০৯:২২ এম
বায়ার্ন মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি শুক্রবার অনুশীলনের সময় জ্ঞান হারিয়ে ফেলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরি চিকিৎসক দল তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে।
ঘটনাটি ঘটে বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনের সময়। ক্লাবের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘শুক্রবার এফসি বায়ার্নের রিজার্ভ দলের অনুশীলনে জ্ঞান হারানোর পর ভিনসেন্ট কোম্পানিকে চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে হাসপাতালে তার সম্পূর্ণ পরীক্ষা চলছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।’
গত মঙ্গলবার কোম্পানি অনুশীলনে উপস্থিত ছিলেন না। ওই দিন তিনি সংবাদ সম্মেলনেও আসেননি। আর্সেনালের বিপক্ষে আলিয়ানজ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ছিল তার পরের দিন। সেই ম্যাচটি ড্র হয়। ৪০ বছর বয়সী কোম্পানি ম্যানচেস্টার সিটির সাবেক ডিফেন্ডার।
আরও পড়ুন: মেসি প্রিন্সেস আস্তুরিয়াস পুরস্কার জিতে একক ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন
ম্যাচ শেষে তিনি অসুস্থতার কারণ সম্পর্কে নিজেই জানান। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি একটি মারাত্মক ভাইরাসে আক্রান্ত হয়েছিলাম। আমি অবশ্যই শরীরের সংকেতকে গুরুত্ব দিইনি। এরপর এক সময় শরীরই বলল, আর না!’
শুক্রবার বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবেরল জানিয়েছেন, কোচের স্বাস্থ্য ক্লাবের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমাদের কাছে তার স্বাস্থ্য সবচেয়ে বড় অগ্রাধিকার। এফসি বায়ার্ন হিসেবে আমরা সবকিছু করব যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেন। ভিনি সব প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পাচ্ছেন। যত সময় লাগুক, সেটাও তিনি পাবেন। তার কোচিং স্টাফের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তারা তার দায়িত্ব সামলাবেন।’
মঙ্গলবার ইংলিশ সহকারী কোচ অ্যারন ড্যাংকস অনুশীলন পরিচালনা করেন। আর্সেনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনও তিনিই করেন। তখন তিনি বলেন, ‘মাঝে মাঝে তার পায়ে এর প্রভাব পড়ছিল। তিনি কিছুটা ব্যথা অনুভব করছিলেন। এটা শুধুমাত্র একটি ভাইরাস। তার বিশ্রাম প্রয়োজন।’
ড্যাংকস আরও বলেন, ‘এখন সবচেয়ে জরুরি হলো, আমরা তাকে বিশ্রাম নিতে বলছি। যত সময় লাগুক, তিনি সেটি নিন। সেটা যত দিনই হোক।’
আরও পড়ুন: মাঠ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া হলো বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানিকে
শনিবার বুন্দেসলিগায় বায়ার্ন ফ্রাইবুর্গের মাঠে খেলবে। বর্তমানে বায়ার্ন টেবিলের শীর্ষে অবস্থান করছে। ফ্রাইবুর্গ তিন নম্বরে রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন