ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৬৮২


হামের উপসর্গে ৪ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৬৮২

দেশে হামের সংক্রমণ এবং মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে ১ হাজার ৫০৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭৩ জনের শরীরে।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এটি রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের এবং অন্যজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২১৩ জন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে, ৫৪৪ জনের। সিলেট বিভাগে ২১৪ জন, ময়মনসিংহে ৯৪, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ১২২, বরিশালে ৭০, খুলনায় ৫৮ এবং রংপুরে ১৮ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হওয়া ১ হাজার ৫০৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে, ৬২০ জন। চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৮১, বরিশালে ১৭২, খুলনায় ১৩২, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৩ এবং রংপুরে ৩৫ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৫ জন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগে ৫১৮ জন, চট্টগ্রামে ২৩৭, সিলেটে ১৭৯, বরিশালে ১৭২, খুলনায় ১২৮, ময়মনসিংহে ৭৯, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ৩৫ জন।

আরও পড়ুন: নড়াইল বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল স্বপদে ফিরলেন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

এ সময়ে সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনের মধ্যে। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ৪৪২ জনের শরীরে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১ লাখ ৩ হাজার ৮১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। চট্টগ্রামে ৪৯ হাজার ৬৩৫, বরিশালে ২৬ হাজার ৫৮৯, সিলেটে ২২ হাজার ৩২৬, খুলনায় ১৭ হাজার ৬৫, ময়মনসিংহে ১৩ হাজার ২০৭, রাজশাহীতে ১২ হাজার ১১৩ এবং রংপুরে ৪ হাজার ৮২৪ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগী এবং মৃত্যুর হিসাব রাখছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা ব্যক্তিদের সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা কঠিন। অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

আরও পড়ুন: কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, চলতি বছর প্রাণ গেছে ৫০২ জনের

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০-এর বেশি হয়ে গেছে দেশে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত এই রোগে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছরে ডেঙ্গুতে প্রাণ হারানোর সংখ্যা ৫০২ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত দৈনিক প্রতিবেদনে সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সংখ্যা সবচেয়ে বেশি, যেখানে ৬৭৩ জন ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫১ জন, রাজশাহীতে ১৪৫, খুলনায় ২০১, বরিশালে ১৮৫, রংপুরে ৭১, ময়মনসিংহে ৬১ এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এখন পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১০৭ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৯৮৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫ হাজার ৬১৭ জন রোগী রয়েছেন।

মৃত্যুর হিসাবে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৪ সালে মারা যান ৫৭৫ জন এবং ২০২৫ সালে এ রোগে প্রাণ হারান ৪১৩ জন। চলতি বছরের মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে গত বছরের মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে।

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০২৩ সালেও ভয়াবহ ছিল। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে চিকিৎসক ও বিশেষজ্ঞরা এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁদের পরামর্শ হচ্ছে, বাড়ি বা আশপাশে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দিতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্যও বলা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে স্থগিত হওয়া মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন সকাল সাড়ে ১১টায় বোর্ডের সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপনের বিষয়টি সভায় আলোচনায় আসবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা নোটিশে নতুন তারিখের ঘোষণা দেওয়া হয়েছে। গার্মেন্টসশিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর জন্য নিম্নতম মজুরি হার নির্ধারণে সুপারিশ তৈরির উদ্দেশ্যে এ সভা ডাকা হয়েছে।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে অনিবার্য কারণে বৈঠকটি স্থগিত করা হয়। ওই সভায় মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার পরিকল্পনা ছিল। নতুন নোটিশে বোর্ডের সদস্যদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো তুলে ধরে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন। এতে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়।

অফিস স্টাফ বা কর্মচারীদের জন্যও চারটি গ্রেডে মজুরি প্রস্তাব করে শ্রমিকপক্ষ। এতে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

দ্বিতীয় সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব জমা দিতে পারেনি। প্রস্তাব তৈরির জন্য তারা সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ড চার কার্যদিবস সময় দেয়। সে অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। বিজিএমইএর পক্ষ থেকেও ১৬ নভেম্বরের সভায় প্রস্তাব দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে নির্ধারিত দিনে সভা স্থগিত হওয়ায় মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপন করা সম্ভব হয়নি।

সভা স্থগিত হওয়ার ঘটনায় শ্রমিক নেতারা সরকার ও মালিকপক্ষের ‘কূটকৌশল’ রয়েছে বলে অভিযোগ করেছেন। অন্যদিকে মালিকপক্ষের দাবি, নিম্নতম মজুরি ঘোষণার বিষয়ে তারা আন্তরিক। স্থগিত হওয়া সভায় দ্রুত বসে মজুরি প্রস্তাব দিতে চান তারা।

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে তৈরি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এর তিন দিন পর ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।

তবে বোর্ড গঠনের পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। ওই বছরের ডিসেম্বর থেকে তা কার্যকর হয়। ফলে বর্তমান মজুরি কাঠামোর তিন বছর পূর্ণ হচ্ছে চলতি নভেম্বরে।

২০২৩ সালে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। এবার নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিক ও মালিকপক্ষের প্রস্তাব বিবেচনা করে সুপারিশ তৈরির কাজ করছে বোর্ড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, চালক গুরুতর আহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


মুন্সিগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, চালক গুরুতর আহত

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি থেমে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে দ্রুতগতির ট্রাকের ধাক্কা দেওয়ার ফলে একজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জামালদী স্ট্যান্ড এলাকার মসজিদ সংলগ্ন স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম সেলিম (২৫)। তিনি গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের টেংগারচর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছোট ছেলে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালক নুরুলদীন (৩৮)। তিনি একই এলাকার মৃত কাদিরের ছেলে। নুরুলদীনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আহত চালক নুরুলদীনের স্বজনরা জানান, নুরুলদীন নিয়মিত রাতেই অটোরিকশা চালান। ঘটনার রাতেও তিনি জামালদী স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় গাড়ি থামিয়ে অবস্থান করছিলেন।

এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। ফলে সিএনজিটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সেলিম মারা যান। গজারিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। পাশাপাশি ট্রাকচালক মিজানুল ইসলাম (২৬) এবং চালকের সহকারী আপন (১৬) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির রিচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এই ঘটনায় একজন নিহত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে লালন সাঁইজি’র ১৩৬তম তিরোধান দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


কুড়িগ্রামে লালন সাঁইজি’র ১৩৬তম তিরোধান দিবস পালিত

কুড়িগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে গত ১৫ নভেম্বর রোববার দিন ও রাতব্যাপী ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজি’র ১৩৬তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।

প্রত্যন্ত এই গ্রামটিতে দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার্যক্রম চলমান রয়েছে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের অংশগ্রহণে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।

আয়োজকরা বাসস’কে জানান, ২০১১ সাল থেকে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ রোববার এই প্রত্যন্ত অঞ্চলে ভক্ত ও সাধু-সন্ন্যাসীদের সমাগমে বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মিলনমেলার চারপাশে জমজমাট গ্রামীণ মেলা বসে।

স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজি’র নামে ১০শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ বর্তমানে এই আখড়াবাড়িটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় প্রধান লালন উৎসবের পর কুড়িগ্রামেই এই তিরোধান দিবস পালিত হয়। দিনব্যাপী মেলা এবং সন্ধ্যার পর সাধুসঙ্গের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় ভাব-সংগীতের আসর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন একাডেমি’র সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন একাডেমি’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।

এর আগে বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।

রাজশাহীর বাউল দুলাল শাহ বলেন, ‘লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন-‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আমরা সাধুসঙ্গের পদধুলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।’

অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে দেশের বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে এটিকে দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।

কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নূরনবী বলেন, ‘কুষ্টিয়ায় প্রধান অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় বড় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা প্রাণের টানে এখানে ছুটে আসেন। আমরা আগামীতে দু’দিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নেব।’

কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, ‘লালনপ্রেমী মানুষ ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসন ও পুলিশ বিভাগও বিভিন্নভাবে সহযোগিতা করছে। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করা হলে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আরও স্বাচ্ছন্দ্যে এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%