্রি করতে হলে অবশ্যই বিস্ফোরক লাইসেন্স এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অনাপত্তিপত্র (NOC) নেওয়া বাধ্যতামূলক। ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দীন এ বিষয়ে জানান, নিয়মের বাইরে কেউ গ্যাস সিলিন্ডারের ব্যবসা করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

লাইসেন্স পাওয়ার জন্য দোকানে নিরাপদ দূরত্ব, পর্যাপ্ত বায়ু চলাচল, বৈদ্যুতিক ঝুঁকি এড়ানোর ব্যবস্থা এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র থাকা আবশ্যক।

এছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, লাইসেন্সহীন অবৈধ ব্যবসা পরিচালনা এবং জননিরাপত্তা বিপন্ন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন অনুযায়ী অভিযুক্ত প্রতিষ্ঠানকে জরিমানা ও কারাদণ্ড দেওয়ার বিধান কার্যকর করতে পারে।

ফরিদপুর টেপাখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আরমান আলী বলেন, আইনের সুস্পষ্ট বিধান থাকলেও মাঠপর্যায়ে তদারকির শিথিলতা এবং কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফা অর্জনের প্রবণতার কারণে মুদি ও খুচরা দোকানে দেদারসে সিলিন্ডার বিক্রি হচ্ছে। তিনি জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংশ্লিষ্টদের জরুরিভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমানে যার যেখানে মন চাচ্ছে, তিনি এলপিজি গ্যাস বিক্রি শুরু করছেন। এতে সাধারণ মানুষ আতঙ্কিত।

নিরাপত্তার বালাই নেই

খুচরা দোকানে সিলিন্ডার মজুতের ক্ষেত্রে কোনো ধরনের ফায়ার সেফটি বা অগ্নিনির্বাপক যন্ত্র নেই। বৈদ্যুতিক সুইচ বা চুলার কাছাকাছি সিলিন্ডার রাখায় সবসময় বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে।

নগরকান্দা স্কুলের শিক্ষক আহমেদ মিয়া বলেন, তালমা এলাকায় রয়েছে বিশাল অবৈধ রিফিলিং বা গ্যাস স্টেশন। অনেক অসাধু ব্যবসায়ী বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অবৈধভাবে গ্যাস স্থানান্তর করেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যেকোনো মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হতে পারে। এগুলো চলমান বোমাসদৃশ পরিবেশ ধারণ করছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় অপরিকল্পিতভাবে সিলিন্ডার মজুত করায় তা স্থানীয় বাসিন্দাদের জন্য একেকটি 'চলমান বোমা'র রূপ নিয়েছে।

প্রশাসন ও সংশ্লিষ্টদের করণীয়

বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

লাইসেন্সহীন ও অবৈধ সিলিন্ডার বিক্রেতা ফরিদপুর সদর থানার মো. কামাল, আ. রশিদ, চানু মিয়া, নাদের- এদের সবার দোকানে অবৈধভাবে গ্যাস বিক্রি হচ্ছে। তাদের প্রশ্ন করা হলে, আপনারা তো মুদি দোকানদার, এলপিজি গ্যাস বিক্রি করার অনুমতি আছে কি না? তারা উত্তর দেন, না। সবাই করছে, আমরাও করছি।

একজন ভোক্তা নাজমা বেগম বলেন, অবৈধ গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, বিস্ফোরক পরিদপ্তর ও ফায়ার সার্ভিসের যৌথ তদারকি জোরদার করা এবং ডিলার পয়েন্ট ছাড়া যত্রতত্র খুচরা দোকানে সিলিন্ডার সরবরাহকারী বড় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিনের সঙ্গে কথা বললে তিনি জানান, সাধারণ মানুষের সচেতনতা এবং আইনের কঠোর প্রয়োগই কেবল এই মারাত্মক দুর্ঘটনা রোধ করতে পারে। তবে এলপিজি গ্যাস বিক্রিতে কেউ অনিয়ম করলে সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, আইন সবার জন্য সমান। এ বিষয়ে এসিল্যান্ডকে নির্দেশ দিয়েছি, তদন্তপূর্বক জরুরিভাবে ব্যবস্থা নেওয়ার।

এলপিজি সিলিন্ডার বিক্রি ও অনিয়ম নিয়ে ইনকিলাবের এই সংবাদ প্রতিবেদনে এলপিজি গ্যাসের বাজারের অনিয়ম, নানা অসঙ্গতি ও তদারকির চিত্র তুলে ধরা হয়েছে, যা বর্তমান পরিস্থিতির সঙ্গে অত্যন্ত প্রাসঙ্গিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


বিটিআরসির নতুন চেয়ারম্যান হলেন মেজর জেনারেল ওয়াহিদ-উজ-জামান

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে পরিবর্তন ঘটিয়েছে সরকার। বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান নিয়োগ পেয়েছেন। এ বিষয়ে রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর জারি করা আদেশের মাধ্যমে মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। তবে, তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ ১৫ নভেম্বর থেকে বাতিল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নতুন চেয়ারম্যানের নিয়োগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির ব্যবস্থাপনা ও প্রশাসন ক্যাটাগরিতে কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে কমিশনের চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। তার নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে কার্যকর থাকবে।

প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, নতুন চেয়ারম্যানের অবসর-উত্তর ছুটি (পিআরএল) এবং এ-সংক্রান্ত সুযোগ-সুবিধা স্থগিত থাকবে। এছাড়া, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে তার কর্ম-সম্পর্ক থাকতে পারবে না। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারীকে তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। টেলিযোগাযোগ খাতের নীতিমালা ও নিয়ন্ত্রণব্যবস্থা প্রণয়নে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। তিন বছরের জন্য নিয়োগ পেলেও মেয়াদ শেষ হওয়ার আগেই তার দায়িত্বের অবসান ঘটল।

নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামান এর আগে সামরিক বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার সামরিক ও প্রযুক্তিশিক্ষা প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তাদের প্রতিবাদ সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


কুবিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তাদের প্রতিবাদ সভা

সারাদেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি আয়োজন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় কর্মচারীদের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, "সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ নাশকতা করতে চাইলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন মন্তব্য করেন, "বৈশ্বিক এই পরিস্থিতিতে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো আছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ সন্ত্রাস, নৈরাজ্য বা নাশকতা করতে চাইলে দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, "আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।"

অবস্থান কর্মসূচিতে ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পর চব্বিশের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। ঠিক সেই সময় পতিত স্বৈরাচারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের লেলিয়ে দিয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই মিলে প্রতিবাদ জানাবে এবং তা প্রতিহত করবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, "২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে আত্মাহুতি দেওয়া চৌদ্দশোর অধিক শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ১২ ফেব্রুয়ারির প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, ২৪-এ পরাজিত ও বিতাড়িত একটি বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছে এবং ভবিষ্যতেও থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডরের ১৯ বছর পূর্ণ, এখনো নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সিডরের ১৯ বছর পূর্ণ, এখনো নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আক্রমণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুর ভেঙে পড়েছিল। সেদিন প্রায় দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত অনেক বেড়িবাঁধের সংস্কার করা হয়নি। নতুন করে কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এর ফলে নদীপাড়ের লক্ষাধিক মানুষের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর (বৃহস্পতিবার)। সারাদিন বৃষ্টি চলছিল, রাত ১২টার দিকে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। রাত ২টার দিকে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা শুরু হয়। নদীর জোয়ার এবং প্রলয়ঙ্করী বাতাসের কারণে পিরোজপুর জেলায় প্রায় দেড় লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পাঁচ শতাধিক মানুষের মৃত্যু ঘটে। সেদিন কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানির স্রোত মুহূর্তের মধ্যে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া, মাঝের চরসহ ভান্ডারিয়া, জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার কঁচা নদীপাড়ের মানুষ মারাত্মক ক্ষতির শিকার হন। এছাড়া উপকূলীয় জেলা পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সিডরের কারণে প্রাণহানি ঘটে।

বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়। জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনারও ক্ষতি হয়।

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সিডরের সেই ভয়াবহ দিনে এই ইউনিয়নে প্রাণ হারান ৫৭ জন। বলেশ্বর নদীর তীরবর্তী বেপশাবুনিয়া গ্রামের শিশু রাব্বিও সেদিন ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। ১৯ বছর পরও সন্তান হারানোর সেই বেদনা ভুলতে পারেননি মা হনুফা ও তার পরিবারের সদস্যরা।

ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও সদর উপজেলার নদীপাড়ের মানুষের আতঙ্ক কাটেনি। আজও সেই ভয়াবহ রাতের কথা মনে পড়লে নদীপারের বাসিন্দারা আতঙ্কিত হন। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর দুই তীরে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ গড়ে ওঠেনি। ফলে জোয়ারের পানি কিংবা সামান্য বর্ষাতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়।

মঠবাড়িয়া, জিয়ানগর ও ভান্ডারিয়ার বিভিন্ন জনপদে নদীভাঙন ও অরক্ষিত বেড়িবাঁধের কারণে লক্ষাধিক মানুষ চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বছরগুলো পেরিয়ে গেলেও টেকসই বাঁধ নির্মাণের দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এসব এলাকার মানুষদের।

জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা, সদর উপজেলার কঁচা নদীর পাড় ও মঠবাড়িয়ার কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় সিডরে প্লাবিত হওয়ার অন্যতম কারণ ছিল বেড়িবাঁধ ভেঙে যাওয়া। সিডরের ১৯ বছর পরও অনেক ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হয়নি। সিডরের পর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমসহ পরবর্তী ঘূর্ণিঝড়গুলোতে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীপাড়ের কয়েক লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে উপকূলীয় জেলা পিরোজপুরের বাসিন্দাদের মারাত্মক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের মৃত রাব্বির মা হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’

জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীপাড়ের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সাত সালের বন্যায় আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গেছে। সিডরে আমাগো ঘর ভাইঙ্গা পড়ছে। ঘরের নিচে আমি চাপা পড়ছিলাম। রাত ২টার দিকে অনেক বাতাস শুরু হইছে। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হইয়া গেছে। নদীর পানি অনেক উঁচায় উইঠা গেছে। নদীর বাঁধভাঙা পানিতে সব ঘরবাড়ি তলাইয়া গেছে। আজ পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার হয় নাই।’

একই এলাকার বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘সিডরের পরে আরও অনেক বন্যা হইছে, কিন্তু টেকসই কোনো বাঁধ দেওয়া হয় নাই। এর জন্য প্রতিবছর ঘূর্ণিঝড় হইলেই আমাগো ঘরবাড়ি, চুলা সবকিছু তলাইয়া যায়। আমরা নদীপাড়ে বাস করি। আমাগো যদি ভালো বেড়িবাঁধ না থাকে, তাহলে তো দুর্ভোগ কমবে না।’

পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের নদীপাড়ের মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘আমাগো দুঃখের শেষ নাই। এত পরিমাণ নদীভাঙন, কিন্তু সরকার দেখে না। মাইয়া-পোলা ঠিকমতো স্কুল-মাদ্রাসায় যাইতে পারে না। এ বছর মনে হয় মসজিদটাও আর থাকবে না, নদীতে চলে যাবে। আমাদের এলাকায় ভালো একটা সাইক্লোন সেন্টারও নাই, যে বন্যা হইলে সেইখানে যাইয়া থাকমু। সরকারের কাছে দাবি জানাই, আমাগো একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ কইরা দেওয়া হোক।’

জেলে আজমল খান বলেন, ‘আমাগো এলাকায় আগে অনেক মানুষ থাকত, কিন্তু এখন থাকে না। থাকবে কেমনে? জায়গাজমি যতটুকু ছিল, সব নদীতে চইলা গেছে। সিডরের সময় আমাগো ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। জোয়ার হইলে পানিতে সব তলাইয়া যায়। বন্যার সময় আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। নদীভাঙন যেভাবে হইতাছে, তাতে আর থাকা যাইবে না। মাইয়া-পোলা লইয়া অন্যখানে চইলা যাইতে হবে।’

পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বহু মানুষ মারা গেছেন এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছিল। তিনি সরেজমিন পরিদর্শন করেছেন এবং সিডর-পরবর্তী সময়ে নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত দাঁড়িয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুরের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ‘২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুর জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছিল। এগুলো এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। সামনে সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলমান রয়েছে। এ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই সমীক্ষা প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।’

পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ‘২০০৭ সালে সিডরে পিরোজপুরে অনেক ক্ষতি হয়েছিল। এরপর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার অংশ হিসেবে নেটওয়ার্ক গঠন করা হয়েছে। কোনো ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে যাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া প্রয়োজন, তাদের জন্য জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে, যা সব সময় চালু থাকে। সাইক্লোন সেন্টারসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এ ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত হয়েছে। যেগুলো বাদ পড়েছে, সেগুলো দ্রুত মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে।

পিরোজপুরে সিডরের পর ফণী, আইলা, আম্ফানসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এরপরও অনেক ভাঙা বেড়িবাঁধ সংস্কার হয়নি। ফলে নদীপাড়ের মানুষের দিন কাটছে আতঙ্কে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%