সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১১:১০ এম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, ‘নৈরাজ্য সৃষ্টি করে কিংবা হত্যাকাণ্ডের মাধ্যমে নির্বাচন পেছানোর কোনো সুযোগ দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জনগণ এসব ষড়যন্ত্র প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রবিরোধী সব অপচেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।’ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা যেন নির্বাচন পেছানোর চেষ্টা করতে না পারে, সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, হাদি হত্যাকাণ্ড সেই গভীর ষড়যন্ত্রেরই একটি অংশ হতে পারে। এর সঙ্গে স্বৈরাচারের দোসর এবং গণতন্ত্রবিরোধী শক্তির সংশ্লিষ্টতা থাকার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
তিনি উল্লেখ করেন, ‘দেশে গণতান্ত্রিক যাত্রা যখন নতুন করে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পরিকল্পিতভাবে নৈরাজ্য, হত্যাকাণ্ড ও ভয়ভীতি ছড়ানোর ঘটনা ঘটছে। এর উদ্দেশ্য একটাই-নির্বাচনি পরিবেশ নষ্ট করা এবং জনগণের ভোটাধিকার হরণ করা।’
তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার দিন রাজধানীতে লক্ষাধিক মানুষের ঐতিহাসিক সমাবেশ হবে। সেই সমাবেশ থেকেই দেশের বিরুদ্ধে চলমান সব ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর ও স্পষ্ট বার্তা দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘বিএনপি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই দলের প্রধান লক্ষ্য। যারা হত্যাকাণ্ড ও অস্থিতিশীলতার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লুটতে চায়, তারা জনগণের কাছে চিহ্নিত হয়ে পড়বে।’
হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। কোনো ধরনের ধামাচাপা বা রাজনৈতিক প্রভাব মেনে নেওয়া হবে না।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান সেনানী, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার বীর উত্তম আর আমাদের মাঝে নেই। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যুতে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়ে গেল।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। বিষয়টি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর নিশ্চিত করেছে।
এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সময় গঠিত মুক্তিবাহিনীর উপপ্রধান ছিলেন। যুদ্ধের শুরুতে তিনি পূর্ব পাকিস্তানে পাকিস্তান বিমানবাহিনীর দ্বিতীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে বেরিয়ে এসে তিনি মহান মুক্তিযুদ্ধে যোগদান করেন এবং মুজিবনগর সরকারের অধীনে প্রশিক্ষণ ও সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তে মুক্তিবাহিনীর প্রতিনিধি হিসেবে তিনি উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর তিনি বাংলাদেশের প্রথম বিমানবাহিনী প্রধান হন। তাঁর নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বিমানবাহিনী পুনর্গঠিত হয়। ১৯৭৫ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন।
মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৩ সালে তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করা হয়। পরবর্তীতে ২০১১ সালে তিনি স্বাধীনতা পদক লাভ করেন। তিনি সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
সামরিক জীবনের পর তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। এইচ এম এরশাদের সরকারের সময় তিনি প্রথমবার মন্ত্রীর দায়িত্ব পান। পরে ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পুনরায় মন্ত্রিসভায় যোগ দেন।
এ কে খন্দকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এক শোকবার্তায় তিনি বলেন, “এ কে খন্দকার ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় সৈনিক। তিনি ছিলেন একজন দৃঢ়চেতা মুক্তিযোদ্ধা, সৎ, সাহসী ও আদর্শনিষ্ঠ দেশপ্রেমিক। তাঁর কর্ম, চিন্তা ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
১৯৩০ সালে রংপুরে জন্ম নেওয়া এ কে খন্দকারের আদি নিবাস পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা গ্রামে। তাঁর লেখা ‘১৯৭১ ভেতরে বাইরে’ মুক্তিযুদ্ধের ইতিহাসে আলোচিত ও গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে পরিচিত।
বীর এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে দেশ হারাল এক সাহসী সন্তানকে, আর মুক্তিযুদ্ধের ইতিহাস হারাল এক প্রত্যক্ষ সাক্ষীকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি'র স্মরণে আলোচনা সভা এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল সদর ও শহর শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর আমীর মীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনার সময় বক্তারা দাবি করেন, ওসমান হাদি'র হত্যাকারীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
আলোচনা সভা শেষে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা শহীদ ওসমান হাদি'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, "আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সকল ষড়যন্ত্র ম্লান হয়ে যাবে এবং দেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।"
তিনি শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "একটি চক্রান্তকারী মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত এবং গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।" তিনি উল্লেখ করেন যে, এসব অপচেষ্টার মাধ্যমে তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
তিনি বলেন, "এই কুচক্রি মহল ফ্যাসিবাদের দোসর ও খুনিচক্রের অংশ। হাদি হত্যাকাণ্ডের পেছনেও তাদের হাত রয়েছে।" টুকু দাবি করেন, "ভারত থেকে নির্দেশ দিয়ে শেখ হাসিনা এই ঘটনাটি ঘটিয়েছে।" তিনি বলেন, "ঘটনা ঘটার পরে এটিকে ভিন্নখাতে নেওয়ার জন্য দৃষ্টি ভিন্নদিকে নিয়ে খুনিদের পালানোর ব্যাপারে সহযোগিতা করা হয়েছে বলে আমি মনে করি।"
টুকু মন্তব্য করেন, "যারা ঘটনাটিকে ভিন্নখানে নেওয়ার চেষ্টা করেছে, তারাই মূলত খুনিদের পালিয়ে যেতে সহায়তা করেছে।" তিনি বলেন, "আগামী দিনে দেশে সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই নিশ্চিত করতে চায় জনগণ।" তিনি আশাবাদী যে, "ফ্যাসিবাদের সব দোসরের বিচার এই বাংলাদেশেই হবে ইনশাল্লাহ।"
নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাল্লাহ।" অতীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এবার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
দোয়া মাহফিলে রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংঘের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ. কে. এম. মনিরুল হক (ডিপি মনির)সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী মন্তব্য করেছেন যে, "প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানট-উদীচীতে অগ্নিসংযোগ-ভাঙচুর লুটপাট, সাংবাদিক নূরুল কবীরের উপর হামলা, খুলনায় প্রেস ক্লাবের সভাপতিকে গুলি করে হত্যা এবং ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগে পিটিয়ে হত্যা করে হিন্দু যুবকের লাশে অগ্নি সংযোগের মধ্য দিয়ে মববাজরা প্রমাণ করেছে- শিক্ষা-সংবাদ ও সংস্কৃতি তারা ভয় পায়।" তিনি আরও বলেন, যদি দেশের নেতৃত্ব সত্যিকার দেশপ্রেমিক গোষ্ঠির হাতে থাকতো, তাহলে এতগুলো ঘটনা একসাথে ঘটার সুযোগ পেত না এই দেশ-শিক্ষা-সংস্কৃতি-মানবতা বিরোধী গোষ্ঠি।
মোমিন মেহেদী উল্লেখ করেছেন যে, যদি দেশের জনগণকে মবের হাতে জিম্মি করে এই ধরনের ঘটনা ঘটানো হতো, তাহলে গত ২৪ ঘণ্টায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনা হতো। তিনি দাবি করেন যে, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা উচিত ছিল। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘পুড়ছে দেশ-সমাজ : জাতির করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির ঢাকা মহানগর উত্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ওয়াজেদ রানা। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত পলাশ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আল মামুন মন্ডল, সদস্য শাহানাজ জাহান, নূরুল আজিম প্রমুখ।
নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ আরও মন্তব্য করেছেন যে, তারা দেখেছেন প্রথম আলো, ডেইলি স্টারের পিসিসহ বিভিন্ন মালামাল কারা লুট করেছে। তারা উল্লেখ করেছেন যে, ৫ আগস্টের আগেও ক্ষমতালিপ্সুরা রাজনীতির নামে অপরাজনীতি করেছে এবং এখনও করছে। তারা দৃঢ় বিশ্বাস করেন যে, বাংলাদেশ ও সাধারণ মানুষ অসভ্য-বর্বরদেরকে ৫ আগস্টের চেয়েও ভয়ংকরভাবে পরাজিত করবে। যারা রাজনীতির নামে অপরাজনীতি-দুর্নীতি-সন্ত্রাস চায় না, তাদের বিরুদ্ধে অতীতের ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যদি কোনো গোষ্ঠি দেশকে অস্থিতিশীল করে ফায়দা হাসিল করতে চায়, তাহলে বাংলাদেশের সাহসী জনতা তাদের দাঁত ভাঙ্গা জবাব দেবে বলেই তারা বিশ্বাস করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ