মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
ক্রিমিয়া সেতুর একটি অংশ, যা রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের মধ্যে সংযোগ স্থাপন করে, ইউক্রেনের হামলায় ধসে পড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনের দ্বারা প্রকাশিত ভৌগোলিক অবস্থান যাচাই করা ছবি ও ভিডিওতে দেখা যায়, সেতুটির সড়ক অংশের একটি স্থান পানিতে ভেঙে পড়েছে।
এই হামলার ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ নভেম্বর)। এর আগের রাতে, কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রুশ হামলার খবর পাওয়া যায়। এই হামলায় সেতু দুটি ক্ষতিগ্রস্ত হয় এবং শহরের কিছু এলাকায় পানি ও তাপ সরবরাহ বিঘ্নিত হয়।
রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, ইউক্রেনের দ্বিতীয় দফা হামলার পর ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, ড্রোন হামলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির নিরূপণে বিশেষজ্ঞরা কাজ করছেন, তবে রুশ কর্তৃপক্ষ জানায় যে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিবিসির তথ্য অনুযায়ী, ক্রিমিয়া সেতুটি প্রায় ১২ মাইল দীর্ঘ এবং এটি ইউরোপের দীর্ঘতম সেতু। প্রায় ৩৭০ কোটি ডলার ব্যয়ে নির্মিত এই সেতু রুশ সেনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহপথ।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সেতুটির বিশেষ প্রতীকী গুরুত্ব রয়েছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর সেতুটি নির্মাণে তিনি অগ্রাধিকার দিয়েছিলেন।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় ৪০ হাজার গাড়ি চলাচল করতে পারে। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে সেতুটিতে একাধিকবার হামলা চালিয়েছে কিয়েভ।
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১ হাজার ৪৪১টি ড্রোন ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
রাশিয়ার রাতভর হামলায় কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিতালি ক্লিচকো। তিনি জানান, ডিনিপার নদীর ওপর অবস্থিত সেতু দুটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সেতু দুটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
কিয়েভ নগর কর্তৃপক্ষ জানায়, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরের কিছু এলাকায় পানি ও তাপ সরবরাহে বিঘ্ন ঘটেছে। সেতু দুটি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে শহরের দুই তীরের মধ্যে যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র তখনো জানা যায়নি।
রুশ সামরিক বাহিনী দাবি করে, ইউক্রেনের সামরিক, পরিবহন, জ্বালানি ও বন্দর অবকাঠামো লক্ষ্য করে ড্রোন এবং স্থল ও আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুল নিশানার অস্ত্র ব্যবহার করা হয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে, দুই দিন পর চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল সোমবার হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প জানান, ওই বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করবেন তারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ছয় তালিকাভুক্ত মানবপাচারকারী এবং এক ভারতীয় নারীকে আটক করেছে।
সোমবার (১৬ নভেম্বর) কুমিল্লা সেক্টরের আওতাধীন ১০ ও ৬০ বিজিবি তাদের আটক করে।
আটক হওয়া ছয় মানব পাচারকারীর মধ্যে রয়েছেন- ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর গ্রামের জীবন মিয়া (২৮), রামচন্দ্রপুর গ্রামের খোকন (৪৮), উত্তর আশাবাড়ি গ্রামের জিলানী (২৫), দক্ষিণ আশাবাড়ি গ্রামের টুটুল খান টিটু (৩০), নারায়ণপুর গ্রামের আপন (৩৩) এবং কুমিল্লা কোতোয়ালি থানার হরিপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৩)।
এছাড়া, আটক ভারতীয় নাগরিকের নাম নাজমা বেগম সাইকিয়া (৩১)। তিনি ভারতের আসাম রাজ্যের সনিতপুর জেলার ডেকিয়াজুলি থানার পলাশ বস্তি পাথর এলাকার বাসিন্দা।
এই বিষয়ে নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া, সদর দক্ষিণ উপজেলার সালদানদী ও শশীদল এবং বৌয়ারাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারদের নেতৃত্বে বিজিবি সদস্যরা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের সহযোগিতায় এ যৌথ অভিযান পরিচালনা করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানব পাচার, নারী ও শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালানসহ সকল ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনা শহরের টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কয়েকজন যুবক কালো কালি ও স্প্রে ব্যবহার করে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন।
এটি ঘটেছে সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিকাল ৪টা ১০ মিনিটের দিকে স্থানীয় যুবদল নেতা মাসুম খানের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক পরিবহনটির কাউন্টারের সামনে উপস্থিত হন। সেখানে তারা প্রথমে কাউন্টারের সাইনবোর্ড থেকে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে ফেলেন।
এছাড়া, কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা নামের অংশ কালো স্প্রে দিয়ে ঢেকে দেওয়া হয়।
কাউন্টারে টিকিট বিক্রির দায়িত্বে থাকা রকি হাওলাদার জানান, কিছু যুবক এসে টুঙ্গিপাড়া নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তারা ভাঙচুর বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।
এ বিষয়ে খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে তাদেরকে কোনও ধরনের হঠকারী কর্মকাণ্ড না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও দাবি করেন, শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনও পদে নেই। বিষয়টি তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করবেন।
খানজাহান আলী থানার ওসি আবুল বাশার বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জার্মানির প্রধান কোচ ইউর্গেন ক্লপ মন্তব্য করেছেন, "সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমি ভাবিনি, কিন্তু কেউ একজন সেটা করেও দেখিয়েছে।" তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগের আহ্বান জানিয়ে নতুন নেতৃত্বের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।
২০১৫ সালে দুর্নীতির কারণে সেপ ব্ল্যাটার ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ান। এরপর ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ইনফান্তিনো তার স্থলাভিষিক্ত হন।
আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে ইনফান্তিনোর। তবে তার প্রস্তাবিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্প বাতিল হওয়ার পর তিনি চাপের মধ্যে আছেন। এই প্রস্তাবে বিশ্বকাপ ও ফিফার অন্যান্য প্রতিযোগিতার অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা ছিল।
ইনফান্তিনো ফিফা কাউন্সিলের কাছে ক্ষমা চাইলেও সমালোচকরা মন্তব্য করেছেন, সংশ্লিষ্ট সব নথি প্রকাশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব না দিলে তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য উপযুক্ত নন।
লিভারপুলের সাবেক কোচ ক্লপ বলেন, “আমি বহু বছর ধরে ফুটবল অনুসরণ করছি। আমার চেয়ে এ বিষয়ে অনেক বেশি জানেন এমন মানুষ আছেন। তবে এখন অধিকাংশই একমত হবেন যে পরিবর্তন আনা খুবই যৌক্তিক হবে।
“সেপ ব্ল্যাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আমি ভাবিনি, কিন্তু কেউ একজন সেটাই করে দেখিয়েছে।”
তিনি আরও বলেন, “জিয়ান্নি ইনফান্তিনোর পর যেই আসুক না কেন, সে আরও ভালো কাজ করতে পারবে বলেই আমার বিশ্বাস।”
ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য উয়েফার প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপ ডিয়ালো।
ডিয়ালো উয়েফার নির্বাহী কমিটির সর্বসম্মত সমর্থন পেয়েছেন। মঙ্গলবার তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হওয়ার কথা রয়েছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, বৈশ্বিক ফুটবলে “ঐক্য ও আস্থা পুনঃপ্রতিষ্ঠার” লক্ষ্যে ডিয়ালো সর্বোচ্চ প্রশাসনিক মান বজায় রাখবেন বলে তাদের পূর্ণ আস্থা রয়েছে।
উয়েফা দীর্ঘদিন ধরেই ইনফান্তিনোর অন্যতম কড়া সমালোচক। তারা বারবার তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে।
এছাড়া উয়েফা ইনফান্তিনোর বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিয়েছে এবং এফএফই-সংক্রান্ত সব নথি প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রের তিনটি আদালতে মামলা করেছে।
ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করার শেষ সময় বুধবার।
ফিফার বৈশ্বিক উন্নয়নবিষয়ক প্রধান ও সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারও এই পদে লড়ার কথা ভাবছিলেন। তবে বিবিসি স্পোর্টকে সূত্র জানিয়েছে, তিনি শেষ পর্যন্ত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
সাবেক টটেনহাম ডিফেন্ডার রামন ভেগা অক্টোবরে প্রথম ব্যক্তি হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন। এছাড়া জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি কোজো তাশিমাও নির্বাচনে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ক্লপ বলেন, “এমন অনেক মানুষ আছেন যারা সত্যিই ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবেন, যারা আর্থিক স্বার্থ দ্বারা পরিচালিত হন না।
“এ ধরনের কেউ যদি সামনে আসেন, যদি তিনি সভাপতি হন, তাহলে সেটা অবশ্যই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হবে।
“ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবেন এবং ব্যক্তিগত আর্থিক স্বার্থ নেই, এমন মানুষের অভাব নেই।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশে সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। গোপালগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাদের মারধরের অভিযোগও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, জুলাই আন্দোলনের সম্মুখসারির জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা নিয়মিত হত্যা ও হামলার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করছেন।
এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে রয়েছে বিএনপি ও এনসিপি। বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করছে, অন্যদিকে প্রতিরোধের ডাক দিয়েছে এনসিপি। তবে জামায়াতে ইসলামীর সহিংসতা ও নাশকতার অভিযোগের বিষয়ে দৃশ্যমান কোনো রাজনৈতিক পদক্ষেপ না থাকায় প্রশ্ন উঠেছে দলটির ভূমিকা নিয়ে।
জামায়াতের নীরবতার কারণ জানতে চাইলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দৃশ্যমান কিছু করব, সরকার তো সে সুযোগটা দিচ্ছে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, বিচার দৃশ্যমান হলে ঐক্যের ভিত্তি তৈরি হতো।’
তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেছেন এবং বলেন, সরকার সহযোগিতা চাইলে কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জাতীয় স্বার্থে মাঠে থাকবে জামায়াত। হামিদুর রহমান আযাদ আরও বলেন, শুরু থেকেই বিষয়গুলো কঠোর হাতে দমন করা হয়নি। এখানে সরকারের চরম ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতার দায় এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে। তিনি বলেন, সরকার এ ক্ষেত্রে অনেকটা নীরব ভূমিকা পালন করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনসহ যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, তা যথেষ্ট পরিমাণে নেওয়া হয়নি।
বিএনপির অনেক নেতা জামায়াতের অবস্থান অস্পষ্ট বলে অভিযোগ করেছেন। কেউ কেউ বলছেন, জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের গোপন আঁতাত রয়েছে। তবে জামায়াতের দাবি, আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগ ভিত্তিহীন; বরং সরকারই পতিত শক্তির সঙ্গে সমঝোতা করেছে। এ বিষয়ে হামিদুর রহমান আযাদ বলেন, সরকার দায় এড়াতে উল্টো জামায়াতের দিকে আঙুল তুলছে। তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের হাতে আমাদের পাঁচজন নেতার ফাঁসি হয়েছে, অসংখ্য নেতা জেলবন্দী হয়ে মারা গেছে। হামলা-মামলার শিকার হয়েছে। আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে। সেই দল আওয়ামী লীগের সঙ্গে জামায়াত আঁতাত করবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।’
ঢাকা মহানগর জামায়াতের নেতা-কর্মীদের প্রস্তুতি ও নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে উত্তর ও দক্ষিণ শাখার নেতারা জানিয়েছেন, যেকোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ওয়ার্ড ও শাখা কমিটিগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। ঢাকা মহানগর জামায়াতের উত্তর শাখার নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘আমাদের সকল শাখাকে বলা আছে, কোথাও যদি কোনো ফ্যাসিবাদী চক্র রাষ্ট্র, আইনি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে, তাকে আমরা মোটেও কোনো ছাড় দেব না। সরকার ব্যর্থ হলে জনগণের নিরাপত্তার প্রশ্নে জামায়াত কোনো আপস করবে না।’
ঢাকা মহানগর জামায়াতের দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘যখন আমরা দেখব যে সরকারের আর কোনো গতি-উপায় নাই বা তারা পারছেন না; তখন আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান যে কথা বলেছেন, প্রয়োজনে সে কর্মসূচি নেব।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও সহিংসতা ও নাশকতা মোকাবিলায় ঐকমত্যের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জাতীয় ঐক্যের প্রশ্নে জামায়াতের অবস্থান এখনো শর্তসাপেক্ষ। দলটি চায়, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করা হোক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ