০৩:২৫ এম
‘আমি পরিবার সদস্যদের নিয়ে কক্সবাজার যাচ্ছিলাম। কিন্তু পথে এভাবে আটকা পড়ে বিভীষিকাময় পরিস্থিতিতে পড়তে হবে, কখনও ভাবিনি। কক্সবাজারে বেড়ানোর আনন্দ মাটি হয়ে গেছে। হোটেল বুকিং দিয়েছিলাম, সেই টাকাটাও মার খেয়েছে।’ কথাগুলো বলছিলেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে উদ্বিগ্নভাবে পায়চারি করা পর্যটন এক্সপ্রেসের যাত্রী রহমান মঞ্জুর।
টানা ভারী বৃষ্টির ফলে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায়, প্রায় এক হাজার যাত্রী নিয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায়, তার মতো শত শত যাত্রীর স্বপ্নের ভ্রমণ ভেস্তে গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেই অবস্থান করছিল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়।’
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
যাত্রী ও রেলওয়ে সূত্র জানায়, সকালে যাত্রা শুরু করলেও চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় ট্রেনটি আটকে পড়ে। পরবর্তীতে যাত্রীদের সুবিধার জন্য ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে আনা হলেও, রাত পর্যন্ত কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি।
দীর্ঘ অপেক্ষায় নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় এক হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অনেকেই স্টেশন থেকে শুকনো খাবার কিনে সময় পার করতে বাধ্য হন।
ট্রেনের আরেক যাত্রী আবু নাছের, যিনি ঢাকার রামপুরার বাসিন্দা, বলেন, ‘স্ত্রী ও সন্তানকে নিয়ে অনেক আগেই কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা করেছিলাম। সহজে টিকিট না পাওয়ায় আগেভাগেই টিকিট সংগ্রহ করি। সকালে কমলাপুর স্টেশন থেকে পর্যটন এক্সপ্রেসে যাত্রা শুরু করার পর সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে যাওয়ায় ট্রেনটি থমকে যায়।’
চট্টগ্রামে গত সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত, ২৪ ঘণ্টায় ৪১২ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা ভারী বর্ষণে নগরীর অধিকাংশ নিচু জায়গাগুলোতে হাঁটু থেকে বুকসমান পানি জমে যায়। এই পরিস্থিতির প্রভাব পড়েছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনেও।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রেললাইনে পানি উঠে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস আটকে রয়েছে। রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন