বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:২০ পি.এম
টাঙ্গাইলে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে, পুবালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে সদর উপজেলার বুরো ইনস্টিটিউট অফ ইনোভেশন অ্যান্ড ডেভেলপমেন্টে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক শিউলি সাহা উপস্থিত ছিলেন।
পুবালী ব্যাংক পিএলসি টাঙ্গাইল সদরের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেনের সভাপতিত্বে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক উল্লেখ করেন, স্কাউট ও কাব একটি আন্তর্জাতিক আন্দোলন। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, নিয়মকানুন এবং জীবনের বিভিন্ন বাধা-বিপত্তি মোকাবিলার শিক্ষা অর্জন করে। তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে কাব আন্দোলনকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে। এ কার্যক্রমে অধিক সংখ্যক শিক্ষার্থীকে যুক্ত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আরও বলেন, ‘শিক্ষার পাশাপাশি আমাদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও অব্যাহত রাখতে হবে।’ তিনি জানান, কিছুদিনের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নতুন একটি কার্যক্রম শুরু হবে। তাদের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি, যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে এশিয়া কাপের। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে বাংলাদেশ পাত্তাই পায়নি। ব্যাটারদের ব্যর্থতার কারণে জুনিয়র টাইগারদের সেমিফাইনালেই থামতে হলো।
ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেট ও ১৬৯ বল হাতে রেখে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান।
টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং ৩১.৪ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায়। ওপেনার আব্দুল্লাহ আল মুহি অর্ধশতক হাঁকিয়েছিলেন, তবে বাকিদের ব্যর্থতার কারণে স্কোরবোর্ডে যথেষ্ট রান যোগ করতে পারেনি জুনিয়র টাইগাররা।
পাকিস্তানের পেসার রিজওয়ানউল্লাহ একাই ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে গুঁড়িয়ে দেন।
পাকিস্তান যখন জবাব দিতে নামে, তখন উসমান খান ও হায়াম খানের জোড়া অর্ধশতক তাদের লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যশোরের নওয়াপাড়া থেকে ট্রাক ভর্তি টিএসপি সার পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যেখানে বৈধ ডিলার ছাড়াই ভুয়া চালান তৈরি করা হচ্ছে। একটি শক্তিশালী অসাধু চক্র বিসিআইসি সার ডিলারদের সঙ্গে যোগসাজশ করে সিন্ডিকেটের মাধ্যমে এই সার বৃহত্তর যশোর জেলায় বেশি দামে বিক্রি করছে।
মঙ্গলবার রাতে (১০ নভেম্বর) ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় অবৈধ রশিদসহ ৪২০ বস্তা টিএসপি সারবোঝাই একটি ট্রাক আটক করা হয়। এই ট্রাকের মালিক শোভন নামের একজন ব্যক্তি এই বিস্ফোরক দাবী করেন। সাংবাদিকদের ধারণকৃত ভিডিওতে ট্রাক মালিক শোভন মিয়া স্বীকার করেন যে, নওয়াপাড়ার ঘাট থেকে বাড়তি দামে অবৈধভাবে সার কিনে ঝিনাইদহ ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় পাচার করা হয়। তিনি জানান, সুযোগ বুঝে তিনিও সার কিনেছেন।
শোভন আরও জানান, বিভিন্ন সময়ে বিভিন্ন জেলায় টিএসপি সারের চাহিদা বৃদ্ধি ও হ্রাস ঘটে। সেই সুযোগে বৈধ ডিলার ছাড়াও সাধারণ ব্যবসায়ীরা যশোরের নওয়াপাড়া থেকে চোরাই পথে টিএসপি সার পাচার করে। তারা ১৩০০ টাকা বস্তা কিনে ১৭০০ টাকায় বিক্রি করেন। পথে আসতে তাদের বিভিন্ন স্থানে টাকা দিতে হয় বলেও শোভন স্বীকার করেন।
এদিকে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ক্যাডেট কলেজ এলাকা থেকে ‘রাজবাড়ী-ট-১১-০১৪১’ নম্বরের সারবাহী একটি ট্রাক আটক করে জনতা। ট্রাকটির মালিক শৈলকুপার কাতলাগাড়ি এলাকার খুচরা সার ব্যবসায়ী শোভন মিয়া। আটকের সময় তিনি কোন বৈধ কাগজ দিতে পারেননি। ‘মেসার্স ফারিয়া ট্রান্সপোর্ট এজেন্সীর’ দেওয়া একটি চালান (নং-৩১৭৩০) দেখালেও পরীক্ষা করে দেখা যায় সেটি ভুয়া। চালানে থাকা ০১৭৩২-৫৩১২১৫ নম্বরের মুঠোফোনে যোগাযোগ করা হলে আবু তৈয়ব নামে এক ব্যক্তি জানান, তিনি দিনাজপুরের বাসিন্দা এবং সার ব্যবসার সঙ্গে তিনি যুক্ত নয়।
অভিযোগ উঠেছে যে, সার আটকের পর কোনো আইনি ব্যবস্থা না নিয়ে বরং ‘বৈধ কাগজপত্র’ জোগাড় করে জমা দিতে ট্রাক মালিককে সাত দিনের সময় দিয়েছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার। প্রশাসনের এমন রহস্যজনক ভূমিকায় জেলার কৃষক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদুল হক মিলন জানান, ঘটনার দিন তারা টিএসপি সার আটকের পর প্রশাসনকে খবর দিয়েছিলেন, কিন্তু প্রায় দুই ঘণ্টা পর কৃষি বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে সার বোঝাই ট্রাকটি নিয়ে যান। এখন তিনদিন পার হলেও মামলা না দিয়ে সার ছেড়ে দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে।
অবৈধ সার নিয়ে ঝিনাইদহ ফোরামের সভাপতি প্রফেসর (অব.) মহব্বত হোসেন টিপু কৃত্রিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কৃষক ক্ষতিগ্রস্থ হয় এবং সরকার বিব্রত হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এ ব্যাপারে কুষ্টিয়া বাফার গোডাউনের ইনচার্জ গাউস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া বাফার গোডাউনে কোনো টিএসপি সারের চালান আসার কথা নেই। এখানে কেবলমাত্র ইউরিয়া সার আনা হয়। টিএসপি সারের বাফার হচ্ছে মাগুরা শহরে।
ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান বলেন, টিএসপি সার আটকের পর কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধ কাগজ না পাওয়া গেলে সরকারের হেফাজতে নেওয়া হবে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর ইউএনও দীপা রাণী সরকার বলেন, সারসহ ট্রাকটি থানায় রাখা হয়েছে এবং মালিককে কাগজপত্র দেখাতে সময় দেওয়া হয়েছে। খুলনা বিএডিসি জানিয়েছে, সারটি খুলনা থেকে ফরিদপুরে যাওয়ার কথা ছিল। সেটি ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় কেন যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। নির্ধারিত সময়ে বৈধ কাগজ দেখাতে না পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ফুলপুরে কৃষকদের উৎসাহিত করার উদ্দেশ্যে সরিষা চাষ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টায় ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তারেক আহমেদ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা হায়দার আলী, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুর রহমান, প্রমুখ।
এই কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে মোট ৩ হাজার কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ১ কেজি করে সরিষা বীজ প্রণোদনা হিসেবে বিতরণ করা হবে। কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা এবং কৃষি উৎপাদন বাড়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ