০৪:০৭ পি.এম
ইসরাইলে জোট সরকার গঠনের আলোচনা শুরু করতে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন গাদি আইজেনকোট। নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত আইজেনকোট শনিবার (২১ নভেম্বর) তার মধ্যপন্থি ইয়াশার পার্টির মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছেন। আলোচনা রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
ইয়াশার পার্টি একটি বিবৃতিতে জানিয়েছে, বৃহত্তর পরিসরে সরকার গঠনের আন্তরিক অঙ্গীকারের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সাবেক সেনাপ্রধান আইজেনকোটকে চলতি মাসের শুরুতে ইসরাইলে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২৭ অক্টোবরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোন পক্ষই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দেয়।
আরও পড়ুন: নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত
আইজেনকোটের শিবিরের মধ্যে সরকার গঠনের জন্য কাদের সঙ্গে জোট গঠন করা হবে, সে বিষয়ে মতবিরোধ রয়েছে। অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট, আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন নেওয়া, অথবা নেতানিয়াহুর শিবিরের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিকল্পগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে।
ইয়াশার জানিয়েছে, নতুন সরকার গঠনের সম্ভাবনা যাচাই করতে আইজেনকোট দলের আলোচনাকারী প্রতিনিধিদলকে লিকুদ পার্টির সঙ্গে ধারাবাহিক বৈঠক আয়োজনের নির্দেশ দিয়েছেন।
অন্যদিকে, আইজেনকোট জোটের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকোটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার দল নেতানিয়াহু বা তার নেতৃত্বাধীন জোটে যোগ দেবে না।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ৬ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত, যাত্রীরা ভোগান্তিতে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন