প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের পলাতক আসামিদের অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা প্রতিরোধের জন্য যশোর ও সাতক্ষীরা সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে যশোর শহরের ঝুমঝুমপুরে বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় দুই থেকে তিন স্তরে গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলছে। নাইট ভিশন গগলস, বাইনোকুলার, সিসিটিভি ক্যামেরা, থার্মাল ড্রোন ক্যামেরা এবং সার্চলাইটের মতো আধুনিক সরঞ্জাম ব্যবহার করে ২৪ ঘণ্টা টহল দেওয়া হচ্ছে।
তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশের অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। আগামী ডিসেম্বরে দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার গুজবের প্রেক্ষিতে পলাতক আসামিরা দেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আরও জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী, নিষিদ্ধ দলের বেশির ভাগ পলাতক নেতা ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। তারা যশোর ও সাতক্ষীরা সীমান্ত ব্যবহার করে দেশে প্রবেশের চেষ্টা করতে পারে। এ কারণে দুই জেলার ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির সদস্যসংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্কের পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, এ বিষয়ে সরকারি ও বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার মধ্যে ঐকমত্য রয়েছে। সীমান্ত এলাকার রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি জানান, সীমান্তে অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে। নতুন বা অপরিচিত কাউকে দেখা গেলে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মতবিনিময় সভায় বিজিবির ৪৯ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন