১২:৫০ পি.এম
কানাডার সারে শহরের একটি ওয়ালমার্টের সামনে গুলির আক্রমণে ভারতীয় বংশোদ্ভূত এক দম্পতি নিহত হয়েছেন। গত ১৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে দোকানের পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ২৩ বছর বয়সী গগনপ্রীত (গ্যারি) রেহাল এবং ২৪ বছর বয়সী সুখজিৎ কাউর। তাদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তারা কানাডার ডেল্টা এলাকার অধিবাসী ছিলেন।
আরও পড়ুন: থাইল্যান্ডে রাজতন্ত্র অবমাননায় আইনপ্রণেতার সাজা তিন বছরে কমাল আদালত
কানাডার সমন্বিত হত্যাকাণ্ড তদন্ত দল জানায়, প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পর্ক থাকতে পারে। ঘটনার প্রায় ১৩ মিনিট পর একটি গাড়িতে আগুন লাগার খবর পাওয়া যায়। পুলিশের ধারণা, পুড়ে যাওয়া গাড়িটি হামলাকারীদের ব্যবহৃত গাড়ি হতে পারে।
পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ প্রত্যক্ষদর্শী, সিসিটিভি এবং গাড়ির ক্যামেরায় ধারণ করা ভিডিও থাকলে তা দিয়ে তদন্তে সহায়তা করার জন্য আহ্বান জানিয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন