ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে বিপুল জনসমাগম


সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ পরিদর্শনে বিপুল জনসমাগম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন জাহাজ শনিবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

এ উপলক্ষ্যে ঢাকার সদর ঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলা দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাঁটে বানৌজা অপরাজেয় জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত এ বিশেষ কার্যক্রমে বিভিন্ন বয়সী নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিপুল সংখ্যক দর্শনার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। জাহাজসমূহ পরিদর্শনের মাধ্যমে সাধারণ জনগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ, নৌযানের বিভিন্ন অংশ, নৌবাহিনীর দৈনন্দিন কার্যক্রম ও সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা সম্পর্কে সরাসরি জানার সুযোগ লাভ করেন।

আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

এ সময় নৌবাহিনীর সদস্যগণ দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন এবং তাদের জাহাজ পরিদর্শনে সহযোগিতা প্রদান করেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ নৌবাহিনীর অবদান ও সক্ষমতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলা কবিতায় হেমন্ত: ঋতুর নীরবতা, প্রকৃতির বিষণ্নতা ও কবিতার অন্তর্লোক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


বাংলা কবিতায় হেমন্ত: ঋতুর নীরবতা, প্রকৃতির বিষণ্নতা ও কবিতার অন্তর্লোক

বাংলার ঋতুবৈচিত্র্য কেবল প্রকৃতির রূপান্তর নয়, বরং মানুষের মনোজগতের এক অনন্য বিবর্তনও। ছয় ঋতুর এই দেশে প্রতিটি ঋতু তার নিজস্ব রং, গন্ধ, শব্দ ও অনুভূতি নিয়ে মানুষের জীবন, সংস্কৃতি ও সাহিত্যে প্রবেশ করেছে। বর্ষা কবিতায় প্রেম, বিরহ ও উন্মাতাল আবেগের প্রতীক হিসেবে পরিচিত, বসন্ত নবজাগরণ, সৌন্দর্য ও প্রাণের উৎসবের প্রতীক। হেমন্ত—এটি যেন প্রকৃতির এক নীরব কবিতা, যেখানে প্রাপ্তি ও হারানো, পূর্ণতা ও শূন্যতা, আনন্দ ও বিষণ্নতা পাশাপাশি এসে দাঁড়ায়। বাংলা কবিতায় হেমন্ত তাই শুধু একটি ঋতু নয়, বরং এটি এক গভীর জীবনবোধের নাম।

হেমন্ত শরতের বিদায়ের পর আসে, শীতের আগমনী বার্তা নিয়ে। মাঠে মাঠে ধান পাকে, বাতাসে নতুন ধানের গন্ধ ছড়িয়ে পড়ে। শিশিরে ভিজে ওঠে ঘাস। কুয়াশা ধীরে ধীরে গ্রামবাংলার পথঘাট ঢেকে দেয়। প্রকৃতির এই পরিবর্তন মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে। তবে কোথায় যেন এক অদৃশ্য বিষণ্নতা জমতে থাকে। দিনের আলো ক্রমে ছোট হয়ে আসে, সন্ধ্যা দ্রুত নামে, আর নিস্তব্ধ রাতের বুক চিরে দূরের কোনো পাখির ডাক শোনা যায়। এই দ্বৈত অনুভূতি হেমন্তকে কবিতার জন্য গভীর ও আকর্ষণীয় করে তোলে।

বাংলা কবিতায় প্রকৃতি বরাবরই একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। প্রকৃতি কখনো নিছক দৃশ্যপট হয়ে থাকে না; তা কবির মন, দর্শন, প্রেম, স্মৃতি ও অস্তিত্বের সঙ্গে মিশে নতুন অর্থ ধারণ করে। হেমন্তের প্রকৃতিও কবির কাছে তেমনই। পাকা ধানের ক্ষেত কেবল কৃষকের ফসল নয়, বরং এটি শ্রমের সফলতা, জীবনের প্রাপ্তি এবং সময়ের পূর্ণতার প্রতীক। আবার ঝরে পড়া পাতা, শীতের আগমনী বাতাস কিংবা কুয়াশায় ঢাকা ভোর মানুষের জীবনে ক্ষয়, বিচ্ছেদ ও অনিবার্য পরিবর্তনের কথাও মনে করিয়ে দেয়।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ও গানে ঋতু প্রকৃতির সঙ্গে মানুষের অনুভূতির এক গভীর সম্পর্ক তৈরি করেছে। তার সৃষ্টিতে প্রকৃতি কখনো মানুষের অন্তরের ভাষা, কখনো সৌন্দর্যের উপলব্ধি, কখনো জীবন ও মৃত্যুর দর্শন। শরৎ, শীত ও ঋতু পরিবর্তনের নানা অনুষঙ্গের মধ্য দিয়ে যে প্রকৃতিচেতনা তার সাহিত্যে প্রকাশিত হয়েছে, তা হেমন্তকেও নতুনভাবে অনুভব করার পথ তৈরি করে। রবীন্দ্রসাহিত্যে ঋতুর সৌন্দর্য কেবল চোখে দেখার বিষয় নয়, বরং এটি হৃদয়ে উপলব্ধি করার বিষয়। প্রকৃতির পরিবর্তনের মধ্যে তিনি জীবনের চিরন্তন প্রবাহ খুঁজেছেন।

জীবনানন্দ দাশের কবিতায় বাংলার প্রকৃতি এক স্বতন্ত্র মায়াময় জগৎ হয়ে উঠেছে। তার কবিতায় বাংলার মাঠ, ঘাস, পাখি, নদী, কুয়াশা, সন্ধ্যা ও নিস্তব্ধতা পাঠককে এক গভীর অনুভূতির কাছে নিয়ে যায়। জীবনানন্দের প্রকৃতির মধ্যে এক ধরনের নির্জনতা বিদ্যমান, যা মানুষকে নিজের ভেতরে ফিরে যেতে শেখায়। হেমন্তের আবহ তার কবিতার প্রকৃতিচেতনার সঙ্গে বিশেষভাবে সামঞ্জস্যপূর্ণ। কারণ হেমন্তের প্রকৃতির মধ্যেও নিঃশব্দ বিষণ্নতা, স্মৃতির আবেশ, একাকিত্ব এবং অদ্ভুত এক সৌন্দর্য বিদ্যমান। তার কবিতার প্রকৃতি যেন দৃশ্যমান জগতের পাশাপাশি অদৃশ্য অনুভূতিরও দরজা খুলে দেয়।

হেমন্তের কবিতায় গ্রামবাংলার কৃষিজীবন বিশেষ গুরুত্ব বহন করে। ধান কাটা, গোলায় ধান তোলা, নতুন চালের গন্ধ, কৃষকের মুখে তৃপ্তির হাসি—এসব বাংলার জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কবিরা এই দৃশ্যের মধ্যে খুঁজে পান মাটির সঙ্গে মানুষের সম্পর্ক, শ্রমের মর্যাদা এবং জীবনের সহজ আনন্দ। হেমন্ত তাই একদিকে ফসলের উৎসব, অন্যদিকে জীবনের সংগ্রামের সার্থকতা। কৃষকের ঘরে নতুন ধান ওঠার আনন্দে যে সামাজিক ও সাংস্কৃতিক আবেগ মিশে থাকে, তা বাংলা কবিতাকে দিয়েছে এক গভীর দেশজ ভিত্তি।

আবার হেমন্ত মানেই শুধু ফসল, আনন্দ কিংবা উৎসব নয়। এই ঋতুর মধ্যে লুকিয়ে আছে হারানোর অনুভূতি। গাছের পাতা ঝরে যায়, প্রকৃতি ধীরে ধীরে রুক্ষ হয়ে ওঠে, রাত দীর্ঘ হয়, মানুষের শরীরে শীতের স্পর্শ লাগে। এই পরিবর্তন কবিকে জীবনের ক্ষণস্থায়িত্বের কথা ভাবায়। যৌবন, প্রেম, সৌন্দর্য, সম্পর্ক—সবকিছুই সময়ের সঙ্গে বদলে যায়। হেমন্তের ঝরে পড়া পাতা যেন মানুষের জীবন থেকে হারিয়ে যাওয়া মুহূর্তগুলোর প্রতীক। কবি সেই হারানোর মধ্যে সৌন্দর্য, কখনো বিষাদ, কখনো আত্মোপলব্ধি খুঁজে পান।

বাংলা লোকসাহিত্য ও লোকগানেও হেমন্তের রয়েছে বিশেষ আবেদন। গ্রামীণ জীবনের ঋতুচক্র, কৃষিকাজ, নবান্ন, পারিবারিক আনন্দ এবং প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক লোকগানের নানা ধারায় প্রকাশ পেয়েছে। বিশেষ করে নবান্নকে কেন্দ্র করে বাংলার লোকজ সংস্কৃতিতে যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি হয়, তা হেমন্তকে মানুষের জীবনঘনিষ্ঠ ঋতুতে পরিণত করেছে। এই ঋতুতে প্রকৃতি যেন মানুষকে তার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। মাটির গন্ধ, নতুন ধানের চাল, পিঠাপুলির আয়োজন, আত্মীয়স্বজনের মিলন—এসবের মধ্যে কবিতা খুঁজে পায় জীবনের সহজ অথচ গভীর সৌন্দর্য।

আধুনিক বাংলা কবিতায় হেমন্তের অনুভূতি আরও বহুমাত্রিক। নগরজীবনের ব্যস্ততা, যান্ত্রিকতা ও বিচ্ছিন্নতার মধ্যেও কবি হেমন্তের কুয়াশা, নীরবতা কিংবা পাতা ঝরার শব্দে আত্মিক আশ্রয় খুঁজে নিতে চান। প্রকৃতি যেন তাকে স্মরণ করিয়ে দেয়, মানুষের জীবন কেবল অর্জন ও প্রতিযোগিতার নয়; এটি অনুভব, অপেক্ষা, স্মৃতি এবং নীরবতারও। হেমন্ত সেই নীরবতার ঋতু, যেখানে মানুষ নিজের সঙ্গে কথা বলতে পারে, পুরোনো দিনের স্মৃতি ফিরে দেখতে পারে এবং জীবনের অনিবার্য পরিবর্তনকে মেনে নেওয়ার শিক্ষা পায়।

বাংলা কবিতায় হেমন্তের সৌন্দর্য মূলত তার সংযমে নিহিত। বসন্তের মতো উচ্ছ্বাস নেই, বর্ষার মতো প্রবল আবেগ নেই, গ্রীষ্মের মতো তীব্রতা নেই। বরং এখানে রয়েছে এক মৃদু, ধীর ও গভীর অনুভব। হেমন্ত যেন জীবনের এমন এক সময়, যখন মানুষ অনেক কিছু পাওয়ার পর ফিরে তাকায়, অনেক কিছু হারানোর পর উপলব্ধি করে, এবং নীরবে নিজের অস্তিত্বকে চিনতে শেখে।

হেমন্তের মাঠে পাকা ধানের সোনালি রং যেমন জীবনের পূর্ণতার কথা বলে, তেমনি কুয়াশাচ্ছন্ন ভোর ও ঝরে পড়া পাতার নীরবতা মনে করিয়ে দেয়—প্রাপ্তির পাশাপাশি হারানোও জীবনের সত্য। এই দুই সত্যের সমন্বয়ে হেমন্ত হয়ে ওঠে বাংলা কবিতার এক গভীর, মানবিক ও দার্শনিক ঋতু। প্রকৃতির এই নীরব রূপান্তরের মধ্যে কবি খুঁজে পান জীবনকে বোঝার ভাষা, আর পাঠক খুঁজে পান নিজের হৃদয়ের অজানা অনুভূতির প্রতিধ্বনি।

হেমন্ত তাই বাংলা কবিতায় কেবল একটি ঋতুর নাম নয়; এটি মাটির ঘ্রাণ, স্মৃতির আবেশ, জীবনের পূর্ণতা, হারানোর বেদনা এবং নীরবে সুন্দর হয়ে ওঠার এক অনন্ত কবিতার নাম।

লেখক : কবি ও সঙ্গীশিল্পী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরের দুই শিশুর কুরআন হেফজে অনন্য কৃতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫২ পি.এম


চাঁদপুরের দুই শিশুর কুরআন হেফজে অনন্য কৃতিত্ব

পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করা একটি শিক্ষার্থীর জন্য দীর্ঘ সময়ের সাধনা, অধ্যবসায় ও একাগ্রতার বিষয়। চাঁদপুরের দুই শিশু শিক্ষার্থী এই কঠিন সাধনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।

একজন শিক্ষার্থী মাত্র ৯ মাস ১০ দিনে এবং অন্যজন ১৪ মাসে সম্পূর্ণ কুরআন মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসাসংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দ্রুততম সময়ে কুরআন হিফজ সম্পন্ন করা দুই শিক্ষার্থী হলেন মোহাম্মদ হোসাইন আহমদ ও মোহাম্মদ ইকরাম প্রধানীয়া। তারা দুজনই চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকার জামিয়া ইসলামিয়া ফজলুল উলুম মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের শিক্ষার্থী।

মাদরাসা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হোসাইন আহমদ মাত্র ৯ মাস ১০ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ সম্পন্ন করেছে। অন্যদিকে, মোহাম্মদ ইকরাম প্রধানীয়া সম্পূর্ণ কুরআন হিফজ করতে সময় নিয়েছে ১৪ মাস। অল্প বয়সে তাদের এই অসাধারণ অর্জন শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

মাদরাসার পরিচালক মাওলানা আল আমিন জানান, কোমলমতি শিক্ষার্থীদের হাফেজ হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটিতে স্নেহ, মমতা, যত্ন ও আন্তরিকতার সঙ্গে পাঠদান করা হয়। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ইলম, আমল ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, পুলিশ জানাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৩ পি.এম


নাশকতার অভিযোগে যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার, পুলিশ জানাল

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা কমিটির দফতর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে পাপিয়া সুলতানাকে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের হিসাবের নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ন্যূনতম মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের হিসাবের নতুন বিতর্ক

পোশাক কারখানায় কর্মরত ৪র্থ গ্রেডের শ্রমিকদের মজুরি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশি ও আন্তর্জাতিক ফোরামে আলোচনা হচ্ছে যে, এই গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে বাস্তবে একজন শ্রমিক মাস শেষে ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও হাজিরা বোনাসসহ ১৯ হাজার ৫২০ টাকা নিয়ে যান। পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের গড় মজুরি ২২ হাজার টাকা, যা বাংলাদেশের অন্যান্য শিল্পখাতের তুলনায় বেশি।

২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকের মাসিক মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ করলে তার হাতে পাওয়া অর্থ প্রায় ১৯ হাজার ৫২০ টাকা হয়। প্রথম গ্রেডের শ্রমিকের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ২৩ হাজার ৬৬০ টাকা। সব গ্রেডের শ্রমিকের গড় টেক-হোম বেতন প্রায় ২২ হাজার ৫১ টাকা।

গার্মেন্টস মালিকরা এই হিসাব সামনে এনে বলছেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরি বিবেচনা করলে শ্রমিকদের প্রকৃত আয় ও ব্যয়ের চিত্র সম্পূর্ণরূপে উঠে আসে না। তারা জানান, ওভারটাইম ও অন্যান্য সুবিধা সব শ্রমিকের জন্য সমান নয়। তাই টেক-হোম আয়ের হিসাবের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, শ্রমিকের পরিবারের সদস্যসংখ্যা এবং নিয়মিত আয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত।

মূল্যস্ফীতির চাপের কারণে শ্রমিকরা উদ্বিগ্ন, এবং মালিকরা সক্ষমতা নিয়ে চিন্তিত। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, এবং সব গ্রেডের গড় মজুরি ২২,০৫১ টাকা। বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়ন ও হাজিরা বোনাস যোগ করলে টেক-হোম দাঁড়ায় ২৩ হাজার ৬৬০ টাকা।

গ্রেড-২ শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা। আর গ্রেড-৪ শ্রমিকের মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা, টেক-হোম ১৯ হাজার ৫২০ টাকা। এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড়, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস ধরা হয়েছে। তবে বাস্তবে কারখানা, কাজের ধরন ও ওভারটাইমের সুযোগভেদে শ্রমিকের আয় কম-বেশি হতে পারে।

অন্য শিল্পখাতের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা, টেইলারিং শিল্পে ৭ হাজার ২৭৫ টাকা, ডাইস ও কেমিক্যাল শিল্পে ১৪ হাজার টাকা (প্রস্তাবিত) এবং চামড়া ও পাদুকা শিল্পে ১১ হাজার ৯০০ টাকা (প্রস্তাবিত)। সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছর পর ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে পোশাক খাতের শ্রমিকদের মজুরি গত ১৬ বছরে ৩১৬.৬৭ শতাংশ বেড়েছে।

শিল্পের সক্ষমতা ক্রমশ কমছে। গত ৩ বছরে শিল্প ক্রমশ তার সক্ষমতা হারাচ্ছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও রপ্তানি মূল হ্রাসের কারণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ। অন্যদিকে, শিল্পের উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। বিদ্যুতের দাম ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে। ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২–১৬ শতাংশ হয়েছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ।

গত ৫ অর্থবছরে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।

গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী গ্রেড-১ শ্রমিকের মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা। শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা। মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিতে পারে বলে আলোচনা রয়েছে। মালিকদের যুক্তি, আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে। উৎপাদন ব্যয় বেড়েছে। এ অবস্থায় বড় অঙ্কের মজুরি বৃদ্ধি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি করতে পারে।

মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের মজুরি পরিশোধের সক্ষমতা নিয়ে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের দাবি ও মালিকদের পালটা প্রস্তাবের মধ্যকার দর-কষাকষির পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন। খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত ক্রয়ক্ষমতা, অন্যদিকে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি শিল্পের কর্মসংস্থান ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তথ্যভিত্তিক সমঝোতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজিএমইএ’র তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরের ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে এক হাজার ৭৮টি কারখানা, যা বিজিএমইএ’র সদস্যের প্রায় ৫৭ শতাংশ। ২১ শতাংশ কারখানা ১০-২৫ মিলিয়ন ডলার রপ্তানি করে। এই ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির কারখানার আর্থিক সক্ষমতা অনেক কম। এসব কারখানার সাথে জড়িত আছে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এবং অনেক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।

একাধিক গার্মেন্ট মালিক যুগান্তরকে জানিয়েছেন, মাসিক নূন্যতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে প্রায় ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে। ফলে এসব কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে এবং প্রায় ১০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়বে। কোনো অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক ধ্বস বয়ে আনবে। নানা কারণে ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় এক লাখ ৭৫ হাজার জন শ্রমিক।

তারা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মাঝে একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো ঠিক করতে হবে। যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে। কারণ শ্রমিক আর শিল্প- কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%