প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আক্রমণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুর ভেঙে পড়েছিল। সেদিন প্রায় দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।
কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত অনেক বেড়িবাঁধের সংস্কার করা হয়নি। নতুন করে কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এর ফলে নদীপাড়ের লক্ষাধিক মানুষের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর (বৃহস্পতিবার)। সারাদিন বৃষ্টি চলছিল, রাত ১২টার দিকে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। রাত ২টার দিকে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা শুরু হয়। নদীর জোয়ার এবং প্রলয়ঙ্করী বাতাসের কারণে পিরোজপুর জেলায় প্রায় দেড় লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পাঁচ শতাধিক মানুষের মৃত্যু ঘটে। সেদিন কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানির স্রোত মুহূর্তের মধ্যে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া, মাঝের চরসহ ভান্ডারিয়া, জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার কঁচা নদীপাড়ের মানুষ মারাত্মক ক্ষতির শিকার হন। এছাড়া উপকূলীয় জেলা পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সিডরের কারণে প্রাণহানি ঘটে।
বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়। জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনারও ক্ষতি হয়।
ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সিডরের সেই ভয়াবহ দিনে এই ইউনিয়নে প্রাণ হারান ৫৭ জন। বলেশ্বর নদীর তীরবর্তী বেপশাবুনিয়া গ্রামের শিশু রাব্বিও সেদিন ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। ১৯ বছর পরও সন্তান হারানোর সেই বেদনা ভুলতে পারেননি মা হনুফা ও তার পরিবারের সদস্যরা।
ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও সদর উপজেলার নদীপাড়ের মানুষের আতঙ্ক কাটেনি। আজও সেই ভয়াবহ রাতের কথা মনে পড়লে নদীপারের বাসিন্দারা আতঙ্কিত হন। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর দুই তীরে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ গড়ে ওঠেনি। ফলে জোয়ারের পানি কিংবা সামান্য বর্ষাতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়।
মঠবাড়িয়া, জিয়ানগর ও ভান্ডারিয়ার বিভিন্ন জনপদে নদীভাঙন ও অরক্ষিত বেড়িবাঁধের কারণে লক্ষাধিক মানুষ চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বছরগুলো পেরিয়ে গেলেও টেকসই বাঁধ নির্মাণের দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এসব এলাকার মানুষদের।
জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা, সদর উপজেলার কঁচা নদীর পাড় ও মঠবাড়িয়ার কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় সিডরে প্লাবিত হওয়ার অন্যতম কারণ ছিল বেড়িবাঁধ ভেঙে যাওয়া। সিডরের ১৯ বছর পরও অনেক ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হয়নি। সিডরের পর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমসহ পরবর্তী ঘূর্ণিঝড়গুলোতে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীপাড়ের কয়েক লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে উপকূলীয় জেলা পিরোজপুরের বাসিন্দাদের মারাত্মক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের মৃত রাব্বির মা হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’
জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীপাড়ের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সাত সালের বন্যায় আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গেছে। সিডরে আমাগো ঘর ভাইঙ্গা পড়ছে। ঘরের নিচে আমি চাপা পড়ছিলাম। রাত ২টার দিকে অনেক বাতাস শুরু হইছে। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হইয়া গেছে। নদীর পানি অনেক উঁচায় উইঠা গেছে। নদীর বাঁধভাঙা পানিতে সব ঘরবাড়ি তলাইয়া গেছে। আজ পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার হয় নাই।’
একই এলাকার বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘সিডরের পরে আরও অনেক বন্যা হইছে, কিন্তু টেকসই কোনো বাঁধ দেওয়া হয় নাই। এর জন্য প্রতিবছর ঘূর্ণিঝড় হইলেই আমাগো ঘরবাড়ি, চুলা সবকিছু তলাইয়া যায়। আমরা নদীপাড়ে বাস করি। আমাগো যদি ভালো বেড়িবাঁধ না থাকে, তাহলে তো দুর্ভোগ কমবে না।’
পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের নদীপাড়ের মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘আমাগো দুঃখের শেষ নাই। এত পরিমাণ নদীভাঙন, কিন্তু সরকার দেখে না। মাইয়া-পোলা ঠিকমতো স্কুল-মাদ্রাসায় যাইতে পারে না। এ বছর মনে হয় মসজিদটাও আর থাকবে না, নদীতে চলে যাবে। আমাদের এলাকায় ভালো একটা সাইক্লোন সেন্টারও নাই, যে বন্যা হইলে সেইখানে যাইয়া থাকমু। সরকারের কাছে দাবি জানাই, আমাগো একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ কইরা দেওয়া হোক।’
জেলে আজমল খান বলেন, ‘আমাগো এলাকায় আগে অনেক মানুষ থাকত, কিন্তু এখন থাকে না। থাকবে কেমনে? জায়গাজমি যতটুকু ছিল, সব নদীতে চইলা গেছে। সিডরের সময় আমাগো ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। জোয়ার হইলে পানিতে সব তলাইয়া যায়। বন্যার সময় আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। নদীভাঙন যেভাবে হইতাছে, তাতে আর থাকা যাইবে না। মাইয়া-পোলা লইয়া অন্যখানে চইলা যাইতে হবে।’
পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বহু মানুষ মারা গেছেন এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছিল। তিনি সরেজমিন পরিদর্শন করেছেন এবং সিডর-পরবর্তী সময়ে নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত দাঁড়িয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুরের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’
পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ‘২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুর জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছিল। এগুলো এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। সামনে সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলমান রয়েছে। এ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই সমীক্ষা প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।’
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ‘২০০৭ সালে সিডরে পিরোজপুরে অনেক ক্ষতি হয়েছিল। এরপর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার অংশ হিসেবে নেটওয়ার্ক গঠন করা হয়েছে। কোনো ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে যাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া প্রয়োজন, তাদের জন্য জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে, যা সব সময় চালু থাকে। সাইক্লোন সেন্টারসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এ ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত হয়েছে। যেগুলো বাদ পড়েছে, সেগুলো দ্রুত মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে।
পিরোজপুরে সিডরের পর ফণী, আইলা, আম্ফানসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এরপরও অনেক ভাঙা বেড়িবাঁধ সংস্কার হয়নি। ফলে নদীপাড়ের মানুষের দিন কাটছে আতঙ্কে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন