বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:২০ পি.এম
নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন আওয়ামী লীগ নেতারা, যারা ডিসেম্বরে দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বলে দাবি করছেন। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে দলকে পুনরুজ্জীবিত করা এবং নতুন সরকারকে চাপের মধ্যে ফেলার উদ্দেশ্য থাকতে পারে।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানাচ্ছেন। তার পক্ষে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে আবেদন করেছেন এক ব্রিটিশ আইনজীবী। ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেতাদের মধ্যে হাসিনার দেশে ফেরার ব্যাপারে আত্মবিশ্বাস রয়েছে। তবে, এই প্রত্যাবর্তনের ঘোষণা কি সত্যিই দেশে ফেরার প্রস্তুতি, নাকি আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান শক্ত করার কৌশল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কয়েকজন নেতা শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। তাদের দাবি, তিনি আগামী মাসেই দেশে ফিরতে চান।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। গত বছরের নভেম্বরে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল ২০২৪ সালের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেন। ওই দমন-পীড়নে আনুমানিক ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছিলেন। তবে শেখ হাসিনা অভিযোগ অস্বীকার করেছেন এবং ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
দ্য গার্ডিয়ানের হাতে আসা একটি চিঠি অনুযায়ী, গত সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানান। চিঠিতে নথিগুলো দ্রুত ইস্যু করার জন্য অনুরোধ করা হয়েছে।
কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য গার্ডিয়ানকে বলেন, শেখ হাসিনা সত্যিই দেশে ফিরতে চান বলেই পাসপোর্টের আবেদন করেছেন। তার ভাষ্য, শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী। কর্তৃপক্ষ পাসপোর্ট না দিলে দেশে ফেরার সুযোগ তৈরি করতে ট্রাভেল পাসের জন্য আবেদন করবেন তিনি।
শেখ হাসিনার নিজের বক্তব্যেও দেশে ফেরার ইচ্ছার কথা উঠে এসেছে। এ সপ্তাহে বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তবে নিজের দেশের মাটিতে, নিজের মানুষের মাঝেই মরতে চাঁই।’
তবে দেশে ফেরার পথে রয়েছে বড় ধরনের আইনি ও কূটনৈতিক বাধা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর তাকে ফেরত পাঠাতে ভারতের ওপর চাপ দিয়ে আসছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারত এখনও সেই দাবি মেনে নেয়নি। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দিল্লির সঙ্গে ঢাকার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও তার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার জানিয়েছে, শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাকে দেশে ফিরতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় গ্রহণযোগ্য বন্দিবিনিময় প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, দণ্ডিত পলাতক আসামি হওয়ায় নতুন পাসপোর্ট পাওয়ার কোনো আইনি সুযোগ নেই তার। দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে উল্লেখ করে তিনি বলেন, আপিলের সময়সীমা পেরিয়ে গেছে। তার ভাষায়, ‘শেখ হাসিনার সামনে রায় কার্যকর হওয়া মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
রাজনৈতিক কৌশলের প্রশ্ন কেন
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে বিশ্লেষকদের ধারণা, এর পেছনে আওয়ামী লীগের সমর্থকদের আবার সংগঠিত করা এবং নতুন সরকারকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে।
তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে। কয়েক দশকের মধ্যে ওই নির্বাচনকে দেশের প্রথম গণতান্ত্রিক নির্বাচন হিসেবে উল্লেখ করেছে দ্য গার্ডিয়ান। তবে ক্ষমতায় আসার পর থেকে সরকার মূল্যস্ফীতি ও পোশাক কারখানা বন্ধ করে দেওয়া শ্রমিক বিক্ষোভের মতো পরিস্থিতি সামলাচ্ছে। আওয়ামী লীগ এসব পরিস্থিতিকে নিজেদের রাজনৈতিক সুবিধায় কাজে লাগাতে চাইতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় দলের নির্বাসিত নেতাদের মধ্যেও তৎপরতা দেখা যাচ্ছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের আরেক নেতা জানিয়েছেন, নির্বাসনে থাকা নেতারাও শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান। তাদের অনেকের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে এবং অনুপস্থিতিতে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশে ফিরলে কারাগারে যেতে হতে পারে জেনেও রাজনৈতিকভাবে লড়াই করতে প্রস্তুত বলে জানিয়েছেন ওই নেতা।
এরই মধ্যে আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা দেশে ফিরেছেন। তাদের একজন সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি। গত সেপ্টেম্বরে দেশে ফেরার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে বিচার চলছে।
ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা নিয়মিত কলকাতায় বৈঠক করছেন। তাদের অনেকেই সেখানে বসবাস করছেন। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায়ই দিল্লিতে ডেকে পাঠানো হয়।
সব মিলিয়ে নতুন পাসপোর্টের আবেদন, ট্রাভেল পাস নেওয়ার সম্ভাবনার কথা জানানো এবং এপিকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ, শেখ হাসিনার প্রত্যাবর্তনের পরিকল্পনাকে আলোচনায় এনেছে। তবে দেশে ফেরার আইনি পথ এখনও স্পষ্ট নয়। অন্যদিকে, বিশ্লেষকদের রাজনৈতিক কৌশলের ব্যাখ্যাও সামনে এসেছে। ফলে তিনি সত্যিই দেশে ফিরবেন, নাকি ফেরার ঘোষণাকে রাজনৈতিকভাবে সক্রিয় থাকার কৌশল হিসেবে ব্যবহার করছেন, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চত্তরের সামনে বুধবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ-কিষানীদের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণের অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর।
সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও খেসারি উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ২১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এর মধ্যে উপজেলার ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়। ২৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সারও বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা এবং সরকারি উন্নয়নমূলক কাজের বিষয়ে আলোচনা করা হয়।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন আমার দেশ পত্রিকার বাজিতপুর প্রতিনিধি শিল্পী বণিক, মহিউদ্দিন লিটন, হোসেন মাহবুব কামাল, মোঃ খলিলুর রহমান, মোঃ জসিম উদ্দিন, মোঃ আশরাফ উদ্দিন, জাহাঙ্গীর আলম, ছলিম উদ্দিন, মীর জামাল এবং অন্যান্য সাংবাদিকরা। তারা সভায় তাদের বক্তব্য উপস্থাপন করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৭৮০ জন ঢাকা বিভাগের। বরিশাল বিভাগে ২৪৯ জন, চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ২২৬ জন, রাজশাহীতে ১৯৮ জন, রংপুরে ১০৯ জন, ময়মনসিংহে ৮৫ জন এবং সিলেটে ১১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৪৭৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে বর্ষা মৌসুমের পর। অক্টোবর মাসে এ রোগে ১৭৪ জনের মৃত্যু হয়। সেপ্টেম্বরে মারা যান ১৪৮ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে মারা যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাঝবাড়ী জাহানারা বেগম ডিগ্রি কলেজের অফিস সহকারী মো. রফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজি এজাজ কায়সার। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ, বি, এম আলমগির মিয়া সার্বিক তত্ত্বাবধান করেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, মো. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কলেজের প্রশাসনিক কার্যক্রমে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা তাঁর কর্মজীবনের অবদানের কথা স্মরণ করে বলেন, অবসর-পরবর্তী জীবন যেন সুখী, সুন্দর ও শান্তিময় হয়Ñএ প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ সায়েদুল আমিন শাহীন, প্রভাষক রাবেয়া বেগম, মোহাম্মদ মাহবুবুর রহমান মজিবর প্রমুখ।
পরে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিদায়ি অফিস সহকারী মো. রফিকুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক এইচ. এম. হানিফ। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ