বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:০৬ পি.এম
সরকার চলমান স্কুল ফিডিং কার্যক্রমকে অব্যাহত রেখে বিকল্প খাদ্য সরবরাহ পদ্ধতি যাচাই করবে, যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থীর জন্য প্রযোজ্য। কুপনভিত্তিক খাদ্য সরবরাহ ও রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল চালুর পূর্বে সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন এবং কার্যকারিতা মূল্যায়ন করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দপ্তরে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) বাংলাদেশের রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ও কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ববি হাজ্জাজ উল্লেখ করেন, বর্তমানে প্রতিদিন প্রায় ৩০ লাখ শিক্ষার্থীকে স্কুল ফিডিংয়ের আওতায় খাবার প্রদান করা হচ্ছে। এই বৃহৎ কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে খাদ্যের পুষ্টিমান, নিরাপত্তা, গুণগত মান এবং জবাবদিহিতা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।
তিনি আরও বলেন, স্কুল ফিডিং কার্যক্রমের বিদ্যমান পদ্ধতির পাশাপাশি কুপনভিত্তিক খাদ্য সরবরাহ এবং রান্না করা খাবার পরিবেশনের মতো বিকল্প মডেল নিয়েও সরকার কাজ করছে। তবে নতুন কোনো পদ্ধতি চালুর আগে এর সম্ভাব্যতা যাচাই, পরীক্ষামূলক বাস্তবায়ন ও কার্যকারিতা মূল্যায়ন জরুরি। এ ধরনের উদ্যোগ পূর্ণাঙ্গভাবে প্রস্তুত করতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তাই বিকল্প পদ্ধতি যাচাইয়ের সময় বিদ্যমান কার্যক্রম বন্ধ করা বাস্তবসম্মত হবে না। বরং চলমান পদ্ধতির প্রয়োজনীয় উন্নয়ন ও ধারাবাহিকতা বজায় রেখেই ভবিষ্যৎ পরিকল্পনা এগিয়ে নিতে হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, চলমান কার্যক্রমের মোট ২৬টি ক্রয় প্যাকেজের মধ্যে আটটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এসব ক্ষেত্রে বিদ্যমান দরপত্রের মেয়াদ বাড়ানোর সম্ভাবনা যাচাই এবং পরবর্তী সময়ে নতুন করে দরপত্র আহ্বানের উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে খাদ্য সরবরাহের বিদ্যমান ব্যবস্থায় খাদ্য নিরাপত্তা, গুণগত মান, পুষ্টিমান, পরিবহন ও সংরক্ষণ এবং পরিবীক্ষণ ও জবাবদিহিতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বৈঠকে ডব্লিউএফপি প্রতিনিধিদল চলমান স্কুল ফিডিং কার্যক্রমের দ্রুত পর্যালোচনার প্রস্তাব দেয়। এই পর্যালোচনায় খাদ্য ও পুষ্টিমান, খাদ্য নিরাপত্তা ও গুণগত মান এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার সক্ষমতা—এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিশেষজ্ঞ মতামত দেওয়ার আশ্বাস দেন ডব্লিউএফপি প্রতিনিধিরা। দ্রুততম সময়ের মধ্যে পর্যালোচনা শেষ করে সুপারিশ উপস্থাপনের লক্ষ্য রয়েছে বলেও জানান তারা।
প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কার্যক্রমকে আরও কার্যকর ও টেকসই করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশের সফল মডেল পর্যালোচনা করা প্রয়োজন। বিশেষ করে রান্না করা খাবার সরবরাহের ক্ষেত্রে কেন্দ্রীয় রান্নাঘর, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা এবং স্থানীয় অংশীদারত্বের সম্ভাবনা যাচাই করা যেতে পারে। তবে প্রতিটি মডেল বাংলাদেশের বাস্তবতা, স্থানীয় সক্ষমতা, খাদ্য নিরাপত্তা ও জবাবদিহিতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ডব্লিউএফপি প্রতিনিধিদল জানায়, বিভিন্ন দেশে স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নে ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতের অভিজ্ঞতাসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সফল উদ্যোগ, চ্যালেঞ্জ এবং উত্তম চর্চাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণে তারা সহযোগিতা করতে আগ্রহী।
প্রতিনিধিদল আরও জানায়, স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করে স্কুল ফিডিং কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কৃষি ও অর্থনীতিকে সহায়তা করার সুযোগ রয়েছে।
বৈঠকে ডব্লিউএফপির হেড অব প্রোগ্রাম জেসি উড, সিনিয়র পার্টনারশিপস অ্যাডভাইজার (গভর্নমেন্ট এনগেজমেন্ট) মো. মহসিন, প্রোগ্রাম পলিসি অফিসার (স্কুল ফিডিং) স্নেহা লতা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে বিস্ফোরক আইনের মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১১ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত দুজনকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতে সোপর্দ করে পুলিশ। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আব্দুল হাকিম (৬২) এবং চিকাজানি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. শাহিন মাহমুদ (৪২)।
পুলিশের সূত্রে জানা গেছে, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় দায়ের করা একটি মামলার ৩, ৪ ও ৫ নম্বর তদন্তের আওতায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তার আব্দুল হাকিম দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে। অপরদিকে, শাহিন মাহমুদ ওই উপজেলার বাসিন্দা।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার পর আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
২০২৬ সালের এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি প্রকাশ করেছে।
প্রকাশিত রুটিন অনুযায়ী, পরীক্ষার আয়োজন আগামী ১ ডিসেম্বর শুরু হবে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তারিখে, ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. জসিম উদ্দিনের সই করা রুটিনটি প্রকাশিত হয়।
সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিন, ২ ডিসেম্বর বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৫ ডিসেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরীক্ষার আয়োজন করা হবে।
অন্য বিষয়গুলোর পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বর অর্থনীতি ও আরবি বিষয়ের পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে। উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষাও ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কক্সবাজারের হোটেল-মোটেল জোনে আবারও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে এসেছেন হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের কলাতলী এলাকায় কক্স অ্যাম্বাসেডর নামে একটি হোটেলের ৮ম তলায় আগুনের সূত্রপাত ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় হোটেলটিতে অবস্থানরত শতাধিক পর্যটক এবং আশপাশের হোটেলগুলোর পর্যটক ও স্থানীয় বাসিন্দারা রাস্তায় অবস্থান নেন।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মোর্শেদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেলটির ৮তলার একটি কক্ষে এসি থেকে আগুন লেগেছে, এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেল সংলগ্ন বসতঘরে আগুন লাগে। এই ঘটনায় অন্তত চারটি বসতঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
গত ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
একই মাসের ১৭ তারিখে ঘটে সবচেয়ে ভয়াবহ ঘটনা। উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকায় কাঠ, বাঁশ ও টিন দিয়ে তৈরি দুই তলাবিশিষ্ট টুপটুপ রিসোর্ট ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভোরে রিসোর্টের পর্যটকেরা ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ক্রমাগত এসব অগ্নিকাণ্ডের ঘটনায় কক্সবাজারের হোটেল-মোটেল ও পর্যটন স্থাপনাগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিল্প মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ। বর্তমানে ৫৫টি রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে লাভজনক অবস্থায় রয়েছে মাত্র ৫টি প্রতিষ্ঠান। বাকি প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ লোকসানে রয়েছে, এবং কিছু প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীরের প্রদত্ত তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। যশোর-৬ আসনের এমপি মো. মোক্তার আলীর সংশ্লিষ্ট তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, বন্ধ এবং অব্যবহৃত শিল্পকারখানার জমি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যৌথ উদ্যোগে ব্যবহার করে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) অধীনে অব্যবহৃত জমিতে যৌথ বিনিয়োগের মাধ্যমে সমজাতীয় পণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের অধীনে শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য উৎপাদিত পণ্য সরকারি দপ্তর ও সংস্থার মাধ্যমে ডিপিএম পদ্ধতিতে কেনার ব্যবস্থা, ইলেকট্রিক মোটরসাইকেল ও স্কুটার বাজারজাতকরণ এবং বিদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগে যৌথ উদ্যোগে কারখানা পরিচালনার পরিকল্পনা রয়েছে। এছাড়া, ন্যাশনাল টিউবস লিমিটেডে ৬০০ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন এবং ইস্টার্ন কেবলস লিমিটেডে এক্সএলপিই কেবল উৎপাদনের নতুন লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে লোকসানি ও বন্ধ প্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে আর্থিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ, নিয়মিত বাজেট প্রণয়ন, অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষা এবং ই-জিপির মাধ্যমে ক্রয় কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া চিনিকলগুলোর আধুনিকায়নে পর্যায়ক্রমে বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন) কর্মসূচি বাস্তবায়ন, ডিজিটাল পদ্ধতিতে আখ ক্রয়, স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং চিনিকলগুলোর আখ মাড়াই সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। চিনিকলভিত্তিক ডিস্টিলারি, জৈব সার ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও নেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি কাজে লাগিয়ে নতুন শিল্প স্থাপনের পরিকল্পনাও সংসদে তুলে ধরেন মন্ত্রী। তার দেওয়া তথ্য অনুযায়ী, আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের (এএফসিসিএল) অব্যবহৃত ১৯৭ একর জমিতে যৌথ উদ্যোগে প্রিমিয়াম ফ্লোট গ্লাস, সোলার গ্লাস ও সোলার প্যানেল কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে।
একই প্রতিষ্ঠানের জমিতে বার্ষিক আট লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার এমওপি সার এবং ১৫ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতার কীটনাশক ও জৈব কীটনাশক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বন্ধ উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের জায়গায় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পপ্রযুক্তিতে গ্লাস প্ল্যান্ট বা কনটেইনার গ্লাস প্ল্যান্ট স্থাপনের প্রস্তাব করা হয়েছে। এ প্রকল্পের প্রি-ফিজিবিলিটি স্টাডিও সম্পন্ন হয়েছে।
এছাড়া টিএসপি কমপ্লেক্স লিমিটেডের অব্যবহৃত ১৫ একর জমিতে বার্ষিক চার লাখ মেট্রিক টন উৎপাদনক্ষমতার নতুন টিএসপি সার কারখানা স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা চলছে। ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির অব্যবহৃত ১০ একর জমিতে ইউরিয়া ফরমালডিহাইড-৮৫ কারখানা এবং পাঁচ একর জমিতে পরিবেশবান্ধব প্রযুক্তিতে ডব্লিউপিপি ব্যাগ কারখানা স্থাপনের প্রস্তাব রয়েছে।
রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোর লোকসান কমিয়ে উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অব্যবহৃত সম্পদের অর্থনৈতিক ব্যবহার নিশ্চিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদকে জানান খন্দকার আব্দুল মুক্তাদীর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ