প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুন্দরবন এবং মোংলা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
হেলিকপ্টার থেকে তিনি হিরণ পয়েন্ট এবং সুন্দরবন পর্যবেক্ষণ করবেন, পাশাপাশি বন্দরের জেটি এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শন করবেন। নির্বাচনের পর সরকারের প্রধানের এই সফরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ এবং পর্যটন, পাশাপাশি মোংলা বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগের সুযোগ রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সরেজমিনে গুরুত্বপূর্ণ এসব স্থান পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, ২২ অক্টোবর হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ শেষে দাকোপের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় প্রস্তাবিত এলএনজি টার্মিনালের সম্ভাবনাও আলোচনায় আসবে।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নলিয়ানে প্রস্তুতি চলছে, এবং স্থানীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য এবং দায়িত্বশীলরা।
নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী নির্ধারিত সভায় অংশ নেবেন। এরপর তিনি বন্দরের জেটি পরিদর্শন করবেন। সফরের সময় বন্দরের কার্যক্রমের পাশাপাশি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনের গুরুত্বও উঠে আসবে। বন্দরের ব্যবহার বাড়ানোর সঙ্গে বিনিয়োগ এবং কর্মসংস্থান সম্প্রসারণের সম্ভাবনাও সফরে গুরুত্ব পাচ্ছে।
দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান জানান, "প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসছেন ২২ অক্টোবর। এটা সরকারি সফর। স্থানীয় কোনো পোগ্রাম হবে না। তবুও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা এবং প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। এখানকার মানুষ প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।"
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক কিংবা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।
এদিকে, দুই সপ্তাহ পর, আগামী ৫ নভেম্বর ফের খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ওই দিন জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে সুন্দরবন পর্যবেক্ষণ, বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, এক সফরে যুক্ত হচ্ছে এই অঞ্চলের প্রকৃতি, বাণিজ্য ও বিনিয়োগের গুরুত্বপূর্ণ তিন ক্ষেত্র। নির্বাচনের পরে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর খুলনা ও মোংলা সফর এই অঞ্চলে বিনিয়োগ ও অর্থনীতিতে নতুন দ্বার উন্মোচন করবে আশা সংশ্লিষ্টদের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন