ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সৌর প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম


সৌর প্যানেল না বসালে পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হুঁশিয়ারি দিয়েছেন যে, পৌরসভাগুলো বরাদ্দ পাওয়ার পরও নির্ধারিত সময়ে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন না করলে সংশ্লিষ্ট পৌরসভার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে।

প্রতিমন্ত্রী বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত জাতীয় কর্মশালায় এসব মন্তব্য করেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসান এতে সভাপতিত্ব করেন।

মীর শাহে আলম উল্লেখ করেন, পৌরসভাগুলোতে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের জন্য আগেই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু অধিকাংশ পৌরসভায় এখনও প্যানেল বসানো হয়নি। তিনি বলেন, "দ্রুত এসব প্যানেল স্থাপন করে প্রথমে পৌর ভবনের বিদ্যুতের চাহিদা মেটাতে হবে। উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থাও করতে হবে।"

আরও পড়ুন: সরকারি চাকরি ছেড়ে চেয়ারম্যান পদে লড়বেন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন মাসুম

প্রতিমন্ত্রী নগর ব্যবস্থাপনার একটি বড় সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, "অধিকাংশ পৌরসভায় বর্জ্য ফেলার জন্য নির্দিষ্ট ল্যান্ডফিল নেই। খোলা জায়গায় বর্জ্য ফেলে রাখলে মাস্টারপ্ল্যানের উদ্দেশ্য ব্যাহত হয়, পাশাপাশি জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ে।"

এ পরিস্থিতি থেকে বের হতে ম্যানহোল ও সীমানাপ্রাচীরসহ আধুনিক ল্যান্ডফিল নির্মাণের নির্দেশনা দেন তিনি। তিনি জানান, সেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের ব্যবস্থা করা হবে।

কর্মশালায় অনেক কর্মকর্তা অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ৬১টি পৌরসভার মধ্যে ১৭ জন প্রশাসক এবং ১৯ জন পৌর নির্বাহী কর্মকর্তা কর্মশালায় উপস্থিত ছিলেন না। তিনি বলেন, "সরকার বিপুল অর্থ ব্যয় করে আয়োজন করার পরও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনুপস্থিতিকে তিনি উদাসীনতা হিসেবে উল্লেখ করেন।" তবে প্রকৌশলীদের উপস্থিতির প্রশংসা করেন তিনি।

মীর শাহে আলম অভিযোগ করেন, পৌরসভার মাস্টারপ্ল্যান প্রণয়নে অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অনিয়ম হয়েছে। তাঁর ভাষ্য, "এর ফলে অনেক গুরুত্বপূর্ণ ও যোগ্য পৌরসভা মাস্টারপ্ল্যানের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।" তিনি বলেন, "শুরুতেই জেলাভিত্তিক এবং ‘ক’ শ্রেণির পৌরসভাগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।"

আরও পড়ুন: কাপাসিয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহমর্মিতা জানালেন কৃষি অধিদপ্তরের কর্মকর্তারা

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার বিভাগের আওতায় এলজিইডির মাধ্যমে সারা দেশে ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। তিনি বলেন, "অবকাঠামো উন্নয়নে শুধু রাস্তাঘাট নির্মাণ করলেই হবে না। শিশু পার্ক, কবরস্থান, সুপেয় পানির সরবরাহ, খাল ও জলাশয় সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের দিকেও গুরুত্ব দিতে হবে।"

মীর শাহে আলম পৌরসভার নাগরিক সেবা নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, "জন্ম ও মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন সেবা দিতে গিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।" তিনি বলেন, "কিছু পৌরসভায় পরিকল্পিতভাবে সেবা কার্যক্রম বন্ধ রেখে কিংবা দুর্নীতির মাধ্যমে নাগরিকদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া হচ্ছে।" তিনি হুঁশিয়ারি দেন, এসব কোনোভাবেই বরদাস্ত করা হবে না।

প্রতিমন্ত্রী আরও জানান, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হবে। তিনি বলেন, "আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে ব্যর্থ পৌরসভার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।"

কর্মশালায় পৌরসভাগুলোর খাল খনন, বর্জ্য ব্যবস্থাপনা এবং অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি। তিনি নির্দেশ দেন, নাগরিকেরা যেন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই এসব সেবা পান।

আরও পড়ুন: টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের গৃহকর্ত্রীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। চলতি বছর ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের মাধ্যমে ৪১ লাখ নারীকে এ সুবিধার আওতায় আনা হবে।

পিছিয়ে পড়া যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান তৈরির ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা হিসেবে আরবি, মালয়, কোরিয়ান অথবা জাপানি ভাষা শেখানোর প্রশিক্ষণ চালুর আহ্বান জানান।

এ ছাড়া সাড়ে ৩ লাখের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের রাষ্ট্রীয় সম্মানীর আওতায় আনা এবং প্রতিটি ইউনিয়নে ধর্মীয় উপাসনালয় সংস্কারের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, এলজিইডির অতিরিক্ত প্রধান ও নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং বিভিন্ন পৌরসভার প্রশাসক, প্রধান নির্বাহী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দেলদুয়ারে সাম্প্রতিক নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিবেশবিধি মানলে বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


পরিবেশবিধি মানলে বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা করবে সরকার

সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পর যেসব ট্যানারি উৎপাদনে যেতে পারেনি, সেগুলোকে চালু করতে সরকার কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে। তবে পরিবেশগত বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে চামড়াশিল্পের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, আন্তর্জাতিক সনদ অর্জন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য জানান।

নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী বলেন, "বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা রয়েছে।" গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সেইসাথে ভারতও বাংলাদেশের চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে।

এই সম্ভাবনাকে কাজে লাগাতে পণ্যের গুণগত মান নিশ্চিত করা, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়াশিল্পের অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, স্থানান্তরের পরও সাভার চামড়া শিল্পনগরীতে যেসব কারখানা উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।

পরিবেশগত মান নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। একইসাথে সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত বিধিবিধান পরিপালনে ব্যর্থ কোনো কারখানাকে ছাড় দেওয়া হবে না।

চামড়া শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়াশিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য কমানো এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য এ খাতের বিকাশ জরুরি। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশেরও কম। অর্থনৈতিক বৈষম্য কমাতে এ অবদান অন্তত ৬০ শতাংশে উন্নীত করা প্রয়োজন।

ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের প্রতিবন্ধকতা দূর করার ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, "ব্যাংকঋণ পেতে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক সম্ভাবনাময় উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থায়ন পান না।" এ সমস্যা সমাধানে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পেতে পারেন।

মন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বৃদ্ধি করে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এই কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা ও শৃঙ্খলার ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে এ হার উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, টেকসই শিল্পায়ন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে ভূমিকা রাখতে পারে।

বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন সহযোগীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। পরিবেশবান্ধব শিল্পায়ন, টেকসই উৎপাদনব্যবস্থা এবং রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয়ও জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের আন্তর্জাতিক বাজার উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচিটির মাধ্যমে সংশ্লিষ্ট খাতের সক্ষমতা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের মানদণ্ড অনুসরণ এবং রপ্তানি সম্ভাবনা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডসও বক্তব্য দেন। এ সময় সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দ্য গার্ডিয়ানের রিপোর্ট

হাসিনা দেশে ফিরতে চান, নাকি রাজনৈতিক কৌশল?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২০ পি.এম


হাসিনা দেশে ফিরতে চান, নাকি রাজনৈতিক কৌশল?

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা, যারা ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে দাবি করছেন। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে দলকে পুনরুজ্জীবিত করা এবং নতুন সরকারকে চাপের মধ্যে ফেলার উদ্দেশ্য থাকতে পারে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানাচ্ছেন। তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন এক ব্রিটিশ আইনজীবী। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতাদের মধ্যে হাসিনার দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। তবে, এই প্রত্যাবর্তনের ঘোষণা কি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি, নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তাদের দাবি, তিনি আগামী মাসেই দেশে ফিরতে চান।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

দ্য গার্ডিয়ানের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান। চিঠিতে নথিগুলো দ্রুত ইস্যু করার জন্য অনুরোধ করা হয়েছে।

কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন তিনি।

শেখ হাসিনার নিজের বক্তব্যেও দেশে ফেরার ইচ্ছার কথা উঠে এসেছে। এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তবে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাঁই।’

তবে দেশে ফেরার পথে রয়েছে বড় ধরনের আইনি ও কূটনৈতিক বাধা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারত এখনও সেই দাবি মেনে নেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দিল্লির সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক আসামি হওয়ায় নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই তার। দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে উল্লেখ করে তিনি বলেন, আপিলের সময়সীমা পেরিয়ে গেছে। তার ভাষায়, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

রাজনৈতিক কৌশলের প্রশ্ন কেন

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিশ্লেষকদের ধারণা, এর পেছনে আওয়ামী লীগের সমর্থকদের আবার সংগঠিত করা এবং নতুন সরকারকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। কয়েক দশকের মধ্যে ওই নির্বাচনকে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তবে ক্ষমতায় আসার পর থেকে সরকার মূল্যস্ফীতি ও পোশাক কারখানা বন্ধ করে দেওয়া শ্রমিক বিক্ষোভের মতো পরিস্থিতি সামলাচ্ছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চাইতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দলের নির্বাসিত নেতাদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, নির্বাসনে থাকা নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে জেনেও রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই নেতা।

এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের একজন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেকেই সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায়ই দিল্লিতে ডেকে পাঠানো হয়।

সব মিলিয়ে নতুন পাসপোর্টের আবেদন, ট্রাভেল পাস নেওয়ার সম্ভাবনার কথা জানানো এবং এপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনাকে আলোচনায় এনেছে। তবে দেশে ফেরার আইনি পথ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বিশ্লেষকদের রাজনৈতিক কৌশলের ব্যাখ্যাও সামনে এসেছে। ফলে তিনি সত্যিই দেশে ফিরবেন, নাকি ফেরার ঘোষণাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কৌশল হিসেবে ব্যবহার করছেন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রবি মৌসুমে

চরভদ্রাসনে কৃষকদের জন্য বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


চরভদ্রাসনে কৃষকদের জন্য বিনামূল্যে সার-বীজ বিতরণ উদ্বোধন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চত্তরের সামনে বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ-কিষানীদের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণের অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্‌ফর হোসেন জাফর।

সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও খেসারি উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ২১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ২৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সারও বিতরণ করা হয়েছে বলে জানা যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজিতপুরে সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


বাজিতপুরে সাংবাদিকদের সাথে নির্বাহী কর্মকর্তার মতবিনিময় সভা

আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং সরকারি উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করা হয়।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বাজিতপুর প্রতিনিধি শিল্পী বণিক, মহিউদ্দিন লিটন, হোসেন মাহবুব কামাল, মোঃ খলিলুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আশরাফ উদ্দিন, জাহাঙ্গীর আলম, ছলিম উদ্দিন, মীর জামাল এবং অন্যান্য সাংবাদিকরা। তারা সভায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%