শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:০০ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরব, কাতার এবং উপসাগরীয় অন্যান্য কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলা না করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে। তিনি দাবি করেছেন যে, এই দেশগুলোর অনুরোধের কারণে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার পাশাপাশি বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছেন।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। তিনি জানান, সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন বর্তমানে ইরানের বিরুদ্ধে চলমান পদক্ষেপ বজায় রাখার পক্ষে।
সৌদি আরবের অনুরোধের কথা উল্লেখ করে ট্রাম্প জানান, দেশটি তাকে কিছুদিনের জন্য বর্তমান পরিস্থিতি বজায় রাখার অনুরোধ করেছে। তবে তিনি মিত্রদের এই অবস্থানের সঙ্গে পুরোপুরি একমত কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন। ট্রাম্পের ভাষায়, “আমি নিশ্চিত নই যে আমি তাদের সঙ্গে একমত।”
মিত্র দেশগুলোর এমন অনুরোধ না থাকলে ইরানে আরও হামলা চালাতেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হ্যাঁ, আমি হামলা চালাতাম।”
মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলো এখন পর্যন্ত বড় ধরনের হামলা থেকে অনেকটাই রক্ষা পেয়েছে। তিনি বলেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যেই ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু এবং উৎপাদনব্যবস্থা ধ্বংস করে দেওয়া সম্ভব। তার দাবি, “এক দিনের মধ্যেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। সেতুগুলোও ধ্বংস হয়ে যাবে। তাদের উৎপাদন সক্ষমতাও শেষ হয়ে যাবে। এসব করতে আমার মাত্র তিন দিন লাগবে।”
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিও ট্রাম্প স্বীকার করেন। তিনি বলেন, পেট্রলের মূল্যবৃদ্ধি মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের পেছনে ভূমিকা রেখেছে।
তবে জ্বালানি তেলের দাম বাড়লেও ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ী বউবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপন (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ।
তুরাগ থানার অফিসার ইনচার্জের (ওসি) নির্দেশনায় এসআই (নিঃ) মাহমুদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ১২ নভেম্বর (২০২৬) রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মো. মাসুদুর রহমান শিপন নোয়াখালী জেলার চাটখিল থানার নাহারখিল গ্রামের আব্দুল মতিন ও সূর্য্যা বেগমের ছেলে। তিনি নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রাজধানীর মিরপুর-১ এর শিয়ালবাড়ী মোড় (রোড নং-৩, জি/১, বাসা নং-১৫) এলাকায় বসবাস করছিলেন।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সিডিএমএস পর্যালোচনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মোট ৩টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে (২০০৯) একটি মামলা রয়েছে। এছাড়া ডিএমপির উত্তরা পশ্চিম থানায় বেআইনি সমাবেশ ও হত্যাচেষ্টার অভিযোগে এবং ডেমরা থানায় অপহরণ ও গুমের ধারায় আরও দুটি রাজনৈতিক ও অপরাধমূলক মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামির বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বিরোধী দলীয় সংসদীয় টিম নুসরাত তাবাসসুম এমপির বাড়িঘর পরিদর্শনে যাচ্ছে, যিনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিক্ষেপ করা পেট্রোল বোমায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্যরা একটি প্রেস ব্রিফিং করবেন।
এই বিরোধী দলীয় সংসদীয় টিমের সদস্যদের মধ্যে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এমপি, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু এমপি, অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি (চুয়াডাঙ্গা-১) এবং আব্দুল গফুর এমপি (কুষ্টিয়া-২)।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত পৌনে ১২টায় নুসরাত তাবাসসুম এমপির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। এ সময় বাড়িতে আটজন উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজন আহত হন। দুটি ছাগল মারা যায় এবং আসবাবপত্র পুড়ে যায়।
এই ঘটনার পর দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুম এমপি মামলা করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে এবং ২৫-৩০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহবায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম অন্তর্ভুক্ত রয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ছুটির দিন শুক্রবারেও রাজধানীর বাসিন্দাদের জন্য স্বস্তির কোনো লক্ষণ নেই। ঢাকার বাতাসের মান এখনও বায়ুদূষণের কারণে অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজকের দিনটি বিশ্বে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ঢাকা চতুর্থ স্থানে অবস্থান করছে। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ১৫৯, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত বৈশ্বিক বায়ুমান সূচক থেকে এই তথ্য পাওয়া গেছে। সংস্থাটি বিশ্বের ১২৬টি শহরের বায়ুমানের তথ্য তুলনা করে এই তালিকা তৈরি করেছে।
আইকিউএয়ারের তালিকায় ২৮৭ স্কোর নিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা, যার স্কোর ১৭১। তৃতীয় স্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৬৯ স্কোর নিয়ে রয়েছে। চতুর্থ স্থানে থাকা ঢাকার স্কোর ১৫৯। অন্যদিকে, চীনের চেংদু ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে গণ্য করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের অকালমৃত্যু ঘটে। এর ফলে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসতন্ত্রের রোগ, ফুসফুসের ক্যানসার ও শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। সংস্থাটি বায়ুদূষণকে বর্তমানে জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় পরিবেশগত হুমকি হিসেবে চিহ্নিত করছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নেছারাবাদে সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার (৫৫) এবং রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা মো. আবু সাঈদ (২১) গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া দুই নেতার পরিবার অভিযোগ করেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশ বলছে, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের ভিত্তিতে এবং সুনির্দিষ্ট ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোলাম সারোয়ারকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রাম থেকে গ্রেপ্তার করে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং মৃত হাবিব গোমস্তার ছেলে। অন্যদিকে, একই রাতে আবু সাঈদকে ইন্দুরহাট বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ সোহাগদল গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চাঁন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোলাম সারোয়ারের বিরুদ্ধে ২৬ অক্টোবর নেছারাবাদ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত ২০ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা অভিযোগ করেছেন, গোলাম সারোয়ার নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সঙ্গে জড়িত এবং তিনি দলের নেতাকর্মীদের অর্থের জোগানদাতা হিসেবে পরিচিত। তাঁদের দাবি, স্থানীয়দের হয়রানির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে গোলাম সারোয়ারের স্বজনরা এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন, রাজনৈতিক বিরোধের কারণে তাঁকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে, ২৫ অক্টোবর বিকেল আড়াইটার দিকে ইন্দুরহাট এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তামজিদ ইসলাম তন্ময়ের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়। পুলিশের দাবি, ওই মিছিলে আবু সাঈদ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এবং মিছিল থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছিল। এই কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেছেন, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গোলাম সারোয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি আরও জানান, ২৫ অক্টোবর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে আবু সাঈদ সরাসরি অংশগ্রহণ করেছিলেন এবং ফেসবুকে নানা স্ট্যাটাস দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করছিলেন। এ কারণে তাঁকেও গ্রেপ্তার করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ