প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কুড়িগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর শিমুলবাড়ী গ্রামে গত ১৫ নভেম্বর রোববার দিন ও রাতব্যাপী ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে প্রয়াত লালন সাঁইজি’র ১৩৬তম তিরোধান দিবস উদযাপন করা হয়েছে।
প্রত্যন্ত এই গ্রামটিতে দীর্ঘ ১৫ বছর ধরে প্রতিষ্ঠিত লালন আখড়ায় লালনবাণীসহ লালন চর্চার কার্যক্রম চলমান রয়েছে। এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও সাধুদের অংশগ্রহণে ‘সাধু সঙ্গ ও ভাব-সংগীত’ এর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
আয়োজকরা বাসস’কে জানান, ২০১১ সাল থেকে প্রতি বছর বাংলা কার্তিক মাসের শেষ রোববার এই প্রত্যন্ত অঞ্চলে ভক্ত ও সাধু-সন্ন্যাসীদের সমাগমে বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মিলনমেলার চারপাশে জমজমাট গ্রামীণ মেলা বসে।
স্থানীয় সাধু ছালেক শাহ প্রয়াত লালন সাঁইজি’র নামে ১০শতক জমি ওয়াকফ করে গড়ে তুলেছেন ‘লালন আখড়াবাড়ি।’ বর্তমানে এই আখড়াবাড়িটি একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। কুষ্টিয়ায় প্রধান লালন উৎসবের পর কুড়িগ্রামেই এই তিরোধান দিবস পালিত হয়। দিনব্যাপী মেলা এবং সন্ধ্যার পর সাধুসঙ্গের পরিবেশনায় রাতভর চলে ভাব-সংগীতের আসর, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্ত, বাউল ও অনুরাগীরা অংশগ্রহণ করেন।
সন্ধ্যায় ভাব-সংগীতের আসর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. জসিম উদ্দিন, অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান টিউটর, জেলা জাসাস আহ্বায়ক আহসান হাবীব সজিব, রাজশাহীর বাউল দুলাল শাহ, রংপুর লালন একাডেমি’র সভাপতি আবু নঈম, কুড়িগ্রাম লালন একাডেমি’র সাধারণ সম্পাদক শিবলী সাদিক আতিক এবং উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুকুল।
এর আগে বিকেলে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ হাসান।
রাজশাহীর বাউল দুলাল শাহ বলেন, ‘লালন শাহ মতাদর্শ দিয়ে গেছেন-‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’। আমরা সাধুসঙ্গের পদধুলি নিয়ে মানুষ হওয়ার চেষ্টা করছি।’
অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান জানান, এখানে দেশের বিভিন্ন জেলা থেকে সাধুরা এসেছেন। আগামীতে এটিকে দেশের দ্বিতীয় চর্চাকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চালানো হবে।
কুড়িগ্রাম লালন আখড়ার সাধারণ সম্পাদক নূরনবী বলেন, ‘কুষ্টিয়ায় প্রধান অনুষ্ঠানের পর আমাদের এখানে দ্বিতীয় বড় জমায়েত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লালন ভক্তরা প্রাণের টানে এখানে ছুটে আসেন। আমরা আগামীতে দু’দিনব্যাপী লালন তিরোধান দিবস পালনের উদ্যোগ নেব।’
কুড়িগ্রাম লালন আখড়ার সভাপতি ও উদ্যোক্তা ছালেক শাহ বলেন, ‘লালনপ্রেমী মানুষ ও স্থানীয়দের সহযোগিতায় ১৫ বছর ধরে এই আখড়াটি পরিচালনা করে আসছি। এবার প্রথম জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদান করা হয়েছে। প্রশাসন ও পুলিশ বিভাগও বিভিন্নভাবে সহযোগিতা করছে। আখড়ার সামনের রাস্তা সংস্কার ও পুকুরটি ভরাট করা হলে দেশের নানা প্রান্ত থেকে মানুষ আরও স্বাচ্ছন্দ্যে এসে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন