ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৬ : দেশের উচ্চশিক্ষার সর্ববৃহৎ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও নগর কার্যালয়ের ভবনগুলোতে ব্যানার স্থাপন করা হবে, বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে এবং কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

আজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৯৯২ সালের ২০ অক্টোবর মহান জাতীয় সংসদে ৩৭ নম্বর আইন পাসের মাধ্যমে এবং পরদিন গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের সাধারণ মানুষের জন্য উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চাপ কমানো এবং জেলা-উপজেলা পর্যায়ে কলেজশিক্ষার সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করার উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি আইন সংশোধনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

প্রতিষ্ঠার পর থেকে এই প্রতিষ্ঠানটি দেশের প্রত্যন্ত অঞ্চলের বিশেষত মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও প্রান্তিক পরিবারের তরুণ-তরুণীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে এবং এক লাখেরও বেশি শিক্ষক কর্মরত আছেন।

দেশের সামগ্রিক উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় পরিচালিত হয়। এ পর্যন্ত এক কোটিরও বেশি স্নাতক ডিগ্রিধারী তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যারা দেশ-বিদেশে শিক্ষা, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাক্রমের আধুনিকীকরণ, শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের আওতা বৃদ্ধি, সেশনজট নিরসন এবং গবেষণা কার্যক্রমের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাদুল্লাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


সাদুল্লাপুরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবের নবমী তিথিতে জেলা পরিষদের প্রশাসক ড. ময়নুল হাসান সাদিক এবং পুলিশ সুপার জসিম উদ্দিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে তারা সাদুল্লাপুর শহরের কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপ এবং ভূমি অফিস চত্বরের সার্বজনীন পূজামণ্ডপসহ আশপাশের একাধিক মণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা পরিষদ প্রশাসকের পক্ষ থেকে ভূমি অফিস চত্বরের সার্বজনীন পূজামণ্ডপে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। কেন্দ্রীয় বারোয়ারি পূজামণ্ডপে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে ৫৩টি শাড়ি বিতরণ করা হয়।

এ সময় পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তাব্যবস্থা এবং সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির বিষয়টি খতিয়ে দেখেন শীর্ষ কর্মকর্তারা। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে তারা খোঁজখবর নেন।

পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, সাদুল্লাপুর থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস সালাম মিয়া, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত চন্দ্র অধিকারী, জেলা তাঁতী দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন পল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন এবং মহিলা দলের আহ্বায়ক রিতু আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন সুন্দরবন ও মোংলা বন্দর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন সুন্দরবন ও মোংলা বন্দর

সুন্দরবন এবং মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হেলিকপ্টার থেকে তিনি হিরণ পয়েন্ট এবং সুন্দরবন পর্যবেক্ষণ করবেন, পাশাপাশি বন্দরের জেটি এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শন করবেন। নির্বাচনের পর সরকারের প্রধানের এই সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন, পাশাপাশি মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের সুযোগ রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সরেজমিনে গুরুত্বপূর্ণ এসব স্থান পরিদর্শন করবেন।

সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ শেষে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় প্রস্তাবিত এলএনজি টার্মিনালের সম্ভাবনাও আলোচনায় আসবে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নলিয়ানে প্রস্তুতি চলছে, এবং স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং দায়িত্বশীলরা।

নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী নির্ধারিত সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দরের জেটি পরিদর্শন করবেন। সফরের সময় বন্দরের কার্যক্রমের পাশাপাশি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনের গুরুত্বও উঠে আসবে। বন্দরের ব্যবহার বাড়ানোর সঙ্গে বিনিয়োগ এবং কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও সফরে গুরুত্ব পাচ্ছে।

দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, "প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো পোগ্রাম হবে না। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

এদিকে, দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এই অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। নির্বাচনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে আশা সংশ্লিষ্টদের।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে সন্ত্রাসীদের হামলা, ভাঙচুর ও লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের গুদাম ও কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে দুর্বৃত্তদের দ্বারা। অভিযোগ রয়েছে যে, জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমনকে দিতে হবে বলে হুমকি দেওয়া হয়েছে। হামলাকারীরা এ সময় কয়েক লাখ টাকার পণ্য, ল্যাপটপ, সিসিটিভি ক্যামেরা এবং ফুটেজ সংরক্ষণের যন্ত্র খুলে নিয়ে যায়। এই ঘটনার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজসংলগ্ন প্রতিষ্ঠানটির কার্যালয়ে এই ঘটনা ঘটে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সন্ধ্যায় শতাধিক ব্যক্তি কার্যালয়ের সামনে জড়ো হন। প্রথমে তাঁরা আশপাশের বাড়ির সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেন। পরে মুখোশ ও হেলমেট পরা একদল ব্যক্তি দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। তাঁরা নিরাপত্তাকর্মীদের হুমকি দিয়ে গুদামে ঢুকে সিসিটিভি ক্যামেরা ও ডিভিআর খুলে নেন। এরপর কার্যালয়ের আসবাব ভাঙচুর করে এবং কয়েকটি ল্যাপটপসহ বিভিন্ন পণ্য লুট করে নিয়ে যান।

এ জে আর গ্রুপের কর্মকর্তারা জানান, প্রায় দুই বছর আগে শিকদার গ্রুপের কাছ থেকে চুক্তির মাধ্যমে জমিটি ভাড়া নেয় এ জে আর কুরিয়ার সার্ভিস। সেখানে প্রতিষ্ঠানটির প্রধান গুদাম ও কার্যালয় নির্মাণ করা হয়। চুক্তি অনুযায়ী এত দিন শিকদার গ্রুপকে নিয়মিত ভাড়া দিয়ে আসছিল প্রতিষ্ঠানটি।

কর্মকর্তাদের অভিযোগ, হামলাকারীরা দাবি করেন, শিকদার গ্রুপের মালিকের সঙ্গে তাঁদের কথা হয়েছে। এখন থেকে জমির ভাড়া শীর্ষ সন্ত্রাসী ইমনকে দিতে হবে। অন্যথায় সেখানে ব্যবসা করতে দেওয়া হবে না বলে নিরাপত্তাকর্মীদের হুমকি দেন তাঁরা। তবে শিকদার গ্রুপের মালিকের সঙ্গে হামলাকারীদের কথিত যোগাযোগের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আরও জানান, এই গুদাম ও কার্যালয় থেকে প্রতিদিন প্রায় ৪০০টি গাড়ির মাধ্যমে সারা দেশে পণ্য পরিবহন করা হয়। হামলা ও লুটপাটের পর কার্যক্রম বন্ধ থাকায় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম ব্যবহার করে একটি দল কার্যালয়ে ভাঙচুর ও হুমকি দিয়েছে বলে জানা গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কাউকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান: শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


ইরান: শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পূর্বে ওয়াশিংটনকে আস্থা পুনর্গঠনের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই উল্লেখ করেছেন যে, ইরানের সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে না।

মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে রেজাই এই অবস্থান তুলে ধরেন। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আস্থার সংকট দূর করার ওপর গুরুত্বারোপ করছে।

গত মাসে কাতারের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত পাঠিয়েছিল। এসব শর্তের মধ্যে রয়েছে সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা, জব্দ করা ইরানি অর্থ ছাড় দেওয়া এবং দেশের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা। এছাড়া নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ অন্যান্য দাবি আলোচনার অন্তর্ভুক্ত।

ইরান দাবি করেছে, ওয়াশিংটনের জবাব তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। রেজাইয়ের মতে, যুক্তরাষ্ট্রকে আগে আস্থা পুনর্গঠনের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি উল্লেখ করেছেন, এই বিষয়ে ইরানের জনগণ ও কর্মকর্তাদের মধ্যে ঐকমত্য বিদ্যমান।

এদিকে, মঙ্গলবার তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও কূটনৈতিক মধ্যস্থতার বিষয়টি আলোচনা করা হয়। পাকিস্তান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ তৈরিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে নেওয়ার মার্কিন দাবিও রেজাই প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের এক গ্রামও ইরান থেকে সরানো হবে না। তাঁর মতে, এসব পারমাণবিক উপাদান ইরানের সম্পদ এবং তা দেশের ভেতরেই থাকবে।

যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ দুই দেশের আলোচনার অন্যতম প্রধান বাধা হিসেবে কাজ করছে। যুক্তরাষ্ট্র ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করার দাবি জানিয়ে আসছে, অন্যদিকে তেহরান নিজেদের পারমাণবিক কর্মসূচি ও সমৃদ্ধ ইউরেনিয়ামের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে অনড়।

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়েও দুই দেশের মধ্যে মতপার্থক্য বিদ্যমান। ইরান বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারসহ নিজেদের শর্ত পূরণের ওপর জোর দিচ্ছে। ফলে পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা চললেও দুই দেশের মধ্যে আলোচনা কবে শুরু হবে, তা এখনো অনিশ্চিত। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%