শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৫৯ পি.এম
গাজীপুরের বেশিরভাগ কারখানা সাপ্তাহিক ছুটির দিনেও উৎপাদন চালিয়ে যাচ্ছে। একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের ফলে গার্মেন্টস মালিকদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বিদ্যমান। রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি।
গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চল সম্পূর্ণ শান্ত রয়েছে। তবে, যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে কাজ করছে।
পুলিশ জানিয়েছে, ছুটির দিনেও অনেক কারখানা খোলা রয়েছে এবং শ্রমিকরা উৎপাদন অব্যাহত রেখেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এক ব্যক্তি প্রবাস থেকে দেশে ফিরে এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে গিয়ে তিন নারী নিজেদের স্বামী হিসেবে দাবি করে শুরু করেন টানাটানি। তাদের মধ্যে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে, যা তাকে নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছার কেন্দ্রবিন্দুতে ছিল। এর মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে চলছে বিভিন্ন আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর এলাকার একটি সড়কের পাশে প্রবাসফেরত ওই ব্যক্তিকে ঘিরে রেখেছেন তিন নারী। প্রত্যেকেই তাকে নিজের বৈধ স্বামী বলে দাবি করছেন। একপর্যায়ে তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য শুরু হয় টানাটানি।
ভিডিওতে তিন নারীর মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়, চিৎকার ও ধস্তাধস্তি করতে দেখা যায়। তাদের একজনকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়। অন্যদিকে, প্রত্যেকেই নিজের দাবি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। আকস্মিক এ ঘটনায় ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
তবে ওই ব্যক্তির সঙ্গে তিন নারীর প্রকৃত সম্পর্ক কী, তাদের দাবির সত্যতা কতটুকু কিংবা ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওতে থাকা ব্যক্তি ও নারীদের পরিচয়ও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লেও ঘটনার প্রকৃত রহস্য এখনো অজানা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার এবং উপসাগরীয় অন্যান্য কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলা না করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তিনি দাবি করেছেন যে, এই দেশগুলোর অনুরোধের কারণে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। তিনি জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন বর্তমানে ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ বজায় রাখার পক্ষে।
সৌদি আরবের অনুরোধের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটি তাকে কিছুদিনের জন্য বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করেছে। তবে তিনি মিত্রদের এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। ট্রাম্পের ভাষায়, “আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।”
মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি হামলা চালাতাম।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে। তিনি বলেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব। তার দাবি, “এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। সেতুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন লাগবে।”
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও ট্রাম্প স্বীকার করেন। তিনি বলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
তবে জ্বালানি তেলের দাম বাড়লেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী বউবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই (নিঃ) মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ১২ নভেম্বর (২০২৬) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মো. মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলার চাটখিল থানার নাহারখিল গ্রামের আব্দুল মতিন ও সূর্য্যা বেগমের ছেলে। তিনি নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১ এর শিয়ালবাড়ী মোড় (রোড নং-৩, জি/১, বাসা নং-১৫) এলাকায় বসবাস করছিলেন।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোট ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে (২০০৯) একটি মামলা রয়েছে। এছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় বেআইনি সমাবেশ ও হত্যাচেষ্টার অভিযোগে এবং ডেমরা থানায় অপহরণ ও গুমের ধারায় আরও দুটি রাজনৈতিক ও অপরাধমূলক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিরোধী দলীয় সংসদীয় টিম নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে, যিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যরা একটি প্রেস ব্রিফিং করবেন।
এই বিরোধী দলীয় সংসদীয় টিমের সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বাড়িতে আটজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে যায়।
এই ঘটনার পর দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ