ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুবিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তাদের প্রতিবাদ সভা


কুবিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষক-কর্মকর্তাদের প্রতিবাদ সভা

সারাদেশে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি আয়োজন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভায় কর্মচারীদের প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, "সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে যারা দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ নাশকতা করতে চাইলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন মন্তব্য করেন, "বৈশ্বিক এই পরিস্থিতিতে বাংলাদেশ অনেক দেশের চেয়ে ভালো আছে। যারা সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বার্তা দিতেই আমরা এখানে দাঁড়িয়েছি- আমরা এসব বরদাশত করব না। আমরা গার্মেন্টস পোড়ানো বা বাস-ট্রাকে আগুন দেওয়া দেখতে চাই না; বরং দেশ ও ক্যাম্পাসকে স্থিতিশীল এবং অর্থনীতিকে সচল দেখতে চাই। ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। ভবিষ্যতে কেউ সন্ত্রাস, নৈরাজ্য বা নাশকতা করতে চাইলে দেশের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তা সম্মিলিতভাবে প্রতিরোধ করব।"

শিক্ষক সমিতির আহ্বায়ক শামীমা নাসরিন বলেন, "আমরা শিক্ষকরা স্বাধীনভাবে বাঁচতে চাই। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্যায় ও অরাজকতার বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে। আমরা চাই, সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি স্বাভাবিক ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠুক।"

অবস্থান কর্মসূচিতে ছাত্র পরামর্শক ও শিক্ষক সমিতির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন বলেন, "দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার পর চব্বিশের গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। ঠিক সেই সময় পতিত স্বৈরাচারী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে তাদের দোসরদের লেলিয়ে দিয়ে চলন্ত ও দাঁড়িয়ে থাকা বাসে আগুন, ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং পেট্রোল বোমা ফাটিয়ে সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আগামীতে এ ধরনের নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সবাই মিলে প্রতিবাদ জানাবে এবং তা প্রতিহত করবে।"

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, "২৪-এর জুলাই-আগস্ট আন্দোলনে আত্মাহুতি দেওয়া চৌদ্দশোর অধিক শহীদের প্রতি শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করছি। গত ১২ ফেব্রুয়ারির প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশে যে স্থিতিশীলতা ফিরে এসেছে, ২৪-এ পরাজিত ও বিতাড়িত একটি বিশেষ গোষ্ঠী তা নস্যাৎ করার অপতৎপরতা চালাচ্ছে। এরই প্রতিবাদে আজ আমরা এখানে দাঁড়িয়েছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা যেকোনো অন্যায়, অনিয়ম ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে সবসময় সোচ্চার আছে এবং ভবিষ্যতেও থাকবে।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডরের ১৯ বছর পূর্ণ, এখনো নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সিডরের ১৯ বছর পূর্ণ, এখনো নির্মাণ হয়নি টেকসই বেড়িবাঁধ

আজ ১৫ নভেম্বর। ২০০৭ সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আক্রমণে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা পিরোজপুর ভেঙে পড়েছিল। সেদিন প্রায় দেড় লাখ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছিল। চার শতাধিক মানুষের প্রাণহানি ঘটে।

কিন্তু ১৯ বছর পেরিয়ে গেলেও সিডরের আঘাতে ক্ষতিগ্রস্ত অনেক বেড়িবাঁধের সংস্কার করা হয়নি। নতুন করে কোনো টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এর ফলে নদীপাড়ের লক্ষাধিক মানুষের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

২০০৭ সালের ১৫ নভেম্বর (বৃহস্পতিবার)। সারাদিন বৃষ্টি চলছিল, রাত ১২টার দিকে বাতাসের তীব্রতা বাড়তে শুরু করে। রাত ২টার দিকে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা শুরু হয়। নদীর জোয়ার এবং প্রলয়ঙ্করী বাতাসের কারণে পিরোজপুর জেলায় প্রায় দেড় লাখ ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পাঁচ শতাধিক মানুষের মৃত্যু ঘটে। সেদিন কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর পানির স্রোত মুহূর্তের মধ্যে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জেলার মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া, ক্ষ্যাতা চিড়া, মাঝের চরসহ ভান্ডারিয়া, জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা এবং সদর উপজেলার কঁচা নদীপাড়ের মানুষ মারাত্মক ক্ষতির শিকার হন। এছাড়া উপকূলীয় জেলা পিরোজপুর, বাগেরহাট, সাতক্ষীরাসহ বেশ কয়েকটি জেলায় সিডরের কারণে প্রাণহানি ঘটে।

বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, সিডরের আঘাতে পিরোজপুরের সাত উপজেলায় প্রাণ হারান ৪০৯ জন। ক্ষতিগ্রস্ত হন ১১ লাখ ৪৩ হাজার ৮৭১ জন। ৫৪ হাজার ৪১৬টি ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ১১ হাজার ৭৪৬ হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়। জেলার ৭৩ দশমিক ৭০ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ এবং ১৪৭ দশমিক ০৯ কিলোমিটার আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অসংখ্য সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনারও ক্ষতি হয়।

ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ছিল সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি। সিডরের সেই ভয়াবহ দিনে এই ইউনিয়নে প্রাণ হারান ৫৭ জন। বলেশ্বর নদীর তীরবর্তী বেপশাবুনিয়া গ্রামের শিশু রাব্বিও সেদিন ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। ১৯ বছর পরও সন্তান হারানোর সেই বেদনা ভুলতে পারেননি মা হনুফা ও তার পরিবারের সদস্যরা।

ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও পিরোজপুরের মঠবাড়িয়া, জিয়ানগর, ভান্ডারিয়া ও সদর উপজেলার নদীপাড়ের মানুষের আতঙ্ক কাটেনি। আজও সেই ভয়াবহ রাতের কথা মনে পড়লে নদীপারের বাসিন্দারা আতঙ্কিত হন। কঁচা, বলেশ্বর ও সন্ধ্যা নদীর দুই তীরে পর্যাপ্ত ও টেকসই বেড়িবাঁধ গড়ে ওঠেনি। ফলে জোয়ারের পানি কিংবা সামান্য বর্ষাতেই নিম্নাঞ্চল প্লাবিত হয়।

মঠবাড়িয়া, জিয়ানগর ও ভান্ডারিয়ার বিভিন্ন জনপদে নদীভাঙন ও অরক্ষিত বেড়িবাঁধের কারণে লক্ষাধিক মানুষ চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। বছরগুলো পেরিয়ে গেলেও টেকসই বাঁধ নির্মাণের দৃশ্যমান কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রাকৃতিক দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতে হচ্ছে এসব এলাকার মানুষদের।

জিয়ানগর উপজেলার বিভিন্ন এলাকা, সদর উপজেলার কঁচা নদীর পাড় ও মঠবাড়িয়ার কয়েকটি স্থানে ঘুরে দেখা যায়, ঘূর্ণিঝড় সিডরে প্লাবিত হওয়ার অন্যতম কারণ ছিল বেড়িবাঁধ ভেঙে যাওয়া। সিডরের ১৯ বছর পরও অনেক ভাঙা বেড়িবাঁধ মেরামত করা হয়নি। সিডরের পর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এসব বেড়িবাঁধের কারণে বর্ষা মৌসুমসহ পরবর্তী ঘূর্ণিঝড়গুলোতে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদীপাড়ের কয়েক লাখ মানুষ। বেড়িবাঁধ সংস্কার ও টেকসই বাঁধ নির্মাণ না হলে উপকূলীয় জেলা পিরোজপুরের বাসিন্দাদের মারাত্মক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।

জিয়ানগর উপজেলার বেপশাবুনিয়া গ্রামের মৃত রাব্বির মা হনুফা বেগম বলেন, ‘সিডরে আমার সব শেষ হইয়া গেছে। আমার সন্তানকে হারাইছি। বন্যায় আমাগো এলাকার অনেক মানুষ মারা গেছে। সিডরের পরে আরও অনেক ঘূর্ণিঝড় হইছে। ওই সব ঘূর্ণিঝড়ে আমাগো বাড়িঘর তলাইয়া গেছে। গত বছরেও যে বন্যাটা হইছে, গলা সমান পানি হইছে। আমাগো এই জায়গায় কোনো বেড়িবাঁধ নাই। আমাগো বেড়িবাঁধ দরকার।’

জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের কঁচা নদীপাড়ের বাসিন্দা আবুল কালাম বলেন, ‘সাত সালের বন্যায় আমাগো সবকিছু ভাসাইয়া লইয়া গেছে। সিডরে আমাগো ঘর ভাইঙ্গা পড়ছে। ঘরের নিচে আমি চাপা পড়ছিলাম। রাত ২টার দিকে অনেক বাতাস শুরু হইছে। মুহূর্তের মধ্যে সবকিছু ধ্বংস হইয়া গেছে। নদীর পানি অনেক উঁচায় উইঠা গেছে। নদীর বাঁধভাঙা পানিতে সব ঘরবাড়ি তলাইয়া গেছে। আজ পর্যন্ত বেড়িবাঁধ সংস্কার হয় নাই।’

একই এলাকার বাসিন্দা মিনারা বেগম বলেন, ‘সিডরের পরে আরও অনেক বন্যা হইছে, কিন্তু টেকসই কোনো বাঁধ দেওয়া হয় নাই। এর জন্য প্রতিবছর ঘূর্ণিঝড় হইলেই আমাগো ঘরবাড়ি, চুলা সবকিছু তলাইয়া যায়। আমরা নদীপাড়ে বাস করি। আমাগো যদি ভালো বেড়িবাঁধ না থাকে, তাহলে তো দুর্ভোগ কমবে না।’

পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের নদীপাড়ের মসজিদের ইমাম রফিকুল ইসলাম বলেন, ‘আমাগো দুঃখের শেষ নাই। এত পরিমাণ নদীভাঙন, কিন্তু সরকার দেখে না। মাইয়া-পোলা ঠিকমতো স্কুল-মাদ্রাসায় যাইতে পারে না। এ বছর মনে হয় মসজিদটাও আর থাকবে না, নদীতে চলে যাবে। আমাদের এলাকায় ভালো একটা সাইক্লোন সেন্টারও নাই, যে বন্যা হইলে সেইখানে যাইয়া থাকমু। সরকারের কাছে দাবি জানাই, আমাগো একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ কইরা দেওয়া হোক।’

জেলে আজমল খান বলেন, ‘আমাগো এলাকায় আগে অনেক মানুষ থাকত, কিন্তু এখন থাকে না। থাকবে কেমনে? জায়গাজমি যতটুকু ছিল, সব নদীতে চইলা গেছে। সিডরের সময় আমাগো ঘরবাড়ি সব শেষ হয়ে গেছে। জোয়ার হইলে পানিতে সব তলাইয়া যায়। বন্যার সময় আমাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। নদীভাঙন যেভাবে হইতাছে, তাতে আর থাকা যাইবে না। মাইয়া-পোলা লইয়া অন্যখানে চইলা যাইতে হবে।’

পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে বহু মানুষ মারা গেছেন এবং ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রেড ক্রিসেন্ট নিজস্ব ও বিদেশি তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দিয়েছিল। তিনি সরেজমিন পরিদর্শন করেছেন এবং সিডর-পরবর্তী সময়ে নগদ অর্থ বিতরণ করেছেন। এ ছাড়া বিভিন্ন সংস্থা সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দ্রুত দাঁড়িয়েছিল। বর্তমানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুরের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’

পিরোজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রীতম কুমার সরকার বলেন, ‘২০০৭ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে পিরোজপুর জেলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। এর মধ্যে কিছু বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। পরে ইন্দুরকানী ও হুলারহাটের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পুনর্নির্মাণ করা হয়েছিল। এগুলো এফসিডিআই বেড়িবাঁধ নামে পরিচিত। এসব বেড়িবাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অনুন্নয়ন রাজস্ব খাত থেকে শংকরপাশা ও শারিকতলায় কিছু বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। সামনে সন্ধ্যা, কঁচা ও বলেশ্বর নদীর একটি সমীক্ষা পরিচালনার কাজ চলমান রয়েছে। এ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। ওই সমীক্ষা প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পুনর্নির্মাণের সুপারিশ করা হবে।’

পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, ‘২০০৭ সালে সিডরে পিরোজপুরে অনেক ক্ষতি হয়েছিল। এরপর বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতার অংশ হিসেবে নেটওয়ার্ক গঠন করা হয়েছে। কোনো ঘটনা ঘটার ২৪ ঘণ্টার মধ্যে যাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া প্রয়োজন, তাদের জন্য জেলাজুড়ে ৪০০টির বেশি সাইক্লোন সেন্টার রয়েছে, যা সব সময় চালু থাকে। সাইক্লোন সেন্টারসংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। এ ছাড়া সিডরে ক্ষতিগ্রস্ত সড়ক, ঘাট ও বেড়িবাঁধের অনেকাংশ ইতোমধ্যে মেরামত হয়েছে। যেগুলো বাদ পড়েছে, সেগুলো দ্রুত মেরামতের কার্যক্রম গ্রহণ করা হবে।

পিরোজপুরে সিডরের পর ফণী, আইলা, আম্ফানসহ বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এরপরও অনেক ভাঙা বেড়িবাঁধ সংস্কার হয়নি। ফলে নদীপাড়ের মানুষের দিন কাটছে আতঙ্কে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ জেলার সিংগাইরে ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে অবস্থিত মেসার্স আউয়াল ব্রিকস-১ এবং মেসার্স আওয়াল ব্রিকস-৩ নামক দুটি ইটভাটার মালিককে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এ সময় সিংগাইর থানার এসআই মো. রেজাউল করিম-২ তার সঙ্গীয় ফোর্স নিয়ে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এই তথ্য নিশ্চিত করে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


বাইডেন: ট্রাম্পের সঙ্গে সারাদিন গলফ খেলতেন, যদি...

রাজনীতি বা বৈরিতা দূরে সরিয়ে রাখলে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার একটি ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারত। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ট্রাম্পের সঙ্গে হওয়া কথোপকথন এবং তার আসন্ন স্মৃতিকথা ‘প্রমিস মি, আমেরিকা’-তে উঠে আসা বিস্ফোরক ও চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে।

৪৭০ পৃষ্ঠার এই স্মৃতিকথায় বাইডেন তার হোয়াইট হাউসে কাটানো সময়, স্বাস্থ্যগত লড়াই এবং রাজনৈতিক জটিলতার বিভিন্ন দিক তুলে ধরেছেন।

দুই রূপের ডোনাল্ড ট্রাম্প

স্মৃতিকথার শুরুতে বাইডেন তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে তীব্রভাবে আক্রমণ করেছেন। বিশেষ করে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা এবং ২০২০ সালের নির্বাচনের ফল অস্বীকার করার জন্য ট্রাম্পকে দায়ী করে বাইডেন একে ‘যেকোনো প্রেসিডেন্টের দায়িত্বে অবহেলার অন্যতম নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছেন।

তবে বাইডেন জানিয়েছেন, তিনি ট্রাম্পের অন্য একটি রূপও দেখেছেন। ২০২১ সালের ২০ জানুয়ারি, যখন বাইডেন শপথ নেন, তখন ট্রাম্প হোয়াইট হাউসে তার জন্য একটি প্রশংসামূলক ও সৌহার্দ্যপূর্ণ চিঠি রেখে গিয়েছিলেন।

এছাড়া, ২০২৪ সালের নির্বাচনের পর ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে একটি বৈঠক বাইডেনকে বিস্মিত করে। বইয়ের বর্ণনামতে, সেই বৈঠকে ট্রাম্প বাইডেনকে বলেছিলেন, ‘শুনুন জো, যদি রাজনীতি না থাকত, আমি বিশ্বাস করি আমরা ভালো বন্ধু হতে পারতাম। রাজনীতি না থাকলে আমরা আমাদের পুরো সময় একসঙ্গে গলফ খেলে কাটিয়ে দিতাম।’

ট্রাম্পের এই আচরণে বাইডেন কিছুটা স্তম্ভিত হয়ে যান এবং তার মনে হতে থাকে, কথাগুলো যেন কোনো পুরনো বন্ধুর মুখ থেকে শুনছেন।

পুনঃনির্বাচনে দাঁড়ানো এবং সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাইডেন বলেন, তখন কেউ এর প্রতিবাদ করেনি।

বয়স নিয়ে উঠা সমালোচনার জবাবে বাইডেন লিখেছেন, ‘লোকেরা বলে আমি নিজের সঙ্গে প্রতারণা করছিলাম যে আমি এই বয়সে কাজটি করতে পারব। এর জবাবে আমার ভাষ্য হলো—আমি কেবল আমার দায়িত্ব পালন করছিলাম।’

তবে জুনের শেষভাগে ট্রাম্পের সঙ্গে সেই বিতর্কের কথা অকপটে স্বীকার করেছেন ৮৩ বছর বয়সি বাইডেন। তিনি জানান, বিতর্কের সময় তিনি খেই হারিয়ে ফেলেছিলেন এবং ‘আমরা অবশেষে বিগ ফার্মাকে হারিয়েছি’ এর বদলে ভুলবশত বলে ফেলেছিলেন ‘আমরা অবশেষে মেডিকেয়ারকে হারিয়েছি।’

এই বিতর্কের পর ডেমোক্রেটিক পার্টির মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বাইডেন জানান, প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক নেতা ন্যান্সি পেলোসি এবং সিনেটের ডেমোক্রেটিক নেতা চাক শুমারের সঙ্গে তার ব্যক্তিগত বৈঠক হয়, যেখানে তারা তাকে প্রার্থীতা প্রত্যাহার করার অনুরোধ জানান।

ন্যান্সি পেলোসি বাইডেনকে সতর্ক করেছিলেন যে, সব জনমত জরিপ তার পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। শেষ পর্যন্ত প্রবল চাপের মুখে বাইডেন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং কমলা হ্যারিসকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেন। তবে পরবর্তীতে একটি ইতালীয় রেস্তোরাঁয় দুপুরের খাবারের মাধ্যমে ন্যান্সি পেলোসির সঙ্গে তার সেই সম্পর্কের বরফও গলে যায়।

স্মৃতিকথায় বাইডেন ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আচরণে নিজের হতাশার কথাও প্রকাশ করেছেন।

বর্তমানে চতুর্থ ধাপের প্রস্টেট ক্যানসারের সঙ্গে লড়াই করা সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কোভিডের বিরুদ্ধে তার প্রশাসনের লড়াই এবং আফগানিস্তান থেকে বিতর্কিত সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকেও সমর্থনের কথা উল্লেখ করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের পর সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ জর্জে জেসুস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


হারের পর সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ জর্জে জেসুস

ক্রিস্তিয়ানো রোনালদোকে কেন্দ্র করে পর্তুগালের কোচ জর্জে জেসুসের সঙ্গে বিতর্ক যেন শেষ হচ্ছে না। ডেনমার্কের কাছে ঘরের মাঠে ৪-১ গোলে পরাজিত হওয়ার পর সংবাদ সম্মেলনে রোনালদোর প্রসঙ্গ আবার উঠে এসেছে। গ্যালারিতে পর্তুগিজ সমর্থকদের একটি অংশ রোনালদোর নামে স্লোগান দিতে থাকলে, কোচের কাছে প্রশ্ন করা হয়, তিনি কি মাঠে রোনালদোর অভাব অনুভব করেছেন। জেসুস ঠান্ডা ভঙ্গিতে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন।

ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পর্তুগালের চতুর্থ গোল হজমের পর কিছু সমর্থক স্টেডিয়াম ছাড়তে শুরু করেন। এ সময় তাঁদের কণ্ঠে রোনালদোর নাম শোনা যায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রোনালদোকে মিস করার বিষয়ে প্রশ্ন করা হলে, জেসুস বলেন, ‘কীসের অভাব? সে তো আর জাতীয় দলে নেই। তাহলে কীসের অভাব? শুধু আমার সঙ্গে সময় কাটানোর জন্য তার এখানে উপস্থিতিটাই মিস করছি।’

জেসুস পর্তুগালের বড় হারের জন্য রোনালদোর অনুপস্থিতিকে দায়ী করতে রাজি নন। তবে তাঁর এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, জাতীয় দল থেকে রোনালদোর বিদায়ের পেছনে কোচের সঙ্গে সম্পর্কের অবনতির বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচটি ছিল আন্তর্জাতিক ফুটবল থেকে রোনালদোর অবসরের ঘোষণার পর পর্তুগালের প্রথম ম্যাচ। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলের বিশ্বরেকর্ড গড়েছেন। তাঁর নেতৃত্বেই পর্তুগাল ২০১৬ সালে ইউরো এবং ২০১৯ সালে উয়েফা নেশনস লিগ জেতে।

জেসুস ও রোনালদোর সম্পর্কের অবনতি ঘটে আগের আন্তর্জাতিক বিরতির সময়। ওই সময় কোচ রোনালদোকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নেন। এরপর জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয় এবং পরবর্তীতে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রোনালদো।

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে ৪-১ গোলের হার পর্তুগালের নতুন অধ্যায়কে প্রশ্নের মুখে ফেলেছে। তবে এই হারের পরও রোনালদোর অনুপস্থিতিকে দায়ী করতে চাননি জেসুস। বরং তাঁর বক্তব্যে স্পষ্ট, দলের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় সাবেক অধিনায়কের প্রসঙ্গ টানতে তিনি আগ্রহী নন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%