ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পলাতক আ.লীগ নেতার বাড়িতে শ্রমিক নেতারা কী করছিলেন?


পলাতক আ.লীগ নেতার বাড়িতে শ্রমিক নেতারা কী করছিলেন?

সাভার ও আশুলিয়ায় তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় পুলিশ পাঁচজন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দুজন ধরা পড়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক এক সংসদ সদস্যের (এমপি) বাড়ি থেকে।

সাভার ও আশুলিয়া থানায় দায়ের করা ১৯টি মামলায় মোট ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকালে ঢাকা জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য প্রকাশ করে।

আরও পড়ুন: বিমান বাহিনী মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সংবর্ধনা দিল

এতে জানানো হয়, গত ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত শ্রমিক অসন্তোষের কারণে পুলিশের সাতটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে। এসব ঘটনায় শিল্প ও জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য আহত হয়েছেন। শ্রমিকদের মধ্যে শতাধিক আহত হয়েছেন।

পুলিশ জানায়, হেমায়েতপুরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও সদস্যদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়েছেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোছাম্মৎ সুলতানা বেগম এবং সাধারণ সম্পাদক মো. ইলিয়াস। তাদেরকে রাজধানীর মিরপুর এলাকার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত সাবেক এক সংসদ সদস্যের মালিকানাধীন বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আশুলিয়ার ঘোষবাগে পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।

পুলিশের দাবি, গ্রেপ্তার নেতারা সাধারণ শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে সহিংসতা ছড়ানোর চেষ্টা করেছেন এবং নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি কিংবা সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং এসব ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: ফরিদপুরে আগুনে বাবার মৃত্যু, পারিবারিক বিরোধের অভিযোগ

এদিকে, রোববার শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে। দুপুর পর্যন্ত কোথাও কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলনের খবর পাওয়া যায়নি। এর আগে, সকালে শ্রমিকদের নিজ নিজ কারখানায় কাজে যোগ দিতে দেখা গেছে। শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও অব্যাহত রয়েছে।

তবে শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু পোশাক কারখানা বন্ধ রয়েছে। ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারায় ২১টি কারখানা বন্ধ এবং ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ তুললেন রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


নড়াইলে সহিংসতায় মাশরাফির অর্থায়নের অভিযোগ তুললেন রাশেদ খান

নড়াইলে সহিংসতার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে ইন্ধন দেয়ার অভিযোগ উত্থাপন করেছেন।

রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খান উল্লেখ করেন, মাশরাফি বিন মর্তুজা নিয়মিত নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের কাছে টাকা পাঠান। তিনি দাবি করেন, সন্ত্রাসীদের মাধ্যমে সর্বশেষ তাণ্ডবও মাশরাফি পরিচালনা করেছেন। গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতা তার বাড়িতে হামলা চালানোর কারণে, সেই ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন। এই কারণে তিনি সর্বোচ্চ অর্থ ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছেন।

তিনি আরো বলেন, মাশরাফির চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে যে, মাশরাফি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশ দেননি। রাশেদ খান প্রশ্ন করেন, "এ কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দিইনি! কেন বলছেন না?"

মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খান বলেন, "মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণ-অভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছেন। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিলেন।"

তিনি বলেন, মাশরাফি বিন মর্তুজা মনে করছেন, ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে। সেই ভরসায় তিনি দুই বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। রাশেদ খান প্রশ্ন তুলেন, "যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারেন, তার নির্দেশনায় দুজন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?" তিনি দাবি করেন, মাশরাফির যদি কোনও মনুষ্যত্ব থাকত, তাহলে গণ-অভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন, কিংবা গণ-অভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন। কিন্তু তিনি লোভী, ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসবে, আপা তাকে মন্ত্রী বানাবে, এই আশায় বুক বেঁধে আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জিডিপিতে অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।

তিনি উল্লেখ করেন, ‘পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’

রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য।’

তিনি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য জানিয়ে বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।

তিনি জানান, সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা করছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী চার বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।

তিনি উল্লেখ করেন, কর্মসংস্থান ও জিডিপিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে। এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।

প্রধানমন্ত্রী ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

তিনি জানান, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি বলেন, এসব পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও যথাযথ প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও সরকার আন্তরিকভাবে সহযোগিতা করবে।

প্রধানমন্ত্রী বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।

তিনি সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই পণ্যের অর্ডার দিতে চেয়েছেন। কিন্তু অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা সেখানেই থাকে।

তিনি আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তারা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বাজারজাত করছেন।

তিনি বলেন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তাভাবনা করছে।

তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন।

মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


নতুন সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট

ইসরাইলে জোট সরকার গঠনের আলোচনা শুরু করতে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকোট। নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকোট শনিবার (২১ নভেম্বর) তার মধ্যপন্থি ইয়াশার পার্টির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন। আলোচনা রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

ইয়াশার পার্টি একটি বিবৃতিতে জানিয়েছে, বৃহত্তর পরিসরে সরকার গঠনের আন্তরিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সাবেক সেনাপ্রধান আইজেনকোটকে চলতি মাসের শুরুতে ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোন পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়।

আইজেনকোটের শিবিরের মধ্যে সরকার গঠনের জন্য কাদের সঙ্গে জোট গঠন করা হবে, সে বিষয়ে মতবিরোধ রয়েছে। অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন নেওয়া, অথবা নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিকল্পগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে।

ইয়াশার জানিয়েছে, নতুন সরকার গঠনের সম্ভাবনা যাচাই করতে আইজেনকোট দলের আলোচনাকারী প্রতিনিধিদলকে লিকুদ পার্টির সঙ্গে ধারাবাহিক বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, আইজেনকোট জোটের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকোটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার দল নেতানিয়াহু বা তার নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, দলীয় কার্যালয় খুললো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, দলীয় কার্যালয় খুললো

গোপালগঞ্জের মুকসুদপুরে দীর্ঘদিনের নীরবতা ভেঙে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন এবং দলীয় কার্যালয় খুলেছেন।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথমে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দলীয় ব্যানার টাঙানো হয়। এরপর কার্যালয় থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মদ মুক্তসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন পর দলীয় কার্যালয় খুলে নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে মুকসুদপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। তবে এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা আলোচনা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%