মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:২৭ পি.এম
পটুয়াখালীতে এক তরুণীকে দীর্ঘ সময় ধরে উত্ত্যক্ত করার এবং রাতে তার বসতঘরের পেছনে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়রা এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
এ ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দুমকী উপজেলার দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে।
অভিযুক্ত ব্যক্তি মো. আমিনুল ইসলাম বারেক, পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়ে আয়েশাকে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি তরুণীকে বাড়ির পেছনের বাথরুমের কাছে আসতে বলেন।
এ সময় বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চলাইট জ্বালালে বারেক পালানোর চেষ্টা করেন। দৌড়াতে গিয়ে তিনি পাশের টিনের বেড়া ও সার রাখা গর্তে পড়ে যান। পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা এসে তাকে আটক করেন।
আটকের পর বিক্ষুব্ধ জনতা বারেককে মানিক বয়াতির বসতঘরে নিয়ে পায়ে শিকল দিয়ে আটকে রাখেন। খবর পেয়ে তার স্বজন ও স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়রা দুমকী থানায় খবর দেন।
পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে বারেককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন নিজেও ঘটনাস্থলে যান।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক নিয়মিত ওই তরুণীকে মোবাইলে কুপ্রস্তাব ও হুমকি দিতেন। এ সংক্রান্ত একটি অডিও রেকর্ডও তাদের কাছে রয়েছে।
এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পশ্চিম) অনলাইনভিত্তিক তৈরি পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের বিরুদ্ধে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কমিশনারের নির্দেশে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরের সেকশন-১২ এলাকায় জে-ক্রিয়েশনের কার্যালয়ে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি অনলাইনে পাঞ্জাবি, শেরওয়ানি এবং বিভিন্ন ধরনের তৈরি পোশাক বিক্রি করে থাকে।
অভিযানের সময় মূসক ফাঁকির আলামত পাওয়ার পর, অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য মূসক-১২.৩ ফরমের মাধ্যমে প্রতিষ্ঠানের সিপিইউসহ বিভিন্ন দলিলপত্র জব্দ করা হয়।
পরে জব্দকৃত নথি এবং প্রতিষ্ঠানের বিক্রয়সংক্রান্ত তথ্য যাচাই করে প্রাথমিকভাবে প্রায় ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি শনাক্ত করা হয়েছে।
এ বিষয়ে সংগৃহীত দলিলপত্রের আরও যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। রাজস্ব ফাঁকির ঘটনায় মামলা দায়ের এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নির্বাচনি উত্তেজনার কারণে ১০০ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জুনের শুরু থেকে এই অঞ্চলে মোবাইল ডাটা এবং ব্রডব্যান্ড সেবা আংশিক ও পূর্ণাঙ্গভাবে বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভের পর তিন ধাপে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, যার শেষ ধাপ সম্পন্ন হয় ১০ আগস্ট। নতুন সরকার গঠিত হলেও ইন্টারনেট সেবা স্বাভাবিক না হওয়ায় স্থানীয় জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনলাইন ব্যাংকিং ওয়েবসাইট ও অ্যাপ ব্যবহারে জটিলতা সৃষ্টি হওয়ায় পুরো অঞ্চলে ডিজিটাল লেনদেন এবং ব্যবসায়িক কার্যক্রম স্থবির হয়ে গেছে। একই সঙ্গে অনলাইনের সুবিধা না থাকায় শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বাধ্য হয়ে ভর্তি পরীক্ষাও পিছিয়ে দিয়েছে।
ইন্টারনেট বন্ধের বিষয়টি পর্যবেক্ষণকারী বৈশ্বিক স্বাধীন সংস্থা 'নেটব্লকস' নিশ্চিত করেছে যে, গত ৫ জুন থেকে ওই অঞ্চলে আংশিক ইন্টারনেট ব্ল্যাকআউট বা সংযোগ বিচ্ছিন্নতার ঘটনা ঘটছে।
মূলত, এই ঘটনার সূত্রপাত ঘটে ২৭ জুলাইয়ের নির্ধারিত নির্বাচনকে কেন্দ্র করে। ৫ জুন স্থানীয় কর্তৃপক্ষ তৃণমূলভিত্তিক সংগঠন ‘জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি’ (জেকেজেএএসি)-কে নিষিদ্ধ ঘোষণা করে। সংগঠনটি আইনসভায় শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। এই নিষেধাজ্ঞার পর কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয় এবং ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়, যা পরবর্তীতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের প্রাণঘাতী সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয় অধিবাসী এবং বিভিন্ন সংগঠনের হিসাব অনুযায়ী, এসব রক্তক্ষয়ী সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সাত সদস্যসহ নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। তবে মৃত্যুর এই সংখ্যা স্বাধীন কোনো মাধ্যম থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, কাশ্মীর ভূখণ্ডটি ভারত এবং পাকিস্তান উভয় দেশই নিজেদের বলে দাবি করে। পাকিস্তান-শাসিত অংশটি একটি আধা-স্বায়ত্তশাসিত ব্যবস্থার অধীনে পরিচালিত হয়, যেখানে নিজস্ব প্রধানমন্ত্রী এবং ৪৫ সদস্যের আইনসভা রয়েছে। এই আইনসভার ১২টি আসন পাকিস্তানের অন্যান্য অঞ্চলে বসবাসকারী কাশ্মীরের শরণার্থীদের জন্য সংরক্ষিত। সংঘাতময় পরিস্থিতির কারণে কয়েকটি বিক্ষোভপ্রবণ ঘাঁটিতে ভোট গ্রহণ সম্ভব না হলেও বাকি অংশের নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন সরকার গঠন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করার জন্য আগ্রহী ব্যক্তিরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিভাগের নাম: ট্রেড অপারেশনস ডিপার্টমেন্ট
পদের নাম: এসও টু এসইও
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান
অভিজ্ঞতা: ৪ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠবে, এ নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা ধরনের আলোচনা। তবে বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের দৃঢ় বিশ্বাস, এবারের পুরস্কারটি জিতবেন বার্সেলোনার তরুণ প্রতিভা লামিনে ইয়ামাল।
ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের মন্তব্য অনুযায়ী, ইয়ামালকে ব্যালন ডি’অরের জন্য স্পষ্ট ফেবারিট হিসেবে দেখা হচ্ছে।
মেন্দেজ বলেন, "ব্যালন ডি’অর স্পষ্টভাবেই লামিনে ইয়ামালের জন্য।"
ইয়ামালের শ্রেষ্ঠত্বের বিষয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে এই ফুটবল এজেন্ট বলেন, "ইয়ামালই সেরা। অন্য প্রার্থীদের সঙ্গে তার ব্যবধানও খুব স্পষ্ট। আপনারা সবাই সেটা জানেন।"
এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের সঙ্গে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, প্যারিস সেন্ট জার্মেইনের ফাবিয়ান রুইজ এবং উসমান দেম্বেলে। ফলে পুরস্কার জয়ের দৌড়ে তারকায় ঠাসা প্রতিদ্বন্দ্বিতা থাকলেও, মেন্দেজের মতে ইয়ামালই এগিয়ে রয়েছে।
এদিকে, বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে কাজ করা মেন্দেজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে একটি বৈঠক করেছেন। বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বরাত দিয়ে জানা গেছে, বৈঠকটি আসন্ন ট্রান্সফার উইন্ডো নিয়ে ছিল না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক দিন পরেই মেন্দেজ ও লাপোর্তার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ