০১:৩৮ পি.এম
পোশাক কারখানায় কর্মরত ৪র্থ গ্রেডের শ্রমিকদের মজুরি নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশি ও আন্তর্জাতিক ফোরামে আলোচনা হচ্ছে যে, এই গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে বাস্তবে একজন শ্রমিক মাস শেষে ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও হাজিরা বোনাসসহ ১৯ হাজার ৫২০ টাকা নিয়ে যান। পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের গড় মজুরি ২২ হাজার টাকা, যা বাংলাদেশের অন্যান্য শিল্পখাতের তুলনায় বেশি।
২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী, চতুর্থ গ্রেডের শ্রমিকের মাসিক মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ওভারটাইমসহ অন্যান্য সুবিধা যোগ করলে তার হাতে পাওয়া অর্থ প্রায় ১৯ হাজার ৫২০ টাকা হয়। প্রথম গ্রেডের শ্রমিকের ক্ষেত্রে এই পরিমাণ প্রায় ২৩ হাজার ৬৬০ টাকা। সব গ্রেডের শ্রমিকের গড় টেক-হোম বেতন প্রায় ২২ হাজার ৫১ টাকা।
গার্মেন্টস মালিকরা এই হিসাব সামনে এনে বলছেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু মূল বেতন বা মাসিক নির্ধারিত মজুরি বিবেচনা করলে শ্রমিকদের প্রকৃত আয় ও ব্যয়ের চিত্র সম্পূর্ণরূপে উঠে আসে না। তারা জানান, ওভারটাইম ও অন্যান্য সুবিধা সব শ্রমিকের জন্য সমান নয়। তাই টেক-হোম আয়ের হিসাবের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়, শ্রমিকের পরিবারের সদস্যসংখ্যা এবং নিয়মিত আয় নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব দেওয়া উচিত।
আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই
মূল্যস্ফীতির চাপের কারণে শ্রমিকরা উদ্বিগ্ন, এবং মালিকরা সক্ষমতা নিয়ে চিন্তিত। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, এবং সব গ্রেডের গড় মজুরি ২২,০৫১ টাকা। বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা। ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটি নগদায়ন ও হাজিরা বোনাস যোগ করলে টেক-হোম দাঁড়ায় ২৩ হাজার ৬৬০ টাকা।
গ্রেড-২ শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা। আর গ্রেড-৪ শ্রমিকের মোট মজুরি ১২ হাজার ৫০০ টাকা, টেক-হোম ১৯ হাজার ৫২০ টাকা। এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতার মাসিক গড়, অর্জিত ছুটি নগদায়ন ও ৩০০ টাকা হাজিরা বোনাস ধরা হয়েছে। তবে বাস্তবে কারখানা, কাজের ধরন ও ওভারটাইমের সুযোগভেদে শ্রমিকের আয় কম-বেশি হতে পারে।
অন্য শিল্পখাতের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা, টেইলারিং শিল্পে ৭ হাজার ২৭৫ টাকা, ডাইস ও কেমিক্যাল শিল্পে ১৪ হাজার টাকা (প্রস্তাবিত) এবং চামড়া ও পাদুকা শিল্পে ১১ হাজার ৯০০ টাকা (প্রস্তাবিত)। সরকারি কর্মচারীদের বেতন ১৫ বছর পর ১৪২ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যেখানে পোশাক খাতের শ্রমিকদের মজুরি গত ১৬ বছরে ৩১৬.৬৭ শতাংশ বেড়েছে।
শিল্পের সক্ষমতা ক্রমশ কমছে। গত ৩ বছরে শিল্প ক্রমশ তার সক্ষমতা হারাচ্ছে। উৎপাদন খরচ বৃদ্ধি ও রপ্তানি মূল হ্রাসের কারণে অধিকাংশ পোশাক কারখানা টিকে আছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ। অন্যদিকে, শিল্পের উৎপাদন খরচ বেড়েছে ২৫-৩০ শতাংশ। গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। বিদ্যুতের দাম ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে। ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২–১৬ শতাংশ হয়েছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জনজীবন, তবে রাজনৈতিক উদ্বেগ বিরাজমান
গত ৫ অর্থবছরে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।
গত ৯ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী গ্রেড-১ শ্রমিকের মজুরি ৪৮ হাজার, গ্রেড-২-এর ৪৩ হাজার, গ্রেড-৩-এর ৩৮ হাজার এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা। শিক্ষানবিস শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা। মালিকপক্ষ ১৫ থেকে ১৬ হাজার টাকার মধ্যে সর্বনিম্ন মজুরির প্রস্তাব দিতে পারে বলে আলোচনা রয়েছে। মালিকদের যুক্তি, আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমেছে। উৎপাদন ব্যয় বেড়েছে। এ অবস্থায় বড় অঙ্কের মজুরি বৃদ্ধি শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি করতে পারে।
মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় এবং শিল্পের মজুরি পরিশোধের সক্ষমতা নিয়ে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি রয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, শ্রমিকদের দাবি ও মালিকদের পালটা প্রস্তাবের মধ্যকার দর-কষাকষির পরিবর্তে তথ্য-প্রমাণের ভিত্তিতে মজুরি নির্ধারণ করা প্রয়োজন। খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
নতুন মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও প্রকৃত ক্রয়ক্ষমতা, অন্যদিকে পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সক্ষমতা—দুই বিষয়ই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের ন্যায্য আয় নিশ্চিত করার পাশাপাশি শিল্পের কর্মসংস্থান ও প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে তথ্যভিত্তিক সমঝোতাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজিএমইএ’র তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরের ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে এক হাজার ৭৮টি কারখানা, যা বিজিএমইএ’র সদস্যের প্রায় ৫৭ শতাংশ। ২১ শতাংশ কারখানা ১০-২৫ মিলিয়ন ডলার রপ্তানি করে। এই ৭৮ শতাংশ ছোট ও মাঝারি শ্রেণির কারখানার আর্থিক সক্ষমতা অনেক কম। এসব কারখানার সাথে জড়িত আছে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান এবং অনেক অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান।
আরও পড়ুন: মুক্তাগাছার মণ্ডা: ২০০ বছরে ঐতিহ্যের নতুন উদযাপন
একাধিক গার্মেন্ট মালিক যুগান্তরকে জানিয়েছেন, মাসিক নূন্যতম মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হলে ছোট কারখানাগুলো গড়ে প্রায় ০.৩ শতাংশ থেকে ০.৫ শতাংশ লোকসানে পড়বে। ফলে এসব কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে পড়বে এবং প্রায় ১০ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়বে। কোনো অযৌক্তিক দাবির প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকাংশ পোশাক শিল্প প্রতিষ্ঠানের, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের জন্য মারাত্মক ধ্বস বয়ে আনবে। নানা কারণে ২০২৩ থেকে এ পর্যন্ত প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে, যার ফলে চাকরি হারিয়েছেন প্রায় এক লাখ ৭৫ হাজার জন শ্রমিক।
তারা বলছেন, অর্থনৈতিক বাস্তবতা ও শিল্পের সীমাবদ্ধতার মাঝে একটি ভারসাম্যপূর্ণ মজুরি কাঠামো ঠিক করতে হবে। যেখানে একদিকে শ্রমিকদের সম্মান ও স্বস্তি নিশ্চিত হবে। অন্যদিকে শিল্প ও কর্মসংস্থানও সুরক্ষিত থাকবে। কারণ শ্রমিক আর শিল্প- কেউ কারও প্রতিপক্ষ নয়; উভয়ই একে অপরের পরিপূরক। পারস্পরিক বোঝাপড়া, বাস্তবতা ও মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ন্যূনতম মজুরি বাস্তবায়িত হলে পোশাক খাতে স্থিতিশীলতা ও আস্থা আরও দৃঢ় হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন